All posts by jitu

বাড়ি ফেরার পথে ডাকাতের হামলার শিকার মুরাদনগরের এসিল্যান্ড

ডেস্ক রিপোর্ট:

ছুটিতে বাড়ি ফেরার পথে কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন ডাকাত দলের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে নিজ এলাকায় অবস্থানকালে একদল সশস্ত্র ডাকাত আকস্মিকভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

জনপ্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সাকিব হাসান খাঁন দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার ওপর এমন নৃশংস হামলার ঘটনায় প্রশাসনিক মহল, সহকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সচেতন মহল মনে করছে, একজন সরকারি কর্মকর্তার ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়; বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার জন্যও উদ্বেগের বিষয়। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রশাসনিক ফোরামে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। বক্তারা জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটনের সাহস কেউ না পায়।

মুরাদনগরবাসীসহ তার সহকর্মীরা সাকিব হাসান খাঁনের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, তিনি শিগগিরই সুস্থ হয়ে পুনরায় দেশ ও মানুষের সেবায় ফিরে আসবেন।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লায় শেষ হলো ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্বের তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে শনিবার (২০ জুন) কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে এ বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

শেষ দিনের পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক সক্ষমতা যাচাইয়ের বিভিন্ন ধাপে অংশ নেন। এ সময় তারা পুশআপ, সিটআপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।

বাছাই কার্যক্রম পরিদর্শন করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. আনিসুজ্জামান, পিপিএম। তিনি উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে আগামী লিখিত পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ এবং বহুস্তরীয় মনিটরিং ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। তাই কোনো প্রার্থী বা অভিভাবক যেন দালাল কিংবা প্রতারকদের প্রলোভনে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, কেউ যদি চাকরি পাইয়ে দেওয়ার নামে কোনো ধরনের প্রলোভন বা প্রতারণার চেষ্টা করে, তাহলে দ্রুত সংশ্লিষ্ট থানায় অথবা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে হবে।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদলসহ নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কিংবদন্তি হকি খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেকের প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি হকি খেলোয়াড় ও সংগঠক আবদুস সাদেক আর নেই। আজ সকাল ৮টায় (২০ জুন/২৬) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার ‘আই’ ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএস মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

উল্লেখ্য, আবদুস সাদেক দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বড় ভাই। এছাড়া ক্রীড়া ব্যক্তিত্ব ও দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট চ্যানেল ‘টি স্পোর্টস’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেক তাঁর জ্যেষ্ঠ পুত্র। তাঁর পিতা অ্যাডভোকেট আবদুস সোবহানও ছিলেন ব্রিটিশ আমলের একজন খ্যাতনামা সাঁতারু।

বহুমুখী ক্রীড়া প্রতিভা ও সোনালী ক্যারিয়ার

আবদুস সাদেক ছিলেন স্বাধীনোত্তর বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। কেবল হকি নয়, ফুটবল ও ক্রিকেটেও ছিল তাঁর সমান পারদর্শিতা। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ক্রীড়াচক্রের ফুটবল ও হকি—উভয় দলেরই প্রথম অধিনায়ক হওয়ার অনন্য গৌরব রয়েছে তাঁর।
ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালে তিনি ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’-এ ভূষিত হন।

স্বাধীনতার পূর্বে অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের হয়ে ইউরোপ সফরে মাঠ কাঁপিয়েছেন আবদুস সাদেক। ১৯৬৯ সালের সেই সফরে জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে আন্তর্জাতিক অঙ্গনে তিনি নজর কাড়েন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে কুমিল্লা জেলা দলের অধিনায়কত্ব করেন তিনি।

১৯৭৭-৭৮ মৌসুমে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম আনুষ্ঠানিক সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে দলের নেতৃত্ব দেন তিনি। পরবর্তীতে ১৯৭৮ সালে বাংলাদেশ যখন প্রথমবার এশিয়ান গেমসে অংশ নেয়, তখনও হকি দলের অধিনায়ক ছিলেন আবদুস সাদেক।

সফল প্রশিক্ষক ও দূরদর্শী সংগঠক

খেলোয়াড়ি জীবনের পর আবদুস সাদেক আবাহনী ফুটবল দলের কোচের দায়িত্ব নেন এবং সেখানেও ইতিহাস গড়েন। ১৯৭৭ সালে তাঁর অধীনেই ঘরোয়া ফুটবল লিগে কোনো ম্যাচ না হেরে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আবাহনী।

পরবর্তীতে একজন দূরদর্শী ক্রীড়া সংগঠক হিসেবে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের (১৯৮৩-১৯৮৫) দায়িত্ব পালন করেন তিনি। তাঁরই একক প্রচেষ্টা ও কূটনৈতিক দক্ষতায় ১৯৮৫ সালে জাপানের পরিবর্তে ঢাকাকে দ্বিতীয় এশিয়া কাপ হকির ভেন্যু হিসেবে নির্বাচিত করেছিল এশিয়ান হকি ফেডারেশন।

আবদুস সাদেকের প্রয়াণে দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। তাঁর মৃত্যুতে বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্লাব ও ক্রীড়াপ্রেমীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অর্থ পাচার ও সুইস ব্যাংকে আমানত বৃদ্ধি, প্রশ্নের মুখে বিদায়ী অন্তর্বর্তী সরকারের নীতি

বিশেষ প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনকাল নিয়ে নানা মহলে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। অর্থনীতি, আইনশৃঙ্খলা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে জনমনে উদ্ভূত অসন্তোষের পাশাপাশি সমসাময়িক একটি আন্তর্জাতিক প্রতিবেদন দেশের আর্থিক খাতের এক উদ্বেগজনক চিত্র সামনে এনেছে।

অভিযোগ উঠছে, বিগত সরকারের মতো অন্তর্বর্তী আমলেও দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের ঘটনা ঘটেছে।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বৃদ্ধি

সম্প্রতি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ‘সুইস ন্যাশনাল ব্যাংক’ (এসএনবি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সাল শেষে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকা)। ২০২৪ সালে এই জমার পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত প্রায় ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২১ সালের পর এটিই বাংলাদেশিদের আমানত জমার সর্বোচ্চ রেকর্ড এবং গত এক দশকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

আর্থিক খাত সংশ্লিষ্ট ও গবেষকদের মতে, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের একটি অত্যন্ত ক্ষুদ্র অংশ সুইজারল্যান্ডে যায়। সিংহভাগ অর্থ পাচার হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে। সুইস ব্যাংকে আমানত বৃদ্ধির এই আনুপাতিক হার হিসাব করলে ধারণা করা যায়, বিগত এক বছরে দেশ থেকে বিপুল অঙ্কের মূলধন বাইরে চলে গেছে, যা পূর্ববর্তী সরকারের গড় বার্ষিক পাচারের আনুমানিক হিসাবকেও স্পর্শ বা অতিক্রম করেছে।

ফাঁকা বুলি ও দ্বিমুখী নীতির অভিযোগ:

ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অর্থ পাচার রোধ এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কঠোর প্রত্যয় ব্যক্ত করা হয়েছিল। তবে বাস্তবে এর কোনো দৃশ্যমান প্রতিফলন ঘটেনি বলে সমালোচকরা দাবি করছেন।

সরাসরি অভিযোগের আঙুল উঠেছে কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নরের দিকেও। শুরুতে দ্রুত অর্থ ফিরিয়ে আনার আশ্বাস দিলেও পরবর্তীতে তিনি একে দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হিসেবে অভিহিত করেন। তদুপরি, তাঁর পরিবারের সদস্যদের বিদেশে সম্পদ ক্রয়ের বিষয়ে বৈধ উপায়ে অর্থ স্থানান্তরের কোনো প্রমাণ না থাকায় তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

পাশাপাশি, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিভিন্ন অভিযোগ জমা পড়েছে। সরকারের কোনো কোনো উপদেষ্টার বিতর্কিত বিদেশ সফর এবং প্রভাবশালী ব্যক্তিদের সম্পদ রক্ষার নেপথ্য ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

নিরপেক্ষ তদন্তের দাবি

সংশ্লিষ্টদের মতে, বিদায়ী অন্তর্বর্তী সরকার অর্থ পাচার রোধে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। যথাযথ তদন্তের আগেই গণমাধ্যম ট্রায়াল এবং বেসরকারি খাতের ওপর চড়াও হওয়ার ফলে দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে প্রকৃত পাচারকারীরা আড়ালে থেকে যাওয়ার সুযোগ পেয়েছে।

দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হলে দলমত নির্বিশেষে বিগত ১৭ বছর ধরে ঘটে যাওয়া সকল অর্থ পাচারের ঘটনার নিরপেক্ষ ও কার্যকর তদন্ত প্রয়োজন। বর্তমান সরকারের প্রতি জনগণের দাবি—আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার কিংবা অন্য যেকোনো রাজনৈতিক দলের পরিচয়েই হোক না কেন, দেশের শত্রু ও অর্থ পাচারকারীদের আইনের আওতায় এনে পাচারকৃত অর্থ উদ্ধার করতে হবে।

হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর, ঘাগটিয়া ও আসাদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর ১২ টায় দুলালপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

এ সময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মানুষের সুখ-দুঃখে পাশে থাকবে।

দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন নজু প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন সরকার, সহ সভাপতি মোঃ শাহ জালাল প্রধান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া প্রধান, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ হালিম মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কৃষকদলের সভাপতি মোঃ ইয়ানুছ মিয়া প্রধান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোসলেম মিয়াসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত এ অভিযানে কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী তদারকি ও অভিযান পরিচালনার অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার দায়ে একজনকে ৩ মাস এবং অপর একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

এ সময় উপস্থিত ছিলেন- ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন, পুলিশের সদস্যবৃন্দ এবং আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: শাহীন আহমেদ শরীফ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের কিছমত মহেশপুরে ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল।

শুক্রবার (১৯ জুন) রাতে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতা শাহীন আহমেদ শরীফ।

খেলা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ চর্থা ক্রিকেট একাদশ। তারা নির্ধারিত ওভারে খাড়াতাইয়া ফ্রেন্ডস ক্লাবের সামনে ৩৩ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে খাড়াতাইয়া ফ্রেন্ডস ক্লাব নির্ধারিত লক্ষ্য পূরণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ শরীফ বলেন, “আমাদের ইউনিয়নের মহেশপুর গ্রাম একটি মাদকমুক্ত গ্রাম। এখানে খেলার উপযুক্ত মাঠ না থাকায় মফিজ উদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে মাঠের ব্যবস্থা করা হয়েছে। আমরা সবসময় তরুণদের অগ্রাধিকার দেই এবং খেলাধুলার মাধ্যমে তাদের এগিয়ে যেতে উৎসাহিত করি। যারা ভবিষ্যতে বিকেএসপিসহ বিভিন্ন পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, তাদের পাশে আমরা আছি। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “ফিফা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে মফিজ উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে প্রজেক্টর বিতরণ করা হয়েছে, যাতে তরুণরা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকে এবং মাদক থেকে দূরে থাকে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নূরে আবাদ সোহাগ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শফিউল আজম সবুজ, ৪নং আমড়াতলী ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ফরহাদ উদ্দিন আহম্মদ মামুন, ৪নং আমড়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. হামিম হোসেন সোহাগ এবং আমড়াতলী ইউনিয়ন যুবদল নেতা মো. ফাহিম মুনতাসের সুমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিছমত মহেশপুর ইয়াং স্টার ক্লাবের সভাপতি মো. ফারুক আহমেদ মোহন।

মেগা ফাইনাল উপলক্ষে স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করা হয়। পাশাপাশি চ্যাম্পিয়ন দলের হাতে বিশেষ পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেওয়া হয়।

বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ বেতার ও টেলিভিশন কর্তৃক দেশব্যাপী পরিচালিত ‘শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’-এর আওতায় এক বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ জুন) শুক্রবার বিকাল ৩ টার দিকে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. শাহ আলম। তিনি শিশু-কিশোর ও নারী উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপপ্রকল্প পরিচালক রিয়াসাত আল ওয়াসিফ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মাহবুবা ফেরদৌস।
এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ভার্চুয়ালি ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য প্রদান করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম স্বপন।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ টেলিভিশন-এর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত পরিবেশন করেন। এতে উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আগামীকাল ফাইনাল

নিজস্ব প্রতিবেদক:

তৃণমূল পর্যায় থেকে দেশের ফুটবলারদের তুলে আনার সবচেয়ে বড় আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা শনিবার অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ এর ফাইনাল খেলার ভেন্যু পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ঢাকার আর্মি স্টেডিয়ামে আগামীকাল ২০ জুন অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহদী আমিন আজ টুর্নামেন্টের ভেন্যু পরিদর্শন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় টুর্নামেন্টের আয়োজক প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সাহিনা ফেরদৌসীসহ মন্ত্রনালয় ও অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায় থেকে দেশের ফুটবলারদের তুলে আনার সবচেয়ে বড় আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর জাতীয় পর্যায়ের খেলা গত ৪ জুন থেকে মাঠে গড়াচ্ছে। ৪ জুন (বৃহস্পতিবার) সকাল ১০:০০ টায় ঢাকার মিরপুর-২ নম্বরে অবস্থিত ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

আরও জানা গেছে, টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ১৭ জুন থেকে ২০ জুন পর্যন্ত মোট ৪ দিন (খেলা শুরুর পূর্বের প্রস্তুতি ও ৩ দিনের প্রতিযোগিতা) চলে আর্মি স্টেডিয়ামে।

দেশজুড়ে বালক ও বালিকা উভয় বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের হাজারো খুদে ফুটবলারের মধ্য থেকে চূড়ান্ত পর্বে উঠে আসা দলগুলোর এই লড়াইকে ঘিরে ইতিমধ্যেই ক্রীড়ামোদী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, এই টুর্নামেন্টে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে প্রায় চল্লিশ লক্ষ শিক্ষার্থী (বালক – বালিকা) অংশগ্রহণ করে। বিশ্বের সর্ব বৃহৎ শিক্ষার্থীদের টুর্নামেন্টটির ফাইনাল খেলার মাধ্যমে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমাপ্তি ঘটবে কাল।

কুবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে আহবায়ক ও ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল বাশারকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া আতিকুর রহমান, মো. সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশ্রাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম ও মো. সাইদুল ইসলাম শাওনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।