All posts by jitu

ফটো-ভিডিওতে জাইসের অভিজ্ঞতা

ফটো-ভিডিওতে জাইসের অভিজ্ঞতা নিয়ে এলো ভিভো ভি৪০ ফাইভজি

ফটো-ভিডিওতে জাইসের অভিজ্ঞতা নিয়ে এলো ভিভো ভি৪০ ফাইভজি

ডেস্ক রিপোর্ট:

স্মার্টফোনে পোর্ট্রেট ও সিনেম্যাটিক ভিডিও-ফটোগ্রাফির নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে ভিভো ভি৪০ ফাইভজি। সোমবার থেকে শুরু হয়েছে ভিভো ভি৪০ ফাইভজি এর প্রি-অর্ডার। যা চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।

ভিভো-জাইস এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের যৌথ প্রচেষ্টায় প্রথমবারের মতো ভি সিরিজে ক্যামেরায় ব্যবহৃত হয়েছে জাইসের লেন্স। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইস ১৭৮ বছর ধরে অপটিকস প্রযুক্তি নিয়ে কাজ করছে।

ভি৪০ ফাইভজি প্রি-অর্ডার করলে গিফট হিসেবে থাকছে রিরো ডব্লিউ১ প্রো স্মার্ট ওয়াচ (দাম ৪ হাজার ৭৯৯ টাকা), এক্সক্লুসিভ গিফট প্যাক ও পোস্টার কার্ড। স্মার্টফোনটির দাম পড়বে ৬২ হাজার ৯৯৯ টাকা।

ভিভো ভি৪০ ফাইভজির বিশেষত্ব হলো এর জাইস সিনেম্যাটিক পোর্ট্রেইট ভিডিও ফিচার। ভিডিওতে নান্দনিক সিনেমা কোয়ালিটি আনতে এতে রয়েছে জাইস ফোকাস ট্রানজিশন এবং জাইস সিনেম্যাটিক ভিডিও বোকেহ। এই দুইটি ফিচারের সাহায্যে সাবজেক্টের দিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ফোকাস ধরে রেখে সিনেমাটিক আবহ তৈরি করতে পারবে স্মার্টফোনটি।

জাইস সিনেমাটিক স্টাইল বোকেহ, জাইস সিনে-ফ্লেয়ার পোর্ট্রেট, জাইস বায়োটার স্টাইল বোকেহ, জাইস প্ল্যানার স্টাইল বোকেহ, জাইস ডিস্টাগন স্টাইল বোকেহ, জাইস সোনার স্টাইল বোকেহ ও জাইস বি-স্প্রিড স্টাইল বোকেহ- এই সাতটি বোকেহ ইফেক্টে সিনেম্যাটিক ভিডিও ধারণের সুযোগ রয়েছে ভিভো ভি৪০ ফাইভজিতে। সাথে রয়েছে মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার। এতে একটি নির্দিষ্ট ফ্রেমে থেকে ২৪ মি মি, ৩৫ মি মি, ৫০ মি মি- এই তিনটি ফোকাল লেন্থে প্রফেশনাল ক্যামেরার মতই ছবি বা ভিডিও ধারণ করা যাবে।

৫০ মেগাপিক্সেল জাইস আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল জাইস ওআইএস মেইন ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস গ্রুপ সেলফি ক্যামেরা থাকছে ভিভো ভি৪০ ফাইভজিতে। এছাড়াও, এআই অরা লাইট পোর্ট্রেইট ফিচার এর পাশাপাশি ইনডোর ও ব্যাকলিট পরিস্থিতিতে ছবি তোলার জন্য রয়েছে আপগ্রেডেড ‘এআই থ্রিডি স্টুডিও লাইটিং’।

৫৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্লুভোল্ট ব্যাটারি থাকলেও ভিভোর সবচেয়ে স্লিম ডিজাইনের স্মার্টফোন ভিভো ভি৪০। পুরুত্ব মাত্র ৭.৫৮ মি মি। ওজন মাত্র ১৯০ গ্রাম। প্রিমিয়াম থ্রিডি কার্ভড স্ক্রিনটি মূলত ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ২৮০০ * ১২৬০। ডিসপ্লেটির লোকাল পিক ব্রাইটনেস ৪৫০০ নিটস এবং রিফ্রেশ রেট ১২০ হার্জ।

৮০ ওয়াটের ফ্লাশ চার্জিং প্রযুক্তি থাকছে ভিভো ভি৪০ ফাইভজিতে। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে মিলবে দ্রুত ও স্মুদ পারফরম্যান্স। ১২ জিবি র‌্যামের সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে ভিভো ভি৪০ ফাইভজিতে। এছাড়া রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তি।

ভিভো ভি৪০ ফাইভজিতে থাকছে গ্লাস ব্যাককভার ম্যাটেরিয়াল এবং ইনডিসপ্লে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাক সাইডে জেমিনি রিং ডিজাইনের ক্যামেরা মডিউলের সাথে দুইটি রঙে পাওয়া যাবে ভিভো ভি৪০ ফাইভজি; নেবুলা পার্পল ও মুনলাইট হোয়াইট।

ডিসি নিয়োগে ঘুস লেনদেনের খবরকে

ডিসি নিয়োগে ঘুস লেনদেনের খবরকে ‘ভুয়া’ বললেন সচিব

ডিসি নিয়োগে ঘুস লেনদেনের খবরকে ‘ভুয়া’ বললেন সচিব

ডেস্ক রিপোর্ট:

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

তবে সিনিয়র সচিব অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, “এটি একটি মিথ্যা খবর।”

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রকাশিত প্রতিবেদনে যে স্ক্রিনশট দেখানো হয়েছে, তা আইফোনের, কিন্তু তিনি স্যামসাং ফোন ব্যবহার করেন বলে দাবি করেন সিনিয়র সচিব।

তিনি আরও জানান, ওই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে না।

কুমিল্লায় ভারত-বাংলাদেশ সীমান্তে

কুমিল্লায় ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারী ও মানবপাচারকারী আসামি গ্রেফতার

কুমিল্লায় ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারী ও মানবপাচারকারী আসামি গ্রেফতার

শাহ ইমরান:

ভারত (ত্রিপুরা)-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারী ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক আসামিকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শংকুচাইল বাজারে পাকা রাস্তার উপর থেকে কোতয়ালী মডেল থানার নিয়মিত মামলার আসামি মোঃ সুমন মিয়া মেম্বার (৩৬) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি কুমিল্লার দক্ষিণ তেথা ভূমি এলাকার বাসিন্দা, তার পিতার নাম আলী আশরাফ ও মাতার নাম নেহারা বেগম।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন থানায় অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। সুমন মিয়া মেম্বারের বিরুদ্ধে চোরাচালান ও মানবপাচারের একাধিক অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাকারবারী ও মানবপাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যেভাবে কারাগারে দিন পার করছেন

যেভাবে কারাগারে দিন পার করছেন হাসিনা সরকারের ভিআইপিরা

যেভাবে কারাগারে দিন পার করছেন হাসিনা সরকারের ভিআইপিরা

ডেস্ক রিপোর্ট:

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর, বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী বুধবার (২ অক্টোবর) পর্যন্ত ৬৬ জন ভিআইপি মর্যাদার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ তালিকায় আছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাসহ অন্যান্য প্রভাবশালী ব্যক্তিত্ব। কারাগারে থাকা এই ব্যক্তিরা কেমন আছেন, কীভাবে কাটছে তাদের দিনকাল আর কী খাচ্ছেন তারা- এসব নিয়ে জনমনে রয়েছে নানা কৌতূহল।

কারাগারে আছেন যারা

বুধবার দুপুর পর্যন্ত এ ধরনের বিশেষ বন্দির সংখ্যা ছিল ৬৬ জন। তাদের মধ্যে ডিভিশন পেয়েছেন ৩৭ জন। হাসপাতালে আছেন তিনজন। কারা সংশ্লিষ্ট সূত্র জানায়, এ মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেসব ডিভিশনপ্রাপ্ত বিশেষ বন্দি আছেন তারা হলেন- দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক হুইপ আ স ম ফিরোজ, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামছুল হক টুকু, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক সংসদ সদস্য আহম্মেদ হোসাইন, সাবেক রিয়াল অ্যাডমিরাল এম সোহাইল, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ, হাজী মো. সেলিম, সাবেক নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী, সাবেক প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী, সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক পুলিশ পরিদর্শক আরাফাত হোসেন, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সাবেক সংসদ-সদস্য শাহে আলম, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জজ, ডিআইজি মিজানুর রহমান, পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

যেভাবে সময় কাটছে তাদের

কারাগারে থাকা বিশেষ বন্দিরা কীভাবে সময় কাটাচ্ছেন- জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সকালে ঘুম থেকে উঠেই কেউ কেউ নামাজ পড়ছেন। কেউ দেরিতে ঘুম থেকে উঠছেন। কমবেশি সবাই নামাজ পড়ছেন। চা-নাশতা খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন, গল্প-গুজব করেন, পত্রিকা পড়েন। কেউ কেউ কারা লাইব্রেরি থেকে বই নিয়ে পড়েন। দুপুর ১২টার পর গোসলে যান। গোসল শেষে কেউ কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন। বিকালে নির্ধারিত প্যালেসে হাঁটেন। সাধারণ বন্দি ও ডিভিশনপ্রাপ্ত বন্দিদের মধ্যে পার্থক্য জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ডিভিশনপ্রাপ্ত বন্দিরা থাকার জন্য একটি খাট পান। চেয়ার-টেবিল পান। কারা লাইব্রেরিতে সবার জন্য পত্রিকা পড়ার সুবিধা আছে। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সাধারণ বন্দিরা নিজ খরচে রুমে নিয়ে পত্রিকা পড়ার সুযোগ পান। কিন্তু ডিভিশনপ্রাপ্ত বন্দিদের জন্য কারা কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের রুমে পত্রিকা পড়ার সুযোগ করে দেন। তারা টেলিভিশন দেখারও সুযোগ পান।

