All posts by jitu

চাঁদপুরে নোঙ্গর করা জাহাজ থেকে

চাঁদপুরে নোঙ্গর করা জাহাজ থেকে ৭ জনের লাশ উদ্ধার

চাঁদপুরে নোঙ্গর করা জাহাজ থেকে ৭ জনের লাশ উদ্ধার

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে নোঙর অবস্থায় থাকা মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের আল বাখেরাহ নামক জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে নীলকমল ইউনিয়নের মাঝের চর নামক স্থান থেকে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে কোস্টগার্ড ও নৌ পুলিশ। পুলিশের ধারণা জাহাজে ডাকাতিতে বাঁধা দেয়ায় এই ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান।

নিহতরা হলেন- জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রীজার সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। নিহত একজনের নাম জানা যায়নি। আর আহত ব্যক্তি হলেন- জুয়েল। আহত ও নিহত সবার বাড়ি নড়াইল জেলায়। ডাকাতি নাকি শত্রুতার কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা নিয়ে জানতে চাইলে জাহাজটির মালিক দিপলু রানা গণমাধ্যমকে বলেন, আমি জানি না কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, কারা ঘটিয়েছে। পুলিশ তদন্ত করে আসল ঘটনা বের করতে পারবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর রোববার রাত সাড়ে ৮টার দিকে জাহাজটির চালকের (মাস্টার) সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তখন চালক জানিয়েছিলেন, মেঘনা নদীতে তারা জাহাজের বহরের মধ্যেই ছিলেন। তবে সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কেউ সাড়া দেননি। তিনি বলেন, বারবার যোগাযোগ করেও কাউকে না পেয়ে আমাদের আরেকটি জাহাজের (মুগনি-৩) নাবিকদের বিষয়টি জানাই। ওই জাহাজ এমভি আল বাখেরার কাছাকাছি ছিল। তারা আল-বাখেরার কাছাকাছি যাওয়ার পরই হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পারেন।

মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের অপর জাহাজ মুগনি-৩ এর মাস্টার বাচ্চু মিয়া ও গ্রীজার মো. মাসুদ জানান, সার বহনকারী আল বাখেরাহ রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। এরই মধ্যে কোম্পানির মালিক বাখেরাহ জাহাজে ফোন করে কাউকে পায়নি। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মুগনি জাহাজ থেকে যোগাযোগ করার জন্য বলে। ওই সময় মুগনি জাহাজটি মাওয়া থেকে ঘটনাস্থল দিয়ে অতিক্রম করার সময় বাখেরাহ জাহাজটি দেখতে পায়। ওই সময় তারা জাহাজের লোকদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল দেয়।

এদিকে, ৯৯৯ কলের সূত্র ধরে চাঁদপুর থেকে কোস্টগার্ড ও নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমানের উপস্থিতে কোস্টগার্ড ও নৌ পুলিশ জাহাজ থেকে প্রথমে ৫ জনের মরদেহ উদ্ধার করে এবং তিনজনকে আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনিসুর রহমান বলেন, জুয়েল নামে আহত একজনের ধারালো অস্ত্রের আঘাতে গলা ও শ্বাসনালীও কাটা ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। আর সজিবুল ও মাজেদুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাহাজে ডাকাতি করতে বাঁধা দেয়ায় তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটির তদন্ত চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, আহত একজন হাতের ইশারায় জানিয়েছে তারা ৮ জন ছিলেন। ঘটনাটি কিভাবে হয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। ডাকাতি, কিংবা অন্য কোনো কারণে হতে পারে। তদন্ত করার পরে জানা যাবে। নৌ পুলিশ ও কোস্টগার্ডের সঙ্গে নিরাপত্তা বিষয়ে কথা বলেছি। কারণ এই রুটে পণ্যবাহী জাহাজ চলাচল করে। যাতে করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

চৌদ্দগ্রামে জুতার মালা পড়িয়ে লাঞ্চিত করা হলো হত্যা

চৌদ্দগ্রামে জুতার মালা পড়িয়ে লাঞ্চিত করা হলো হত্যা, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামী মুক্তিযোদ্ধা কানুকে

 

  • ** বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে দ্বন্ধে, একাধিক হত্যায় অভিযুক্ত, চাঁদাবাজি, স্থানীয়দের মারধরের কারণে এই ঘটনা।
  • ** ২০১৬ সালে কানুর ফাঁসির দাবীতে সমাবেশ করে স্থানীয় আ’লীগ।

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্চিতের একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইতোমধ্যেই এ ঘটনায় প্রধান উপদেষ্টা ড. ইউনুছ সরকার অভিযুক্তদের গ্রেফতারে বিবৃতি দিয়েছেন। পাশাপাশি বলেছেন কানুর বিরুদ্ধে ৮-৯টি মামলা রয়েছে।

চৌদ্দগ্রাম থানা সূত্রেও জানা যায়, আব্দুল হাই কানুর বিরুদ্ধে ১টি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রবিবার দুপুরে স্থানীয় বাতিসা ইউনিয়নের কুলিয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আব্দুল হাই কানুকে জুতার মালা পড়ায় স্থানীয় প্রবাসী আবুল হাশেমসহ এলাকাবাসী।

এসময় স্থানীয়দের বলতে শোনা যায়, আব্দুল হাই কানুর কারণে তারা গত ১৫ বছর এলাকায় থাকতে পারেনি।

২০১৬ সালের আবু বক্কর ছিদ্দিক প্রকাশ রানা হত্যার প্রতিবাদে এবং কানু ও তার ছেলে বিপ্লবকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে স্থানীয় আ’লীগ সমাবেশ করে।

সমাবেশে উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, আব্দুল হাই কানুর কারণে স্থানীয় আ’লীগ নেতাকর্মীরাও এলাকাছাড়া।

সোমবার সকালে সরেজমিনে পরিদর্শনে গেলে স্থানীয় জসিম উদ্দিন বলেন, আবদুল হাই কানুর সাথে আ’লীগ ব্যতিত আর কোন রাজনৈতিক দ্বন্ধ নেই।

ভাইরাল ভিডিওটি রাজনৈতিক নয়। এলাকার ভুক্তভোগীরা ঘটনা করেছে। এসময় আমিও সাথে ছিলাম। হত্যাকান্ডের শিকার রানা হত্যা মামলায় ১নং আসামী কানু। আওয়ামী লীগ নেতা শাহীন হত্যার ঘটনাও অন্যতম নির্দেশদাতা কানু মেম্বার। কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে প্রতিদ্বন্ধী এক প্রার্থী আবদুল হালিম মজুমদারকে লাথি মেরে পুকুরে ফেলে দেয়। ঐ নির্বাচনে আমাকেও লাঞ্চিত করে।

স্থানীয় ট্রাক্টর চালক আনোয়ার হোসেন বলেন, পারিবারিক দ্বন্ধে এ ঘটনা ঘটেছে। এর সাথে রাজনীতির সম্পৃক্ততা নাই। গত ২০১৬ সালের ৩ই সেপ্টেম্বর যুবলীগ নেতা আবু বক্কর ছিদ্দিক প্রকাশ রানাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে কানু মেম্বার। ঐদিন আমি নিজেও গুলির শব্দে ব্রীজ থেকে লাফ দিয়ে আহত হই। কানু মেম্বার আমার চাচা নুরুল ইসলাম মিনারকে রাতের আধাঁরে মারধর করে।

আবদুল হালিম মজুমদারের ভাই আবদুর রহমান (৮০) বলেন, কানু আমার ভাইকে বিদ্যালয়ের নির্বাচনের সময়ে লাথি মেরে পুকুরে ফেলে দেয়। আ’লীগ সরকারের সময়ে আমার ভাইয়ের থেকে ২৬লাখ টাকা চাঁদাবাজী করে। এমনকি আমার ঘর নির্মাণের সময় আমার থেকেও ৭ লাখ টাকা চাঁদা দাবী করে। এসময় তিনি সাংবাদিকদের আরও বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনের দ্বন্ধেই রবিবার দুপুরে কানুকে আটক করে এলাকাবাসী।

সাবেক ইউপি মেম্বার ও অবঃ সেনাসদস্য আবদুল হক বলেন, কানু এই এলাকায় গত ১৭ বছরে সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে। একাধিক হত্যা, বাড়িঘর ভাংচুর এবং চাঁদাবাজীর সাথেও সে জড়িত। স্থানীয়রা পূর্বের ক্ষোভ থেকে এ ঘটনা ঘটিয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন বলেন, আ’লীগ নেতা আব্দুল হাই কানু হত্যাসহ একাধিক মামলার আসামী। পূর্বের বিভিন্ন বিরোধ থেকে এলাকাবাসী এ ঘটনা ঘটিয়েছে। এর সাথে রাজনৈতিক কোন সম্পৃক্ততা নাই। এমনটি ভাইরাল ভিডিওকে উল্লেখিত ব্যক্তিগত জামায়াতের কোন পদ-পদবীতে নাই।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান সোমবার দুপুরে বলেন, আব্দুল হাই কানুর বিরুদ্ধে ৮-৯টি মামলার বিষয়ে পুরনো অপারেটরের মাধ্যমে জেনেছি। তবে আমার কাছে একটি হত্যা মামলা এবং একটি ভাংচুরের মামলার তথ্য রয়েছে। ভাইরাল ভিডিওতে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনা অপ্রত্যাশিত। মুক্তিযোদ্ধার পরিবারের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি আমরা। পরিবার থেকে এখনো লিখিত কোন অভিযোগ দেয়া হয়নি। এ ঘটনায় একটা মামলার প্রস্তুতি চলছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, সকলের সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার রয়েছে। তিনি যদি কোন অপরাধ করে থাকেন আইন অনুযায়ী বিচার হবে। অপরাধীকে জুতার মালা পড়ানো সম্মানহানীর কোন সুযোগ আইনে নাই।

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায়

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা এতে অনুমোদন দিয়েছেন।”

তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায়ই তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হবে।

সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। রোহিঙ্গাদের কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না। শুধুমাত্র যারা অসুস্থ, তাদের মানবিক বিবেচনায় আশ্রয় দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “পররাষ্ট্র উপদেষ্টা যে দুই মাসের মধ্যে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশের কথা বলেছেন, তা আসলে স্লিপ অব টাং। প্রকৃতপক্ষে গত দেড় থেকে দুই বছরের মধ্যে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে।”

এ সময় কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের হেনস্তার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার বিষয়ে তিনি বলেন, “যারা মুক্তিযোদ্ধাদের হেনস্তা করছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

"প্রাক্তন ৩ ছাত্রকে সংবর্ধণা দিলেন শিক্ষক"

“প্রাক্তন ৩ ছাত্রকে সংবর্ধণা দিলেন শিক্ষক”

“প্রাক্তন ৩ ছাত্রকে সংবর্ধণা দিলেন শিক্ষক”

স্টাফ রিপোর্টার:

নি:সন্দেহে একজন ছাত্রের যে কোন সফলতা বা ভালো কাজ শিক্ষকের মাথা উঁচু করে তোলে। সফল ছাত্রদের গল্প বলে শিক্ষকরা আনন্দিত হয়। নিজ কর্মস্থলে তারুণ্যদীপ্ত সফলতার জন্য প্রাক্তন তিন ছাত্রকে সংবর্ধণা ও শুভেচ্ছা স্মারক দিলেন শিক্ষক নূরুল আমিন। জানা যায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার নৈয়াইর ইসলামিয়া ডিগ্রী মাদরাসার ছাত্র ছিলেন মো. শরীফুল ইসলাম, মো. নুরুননবী ও রাসেল আহাম্মেদ। সে সময়ে আরবী ও ফিকাহ বিভাগের প্রভাষক ছিলেন মাওলানা মো. নূরুল আমিন।

দেশের বহুল প্রচারিত সংবাদপত্র “দৈনিক ইত্তেফাক ” পত্রিকার দাউদকান্দি সংবাদদাতা হিসেবে কাজ করছেন মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান), মো. নুরুন নবী ও মো. রাসেল আহাম্মেদ রাফি কুমিল্লা দায়রা ও জজ আদালতে আইনজীবী হিসেবে সুনামের সহিত কাজ করছেন। প্রাক্তন ছাত্রদের এমন তারুণ্যদীপ্ত সৃজনশীল পেশা ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবধান রাখায় খুশি হয়ে এই তিন প্রাক্তন ছাত্রকে সংবর্ধণা ও শুভেচ্ছা স্মারক দিলেন ঐ শিক্ষক। রোববার রাতে উপজেলার গৌরীপুর বাজার ঈদগা মাঠে অনুষ্ঠিত তাহফিজুল উম্মাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এই শুভেচ্ছা স্মারক তাদের হাতে তুলে দেন। হাফেজ ছাত্রদের পাগড়ী পড়ান হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যন হুফফাজ শায়খ আব্দুল হক।

অনুষ্ঠানে রোটারিয়ান মো. কামাল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. আবুল হাসেম। বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুল, তিতাস উপজেলা জামায়াতের আমীর মো. শামীম সরকার বিজ্ঞ। উপস্থিত ছিলেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি মো. আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে কেরাত তিলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারি আহমদ বিন ইউসুফ আল-আজহারী, বিশ্বজয়ী হাফেজ মাও: নাজমুস সাকিব, বিশ্বজয়ী ক্বারী শেখ শহিদুল ইসলাম, বিশ্বজয়ী ক্বারী আবুজার গিফারী। সঙ্গীত পরিবেশন করেন, ইসলামী সংগীত সংগঠন কলরবের শিল্পী- মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, এ ইমরানুল ফারহান, আবির হাসান, ইলিয়াস আমিন, হাসিনুল ইসলাম, ইকবাল মাহমুদ, শাফিন আহমাদ, ইয়াসিন হায়দার, হাফেজ ইসমাইল, তাওহিদ জামিল, ফজলে এলাহি সাকিব ও, সালমান সাদী, নাসরুল্লাহ ইরফান, হুসাইন আদনান, এ আহনাফ খালিদ ।

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ভিডিও ভাইরাল,

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় আবদুল হাই কানু নামে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, আগস্টে গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত শনিবার নিজ এলাকা লুধিয়ারায় ফিরে আসেন তিনি। কিন্তু রোববার স্থানীয় কয়েকজন তাঁকে লাঞ্ছিত করে এলাকা ছাড়তে বাধ্য করেন।

ঘটনাটি ঘটে চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। ভিডিওতে দেখা যায়, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে তাঁকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয় এবং গ্রামবাসীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। ১ মিনিট ৪৬ সেকেন্ডের এ ভিডিওটি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি। স্থানীয়দের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের ক্ষমতার প্রথমদিকে শীর্ষ নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকার সুবাদে এলাকায় প্রভাব বিস্তার করেন তিনি। একসময় এক জামায়াত নেতাকে এলাকা ছাড়া করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে পরবর্তীতে শীর্ষ নেতাদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় এলাকায় অবস্থান করতে পারেননি এবং একটি হত্যা মামলার আসামি হন।

ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘রাতে ফেসবুকে ভিডিওটি দেখেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

এ ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত সমর্থকের বিরুদ্ধে। তবে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো. মাহফুজুর রহমান বলেছেন, ‘ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। প্রবাসী আবুল হাসেম আমাদের দলের কেউ নন। তবে সমর্থক হতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দায়ীদের শাস্তি দাবি করেছেন।

কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায়

কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবক নিহত

কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবক নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকায় গতকাল রাতে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহী নিহত হয়েছে। মধ্যরাতে সদর উপজেলার বুড়িচং সড়কের পালপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন, ভুবনগড় এলাকার মৃত মনির হোসেনের ছেলে মিনহাজুল, এবং বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন।

নিহত আহাদের মামা পাপন জানান, আহাদ ও ইমন, আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে তাদের এই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, গতকাল আনুমানিক রাত দেড়টার দিকে সদর উপজেলার পালপাড়া এলাকায় বুড়িচং সড়কে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে ঘটনাস্থলেই তাদের তিনজনের মৃত্যু হয়। ওসি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্সেলোনাকে তৃতীয় স্থানে নামিয়ে

বার্সেলোনাকে তৃতীয় স্থানে নামিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ

ডেস্ক রিপোর্ট:

স্প্যানিশ লা লিগায় শনিবার (২১ ডিসেম্বর) রাতে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে হারিয়ে লা লিগায় দুইয়ে চলে গিয়েছিল বার্সেলোনা, ফলে শীর্ষে উঠে যায় আতলেতিকো। এক দিনের ব্যবধানে হান্সি ফ্লিকের দল নেমে গিয়ে তিনে চলে যায়।

রোববার (২২ ডিসেম্বর) ঘরের মাঠে সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে যায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল।

ম্যাচে দুর্দান্ত একটি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, যিনি ব্রাহিম দিয়াজকে দিয়ে একটি গোল করিয়েছেন। রিয়ালের অন্য দুটি গোল করেছেন ফেদেরিকো ভালভের্দে ও রদ্রিগো। ৫৩ মিনিটের মধ্যেই ৪-১ গোলে এগিয়ে ছিল রিয়াল।

