All posts by jitu

কুমিল্লায় ১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় একজন ১০ম শ্রেণির পরীক্ষার্থী দিয়ে এসএসসি পরীক্ষার বোর্ড খাতা মূল্যায়ন করানোর অভিযোগ উঠেছে উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ।

আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এ-সংক্রান্ত কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনসমক্ষে আসে। এরপর থেকেই অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পান উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মিয়া। তবে নিজে খাতা মূল্যায়ন না করে একজন এসএসসি পরীক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র দেখানোর কাজ করিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব। এ দায়িত্ব পালনে নির্ধারিত শিক্ষক ছাড়া অন্য কাউকে, বিশেষ করে একজন পরীক্ষার্থীকে সম্পৃক্ত করা হলে ফলাফলের নির্ভুলতা, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

একাধিক অভিভাবক বলেন, বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নে এমন অনিয়ম শিক্ষাব্যবস্থার প্রতি আস্থাকে ক্ষুণ্ন করতে পারে। বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষক বাচ্চু মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, ‘অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম যাতে না ঘটে, সে জন্য কঠোর নজরদারি রাখা হবে।’

ব্রাহ্মণপাড়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে লুৎফা বেগম (৫০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২২ জুন) উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের আশাবাড়ি গ্রামের (মধ্যের বাড়ি) নিজ বসতঘরের পাশের একটি পরিত্যক্ত লাকড়ির ঘরে এ ঘটনা ঘটে।

​নিহত লুৎফা বেগম ওই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিন ওরফে জজুর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লুৎফা বেগম বিভিন্ন জায়গা থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে বেশ কিছুদিন ধরে চরম হতাশায় ভুগছিলেন। আজ সকাল থেকে দুপুরের মধ্যে পরিবারের সবার অগোচরে তিনি নিজ বাড়ির পরিত্যক্ত লাকড়ির ঘরে যান। সেখানে রান্নাবাড়ির তীরের (আড়ার) সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ঋণের দায়ের মানসিক চাপ সইতে না পেরে ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন (পোস্টমর্টেম রিপোর্ট) এলে মৃত্যুর প্রকৃত কারণ ও চূড়ান্ত ঘটনা জানা যাবে।

হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, গ্রেফতার ৯

হাজীগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

আজ মঙ্গলবার (২৩ জুন) হাজীগঞ্জ থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, সোমবার রাতে হাজীগঞ্জ থানার এসআই মো. সাইখ বিন আহম্মেদের নেতৃত্বে উপজেলার সেন্দ্রা এলাকার গাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘরের পেছন থেকে ৫ পিস ইয়াবাসহ মো. বাদশা ওরফে রাজু (৩৫)-কে গ্রেফতার করা হয়।

পৃথক আরেকটি অভিযানে এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে গন্ধর্ব্যপুর ইউনিয়নের মালিগাঁও এলাকার সড়ক থেকে মো. নাছির হোসেন (৩৯)-কে ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও একই রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২ জন সিআর ওয়ারেন্টভুক্ত, ৩ জন জিআর ওয়ারেন্টভুক্ত, পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ আরও ৭ আসামিকে গ্রেফতার করা হয়।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোট ৯ আসামিকে আজ মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

আ’লীগের অপতৎপরতা ঠেকাতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্টাবার্ষিকীর নামে বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে দাউদকান্দিতে দিনব্যাপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার(২২জুন) সকাল থেকে কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনায় দাউদকান্দির বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ রিফাত পার্কে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। পরে মহাসড়কের শহিদনগর, গৌরীপুর, রায়পুর ও ইলিয়টগঞ্জ স্টেশন গুলোতেও বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এসব সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান আক্তার, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপি আহবায়ক এমএ লতিফ ভুইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম, যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, পিটার চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সভাপতি আসিফ কবির, দাউদকান্দি উপজেলা ছাত্রদল নেতা আব্দুল বাসেদসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে এসব অপতৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

ফরিদুর রেজা সাগর:

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত মূলত স্কুল-কলেজের ছেলেমেয়েরা। নানান রকম সংকলন। সংকলনে বিভিন্ন ধরনের লেখা থাকত। দেশপ্রেম, একুশ, স্বাধীনতা এরকম বিষয় নিয়েই বেশি লেখা থাকত। এসব সংকলন একুশে ফেব্রুয়ারি সকালবেলা আমরা বিভিন্ন জায়গায় বিলি করতে চেষ্টা করতাম। এই সংকলনের নির্দিষ্ট কোনো দাম ছিল না। যে যা পারে সেটাই দিতেন। সংকলনগুলো প্রকাশের জন্য কিছু টাকার প্রয়োজন হতো।

আর এই টাকা সংগ্রহের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের জন্য যেতাম। তখন এসব সংকলন বা একুশের জন্য প্রতিষ্ঠানগুলো একটা বরাদ্দ রাখত। বিজ্ঞাপন সংগ্রহের সূত্র ধরেই আমার সঙ্গে জনাব আবদুস সাদেকের পরিচয়। আমাদের স্কুলবন্ধু হাবিবুর রহমান বাবলুর মামা হতেন।

তিনি তখন একটা বড় কোম্পানির প্রধান হিসেবে কাজ করেন। এই প্রতিষ্ঠানের প্রধান অফিস ছিল বগুড়ায়। গুলিস্তানে ছিল তাদের সাব অফিস। সাদেক সাহেব বসতেন গুলিস্তান অফিসে। আমি বগুড়াতেও গিয়েছি। ঢাকার অফিসে গিয়ে তাঁর সঙ্গে প্রথম আলাপ হলো। দেখেই আমি তাঁকে চিনে ফেললাম। কারণ পত্রিকায় মাঝেমধ্যে তাঁর ছবি দেখতাম। তিনি যে চেয়ারে বসতেন ঠিক তার পেছনেই একটি ছবি ছিল তিনি হকিস্টিক হাতে দাঁড়িয়ে রয়েছেন।

আমি বুঝতে পারলাম বাবলুর এই মামা কোনো সাধারণ একজন মানুষ নন। তিনি যদিও এই প্রতিষ্ঠানে কাজ করছেন সঙ্গে তিনি আমাদের হকির জাতীয় দলের একজন খেলোয়াড়। হকি দলের অধিনায়কও ছিলেন। আমাদের পরম সৌভাগ্য যে সাদেক মামার মতো একজন সজ্জন ব্যক্তির সঙ্গে আমাদের জানাশোনা ছিল। তিনি আমাদের এই একুশের সংকলনে পর্যাপ্ত বিজ্ঞাপন দিয়ে সাহায্য করতেন। আবার কখনো কখনো ব্যক্তিগতভাবেও তাঁর সাহায্য পেয়েছি।

তিনি যেমন খেলোয়াড় ছিলেন তেমনি ছিলেন শিল্প-সাহিত্য অনুরাগী। সাহিত্যের প্রতি ভালোবাসা ছিল বলেই আমরা যখনই তাঁর কাছে যেতাম তিনি আমাদের নিরাশ করতেন না। বাবলুকে সঙ্গে নিয়ে যেতাম মামার কাছে। মাঝেমধ্যে তিনি আমাদের ‘খাবার দাবার’ দোকানে আসতেন। আমাকে স্নেহ করতেন। তাঁর সঙ্গে তখন আসতেন প্রতাপ শংকর হাজরা, রফিকুল ইসলাম কামালসহ আরও অনেকেই। আমরা জুনিয়র হওয়ার সুবাদে আদর করতেন।

তাঁরা আমাদের খেলাধুলার প্রতি জোর দিতে বলতেন। খেলাধুলা করলে শরীর ঠিক থাকে সেটাও বলতেন। সাদেক মামা লেখাপড়া করতেন আরমানিটোলা স্কুলে। তারপর তিনি ঢাকা কলেজে ভর্তি হন। আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলে মনির হোসেন নামে একজন শিক্ষক ছিলেন। মনির স্যারের সঙ্গে মাঝেমধ্যে আসতেন বিখ্যাত রেফারি ননী বসাক। তিনি প্রখ্যাত চিত্রনায়িকা শবনমের বাবা। ননী বসাক এবং মনির হোসেন স্যার খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ধীরে ধীরে বাবলুর সম্পর্কটাই আমার সঙ্গে গড়ে উঠল।

