মিনি ট্রাকের তেলের ট্যাংকে মিললো সাড়ে ১৩ হাজার ইয়াবা
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
মিনিট্রাকের তেলের ট্যাংকে অভিনব কায়দায় লুকিয়ে পাচারকালে ১৩ হাজার ৬৮৫ পিস ইয়াবাসহ সুমন(২৮) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা হতে তাকে আটক ও ইয়াবাগুলো জব্দ করা হয়। দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঃ খলিলুর রহমান জানান, আমরা গোপন সূত্রে জানতে পারি কক্সবাজারের টেকনাফ থেকে একটি মিনি ট্রাকে ইয়াবার বড় চালান ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। চালক গাড়িটি ছাড়ার পর মোবাইলসহ সকল ডিভাইস বন্ধ করে দেয়। পুলিশের টিম সারারাত টোলপ্লাজা এলাকা অবস্থান নেয় গাড়িটি ধরার জন্য। পরে সকাল দশটার দিকে মিনিট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকটিতে তল্লাশি করে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় বোতলে ভরা ইয়াবার সন্ধান পায় পুলিশ। পরে সাক্ষীদের সামনে স্থানীয় মেকানিকের সহায়তায় ট্যাংকি খুলে ৫টি ছোট বড় বোতল বের করা হয়। বোতলে থাকা ১৩ হাজার ৬৮৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চালক সুমনের বরাতে তিনি বলেন, প্রাথমিক অবস্থায় চালক সুমন বলেছে, ছয় হাজার টাকা ভাড়ার চুক্তিতে টেকনাফ থেকে ঢাকায় যাচ্ছে। পরবর্তীতে সব স্বীকার করে বলে, এই ইয়াবার চালানটি ঢাকায় পৌঁছে দিলে সে ত্রিশ হাজার টাকা পাবে।
দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত পিকআপ চালক সুমন বগুড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। পাচার কাজে ব্যবহৃত মিনিট্রাকটি জব্দ করা হয়েছে। এর সাথে জড়িত অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত।