All posts by jitu

দেশের তরুণ প্রজন্মের উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের গবেষণা প্রতিবেদন

ডেস্ক রিপোর্ট:

ব্রিটিশ কাউন্সিল ও লিডস বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল (১১ ডিসেম্বর) ব্রিটিশ কাউন্সিলের মিলনায়তনে ‘নন-ফর্মাল এডুকেশন ফর ইয়ুথ-লেড চেঞ্জ: ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামিং ইন বাংলাদেশ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে তরুণ প্রজন্মের উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রমের ওপর সম্যক ধারণা প্রদান করা হয়।

ব্রিটিশ কাউন্সিল ও লিডস বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণাটিতে অর্থায়ন করেছে ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশনের (ইউকেআরআই) আর্টস অ্যান্ড হিউম্যানিটিস রিসার্চ কাউন্সিল (এএইচআরসি)। গবেষণায় ব্রিটিশ কাউন্সিলের ‘লিডারশিপ ফর অ্যাডভান্সিং ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (লিড বাংলাদেশ)’ প্রকল্প নিয়ে বিশদ বিশ্লেষণ করা হয়েছে, যেখানে তরুণদের ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচারের প্রচার এবং তরুণ নেতৃত্বাধীন পরিবর্তনকে প্রভাবিত করার ক্ষেত্রে প্রকল্পটির ভূমিকা তুলে ধরা হয়।

লিড বাংলাদেশ প্রোগ্রামটি কীভাবে প্রয়োজনভিত্তিক ও প্রাসঙ্গিক প্রশিক্ষণ মডিউলের মাধ্যমে তরুণ নেতৃত্বাধীন সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ ব্যাপারে প্রতিবেদনে সম্যক ধারণা প্রদান করা হয়। সক্রিয় নাগরিকত্ব, লৈঙ্গিক সমতা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) গুরুত্বারোপ করে পরিচালিত প্রোগ্রামটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এর অংশগ্রহণ ও সম্পৃক্ততামূলক কার্যক্রম। এছাড়াও, গবেষণায় তরুণ নেতৃত্বাধীন সামাজিক কর্ম প্রকল্পগুলোর (এসএপি) গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা তাত্ত্বিক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগে এবং ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখেছে। গবেষণায় বিভিন্ন চ্যালেঞ্জও চিহ্নিত করা হয়; যার মধ্যে রয়েছে: তরুণদের সাথে সম্পৃক্ততা ও তাদের উৎসাহ প্রদান, প্রাকৃতিক দুর্যোগ, নীতিনির্ধারকদের সাথে যোগাযোগ, কমিউনিটির সংশয়, সম্পদের অপ্রতুলতা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়। পাশাপাশি, এতে প্রোগ্রামের সময় বাড়ানো, এসএপি বাজেট বৃদ্ধি, ফলো-আপ ও মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করা, অতিরিক্ত এসডিজি লক্ষ্য যুক্ত করা, ধারাবাহিকভাবে বিস্তৃত পরিসরে শেখার পরিবেশ তৈরি সহ মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। তিনি তরুণদের শক্তিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং তরুণদের উন্নয়নে আরও সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস; লিডস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পলিটিকস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ড. কেটি হজকিনসন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভাষা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস তার স্বাগত বক্তব্যে বলেন, “ব্রিটিশ কাউন্সিলের লিড বাংলাদেশ প্রোগ্রামের ওপর এই গবেষণা প্রতিবেদনটি তরুণদের উন্নয়ন কার্যক্রমের রূপান্তরমূলক শক্তিকেই তুলে ধরে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রজন্মের জ্ঞান ও দক্ষতার উন্নয়নে কাজ করেছি, যা তাদের নিজ নিজ কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রেখেছে। তবে, এখনও অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে এবং বাংলাদেশের তরুণদের ক্ষমতায়নে আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে। এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিলে আমরা আমাদের অংশীদারদের সাথে ধারাবাহিকভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ড. কেটি হজকিনসন গবেষণার ফলাফল বিস্তারিতভাবে উপস্থাপন করেন। এরপর অধ্যাপক মোহাম্মদ মনিনুর রশিদ ও ব্রিটিশ কাউন্সিলের নন-ফর্মাল এডুকেশন (এনএফই) টিম প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন এবং গবেষণার বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশে তরুণদের উন্নয়নের অগ্রাধিকারের বিষয়গুলো—যেমন কর্মসংস্থানের জন্য দক্ষতা, গণতান্ত্রিক শাসন ও কমিউনিটির সম্পৃক্ততার মত বিষয়গুলোতে আলোকপাত করা হয়।

শাহরাস্তিতে পানিতে ডুবে

শাহরাস্তিতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

শাহরাস্তিতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের শাহরাস্তিতে পানিতে ডুবে মাহাদী হাসান নামে ২ বছর বয়সী এক শিশুর করুন মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ভোলদিঘী গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। তিন ভাই বোনের মধ্যে ছোট নিহত মাহাদী ওই গ্রামের ওমান প্রবাসী মোঃ হাসান আহমেদ ও রুমা বেগম দম্পতির একমাত্র পুত্র সন্তান।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ওইদিন সকালে শিশু মাহাদি তার নিজ বাড়ির বসতঘরের আঙ্গিনায় খেলাধুলা করছিল। একসময় সে পরিবারের সদস্যদের দৃষ্টির আড়ালে গিয়ে হারিয়ে যায়। কিছু সময় পার হয়ে গেলে শিশুটিকে সমগ্র বাড়ি খুঁজে ভেড়ায় তার মা।

সন্তানকে না পেয়ে রুমা বেগম আত্মচিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বাড়ির সামনের পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এরপর স্বজনরা দ্রুত শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম তাকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুরের কচুয়ায় মাছের খামার থেকে

চাঁদপুরের কচুয়ায় মাছের খামার থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুরের কচুয়ায় মাছের খামার থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের কচুয়া উপজেলায় নিখোঁজের চারদিন পর একটি মৎস্য খামার থেকে আতিক মজুমদার (২৬) নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, আতিক মজুমদার কচুয়া উপজেলার গোঘরার বিলে মৎস্য খামারের শ্রমিক হিসেবে কাজ করতেন। গত চারদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ ভেসে উঠে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

তিনি কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মজুমদারের ছেলে।

আতিক মজুমদারের বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন জানান, আতিক কয়েক দিন ধরে পানি সেচের কাজ করছিলেন। মেশিন আনতে গিয়ে তিনি নিখোঁজ হন। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, “আমার ছেলেকে হয়তো কেউ হত্যা করে সেচ মেশিনের সঙ্গে পানিতে ডুবিয়ে রেখেছে।” তিনি আরও বলেন, “এমন ঘটনা ঘটেছে, তার হত্যাকারীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।” ৯ ডিসেম্বর প্রজেক্টে আসার সময় আতিক নিখোঁজ হন। তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে বুধবার কচুয়া থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়েছিল।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হালিম বলেন, “মৎস্য খামারের মেশিনের সঙ্গে আতিক মজুমদারের পা আটকে ছিল। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।”

আতিকের মৃত্যুর কারণ হত্যা না স্বাভাবিক মৃত্যু, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি। পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী বাদী হয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

চাঁদপুরে ফুলসজ্জা গাড়িতে চড়ে

চাঁদপুরে ফুলসজ্জা গাড়িতে চড়ে স্কুল শিক্ষিকার রাজকীয় বিদায়

চাঁদপুরে ফুলসজ্জা গাড়িতে চড়ে স্কুল শিক্ষিকার রাজকীয় বিদায়

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা জীবন শেষে ফুলে সজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৭নং কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা শাহানারা আক্তার।

প্রিয় শিক্ষিকার বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় বিদায় সংবর্ধনা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে অবসরজনিত সংবর্ধনা শেষে শিক্ষিকা শাহানারা আক্তারকে গাড়িতে চড়ে নিজ বাসায় পৌঁছে দেন শিক্ষার্থীরা। এসময় তিনি গাড়িতে বসে দীর্ঘদিনের সহকর্মী, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের কাছ থেকে চোখের জলে বিদায় নেন এবং শিক্ষার্থীদের সাথে কান্নায় ভেঙ্গে পড়েন।

