All posts by jitu

চৌদ্দগ্রামে আতিক হত্যার প্রতিবাদে

চৌদ্দগ্রামে আতিক হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চৌদ্দগ্রামে আতিক হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষার্থী আতিক হত্যার প্রতিবাদে ও খুনীদের গ্রেপ্তারের দাবীতে চৌদ্দগ্রাম সরকারী কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে চৌদ্দগ্রাম সরকারী কলেজ গেইটে থেকে শিক্ষার্থীরা মানবন্ধন শেষে মিছিল নিয়ে উপজেলার দোয়েল চত্বর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা পদক্ষিণ করে চৌদ্দগ্রাম থানা গেটে এসে শেষ হয়।

এসময় আতিকের সহপাঠি শিক্ষার্থীরা খুনীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষার্থী তানভীর হোসেন, সিয়াম, মামুন, তাহ মামুন, মুন্না, রকি, ইসমাইল হোসেন, সিফাত, মিজানুর রহমান, মারুফ আহমেদ, রিফাত হোসেন প্রমুখ।

জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের

জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ প্রতিবেদন হস্তান্তর করা হয়।

বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন।

সংস্কার কমিশনের প্রতিবেদনের বিস্তারিত এখনো জানা যায়নি, তবে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে শতাধিক সুপারিশ থাকতে পারে বলে আগেই জানা গিয়েছিল।

গত ৮ আগস্ট সরকার গঠনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার কমিশন ইতোমধ্যে গত ১৫ জানুয়ারি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, “আমাদের প্রতিবেদন গত মাসেই জমা দেওয়ার কথা ছিল, তবে মাঠ পর্যায়ে গিয়ে জনগণের মতামত সংগ্রহ করায় কিছুটা সময় লেগেছে। প্রতিবেদনটিতে ১০০টিরও বেশি সুপারিশ রয়েছে।”

গত ৩ অক্টোবর ৮ সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়, পরে সদস্য সংখ্যা তিনজন বাড়ানো হয়। কমিশনকে তিন মাসের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করতে বলা হলেও, সময়সীমা তিন দফা বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের ১০ দিন আগেই প্রতিবেদন জমা দেওয়া হলো।

অন্যদিকে, বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করার লক্ষ্যে ৩ অক্টোবর প্রধান উপদেষ্টার অনুমোদনে বিচারবিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়। এ কমিশনও তাদের সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিয়েছে।

মুসলিম উম্মাহর শান্তি-ঐক্য কামনায়

মুসলিম উম্মাহর শান্তি-ঐক্য কামনায় শেষ হলো আখেরি মোনাজাত

মুসলিম উম্মাহর শান্তি-ঐক্য কামনায় শেষ হলো আখেরি মোনাজাত

ডেস্ক রিপোর্ট:

মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে শেষ হলো শুরায়ি নেজামের (মাওলানা জুবায়ের অনুসারী) ৫৮তম বিশ্ব ইজতেমা। দুপুর ১২টা ৯ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাত চলে ১২টা ২৭ মিনিট পর্যন্ত। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে এই মোনাজাত পরিচালনা করেন শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এ সময় লাখ লাখ মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে প্রকম্পিত হয় তুরাগ নদের তীর।

বুধবার ফজরের পর ভারতের বেঙ্গালুরুর মাওলানা ফারুক, যিনি ভাই ফারুক নামে পরিচিত, তার বয়ানের মাধ্যমে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুফতি আমানুল হক। এরপর দুপুর ১২টার পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমবয়ানের মাধ্যমে তাবলিগ জামাতের শুরায়ি নেজাম বা মাওলানা জুবায়ের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমা শুরু হয়। এবারই প্রথমবারের মতো তারা দুই পর্বে ইজতেমার আয়োজন করেন। মাঝে আটদিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ আহমদ কান্ধলবী অনুসারীরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজন করবেন।

দেবিদ্বারে আ.লীগের লিফলেট বিতরন করায়

দেবিদ্বারে আ.লীগের লিফলেট বিতরন করায় ছাত্রলীগ নেতা কারাগারে

দেবিদ্বারে আ.লীগের লিফলেট বিতরন করায় ছাত্রলীগ নেতা কারাগারে

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করায় দেবিদ্বারে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার(৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রাম থেকে থাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই ছাত্রলীগ নেতার মোঃ সজিব (২৪)। সে পদ্মকোট গ্রামের ফুল মিয়া ছেলে। এবং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীরা বলেন, পদ্মকোট বাজারে দোকানে দোকানে সোমবার সন্ধ্যায় লিফলেট বিতরণ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম একদল পুলিশ ওই বাজারে অভিযান চালায়। এ সময় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে মো. সজিব কে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ।