কারাসংশ্লিষ্ট সূত্র জানায়, ভিআইপি বন্দিরা কারাগারে বিশেষ সুবিধা দাবি করলেও তাদের তা দেওয়া হচ্ছে না। কারাবিধি অনুযায়ী তারা যেসব সুবিধা পাওয়ার কথা, সেগুলোই তাদের দেওয়া হচ্ছে। বিধি অনুযায়ী প্রতি ১৫ দিন পর নিকটাত্মীয়রা বন্দিদের সঙ্গে দেখা করার সুযোগ পান। নিয়ম অনুযায়ী নিকটাত্মীয় ছাড়া বন্দিদের সঙ্গে কারও দেখাসাক্ষাতের সুযোগ নেই। তবে বর্তমানে কারাবন্দি ভিআইপি বন্দিদের সঙ্গে কোনো নিকটাত্মীয়ই দেখা করছেন না। তবে ম্যানেজার টাইপের কেউ একজন এসে দেখা করছেন। তিনিই মামলার খোঁজখবর রাখছেন। সরকারি নিয়ম অনুযায়ী, একজন বন্দি প্রতি ১০ দিন পর একদিন নির্ধারিত মোবাইল নম্বরে কারাগারের ভেতর থেকে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পান। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ বন্দিদের ক্ষেত্রে এ সুযোগ এখনো কেউ পাননি।

কী খাচ্ছেন তারা?

সকালে রুটি-সবজির সঙ্গে জেলি পান। সাধারণ বন্দিদের জন্য চায়ের ব্যবস্থা না থাকলেও ডিভিশনপ্রাপ্ত বন্দিদের চা দেওয়া হয়। সাধারণ বন্দিরা মাছ/মাংস পান একবেলা। কিন্তু ডিভিশনপ্রাপ্ত বন্দিরা দুই বেলা মাস/মাংস পান। কিন্তু পরিমাণ সবার জন্য সমান। সূত্র জানায়, ভিআইপি বন্দিরা কারাগারে কাজের লোকও পান। কাজের লোক একধরনের সেবক হিসাবে কাজ করেন। ওই সেবক ভিআইপি বন্দির কাপড় ধুয়ে দেন, খাবার সংগ্রহ করে দেন, প্লেট ধুয়ে দেন। এছাড়া আনুষঙ্গিক কাজ করে দেন।

যা বললেন জেল সুপার

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, নিয়ম অনুযায়ী যারা ডিভিশন পাওয়ার তারা পেয়েছেন। এর বাইরে কয়েকজন ডিভিশন পাওয়ার জন্য আবেদন করেছেন। আদালত সিদ্ধান্ত দিলে তারা তা পাবেন। কারাগারের যে খাবার তাই খাচ্ছেন ভিআইপি বন্দিরা। এর বাইরে বাড়তি খাবার কেউ নিতে চাইলে তা নিতে পারেন। আর বাহির থেকে তাদের বাসার রান্না করা কোনো খাবার খেতে দেওয়া হচ্ছে না। সম্প্রতি গ্রেপ্তার সবাইকে কয়েকটি ভাগে পৃথক কক্ষে রাখা হয়েছে। কারণ সাধারণ সেলগুলোতে অন্য বন্দিদের সঙ্গে রাখলে তাদের সমস্যা হতে পারে। এছাড়া নিরাপত্তার স্বার্থেও একই জায়গায় তাদের রাখা হয়নি।

সূত্র: ইত্তেফাক

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে নিহত ইসরায়েলের ৮ সেনা

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে নিহত ইসরায়েলের ৮ সেনা

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে তাদের আটজন সৈন্য নিহত হয়েছেন। এছাড়া আরও সাতজন সৈন্য আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর মতে, নিহতদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের সদস্য। এই খবরটি প্রকাশ করেছে বিবিসি।

লেবাননে আক্রমণ শুরু করার পর এটিই প্রথম ঘটনা যেখানে এতসংখ্যক ইসরায়েলি সেনা একসঙ্গে নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহ ইরানের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করে আসছে।

ইসরায়েল আরও বলেছে, যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার মতো পরিস্থিতি তৈরি হয়, হিজবুল্লাহ তাদের অত্যাধুনিক অস্ত্রগুলো প্রতিরোধের জন্য ব্যবহার করবে। কিন্তু মার্কিন ও ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, গত দুই সপ্তাহে এই সশস্ত্র গোষ্ঠীর অর্ধেক অস্ত্র ধ্বংস করা হয়েছে।