এর আগে বিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বর্ণাঢ্য এ আয়োজনে পেলেন বিদায় সংবর্ধনা। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস। তিনি তার বক্তব্যে বলেন, একজন শিক্ষককে কিভাবে সম্মান দেখাতে হয়, সেটা কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখিয়ে দিয়েছে। বিশেষ করে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিদায়ী এই শিক্ষিকা তার কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা আক্তার মজুমদারের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি শাহনেওয়াজ খান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও সাবেক ছাত্র মোঃ শাহাজাহান পাটোয়ারী। অনুষ্ঠানে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটা মিলনমেলায় পরিণত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা আক্তারের প্রাণবন্ত সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সাবেক সভাপতি দাঈদ খান টুটুল, হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাক্তন ছাত্র ফরিদুল ইসলাম, প্রাক্তন ছাত্র হেদায়েত উল্লাহ খান বাদল, আবু বকর, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাজিব খান, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফিয়া জাহান, শিক্ষার্থী সামিয়া আক্তার। পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষিকা শাহানারা আক্তারকে একটি স্টিলের আলমারি উপহার হিসেবে প্রদান করেন। এছাড়াও প্রিয় শিক্ষিকার ছবি সংযুক্ত একটি দেয়ালিকা দেন প্রাক্তন শিক্ষার্থীরা। এবং বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট ও মানপত্র তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক মো. রাজিব খান, সদস্য সচিব দাউদ খান টুটুন, সদস্য বাবুল খান, বোরহান পাটোয়ারী, ফরিদ মাস্টার, হাবিব মাষ্টার, আবু বক্কর, আহাদ খানসহ বিদ্যালয়ের অন্যান্য প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। বিদায়ী শিক্ষকের উদ্দেশ্য স্মৃতিচারন করে মানপত্র পাঠ করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ নজরুল ইসলাম।

২০২৫ সালের এসএসসি পরীক্ষার

২০২৫ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৫ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী বছরের ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।

রুটিন অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে। তত্ত্বীয় পরীক্ষা নির্ধারিত তারিখ অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১০ মে থেকে শুরু হয়ে ১৮ মে-এর মধ্যে শেষ করতে হবে।

পরীক্ষার্থীরা পরীক্ষার সময় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

সার্ক আমার কাছে অত্যন্ত

সার্ক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা

সার্ক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সার্ক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরই আমি সার্ককে সক্রিয় করার বিষয়ে গুরুত্ব দিয়েছি। ভারত-পাকিস্তানের কিছু ইস্যুর কারণে সার্ক সঠিকভাবে কার্যকর হচ্ছে না।’

বৃহস্পতিবার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন অনকোলজি (এসএফও) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে অংশ নেন ড. ইউনূস।

তিনি বলেন, ‘দুটি দেশের সমস্যার কারণে অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত নয়। যদি প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা একত্রিত হন এবং একসঙ্গে ছবি তোলেন, তাহলে বিশ্ববাসীর কাছে একটি শক্তিশালী বার্তা যাবে যে আমরা ঐক্যবদ্ধ। এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলবে এবং আমাদের অগ্রগতিতে সহায়তা করবে।’

ড. ইউনূস সার্ক ফেডারেশন অব অঙ্কোলজিস্টসের (এসএফও) প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এবিএমএফ করিমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের অভিজ্ঞতা উল্লেখ করেন।

এসময় তিনি তার ছোট ভাই, বিশিষ্ট লেখক, সাংবাদিক, সমালোচক এবং টেলিভিশন ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরকে স্মরণ করেন। ভাইয়ের ক্যানসার শনাক্ত ও চিকিৎসার সময় পরিবারের সম্মুখীন হওয়া ভোগান্তির কথা তুলে ধরেন। এসময় ডা. করিম তার ভাইয়ের চিকিৎসায় যেভাবে সাহায্য করেছিলেন তা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

ড. ইউনূস আরও বলেন, ‘ক্যানসার চিকিৎসায় যেসব আধুনিক প্রযুক্তি প্রয়োজন, তা এখনো আমরা পর্যাপ্তভাবে পাইনি। তবে সার্কের উদ্যোগে ক্যানসার চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ অত্যন্ত প্রশংসনীয় ও আশাব্যঞ্জক।’

তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানান সার্ককে সক্রিয় করে তোলার জন্য এবং ক্যানসার চিকিৎসায় নতুন মাত্রা যোগ করার জন্য।

আটক ৭৮ বাংলাদেশি জেলেকে

আটক ৭৮ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠাবে ভারত

আটক ৭৮ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠাবে ভারত

ডেস্ক রিপোর্ট:

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক ৭৮ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ভারতের উড়িশা রাজ্যের পুলিশ। ভারতীয় বার্তাসংস্থা এএনআই এই খবর দিয়েছে।