আমিও আবদুস সাদেক সাহেবকে মামা ডাকা শুরু করলাম। নানান সময়ে নানান কাজে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এর কারণ ছিল আমাদের খাবার দাবার পিঠাঘর যেহেতু গুলিস্তানে ছিল সেই সুবাদে সাদেক মামার সঙ্গে প্রায়ই দেখা হতো আমার। খুব হাসিখুশি মানুষ ছিলেন তিনি। দেখা হলেই বলতেন স্বাস্থ্যটা ঠিক রাখো খেলাধুলা কর।

বাংলাদেশে হকি স্টেডিয়াম তৈরি হয়েছিল ঢাকা স্টেডিয়ামকে কেন্দ্র করে গুলিস্তান এলাকাতে। হকি স্টেডিয়াম কিংবা হকির যে উন্নয়ন হয়েছিল তার কৃতিত্বের দাবিদারদের অন্যতম ছিলেন সাদেক মামা অর্থাৎ আবদুস সাদেক। ২০ জুন তাঁর চলে যাওয়ার সংবাদে মনটা ভীষণ ভারী হয়ে গেল। চোখ ছলছল করে উঠল আর চোখের সামনে ভেসে উঠল সেই পুরোনো স্মৃতি। মামার অফিসকক্ষ, হকিস্টিক হাতে দাঁড়িয়ে থাকা সেই ছবি। সাদেক মামা আপনার এই চলে যাওয়ায় আমরা ব্যথিত। দেশ একজন দক্ষ সংগঠক ক্রীড়াব্যক্তিত্বকে হারাল। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন।

লেখক : মিডিয়াব্যক্তিত্ব

সন্ধ্যার মধ্যে কুমিল্লাসহ ৭ জেলায় ঝড়ের শঙ্কা

ডেস্ক রিপোর্ট:

দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

দাউদকান্দি পৌরসভা ৪৩ কোটি টাকার বাজেট ঘোষনা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

নতুন করে কোন প্রকার কর আরোপ ছাড়াই কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২৭ইং অর্থ বছরে ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌরসভা অডিটোরিয়ামে উন্মুক্ত সুধী সমাবেশের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ান ইসলাম। বাজেটে রাজস্ব খাতে ১৬ কোটি ৫৮ লাখ ২১ হাজার ২০২ টাকা এবং উন্নয়ন খাতে ২৬ কোটি ৫১ লাখ ৭৭ হাজার ২৬৫ টাকা আয় ধরা হয়েছে ।

এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, হিসাব রক্ষক মোঃ শাহাদাত হোসেন, কার্যসহকারী আব্দুল আহাদসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এবাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। সেইসাথে অবকাঠামো উন্নয়নে রাস্তা নির্মান ও সংস্কার, ব্রীজ, কালভার্ট ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়ক বাতি এবং হাটবাজার উন্নয়নে কর্মকাণ্ড সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান পৌর প্রশাসক মোঃ রেদওয়ান ইসলাম।

চান্দিনায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) চান্দিনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— কেরনখাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (৩৮), চান্দিনা পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য হারুন অর রশিদ (৩৮), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সুমন মিয়া (২১), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. ইয়াছিন (২০) এবং চান্দিনা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব (৩৫)।

চান্দিনা থানার ওসি আতিকুর রহমান জানায়, তাদের গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

দেবিদ্বারে অনিয়মের দায়ে নিউমার্কেটে ২৬ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট এলাকায় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২২ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা এবং সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতে মূল্য তালিকা প্রদর্শন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। অন্যথায় আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে বাজার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে প্রশাসনকে সহযোগিতা করেন। স্থানীয়রা বাজার এলাকায় এমন অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানান।

লাকসামে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লাকসাম উপজেলায় ১০ কেজি গাঁজাসহ মো. আবদুল হান্নান (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২২ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আবদুল হান্নান লাকসাম (পূর্ব) ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর নরপাটি গ্রামের এবাইদুল হক এবুর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ জুন) দিবাগত রাতে উপজেলার উত্তর নরপাটি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় আবদুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। সোমবার তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।