দেবিদ্বার অফিসার ইনচার্জ (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, লিফলেট বিতরণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চাঁদপুরের হাজীগঞ্জে চার ইটভাটাকে

চাঁদপুরের হাজীগঞ্জে চার ইটভাটাকে ১৭ লক্ষ টাকা জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে চার ইটভাটাকে ১৭ লক্ষ টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরের হাজীগঞ্জে চার ইট ভাটায় ১৭ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে লাইসেন্স নবায়ন না থাকায় এবং অবৈধ ভাবে কৃষি জমি থেকে মাটি উত্তলনের দায়ে হাজীগঞ্জের মেসার্স সেলিম ব্রিকস, অনি ব্রিকস ও মার্ক ব্রিকসকে ৪ লক্ষ করে এবং রনি ব্রিকসকে ৫ লক্ষ টাকা নগদ জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তর।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, চাঁদপুর সিনিয়র কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শারমিতা আহমেদ লিয়াসহ সেনাবাহিনীর কর্মকর্তাগণ।

চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান, অবৈধভাবে পরিচালিত ইট ভাটাগুলোর বিরুদ্ধে ইট ভাটার লাইসেন্স নবায়ন না থাকায় এবং অবৈধ ভাবে কৃষি জমি থেকে মাটি উত্তলনের ফলে ১৭ লক্ষ টাকা জরিমানা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি ।

বাল্যবিবাহ: আইন, ধর্ম ও সামাজিক বাস্তবতা

 

এডভোকেট মোঃ রাসেল আহমেদ (রাফি)

ভূমিকা

বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, যা সামাজিক, ধর্মীয় ও আইনি দৃষ্টিকোণ থেকে গভীর তাৎপর্য বহন করে। বাংলাদেশে মেয়েদের জন্য বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের জন্য ২১ বছর নির্ধারণ করা হয়েছে। আইনটি বাল্যবিবাহ প্রতিরোধের উদ্দেশ্যে প্রণীত হলেও এর বাস্তব প্রয়োগ নিয়ে বিতর্ক রয়েছে।

একদিকে, অপ্রাপ্তবয়স্কদের শারীরিক ও মানসিক পরিপক্বতার বিষয়টি গুরুত্বপূর্ণ, অন্যদিকে সামাজিক ও ধর্মীয় বাস্তবতা উপেক্ষা করলে আইনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়। বিশেষত, নৈতিক অবক্ষয় ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের মতো সামাজিক সমস্যার পরিপ্রেক্ষিতে আইন, ধর্ম ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করা জরুরি হয়ে পড়েছে।

আইনি কাঠামো ও বাস্তবতা

১. বিদ্যমান আইন ও সীমাবদ্ধতা

বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে, ১৮ বছরের কম বয়সী মেয়েদের এবং ২১ বছরের কম বয়সী ছেলেদের বিয়ে করা বা করানো শাস্তিযোগ্য অপরাধ।

আইনটি বাস্তবায়নে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে-

বিশেষ পরিস্থিতির বিধান: আইনের ১৯(১) ধারায় “বিশেষ পরিস্থিতিতে” আদালতের অনুমতি সাপেক্ষে বিয়ে করার সুযোগ রাখা হয়েছে, তবে এই বিধান কীভাবে প্রয়োগ হবে তা স্পষ্ট নয়।

অভিভাবকদের সীমাবদ্ধতা: দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আদালতের অনুমতি নেওয়ার প্রক্রিয়া জটিল ও ব্যয়বহুল।

আইন ও বাস্তবতার সংঘর্ষ: সামাজিক বাস্তবতা অনুযায়ী, অনেক অভিভাবক বিবাহযোগ্য মেয়েদের উপযুক্ত পাত্রের সন্ধানে থাকলেও বয়সসংক্রান্ত আইনি জটিলতায় পড়েন।

২. সামাজিক বাস্তবতা ও চ্যালেঞ্জ

বাল্যবিবাহ রোধের উদ্দেশ্য ন্যায়সংগত হলেও, কঠোর আইন প্রয়োগের ফলে কিছু নতুন সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে-

