All posts by jitu

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জালানো সেইলর

স্টাফ রিপোর্টার:

সারা দেশের গ্রাহকদের সাথে নিয়ে জনপ্রিয় ফ্যাশন এন্ড লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর নতুন বছর ২০২৫ উদযাপন করেছে তার প্রতিটি আউটলেটে। বাংলাদেশজুড়ে ২১টি আউটলেটের প্রতিটিতে একযোগে কেক কেটে গ্রাহকদের সঙ্গে এই বিশেষ দিনটি পালন করেছে তারা। এ অনুষ্ঠানে গ্রাহকদের সাথে নতুন বছরের আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছিলেন সেইলরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

নতুন বছরের শুরুতে সেইলর তার গ্রাহকদের নতুন ডিজাইন, উন্নতমানের ফেব্রিক এবং আধুনিক স্টাইল এর আউটফিট দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সেইসঙ্গে কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ, আনন্দদায়ক এবং স্মরণীয় করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার অঙ্গীকার করেছে ব্র্যান্ডটি।
গত বছর সেইলর “বেস্ট রিটেলার অ্যাওয়ার্ড” অর্জন করে ফ্যাশন খাতে তাদের দক্ষতা ও সেবার মানের স্বীকৃতি পেয়েছে। সেই ধারাবাহিকতায়, ব্র্যান্ডটি আগামী দিনগুলোতে আরও নতুনত্ব এবং উদ্ভাবন নিয়ে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

নতুন বছর উদযাপনে ঢাকা ও ঢাকার বাইরে সেইলরের প্রতিটি আউটলেটে উপস্থিত গ্রাহকরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ব্র্যান্ডের প্রতি তাদের আস্থা ও ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করেছেন।

২০২৫-এ সেইলর সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানায় এবং সকলের জন্য একটি আনন্দময় ও সমৃদ্ধ বছর কামনা করে।
উল্লেখ্য , বাংলাদেশের অন্যতম শীর্ষ ফ্যাশন ব্রান্ড সেইলর তার যাত্রা শুরু করে ২০১৫ সাল থেকে। বর্তমানে সারাদেশে তাদের ২১ টি আউটলেট রয়েছে।

পোমগাঁও উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপনের অংশগ্রহনের সময় বাড়ল

স্টাফ রিপোর্টার:

পোমগাঁও উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপনের অংশগ্রহণের জন্য আগ্রহীদের রেজিস্ট্রেশনের সময় আরও বাড়ানো হয়েছে।

০২ জানুয়ারি দুপুর ১২টা থেকে আগামী ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

পোমগাঁও উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ এর আহ্বায়ক ড. এ কে এম জাহাঙ্গীর (০২ জানুয়ারি ২০২৫) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের ওপর তেমন প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভ্যাট (মূল্য সংযোজন কর) বাড়লেও পণ্যের দামের ওপর তেমন প্রভাব পড়বে না।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এতে ৪৩টি পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে এবং কিছু ক্ষেত্রে নতুন ভ্যাট আরোপ করা হয়েছে। তবে এর ফলে দ্রব্যমূল্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এতে জিনিসপত্রের দামের ওপর তেমন প্রভাব পড়বে না। অত্যাবশ্যকীয় পণ্যের শুল্ক প্রায় শূন্য করে দেওয়া হয়েছে। চাল, ডাল ইত্যাদি যেগুলো মূল্যস্ফীতির প্রধান ইন্ডিকেটর, সেগুলোর ওপর ছাড় দেওয়া হয়েছে। ফলে এসব ক্ষেত্রে প্রভাব কমই পড়বে।”

তিনি আরও বলেন, “তিন তারকার ওপরের রেস্টুরেন্টগুলোতে ভ্যাট বাড়ানো হয়েছে, তবে সাধারণ রেস্টুরেন্ট বা ভাতের হোটেলগুলো এর আওতায় আসবে না। এছাড়া যেসব ব্যবসার টার্নওভার ৫০ লাখ টাকার ওপরে, তাদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে।”

বিমানভাড়ার ক্ষেত্রে ভ্যাট বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, “অভ্যন্তরীণ বিমানের ভাড়ায় ২০০ টাকা বাড়ানো হয়েছে। যারা বিমানে ভ্রমণ করেন, তাদের জন্য এটি বড় কোনো বোঝা হবে না।”