১২ ডিসেম্বর, বৃহস্পতিবার, এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের হাতে ৭৮ জন বাংলাদেশি জেলে আটক হওয়ার দুই দিন পর উড়িশা পুলিশ নিশ্চিত করেছে যে আটককৃতদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাজ্যটির পারাদ্বীপের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ, সন্তোষ কুমার জেনা এএনআইকে বলেছেন, আটকের পর জেলেদের বিষয়টি যাচাইয়ের জন্য উপকূলরক্ষীরা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে।

তিনি জানান, গত পরশু ৭৮ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছিল এবং পরে তাদের পারাদ্বীপ থানায় নিয়ে আসা হয়। তাদের যাচাইবাছাইয়ের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তা সম্পন্ন হয়েছে। এখন তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে, ১০ ডিসেম্বর, ভারতীয় কোস্ট গার্ড তাদের জলসীমায় মাছ ধরার অভিযোগে ৭৮ জন জেলেসহ দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটক করে।

ভারতীয় কোস্ট গার্ড এক বিবৃতিতে জানায়, সমুদ্র নিরাপত্তা রক্ষার লক্ষ্যে পরিচালিত এই অভিযানে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে ৭৮ জন বাংলাদেশি জেলেসহ দুটি ফিশিং ট্রলার আটক করে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ আইএমবিএল টহলরত অবস্থায় ভারতীয় সমুদ্র অঞ্চলের মধ্যে সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করে। পরে কোস্ট গার্ডের ওই জাহাজটি মাছ ধরার অননুমোদিত কার্যকলাপে নিয়োজিত দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটক করে।

ভারতীয় কোস্ট গার্ডের অভিযোগ, আন্তর্জাতিক সমুদ্র আইন এবং ১৯৮১ সালের মেরিটাইম জোন অব ইন্ডিয়া অ্যাক্ট লঙ্ঘন করে ট্রলার দুটি ভারতীয় জলসীমায় চলাচল করছিল।

গাজায় ত্রাণবাহী গাড়িতে

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় ১২ জন নিহত

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় ১২ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

যুদ্ধবিধ্বস্ত গাজায় দুর্ভিক্ষের আশঙ্কার মধ্যে চলমান ত্রাণ কার্যক্রমে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। বৃহস্পতিবার সর্বশেষ হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে ইসরাইলি ড্রোন হামলার লক্ষ্য হন ত্রাণবাহী যানের নিরাপত্তারক্ষীরা। হামলায় আহত ৩০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গাজার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষীদের মরদেহ একটি মর্গে স্তূপাকারে রাখা হয়েছে।

গাজায় খাদ্য সংকট এবং উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের শঙ্কার মধ্যে চলমান ত্রাণ কার্যক্রমে বারবার হামলা চালিয়ে এটি ব্যাহত করার চেষ্টা করছে ইসরাইল। গত রোববার গাজার রাফায় আটা কেনার জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপরও হামলা চালায় বর্বর বাহিনী, এতে অন্তত ১০ জন নিহত হয়।

এদিকে, বৃহস্পতিবার ভোরে পশ্চিম গাজার একটি আবাসিক ভবনে পৃথক হামলায় শিশুসহ ৬ জন নিহত হয়েছেন।

এর আগে, কেন্দ্রীয় গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আরেকটি বোমা হামলায় ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় অন্তত ৪৪,৮০৫ ফিলিস্তিনি নিহত এবং ১০৬,২৫৭ জন আহত হয়েছেন।

অব্যাহত ইসরাইলি হামলার মধ্যে ডিসেম্বরের শুরুতে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর প্রধান প্রবেশপথ দিয়ে ত্রাণ সরবরাহ স্থগিত করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)।

ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি গাজায় মানবিক সহায়তা পৌঁছানো অসম্ভব হয়ে ওঠার কথা জানিয়েছেন। এর পেছনে পাঁচটি প্রধান কারণ উল্লেখ করেন তিনি: গাজায় ইসরাইলের চলমান অবরোধ, ইসরাইলি কর্তৃপক্ষের বাধা, ত্রাণের পরিমাণ কমাতে রাজনৈতিক সিদ্ধান্ত, ত্রাণ পাঠানোর রাস্তায় নিরাপত্তাহীনতা এবং স্থানীয় পুলিশের ওপর আক্রমণ।

সূত্র: আল-জাজিরা