অবৈধ সম্পর্কের বৃদ্ধি: আইনগতভাবে বিয়ে করতে না পারায় অনেক তরুণ-তরুণী অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে।

গর্ভপাত ও স্বাস্থ্যঝুঁকি: অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও অনিরাপদ গর্ভপাতের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

দারিদ্র্যের প্রভাব: দরিদ্র পরিবারের জন্য মেয়েদের দীর্ঘদিন অবিবাহিত রাখা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, ফলে তারা বাধ্য হয়ে আইন লঙ্ঘন করে বিয়ে দেয়।

 

ধর্মীয় দৃষ্টিকোণ

ইসলামে বিয়ের নির্দিষ্ট বয়স নির্ধারণ করা হয়নি, তবে শারীরিক ও মানসিক পরিপক্বতা অর্জনের পর বিয়ে করার অনুমোদন দেওয়া হয়েছে। অভিভাবকের সম্মতি থাকলে এবং উভয়পক্ষ রাজি হলে বিয়ে বৈধ বলে গণ্য হয়।

বর্তমানে, ১৮ বছরের নিচে বিয়ে করানোর দায়ে অভিভাবক, বর-কনে ও কাজীকে আইনি জটিলতায় পড়তে হচ্ছে। কিন্তু একই সঙ্গে, যদি এই বয়সসীমার কারণে কেউ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, তবে সেটি নিয়ন্ত্রণের জন্য কার্যকর আইন নেই। ফলে এক ধরনের দ্বৈত নীতি গড়ে উঠেছে, যা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে।

আন্তর্জাতিক তুলনা ও অভিজ্ঞতা

বিশ্বের বিভিন্ন দেশে বিয়ের বয়স ও সামাজিক বাস্তবতা অনুযায়ী আইন প্রণয়ন করা হয়েছে-

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া: শরিয়াহ আইনের ভিত্তিতে নির্দিষ্ট পরিস্থিতিতে ১৬ বছরের নিচে বিয়ের অনুমতি দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র: বিভিন্ন রাজ্যে পিতামাতার সম্মতি ও আদালতের অনুমতিতে ১৬-১৮ বছর বয়সে বিয়ে করা যায়।

স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো: বিয়ের বয়স ১৮ বছর হলেও, কিশোর-কিশোরীদের জন্য যৌনশিক্ষা, মানসিক পরামর্শ ও পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করা হয়।

বর্তমান সমস্যা ও সমাধান

১. বাল্যবিবাহ বনাম অবৈধ সম্পর্ক

আইনের কঠোরতা বৃদ্ধি পেলেও, অবৈধ সম্পর্কের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

বিয়ে নিষিদ্ধ করে দেওয়া হলেও কিশোর-কিশোরীরা অনিয়ন্ত্রিত জীবনযাপন করছে, যা নৈতিক ও সামাজিক সংকট তৈরি করছে।

২. গর্ভপাত ও স্বাস্থ্যঝুঁকি

বাংলাদেশে ১৮ বছরের নিচে মেয়েদের গর্ভপাতের সংখ্যা ক্রমাগত বাড়ছে (ইউনিসেফ, ২০২৩)।

সামাজিক বিধিনিষেধ ও সচেতনতার অভাবে অনিরাপদ গর্ভপাতের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

৩. অর্থনৈতিক বাস্তবতা

দরিদ্র পরিবারের মেয়েদের দীর্ঘদিন অবিবাহিত রাখা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।

আইনগত সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষেত্রে মেয়েরা নিরাপত্তাহীন অবস্থার সম্মুখীন হয়।

সমাধান ও সুপারিশ

১. শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি

যৌনশিক্ষা, নৈতিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধের শিক্ষা চালু করতে হবে।

অভিভাবকদের সচেতন করে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে হবে।

২. আইনের বাস্তবসম্মত সংস্কার

বিশেষ পরিস্থিতিতে বিয়ের বয়স শিথিল করার বিধান কার্যকর করতে হবে।

আদালতের অনুমতি নেওয়ার প্রক্রিয়া সহজ ও স্বল্পব্যয়ী করতে হবে।

৩. নৈতিক ও সামাজিক মূল্যবোধ রক্ষা

পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানকে নৈতিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তরুণদের মাঝে আত্মসংযম ও দায়িত্বশীলতা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

৪. বিকল্প সামাজিক ব্যবস্থা

অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার, সামাজিক সংগঠন ও ধর্মীয় নেতাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।

উপসংহার

বাল্যবিবাহ, অবৈধ সম্পর্ক ও নৈতিক অবক্ষয়ের মতো স্পর্শকাতর বিষয়ে আইন, ধর্ম ও সামাজিক বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করা জরুরি। কঠোর আইন দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়; বরং শিক্ষা, সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে টেকসই সমাধান অর্জন সম্ভব।

সরকার, আইনবিদ, ধর্মীয় নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের যৌথ প্রচেষ্টায় একটি কার্যকর নীতি নির্ধারণ করা এখন সময়ের দাবি।

কুমিল্লা সদর দক্ষিণে পিকআপ চুরির অভিযোগে

কুমিল্লা সদর দক্ষিণে পিকআপ চুরির অভিযোগে সন্দেহভাজন একজন গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে পিকআপ চুরির অভিযোগে সন্দেহভাজন একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা সদর দক্ষিণে গাড়ি চুরির অভিযোগে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১ ফেব্রুয়ারি উপজেলার শ্রীমন্তপুর বাজার হতে তাকে গ্রেফতার করা হয়।

এজহার সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর মাজার মসজিদ সংলগ্ন সামাদ মার্কেটের সামনের খালি জায়গা থেকে পিকআপটি চুরি হয়। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি মামলা করা হয়। যার নং-০১ তাং-০১-০২-২৫ইং।

পিকআপটির মালিক এস আলম এন্টারপ্রাইজের সত্বাধিকারী জায়েদুল আলম এজহারে উল্লেখ করেন, গত ৩০ জানুয়ারি আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় পিকআপটি ঘটনাস্থলে দেখতে পাই। পরবর্তীতে একই তারিখ সকাল ৭টা ৫০মিনিটে আমার ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে আসার সময় দেখি পিকআপটি ঘটনাস্থলে নাই।

তাৎক্ষণিক বিভিন্ন স্থানে গাড়িটির খোঁজাখুজি করি। এরপর মাজার মসজিদে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখি অজ্ঞাতনামা ৪/৫ জন পিকআপটি চুরি করে নিয়ে যায়।
মামলার তদন্তে জানা যায়, সন্দেহভাজন গ্রেফতার মো: রুস্তম খান আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য। চুরি হওয়া পিকআপটির রেজি: নং-ঢাকা মেট্রো-ন-১৫৭৬৫৬।

চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায়

চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ভেকু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (০৪ই ফেব্রুয়ারী) উপজেলার কাশিনগরের রামচন্দ্রপুর ও চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহর তত্ত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার ভুমি জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে মোবাইল কোর্ট অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া, কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার কাঁকড়ি নদীর পাড়ে ও চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন।

এরমধ্যে মোবাইল কোর্ট রামচন্দ্রপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং চিওড়া ইউনিয়নের ডিমাতলীতে মাটি কাটার স্থান থেকে একটি ভেকু জব্দ করেন।

উপজেলা সহকারী কমিশনার ভুমি জাকিয়া সরওয়ার লিমা বলেন, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দাউদকান্দিতে কাভার্ডভ্যান বোঝাই নিষিদ্ধ

দাউদকান্দিতে কাভার্ডভ্যান বোঝাই নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ১

দাউদকান্দিতে কাভার্ডভ্যান বোঝাই নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ১

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন বোঝাই কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ। মঙ্গলবার(৪ফেব্রুয়ারী)ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা থেকে চালকসহ আটক করা হয়।

চালক উজ্জ্বল হোসেন যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল দিঘিরপার গ্রামের আব্দুস সামেদের ছেলে।

পুলিশ জানায়, ঢাকার ইমামগঞ্জ থেকে কাভার্ডভ্যানে করে নিষিদ্ধ পলিথিন চট্টগ্রাম যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি হাইওয়ে পুলিশ টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ২৫০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। পরে ট্রাক চালক উজ্জল হোসেনকে আটক করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

হাইওয়ে পুলিশ( কুমিল্লা রিজিয়ন) খাযরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পক্ষ হতে দাউদকান্দি মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

“মায়ের আরাধনায় সুরসম্রাট” এর আদলে কুমিল্লায় দত্ত বাড়ির পূজা উদযাপন

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা নগরীতে দত্ত বাড়ীর পূজো মানে ভিন্ন আঙ্গিকে, নতুন কিছুর অবতারণা। প্রতিবছরই নতুন নতুন রূপে এ বাড়িতে পালিত হয় সরস্বতী পূজা। এবারো তার ব্যতিক্রম হয়নি। উপমহাদেশের সুর সম্রাট শচীন দেব বর্মণের বর্ণাঢ্য সঙ্গীত ক্যারিয়ারের প্রতিচ্ছবিতে রাঙ্গানো হয়েছে এবার পূজো।

নগরীর কান্দিরপাড়ের নজরুল এভিনিউ সড়কের দত্ত বাড়ির পূজোর সাজসজ্জায় ছিল শচীনের সরব উপস্থিতি। পূজার নামকরণ করা হয়েছে “মায়ের আরাধনায় সুরসম্রাট” । ফলে বাড়িজুড়ে রয়েছে শচীনের নানা চিত্র প্রদর্শনী। পূজোর প্রধান ফটকের দুপাশে শোভা পাচ্ছে শচীন দার বিখ্যাত তবলার ছবি।ভিতরে ছিল শচীন দার বিখ্যাত গানের কলির পোষ্টার, টেপ রেকর্ডার, হারমোনিয়াম, মীনা বর্মণের শেষ ছবির বৃত্তান্ত খচিত পোষ্টার। যা দেখতে ভিড় করেছেন কুমিল্লা নগরী ও বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু -বৌদ্ধ ও মুসলিম দর্শনার্থীরা, যা সবার নজর কেড়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারী) নগরীর কান্দিরপাড়ে দত্ত বাড়ির পূজার ১৮ বছরে পদার্পনে শচীন কর্তার ৫০তম মহাপ্রয়াণ বছর উপলক্ষে “মায়ের আরাধনায় সুরসম্রাট” নামে এই আয়োজন করা হয়। বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা করেন।
ধর্মীয় রীতি মেনে সারাদেশের ন্যায় কুমিল্লা ও বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। ব্যক্তিগত পর্যায়, মন্দির-সেবাশ্রম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ধুমধামে পূজার আয়োজনে ভক্ত-পুণ্যার্থীর ঢল নেমেছে। মন্দিরে মন্দিরে অঞ্জলী ও প্রসাদ বিতরণ ছাড়াও বিদ্যা ও জ্ঞানের জন্য দেবীর প্রার্থনায় মিলিত হন পুণ্যার্থীরা। সকালে থেকেই তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের ও বিভিন্ন শ্রেনী পেশার ভক্ত ও পুণ্যার্থীরা অঞ্জলী নিতে চলে আসেন মণ্ডপে মণ্ডপে। এসময় তারা দেবীর কাছে প্রার্থনায় মিলিত হন।

দত্ত বাড়ি পূজার সাধারণ সম্পাদক ডা. অংকুর দত্ত ও সাংগঠনিক সম্পাদক ডা স্বস্তি সেন গুপ্তা বলেন, প্রতি বছর এ দিনটির জন্য আমরা অপেক্ষা করি, বছর শেষে দিনটি আসায় আমরা খুবই আনন্দিত। পূজার অঞ্জলী নিয়েছি, বিদ্যা ও জ্ঞানের জন্য প্রার্থনা করেছি। তবে এবার চেষ্টা করছি একটু ব্যতিক্রমি কিছু করতে। কুমিল্লা চিরকালই একটা সাহিত্য-সংস্কৃতির শহর ছিল, তাই চেষ্টা করেছি কুমিল্লার কিশোর-কিশোরিরা যেন শচীন দেব বর্মন, ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্র দত্ত,কাজী নজরুল ইসলাম,নবাব ফয়জুন্নেছা সম্পর্কে ধারণা দিতে মিউজিয়ামের মত করে আমরা চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। হিন্দু -মুসলিম সবাই দেখতে আসছে এতেই আমাদের পরিশ্রম সার্থক। সামনে এমন চিন্তা ভাবনা আমাদের অব্যাহত থাকবে। কুমিল্লাকে যেন সারা বিশ্বের মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারি সেজন্য সকলের আশির্বাদ কাম্য।

এদিকে পূজা মণ্ডপে অতিথি হিসেবে চিত্রায়ন প্রদর্শনী দেখতে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, নাট্যগুরু শাহজাহান চৌধুরী, অধ্যক্ষ শফিকুর রহমান, কল্লোল মজুমদার, অভিজিৎ সিনহা মিঠু,কুমিল্লা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সমীর মজুমদার, প্রকৌশলী আব্দুল মালেক।

জানা গেছে, এ বছর জেলার শতাধিক মন্দির ও ১ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত পর্যায়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। পূজাকে ঘিরে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।