অর্থ উপদেষ্টা জানান, “বাংলাদেশে ট্যাক্সের হার এখনও অনেক কম। অত্যাবশ্যকীয় পণ্যে শুল্ক প্রায় শূন্য করা হয়েছে। তবে রাজস্ব বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। ধার করে অর্থনীতি চালানো দীর্ঘমেয়াদে সম্ভব নয়।”

আইএমএফের পরামর্শে ভ্যাট বাড়ানো হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “না, সবদিক বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

শিক্ষা, স্বাস্থ্য ও আইটি খাতে বরাদ্দ বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা এসব ক্ষেত্রে ব্যয় কমাবো না, বরং বৃদ্ধি করবো। তবে রাজস্ব আয় বাড়ানোও প্রয়োজন।”

অর্থনীতির ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, “অর্থনীতি এখন বেশ শক্তিশালী হয়েছে। তবে স্থিতিশীলতা ধরে রাখা জরুরি। ব্যাংক খাতে কিছু শৃঙ্খলা ফিরেছে এবং দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে।”

সাধারণ মানুষের স্বস্তি প্রসঙ্গে তিনি বলেন, “জনগণের স্বস্তি না পাওয়ার কোনো কারণ নেই।”

শুধুমাত্র ব্যক্তিস্বার্থ নয়

শুধুমাত্র ব্যক্তিস্বার্থ নয়, জনস্বার্থে ব্যবসা করার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ব্যবসায়ীদের শুধুমাত্র ব্যক্তিস্বার্থ নয়, জনস্বার্থে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষে সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশের সংকটপূর্ণ খাতগুলোতে সামাজিক ব্যবসা গড়ে তুললে অনেক সমস্যা সমাধান করা সম্ভব। এ জন্য দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

প্রধান উপদেষ্টা আরও বলেন, সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব। আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে এই দায়িত্ব মনে করিয়ে দেওয়া, যেন কেউ এই দায়িত্ব ভুলে না যায় বা দূরে সরে না যায়। এ কারণেই এ দিবসটি উদযাপন করা হচ্ছে, যেন দেশের সকল নাগরিককে এই দায়িত্বের কথা স্মরণ করানো যায়। তিনি আশা প্রকাশ করেন, তার এই আহ্বান সবার কাছে পৌঁছাবে।

তিনি আরও বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই অন্যের স্বার্থে কাজ করার ইচ্ছা রয়েছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কাজ করার চেয়ে অন্যের কল্যাণে কাজ করায় বেশি আনন্দ পাওয়া যায়। তাই তিনি দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারের শক্তির চেয়েও মানুষের শক্তি বেশি। তাই দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

এর আগে, ওয়াকিং ম্যারাথনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

ট্রাম্পকে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের

ট্রাম্পকে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের কড়া হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট:

নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক প্রধান কাশেম সোলাইমানির পঞ্চম মৃত্যুবার্ষিকীর প্রেক্ষিতে তারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলাইমানি। এই হামলার নির্দেশ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কুদস ফোর্সের ডেপুটি কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ট্রাম্প সন্ত্রাসবাদী কার্যক্রমের জন্য সবচেয়ে বড় অবদান রেখেছেন এবং তাকে এর মূল্য দিতে হবে।

এ ছাড়া আইআরজিসির ডেপুটি কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদরেজা নাকদি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, ইরানের আরেক ব্রিগেডিয়ার জেনারেল আসগর আরবপুর ট্রাম্পকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনার দাবি করেছেন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তার প্রথম মেয়াদেই তিনি ইরানবিরোধী নীতি গ্রহণ করেছিলেন। এবার দ্বিতীয় মেয়াদে সেই বিরোধিতা কোন স্তরে পৌঁছায়, তা দেখার বিষয়।

কুমিল্লায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

 

স্টাফ রিপোর্টার:

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে কুমিল্লায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।

১ জানুয়ারি বুধবার সকালে এ উপলক্ষ্যে কুমিল্লা নগরীর টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এর আগে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রসিদ ইয়াসিন, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, মহানগর জামায়াতের আমির দীন মোহাম্মদ, কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সদস্য সচিব রুবেল হোসাইনসহ অনেকে।

নগরীর টাউন হল থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে কুমিল্লার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। র‍্যালি শেষে স্টেশন ক্লাবে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন এবং বাণিজ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

কুমিল্লায় মাসব্যাপি

কুমিল্লায় মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

কুমিল্লায় মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা স্টেশন ক্লাবে মাসব্যাপী বাণিজ্য ও তারুণ্যের মেলার উদ্বোধন করা হয়।

বুধবার বেলা ১১টায় কুমিল্লা স্টেশন ক্লাবে বেলুন উড়িয়ে র‍্যালির মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াসিন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, ইউসুফ মোল্লা টিপুসহ নেতৃবৃন্দ

মেলায় অংশগ্রহণকারী ১২০টিরও বেশি স্টলে স্থান পেয়েছে কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত খাদি, বাটিক, কারু ও মৃতশিল্পসহ দেশী-বিদেশি নানা পণ্য। দীর্ঘ চার বছর পর এই মেলায় অংশগ্রহণ করতে পেরে বিক্রেতারা যেমন খুশি তেমনি মেলায় বাহারি পণ্যের সমাহার দেখে খুশি ক্রেতারাও।

এসময় কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ যে কর্মসূচি নেয়া হয়েছে সে কর্মসূচির অংশ হিসেবে আজকে কুমিল্লায় মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় দেশীয় এবং কারু পণ্যের সমাহার  রয়েছে।

প্রতিদিন সকালে শহীদ জিয়ার নাম নিলে

প্রতিদিন সকালে শহীদ জিয়ার নাম নিলে বেহেশত নিশ্চিত: চৌদ্দগ্রামে বিএনপি নেতা কামরুল হুদা

 

স্টাফ রিপোর্টার :

প্রতিদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত বলে দাবী করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি কামরুল হুদা।

বুধবার (পহেলা জানুয়ারী) কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা ও পৌরসভা ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

বক্তব্যে কামরুল হুদাকে আরও বলতে শোনা যায়, জামায়াত বেহেশতের সার্টিফিকেট দেয়। প্রতি পাড়ায় পাড়ায় কিছু হুজুর আছে আয়োজন করে বেহেশতের সার্টিফিকেট দেয়। এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বেহেশতের সার্টিফিকেট দাতাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শহীদ জিয়াউর রহমান দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন। তিনি দেশের সাথে প্রতারণা করেন নাই।

এদিকে অনুষ্ঠানে চলাকালে স্থানীয় চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহে মসজিদের মাইকে যোহরের সালাতের আযান প্রদানে নিষেধ করা হয় দলটির পক্ষ থেকে। এ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। মাইকে আজান প্রদানে নিষেধের বিষয়টি স্বীকার করেন মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘আমি এমন বক্তব্য এখনো শুনিনি, ভিডিওটি দেখতে হবে।

চৌদ্দগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দ সংঘের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চৌদ্দগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দ সংঘের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দ সংঘের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে পহেলা জানুয়ারি বুধবার বিকেলে চিওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল আমীন রাসেল। বিশেষ অতিথি ছিলেন আনন্দ সংঘের উপদেষ্টা প্রফেসর আব্দুল কাইয়ুম, আনন্দ সংঘের কেন্দ্রীয় সমন্বয়ক সাংবাদিক এমদাদুল হক, কেন্দ্রীয় সমন্বয়ক পলাশ খান, কেন্দ্রীয় সদস্য মোঃ মনিরুজ্জামান। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার আরিফুল আলম মজুমদার, সমাজ সেবক কাজী বাদল। আনন্দ সংঘের সদস্য জহির খাঁনের সভাপতিত্বে ও সদস্য হোসাইন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে কবুতর উড়ানো, পতাকা উত্তোলন ও আলোচনা সভায় চিওড়া ইউনিয়নের প্রত্যেক গ্রামের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘সত্য ও সুন্দরের পক্ষে আমরা’-এ স্লোগান ধারণ করে ২০১৫ সালের পহেলা জানুয়ারি আনন্দ সংঘ প্রতিষ্ঠিত হয়। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সোনালি আঁশে সুদিন ফেরানোর চেষ্টা

 

ডেস্ক রিপোর্ট:

–অর্থনীতি ও কর্মসংস্থানের স্বার্থে কাগজ ইস্পাতসহ সব রুগ্ন কারখানাকে উৎপাদনে ফেরাতে হবে।

সোনালি আঁশের সোনালি দিন ফেরাতে বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য পাটশিল্পের বকেয়া ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে পলিথিনের বিকল্প ব্যবস্থা হিসেবে পাটপণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। পরিবেশ রক্ষায় পর্যায়ক্রমে পলিথিনের ব্যবহার শূন্যে নামানোর পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। তবে পাটের পাশাপাশি অন্য শিল্প খাত যেমন কাগজশিল্প ও সিমেন্ট খাতের যেসব কারখানা বন্ধ হয়ে গেছে সেগুলো পুনরায় চালু করার জন্যও সরকারি ও ব্যাংকিং-সংক্রান্ত সহায়তা জরুরি বলে মনে করেন শিল্পসংশ্লিষ্টরা। অন্যথায় সামষ্টিক অর্থনীতির চাকা সচল রাখা দুরূহ হয়ে পড়বে। এদিকে বিশ্বে পাটের চাহিদা বাড়ায় ২০২০-২১ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে রেকর্ড ১ দশমিক ১৬ বিলিয়ন ডলার আয় করে বাংলাদেশ। দেশবিদেশে পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধি পায়। সোনালি আঁশে আবার সোনালি দিন ফেরার স্বপ্ন দেখছেন কৃষক। শীতপ্রধান দেশগুলোয় প্রায় ৫০ ধরনের পাটের কাপড় রপ্তানি হয়। জানা গেছে, নানা প্রতিবন্ধকতার কারণে গত কয়েক বছরে শত শত পাটকল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে ডলারের দাম বৃদ্ধি ও অর্থনৈতিক অচলাবস্থার কারণে দেশের কাগজ, সিমেন্ট ও ইস্পাতশিল্পেও নেমে এসেছে মন্দা পরিস্থিতি। ডলারের দাম ৮০ থেকে ১২২ টাকায় উঠে যাওয়ায় এসব শিল্পের কাঁচামাল আমদানির খরচ বেড়ে গেছে। এ ছাড়া বেড়েছে উৎপাদন খরচও। অথচ দেশের আর্থসামাজিক অবস্থার অবনতির কারণে নির্মাণ খাতে এসব পণ্যের চাহিদা কমেছে; যার ফলে এসব শিল্পের বহু কারখানা রুগ্ন হয়ে বন্ধ হয়ে গেছে। অনেক শিল্পমালিক ব্যাংক ঋণের কিস্তি নিয়মিতভাবে পরিশোধ করতে না পারায় খেলাপি হয়ে গেছেন। এমনকি কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছেন অনেকেই। ফলে অর্থনীতি ও কর্মসংস্থানের গতি স্বাভাবিক রাখতে এসব রুগ্ন শিল্প আবারও চালু করার কোনো বিকল্প নেই বলে মনে করেন শিল্পোদ্যোক্তারা। জানা গেছে, বাংলাদেশ ব্যাংক থেকে ১৪ নভেম্বর এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। যার মাধ্যমে পাট খাতের বকেয়া (অনিয়মিত) ব্যাংক ঋণ ব্লক হিসেবে স্থানান্তর করে ১০ বছরের পরিশোধ সুবিধা দিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ন্যূনতম দেড় শতাংশ ডাউন পেমেন্ট আদায় নিশ্চিত করতেও বলা হয়েছে। পাশাপাশি এক বছরের জায়গায় গ্রেস পিরিয়ড দুই বছর করা হয়েছে। এসব সুবিধা নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। এর আগে চলতি বছরের ৪ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে আরেকটি আদেশ জারি করে।

অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পাট খাতে গত বছরের জুন পর্যন্ত ঋণ আদায়ের সুদ ও আসল পৃথক ব্লক হিসেবে স্থানান্তর করতে বলা হয়েছে। এসব ঋণ পরিশোধে ১০ বছর সুবিধা পাবে। তবে ঋণ পরিশোধ পুনর্নির্ধারণের ক্ষেত্রে গ্রেড পিরিয়ড এক থেকে দুই বছরে উন্নীত করা হয়েছে। এ ছাড়া ঋণ ব্লক সুবিধা দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম ১ দশমিক ৫ শতাংশ ডাউন পেমেন্ট আদায় নিশ্চিত করতে হবে। প্রজ্ঞাপন অনুযায়ী ব্যবস্থা নিতেও শুরু করেছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

জানা গেছে, পাটপণ্যের রপ্তানি বাড়াতে নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ খাতের নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়িয়ে দেশি ও আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের বিপণন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য ৩১ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এদিকে সিমেন্ট শিল্পের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের ৫ আগস্টের পর ইউনিয়ন থেকে শুরু করে সিটি করপোরেশন, কিংবা বড় বড় স্থাপনার কাজ বন্ধ রয়েছে। ফলে যেখানে বছরে শিল্পের প্রবৃদ্ধি ছিল ১০-১২ শতাংশ, সেখানে গত চার মাসে ৪-৫ শতাংশে নেমে এসেছে।

বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ)-এর তথ্যমতে, দেশে ৩০টি বড় কোম্পানি রয়েছে। এসব কোম্পানির ৪০টি কারখানা রয়েছে। চলতি বছর কারখানাগুলো ৪ কোটি টন সিমেন্ট উৎপাদন করেছে। বিপরীতে এ সময়ে চাহিদা ছিল ৩ কোটি ১১ লাখ টন। এক বছর আগে অর্থাৎ ২০২৩ সালে কোম্পানিগুলোতে সিমেন্ট উৎপাদিত হয়েছিল ৩ কোটি ৮৫ লাখ টন; গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত একই সময়ে হয়েছে ৩ কোটি ১৮ লাখ টন। অর্থাৎ ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালের একই সময়ে সিমেন্ট বিক্রি কমেছে ২ দশমিক ৫০ শতাংশ। তবে কোম্পানিগুলোর পরিসংখ্যানমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৪২ টন সিমেন্ট বিক্রি হয়েছে; যা ২০২৩ সালে ছিল ৩ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৫১৬ টন। অর্থাৎ প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে সিমেন্ট বিক্রি। ২০২২ সালে ছিল ৩ কোটি ৮৫ লাখ ৯৩ হাজার ৭৭১ টন এবং ২০২১ সালে ছিল ৩ কোটি ৯১ লাখ ৭৬ হাজার ৪৩৮ টন। প্রায় একই অবস্থা বিরাজ করছে ইস্পাতশিল্পের ক্ষেত্রেও। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ) সূত্র বলছেন, বাংলাদেশে ইস্পাতের কাঁচামালের যে চাহিদা, তার ২০ থেকে ৩০ শতাংশ অভ্যন্তরীণ উৎস থেকে পাওয়া যায়। বাকি চাহিদা মেটানোর জন্য ৭০ থেকে ৮০ শতাংশ আমদানি করতে হয়। আর এ আমদানির উৎস ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মধ্যপ্রাচ্যের কিছু দেশ। তবে ডলারের অব্যাহত দর বৃদ্ধি ও চীনের বাজার অস্থিতিশীলতার ধারাবাহিকতায় এখন এসব দেশ থেকেও বাড়তি দামে পণ্য আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। এতে বেড়েছে উৎপাদন খরচ। অথচ সারা দেশে নির্মাণকাজ প্রায় বন্ধ থাকায় বিক্রি অর্ধেকে নেমেছে; যার ফলে অনেক শিল্পোদ্যোক্তাই ব্যাংক ঋণের সুদ পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। অনেকে কারখানা টিকিয়ে রেখেছেন কোনোরকমে। এ খাতের উদ্যোক্তারা বলছেন, স্বল্পমেয়াদি ঋণ দীর্ঘমেয়াদি ঋণে রূপান্তর করা জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে কোম্পানির ক্রয়ক্ষমতা বাড়াতে ঋণপত্রের সুবিধা ৫০ শতাংশ বৃদ্ধি করার পাশাপাশি এ শিল্পের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকারি নীতিসহায়তা উচিত বলে তারা মনে করেন।