আজকের ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, এমবাপ্পে রিয়ালের সঙ্গে মানিয়ে নেয়ার সময়টা পার করে ফেলেছেন, এখন সময় কিছু করে দেখানোর। সেভিয়ার বিপক্ষে তিনি সত্যিই কিছু করে দেখালেন। দলের জয়ে বড় ভূমিকা রেখে তিনি রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪তম গোলটি পেলেন।

১০ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। রদ্রিগোর পাস বক্সের মাথায় পেয়ে তিনি এক স্পর্শে বলের নিয়ন্ত্রণ নেন এবং দ্বিতীয় ছোঁয়ায় জোরালো শটে গোল পেয়ে যান, যা ছিল ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী ফুটবলারের গোল।

১০ মিনিট পর ৩০ গজ দূর থেকে গোল করে ব্যবধান ২-০ করেন ফেদেরিকো ভালভের্দে। ৩৪ মিনিটে তৃতীয় গোলটি পায় রিয়াল, এবার ভাসকেজের ক্রসে গোল করেন রদ্রিগো। এক মিনিট পরেই সেভিয়ার হয়ে গোল করেন ইসাক রোমেরো। ৫৩ মিনিটে এমবাপ্পের পাশ থেকে রিয়ালকে চতুর্থ গোল এনে দেন ব্রাহিম দিয়াজ। এরপর ৮৫ মিনিটে দোদি লুবেবাকলো সেভিয়ার পক্ষে গোল করে ব্যবধান কমালেও তাতে কিছুই আসে-যায়নি।

১৮ ম্যাচে ১২তম জয় পেয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ৪০। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে বার্সেলোনা।

ডিসেম্বরের ২১ দিনেও

ডিসেম্বরের ২১ দিনেও যে ১০ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি

ডিসেম্বরের ২১ দিনেও যে ১০ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে ২০০ কোটি ৭২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এলেও, দেশের ১০টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিসেম্বরের প্রথম ২১ দিনে কোনো রেমিট্যান্স না আসা ব্যাংকের সংখ্যা ১০টি। এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ব্যাংক এবং ৪টি বিদেশি ব্যাংক।

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেন্স ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। একই সঙ্গে বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকেও কোনো রেমিট্যান্স পাওয়া যায়নি।

এদিকে, ডিসেম্বরের প্রথম তিন সপ্তাহে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৬১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩১ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ৫১ লাখ ৬০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ডিসেম্বরের ১৫ থেকে ২১ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৬২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ডলার। ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে এসেছে ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল

বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে (বিএলএসডিসি) সফল প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ৪০ জন প্রশিক্ষণার্থী।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির (সিভিডিপি) আওতায় (তৃতীয় পর্যায়) ৬০ দিনব্যাপী বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করে সনদ অর্জন করেন তারা। রবিবার (২২ ডিসেম্বর) বিএলএসডিসি মিলনায়তনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) উপ-প্রকল্প পরিচালক মো. তৌহিদুল হক। বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ তাইবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের (বিএলএসডিসি) ইনচার্জ মেজর (অব.) মো. গোলাম হায়দার।

অনুষ্ঠানে জানানো হয়, বসুন্ধরা রিভারভিউ প্রজেক্টে বিএলএসডি সেন্টারে দুই মাসব্যাপী (৩১২ ঘণ্টা) এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। যেখানে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস (লেভেল-২) বিষয়ে অংশগ্রহণকারীরা আধুনিক শিল্পের চাহিদা অনুযায়ী কার্যকর দক্ষতা অর্জন করেন।

এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য পদ্ধতি প্রয়োগ; পেশাগত পরিবেশে কার্যকর যোগাযোগ ও দলগত কাজের দক্ষতা; পাইপ ইনস্টলেশনের জন্য হাতিয়ার ও পাওয়ার টুল ব্যবহারের জ্ঞান; পাইপ জোড়া লাগানো, পানি সরবরাহ ও বর্জ্য জলের পাইপলাইন ইনস্টলেশন; প্লাম্বিং ফিক্সচার ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণের ওপর প্রশিক্ষণ অর্জন করেন।

এই কর্মসূচিতে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, যা অংশগ্রহণকারীদের শিল্পে কাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত করে তুলেছে।

গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে গুণগত পেশাগত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দক্ষতা ঘাটতি দূর করাই এই কর্মসূচির লক্ষ্য। বসুন্ধরা গ্রুপের সামাজিক দায়বদ্ধতার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ দেশের স্থায়ী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির (সিভিডিপি) উপ-প্রকল্প পরিচালক মো. তৌহিদুল হক বলেন, বাংলাদেশের একটি ইউনিক প্রকল্প হচ্ছে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি। এর সৌন্দর্য হচ্ছে প্রশিক্ষণার্থী বাছাই। গ্রামে সমবায় সমিতির মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই করা হয়। সমবায় সমিতির মাধ্যমে গ্রামের মানুষের পুঁজি জমছে, অর্থনৈতিক চালিকা শক্তি আরও বড় হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি করে থাকে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষ তাদের সন্তানদের প্রশিক্ষণ দিয়ে কীভাবে দক্ষ করা যায়, সেজন্য সমবায়ের কর্মীদের কাছে আসছেন।

গ্রামের সাধারণ সমবায়ীরা প্রকল্প দীর্ঘায়িত করার জন্য আবেদন জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পের কার্যক্রমের সময় বাড়লে ভবিষ্যতে সমবায়ীদের হয়তো আবারও এখানে নিয়ে আসব। আর কেরানীগঞ্জ উপজেলায় কার্যক্রম যেন পরবর্তী ধাপে অন্তর্ভুক্ত হতে পারে, সে চেষ্টা অব্যাহত রাখব।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তৌহিদুল হক বলেন, প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন উপজেলায় যুবকরা সাফল্য দেখাচ্ছেন। আমি আশা করি আপনারাও সাফল্য দেখাবেন। আপনারাও প্রশিক্ষণ নিয়ে কাজের মাধ্যমে অর্জিত জ্ঞান ধরে রাখার চেষ্টা করবেন।

কেরানীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তাইবুর রহমান বলেন, আমরা প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে থাকি। সরকার আপনাদের দক্ষ করে তোলার জন্য বিশাল অংকের টাকা ব্যয় করছে। বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে অর্থনীতির চাকা সচল হবে হবে, দেশ উপকৃত হবে।

তিনি বলেন, বেকার যুবকরা যখন বিদেশে যায়, প্রশিক্ষণ না থাকায় ও তারা দক্ষ না হওয়ায় মজুরিও কম পায়। তাতে যে পরিমাণ আয় হয় তা খুব বেশি না। আর প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে সহজে কাজ পাওয়া যায় এবং ভালো বেতন দেওয়া হয়। এই প্রশিক্ষণ নিয়ে আপনারা যদি বিদেশে যান তাহলে দক্ষ শ্রমিক হিসেবে বেতনও বেশি পাবেন। এতে অল্প দিনের মধ্যে সফল হবেন।

প্রকল্পের আওতায় আমাদের ৩৮টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় জানিয়ে তাইবুর রহমান বলেন, আপনারা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের অফিসে যোগাযোগ করবেন। সরকারের উদ্যোগগুলো প্রচার করবেন। সরকারের সঙ্গে সহযোগী হয়ে বেকার যুবকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান।

স্বাগত বক্তব্যে বিএলএসডিসি) ইনচার্জ মেজর (অব) মো. গোলাম হায়দায় বলেন, সরকার বেকার যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলার জন্য, কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলার চেষ্টা করছে। দক্ষ করে বিদেশে পাঠালে কয়েকগুণ বেশি অর্থ উপার্জন করতে পারবেন। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তারা ব্যাপক ভূমিকা পালন করবেন। এই প্রশিক্ষণ নিয়ে চাকরির বাজারে আলাদা অগ্রাধিকার পাবেন বলে বিশ্বাস করি।

প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন মশিউর আলম। তিনি বলেন, দুই মাসব্যাপী প্রশিক্ষণ নিয়ে আমরা দক্ষ হয়েছি। আমরা বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। এখানে মনোরম পরিবেশে প্রশিক্ষণের পাশাপাশি আমাদের খেলার মাঠও দিয়েছে।

প্রশিক্ষণকালে সফলতার জন্য পুরস্কার পান শরিয়তপুরের আফজাল হোসেন, রায়হান, ইব্রাহিম, মাদারীপুরের ইসমাইল মোল্লা, সাগর, তরিকুল ইসলাম, মো. সিয়াম, আলী আশরাফী, ফারুক হোসেন, মহসিন উদ্দীন, মানিক তালুকদার, মোহাম্মদ উল্লাহ।

বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার সম্পর্কে:
বিএলএসডিসি অত্যাধুনিক পেশাগত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রতিভা বিকাশে নিবেদিত। বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ এলাকায় অবস্থিত এই সেন্টার কারিগর শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীর জন্য একটি অনুপ্রেরণার নাম।

বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার নতুন প্রতিষ্ঠান হিসেবে তাদের উদ্যোগের মাধ্যমে ভালো কাজ করে চলেছে। ইতোমধ্যেই সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির প্রথম ধাপে ৮০ জন অংশগ্রহণকারী সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অত্যন্ত সন্তুষ্ট জনক ফলাফল অর্জন করেন। যার মধ্যে পাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস (পিপিএফ) বিষয়ে ৪০ জনের মধ্যে ৩৭ জন প্রশিক্ষণার্থী এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স (ইআইএম) প্রশিক্ষণে অংশগ্রহণকৃত ৪০ জন শিক্ষার্থীদের মধ্যে ৩৮ জন অত্যন্ত ভালো ফলাফলের সাথে কৃতকার্য হয়েছেন।

প্রশিক্ষণার্থীদের এই ফলাফল বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এর জন্য অত্যন্ত গর্বের। এখন পর্যন্ত প্রায় ১২০ জন শিক্ষার্থী বিএলএসডিসি-এর মাধ্যমে এই প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন করে। প্রশিক্ষণটির দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারী ৪০ জনের মধ্যে প্রত্যেকের সন্তোষজনক ফলাফলের মাধ্যেমে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস (লেভেল-২) এর অর্জিত ফলাফলে পাসের হার ১০০ শতাংশ।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের দেশে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এ ছাড়া দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে একটি উন্নত বাংলাদেশের লক্ষ্য পূরণেও ভূমিকা রেখেছে এবং একইভাবে সামনেও কাজ করার লক্ষ্যে বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বদ্ধপরিকর।

যদি কুমিল্লা-৯ পুনর্বহাল না হয়, মানুষের লাশের উপর দিয়ে নির্বাচন করতে হবে: মনিরুল হক চৌধুরী

যদি কুমিল্লা-৯ পুনর্বহাল না হয়, মানুষের লাশের উপর দিয়ে নির্বাচন করতে হবে: মনিরুল হক চৌধুরী

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার পুনর্বহালের দাবিতে আজ রবিবার (২২ ডিসেম্বর) বৃহত্তর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঐক্য সংহতি পরিষদ লং মার্চ কর্মসূচি পালন করেছে।

লং মার্চটি লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার থেকে শুরু হয়ে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে গিয়ে শেষ হয়। এর আগে সংগঠনটি কুমিল্লা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

পরে মনিরুল হক চৌধুরী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পূর্বের কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার পুনর্বহালের দাবিতে স্মারকলিপি দেন।
তিনি বলেন, “১৯৮৬ সালের কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার ভিত্তিতে আসন্ন নির্বাচন দিতে হবে। যদি তা না করা হয়, তবে এই অঞ্চলের মানুষের লাশের উপর দিয়ে নির্বাচন করতে হবে। ২০০৮ সালে তৎকালীন নির্বাচন কমিশনার কুমিল্লা-৯ আসনকে অন্যায়ভাবে পৃথক করেছেন। আমরা সেই সময়ের নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবো।”

মনিরুল হক আরও বলেন, “২০১৪ সালে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা নিয়ে হাইকোর্ট রায় দিয়েছিল, কিন্তু সাবেক মন্ত্রী লোটাস কামাল ক্ষমতার অপব্যবহার করে সেই রায় স্থগিত করিয়েছিলেন। এতে করে কুমিল্লা দক্ষিণ অঞ্চলকে পৃথক করা হয়েছে। আমরা নতুন নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে দ্রুত সমাধানের দাবি জানিয়েছি। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

লং মার্চ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ড. শাহ মো. সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আকতার হোসেন, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, লালমাই উপজেলা আহ্বায়ক মাসুদ করিম, সেক্রেটারি ইউসুফ আলী মীর পিন্টু, এবং বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী। এছাড়াও অংশগ্রহণ করেন কুমিল্লার দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ।