Tag Archives: কুবি

মুজাহিদ-লাবিবের নেতৃত্বে কুবির আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি

 

চাঁদনী আক্তার,কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের অঙ্গ সংগঠন আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির পঞ্চম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোফাজ্জল হোসাইন মুজাহিদ ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০২০-২১ শিক্ষাবর্ষের মোহাম্মদ লাবিব নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০১ নং কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষ হলে ফলাফল বেলা ২টায় প্রকাশ করা করা হয়।

এছাড়াও কমিটিতে অনান্য পদে যুগ্ম সাধারণ সম্পাদক নাবিল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ ফেরদৌস জিদনী , কোষাধ্যক্ষ পদে ইউনুস সুজন হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাসরিন জাহান নীলা, আইটি সম্পাদক জুবায়ের হাসান রাফাত, ক্রীড়া সম্পাদক এনামুল হক শোয়াইব শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক আসমা আক্তার স্বর্না, ভাষা সম্পাদক মোহাম্মদ আরিফ ইসলাম, বিতর্ক সম্পাদক সূচনা সূচী এবং কার্যনির্বাহী পদে আফরিন অথৈ, লামিয়া আক্তার, আশিক ইসলাম, পার্থ মন্ডল ও আরাফাত ইসলাম নির্বাচিত হয়েছেন।

জানা যায়, ১৬টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিতর্ক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। কার্যনির্বাহী সদস্য পদে ৫টি আসনের বিপরীতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি প্রতিটি পদে দুইজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও বিভাগের সহকারী অধ্যাপক মোতাসিম বিল্লাহ্ বলেন,
“শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করি, নবনির্বাচিত কমিটি বিভাগের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।”

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় চেয়ারম্যান সোহরাব উদ্দিন বলেন,
“আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নির্বাচন অত্যন্ত সুশৃঙ্খল, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ সত্যিই প্রশংসার দাবিদার। একটি বিভাগের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি আশা করি, নবনির্বাচিত কমিটি পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও সৃজনশীলতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং বিভাগের মর্যাদা সমুন্নত রাখবে।”

নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মোফাজ্জল হোসেন মুজাহিদ বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য বিভাগের সকল শিক্ষক ও প্রিয় সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটিকে আরও গতিশীল, সৃজনশীল ও কার্যকর সংগঠনে রূপান্তর করা সম্ভব। বিভাগের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমকে সমৃদ্ধ করতে আমি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করে যাবো। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

নৈশপ্রহরী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো কুবি শাখা ছাত্রদল

 

চাঁদনী আক্তার, কুবি :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে নৈশপ্রহরী ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কর্তব্যরত নৈশপ্রহরী ও শীতার্ত কর্মচারীদের মাঝে এ কম্বল বিতরণ করেন তারা।

ক্যাম্পাসে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক দায়িত্ববোধ থেকে ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন কুবি ছাত্রদলের নেতারা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম শাওন বলেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আমরা কুবি ক্যাম্পাসে নৈশপ্রহরী ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। এই কনকনে শীতে নৈশপ্রহরীরা সারারাত নিরবচ্ছিন্নভাবে আমাদের নিরাপত্তায় নিয়োজিত থাকেন। তাদের এই দায়িত্বশীল ভূমিকার প্রতি সম্মান জানাতেই ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র মানবিক প্রয়াস। ভবিষ্যতেও ছাত্রদল সবসময় অসহায় ও সাধারণ মানুষের পাশে থাকবে।”

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে কুবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

 

চাঁদনী আক্তার , কুবি :
মানবতা-বিরোধী অপরাধের মামলায় জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীরা আনন্দ মিছিল, শুকরানা সিজদাহ্ ও মিষ্টি বিতরণ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন তারা। এসময় শিক্ষার্থীরা “খুনি হাসিনার ফাসিতে, মিষ্টি খাব একসাথে” খুনি হাসিনা আসবে, ফাঁসির দাড়িতে ঝুলবে” নারায়ে তাকবির, আল্লাহু আকবর” সহ বিভিন্ন স্লোগান দেন।

এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানান, এই রায় ‘ঐতিহাসিক বিজয়’। তাদের ভাষায়, “ফ্যাসিস্টদের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আদালত। তাদের সহযোগীদেরও দ্রুত ফাঁসি দিতে হবে।”

ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী সায়েম মোহাইমিন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করেছি। আজকের রায় আমাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। দোষীদের শাস্তি পাওয়া মানে জাতিকে কলঙ্কমুক্ত করা।”

কুবিতে গাঁজাসহ বহিরাগত ৭ জন আটক

 

চাঁদনী আক্তার , কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) অভিযান চালিয়ে গাঁজাসহ বহিরাগত সাতজনকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের লালন চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা সবাই কিশোর। তারা কুমিল্লা ময়নামতি কারিগরি স্কুল ও কলেজ এবং শালবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

আটকের বিষয়ে অন্তবর্তীকালীন ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাহিদা বেগম বলেন, প্রক্টরিয়াল টিমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে আমরা মাদকসহ এই সাতজনকে আটক করেছি। আমরা যাদের আটক করেছি তাদের ভাষ্যমতে সবার বয়স ১৮ বছরের কম। ভবিষ্যতে যাতে তারা বড় কোন অপরাধ না করে সেজন্য আমরা মুচলেকা নিয়ে তাদেরকে অভিভাবকদের হাতে হস্তান্তর করি।

পরে জব্দকৃত মাদক বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

দীর্ঘ ৭ বছর পর মাস্টার্সে ভর্তির অনুমতি পেলেন

দীর্ঘ ৭ বছর পর মাস্টার্সে ভর্তির অনুমতি পেলেন কুবি ছাত্রদল নেতা

দীর্ঘ ৭ বছর পর মাস্টার্সে ভর্তির অনুমতি পেলেন কুবি ছাত্রদল নেতা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সপ্তম ব্যাচের শিক্ষার্থী মো. আবুল বাশার ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে ছাত্রলীগের হাতে শারীরিক নির্যাতনের শিকার হন। তার অভিযোগ, এই নির্যাতনের কারণে তিনি মাস্টার্সে ভর্তি হতে পারেননি। দীর্ঘ ৭ বছর শিক্ষাজীবন বন্ধ থাকার পর অবশেষে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনুমতি পেয়েছেন।

আবুল বাশার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় তার ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবুল বাশার নৃবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের সঙ্গে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য বিভাগীয় প্রধান বরাবর আবেদন করেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ৮২তম একাডেমিক কাউন্সিলে সুপারিশ করা হলে, ১০১তম সিন্ডিকেট সভায় শর্ত সাপেক্ষে তার ভর্তির অনুমোদন দেওয়া হয়। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, আবুল বাশারকে নৃবিজ্ঞান বিভাগের মাধ্যমে মৌখিক বা লিখিত পরীক্ষার মাধ্যমে মাস্টার্সে ভর্তির সুপারিশ করা হয়েছে।

আবুল বাশার তার ভর্তির আবেদনপত্রে অভিযোগ করেছেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে যুক্ত থাকার কারণে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি। ২০১৬ সালে একাধিকবার তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়, যার ফলে তার মাথা ফেটে যায় এবং হাত ও পায়ের আঙুল ভেঙে যায়। এমনকি তাকে গুম করারও চেষ্টা করা হয়েছিল। নিরাপত্তাহীনতা ও হুমকির কারণে তিনি মাস্টার্সে ভর্তি হতে পারেননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার কোনো মন্তব্য করতে রাজি হননি।

কুবি রোভার স্কাউট গ্রুপের

কুবি রোভার স্কাউট গ্রুপের বর্ষসেরা রোভার নূরে আলম-রোম্মানা

কুবি রোভার স্কাউট গ্রুপের বর্ষসেরা রোভার নূরে আলম-রোম্মানা

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট ইউনিটের বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা ক্যাম্পের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

গার্ল-ইন রোভারমেট শারমিন মেঘলা ও গার্ল-ইন রোভার রুবাইয়াত তাজবিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ইউনিট লিডার এবং লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জিয়া উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় গার্ল-ইন ইউনিট লিডার ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, কুমিল্লা রোভারের সহ-সভাপতি মাশুক আলতাফ চৌধুরী, কুমিল্লা জেলা রোভার সম্পাদক মাইনুদ্দীন খন্দকার, ডিআরএসএল রিমনসহ বিভিন্ন গ্রুপের গ্রুপ সম্পাদকেরা।

এতে বর্ষসেরা রোভার নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৫ তম আবর্তনের ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষার্থী নূরে আলম এবং রোম্মানা হোসেন।

এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় গার্ল-ইন ইউনিট লিডার ড. জান্নাতুল ফেরদৌস বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট বাহিরের বিভিন্ন কাজে যুক্ত থাকে। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে রোভারদের নিরাপত্তার বিষয়টা দেখার অনুরোধ করবো৷

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ইউনিট লিডার জিয়া উদ্দিন বলেন, রোভার স্কাউট হলো একটি আন্দোলন। সে আন্দোলন হলো সমাজ পরিবর্তনের আন্দোলন, সে আন্দোলন হচ্ছে আমার যে প্রতিষ্ঠান আছে সেটি পরিবর্তনের আন্দোলন। আমাদের দেশ পরিবর্তনের আন্দোলন। এবং সে পরিবর্তনটা হতে হবে অবশ্যই গঠনমূলক পরিবর্তন। এই গঠনমূলক পরিবর্তনের মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। এবং প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে। এবং রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য আছে সেগুলো পালন করবে।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, দেশের বিভিন্ন ক্রান্তিকালে আমরা রোভার স্কাউটের যোগ্য নেতৃত্বকে অনুধাবন করেছি। বিশেষ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটকে বিভিন্ন দিবস, ভর্তি পরীক্ষাসহ নানা কার্যক্রমে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা দেখেছি। নিজেদের কাঙ্ক্ষিতমান আপনারা ধরে রেখেছেন। আমি এখানে এসে বুঝতে পেরেছি মহান আল্লাহর উপর বিশ্বাস রেখে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানবসেবায় নিয়োজিত রাখার জন্য দক্ষতা অর্জন করা, জ্ঞান অর্জন করা, প্রজ্ঞা অর্জন করার মাধ্যমে আত্মগঠনে নিজেকে আরও পরিশীলিত করার জন্য একটি স্ট্রাকচার্ড মাধ্যম হলো রোভার স্কাউট। আপনারা এর মাধ্যমে আত্মগঠনের পাশাপাশি জাতির প্রয়োজনে নিজেকে নিয়োজিত করারও একটি শপথ গ্রহণ করেন।

এসময় তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট হাঁটি হাঁটি পা পা করে আজ দশ বছরে পদার্পণ করার মাধ্যমে অনেক বেশি উজ্জীবিত। এর মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে, ক্যাম্পাসের অপসংস্কৃতি, অপরাজনীতি দূর করার জন্য রোভার স্কাউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

ছাত্রলীগের অস্ত্রধারীদের ধরিয়ে দিলে

ছাত্রলীগের অস্ত্রধারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা কুবি সমন্বয়কের

ছাত্রলীগের অস্ত্রধারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা কুবি সমন্বয়কের

চাঁদনী আক্তার,কুবি:

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু মুহাম্মদ রায়হান। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘোষণা দিয়েছেন তিনি।

তিনি ফেসবুকে পোস্টে উল্লেখ করেন, ‘নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারীদের পুলিশে সোপর্দ করলে এক লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।’ ওই পোস্টের নিচে এক মন্তব্যে তিনি লিখেন, ‘এ ঘোষণা শুধু কুমিল্লা অঞ্চলের জন্য। আটক ব্যক্তি অবশ্যই অস্ত্রধারী, অস্ত্র বহনকারী, অস্ত্র সরবরাহকারী ও সংরক্ষণকারী হতে হবে। নামমাত্র পদধারী কোনো ব্যক্তিকে আটকের জন্য এই পুরস্কার প্রযোজ্য হবে না।’

এ ঘোষণার বিষয়ে আবু রায়হান জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রলীগের অস্ত্রধারীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এখনো তাদের কাছে প্রচুর পরিমানে অবৈধ অস্ত্র রয়েছে। যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরুপ। অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে এই ঘোষণা দিয়েছেন বলে জানান তিনি।

পুরষ্কারের অর্থ কোথা থেকে আসবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীরাই বিস্কুটের বাক্সে করে নিজেদের মধ্যে চাঁদা তুলে আন্দোলন করেছি। এখনো আমরা নিজেরাই এই পুরস্কারের অর্থ দেব একইভাবে। আমরা অন্য কারও কাছ থেকে অর্থ দিয়ে এই পুরস্কার দেব না।’

সদস্য সংগ্রহ করছে কুবি

সদস্য সংগ্রহ করছে কুবি রোভার স্কাউট গ্রুপ

সদস্য সংগ্রহ করছে কুবি রোভার স্কাউট গ্রুপ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সহচর স্তরের সদস্য সংগ্রহ করছে কুবি রোভার স্কাউট গ্রুপ। এতে স্নাতক অধ্যয়নরত ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ভর্তি ফরম বিতরণ ও জমা দেয়া যাবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার এই চারদিন যাবৎ রেজিষ্ট্রেশন বুথে সকাল ১০টা থেকে দুপুর ১:৩০ মিনিট এবং দুপুর ১:৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত দু’টি শিফটে কাজ করবে রোভার সদস্যরা।

এ বিষয় সিনিয়র রোভারমেট তোফাজ্জল হোসেন বলেন, নেতৃত্ব বিকাশে রোভার স্কাউটের ভূমিকা অপরিসীম। কেননা স্কাউটিং কর্মকাণ্ড নতুন প্রজন্মকে আধুনিক, গতিশীল ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তোলাসহ সমাজকে এগিয়ে নিতে বিশেষভাবে সহায়তা করে। রোভারিং লেখাপড়ার পাশাপাশি দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে সুনাগরিক হতে শেখায়। রোভাররা দলগতভাবে হাতে কলমে কাজ করে। যা তাদের সম্পূর্ণ স্বাবলম্বী ও সাহসী করে তোলে। অন্যদিকে স্কাউটের মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ, যার স্বাদ নিতে হলে অবশ্যই যোগদান করতে হবে এই আন্দোলনে।

গার্ল-ইন সিনিয়র রোভারমেট নাছরিন আক্তার বলেন, প্রতিবছরের ন্যায় এইবারও আমরা সহচর সদস্য সংগ্রহ শুরু করেছি। ৯ থেকে ১২ তারিখ পর্যন্ত চার দিনব্যাপী আমাদের এই কার্যক্রম চলবে। রোভার স্কাউট হচ্ছে একটা অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন। এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম ছাড়াও যেকোন দুর্যোগকালীন সময়ে রোভার স্কাউটরা সবসময় মানুষকে সেবা দিয়ে থাকে। তাই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করতে রোভার স্কাউটের সাথে অংশগ্রহণ করতে সকলকে আহ্বান জানাচ্ছি।

কুবি শিক্ষক সমিতির সভাপতি তাহের, সম্পাদক মেহেদি

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের প্যানেল নীল দল। শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির ১৫টি পদেই জয় পেয়েছে দলটির সদস্যরা।

এতে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. মো. আবু তাহের। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদি হাসান। তিনি অপর প্রতিদ্বন্দ্বী লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জিয়া উদ্দিনকে ৮৯ ভোটে পরাজিত করেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলে দুপুর দেড়টা পর্যন্ত। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. রেজাউল করিম। এতে শিক্ষকদের ২৬৬ জন ভোটারের মধ্যে ১৭৪ জন ভোট দিয়েছেন। এরমধ্যে তিনটি ভোট বাতিল করা হয়েছে।

শিক্ষক সমিতি-২০২৪ এর অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন (সহ সভাপতি) ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার (সহ সভাপতি), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান (যুগ্ম সাধারণ সম্পাদক), প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান (কোষাধ্যক্ষ), লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস (সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক) এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান ( প্রচার ও প্রকাশনা সম্পাদক)।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, অর্থনীতি বিভাগ অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, অর্থনীতি বিভাগ সহকারী অধ্যাপক স্বর্ণা মজুমদার ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান।

কুবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে বুদ্ধিজীবী দিবস পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘প্রথমেই শহীদ বুদ্ধিজীবীদের ও মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানায়। ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর যখন পাকিস্তান হানাদার বাহিনীরা আত্মসমর্পণের দ্বারপ্রান্তে তখন হানাদার বাহিনীরা নীল নকশা তৈরি করে সিদ্ধান্ত নেয় বাঙালি যেন কখনোই মাথা তুলে দাঁড়াতে না পরে। তাই তো তারা এই নৃশংস হত্যাকাণ্ড চালায় বাঙালি বুদ্ধিজীবীদের উপর। ফলে এখনো আমাদের বুদ্ধিবৃত্তিক জায়গা অসম্পূর্ণ রয়ে গেছে। বঙ্গবন্ধু বিরোধীদলের নেতার প্রতি শ্রদ্ধা জানাতেন, তবে আজ আমরা এই শ্রদ্ধা জানাতে পারছি না, আমরা পক্ষাবলম্বন করছি। আমরা চিত্তবান না হয়ে বিত্তবান হতে চাই। বিত্তের চেয়ে চিত্তের সুখ বেশি। আমরা বঙ্গবন্ধু ও শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে উজ্জীবিত হতে পারলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো।’

উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আগে যেমন বুদ্ধিজীবীরা ছিল এখনো আছে। তবে তাঁরা ছিলেন নীতিবান, প্রকৃত দেশপ্রেমিক আর এখন আমরা বৃত্তের দিকে ধাবিত হচ্ছি। বঙ্গবন্ধু বুদ্ধিজীবীদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা জানাতেন ঠিক তেমন তাঁর কন্যাও। বুদ্ধিজীবীদের সাথে ছাত্রদের ছিল গভীর সম্পর্ক। এখন বুদ্ধিজীবীরা তাদের জায়গা হারিয়ে ফেলছে। আমরা প্রগতির দিকে হাটবো, প্রকৃত দেশপ্রেমিক হবো, থাকবে না কোনে পিছুটান। যদি এই কাজ করতে পারি তাহলে বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। আমাদের নৈতিকতা ঠিক রাখতে হবে। এই দিনটা শুধু দেশে না দেশের বাইরেও পালিত হয়। আমাদের সব কিছু কথায় না বরং কাজে-কর্মে প্রমাণ দিতে হবে। বৃত্তের দিকে ধাবিত না হয়ে নৈতিক ও বুদ্ধিবৃত্তিক জায়গায় এগিয়ে নিতে হবে।

এতে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক- শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।