এছাড়া হিজবুল্লাহর শীর্ষ নেতা শেখ হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে এবং ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশ করেছে। তবে হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবাননে সম্মুখ যুদ্ধে ইসরায়েলি সেনাদের প্রতিহত করেছে।

হিজবুল্লাহ আরও বলেছে, বুধবার দুইবার মুখোমুখি লড়াই হয়েছে এবং এটি যুদ্ধের প্রথম পর্যায়। ইসরায়েল বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। বুধবার (২ অক্টোবর) ইসরায়েলি বাহিনী ফের বিমান হামলা চালিয়েছে, যার ফলে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলি হামলাকে তিনি সমর্থন করবেন না। ইরান ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, যার প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইরানে হামলা চালাতে পারে। তবে বাইডেন বলেছেন, যদি সেই হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হয়, তাহলে তিনি তা সমর্থন করবেন না।

গত মঙ্গলবার ইসরায়েলে ইরান হামলা চালানোর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে।

মেসির জোড়া গোলে

মেসির জোড়া গোলে শিরোপা জিতল মায়ামি

মেসির জোড়া গোলে শিরোপা জিতল মায়ামি

ডেস্ক রিপোর্ট:

অর্জনের ঝুলিতে আরও একটি শিরোপা যুক্ত করলেন লিওনেল মেসি। জোড়া গোল করে ইন্টার মায়ামিকে তাদের প্রথম সাপোর্টারস শিল্ড শিরোপা এনে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির অসাধারণ নৈপুণ্যে মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে সাফল্য অর্জন করেছে ইন্টার মায়ামি, যা অনুষ্ঠিত হয়েছিল লোয়ার ডটকম ফিল্ডে।

ম্যাচের প্রথমার্ধ ছিল ইন্টার মায়ামির নিয়ন্ত্রণে, আর আরও নির্দিষ্ট করে বললে মেসির। ৪৫ মিনিটে একটি দুর্দান্ত গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেসি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি গোল করে জোড়া গোল পূর্ণ করেন তিনি। ফলে প্রথমার্ধের শেষে ইন্টার মায়ামি ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে কলম্বাস ক্রু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং দ্রুত এক গোল শোধ দেয়। এতে লড়াই জমে ওঠার আভাস মেলে। তবে মায়ামি তাদের আক্রমণ চালিয়ে যায়, এবং ৪৮ মিনিটে লুইস সুয়ারেজ গোল করে দলের ব্যবধান আরও বাড়িয়ে দেন। তবুও, ৬১ মিনিটে পেনাল্টি থেকে কলম্বাসের হার্নান্দেজ গোল করে ম্যাচের উত্তেজনা ধরে রাখেন।

ম্যাচের শেষ দিকে, ৮৪ মিনিটে আবারও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন হার্নান্দেজ, কিন্তু তার দ্বিতীয় পেনাল্টি শটটি আটকে দেন মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। এই গুরুত্বপূর্ণ সেভ মায়ামির জয় নিশ্চিত করে এবং দল ৩-২ ব্যবধানে জয় লাভ করে।

সাপোর্টারস শিল্ড জয়ের পর মেসির লক্ষ্য এখন এমএলএস কাপ। ম্যাচ শেষে মেসি বলেন, ‘প্রথম লক্ষ্য অর্জিত হয়েছে, এখন আমাদের সামনে যা আছে তাতে মনোযোগ দিতে হবে।’ ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল হওয়ায় ইন্টার মায়ামি প্লে-অফে ঘরের মাঠে খেলার সুযোগ পাবে।

ব্রাহ্মণপাড়ায় সেনাবাহিনীর

ব্রাহ্মণপাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও টিন বিতরণ

ব্রাহ্মণপাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও টিন বিতরণ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মধ্যে সেনাবাহিনীর উদ্যোগে নগদ অর্থ ও টিন বিতরণ করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রত্যেক পরিবারকে চার বান করে মোট ৬৪ বান টিন ও অর্থ দেওয়া হয়।

টিন ও অর্থ বিতরণ করেন সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল আবু সাঈদ মাসউদ। এসময় সেনাবাহিনীর সিইও ল্যাপ্টেনেন কর্নেল মো. মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম, ক্যাপ্টেন মো. সাইদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বন্যার শুরু থেকেই বন্যাদুর্গতদের উদ্ধার, আশ্রয়কেন্দ্রে প্রেরণ, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, শুকনো ও রান্না করা খাবার সরবরাহসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে সেনাবাহিনীর সদস্যরা। উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সদস্যদের সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করছেন সেনাবাহিনী। পানি কমার সাথে সাথে বাড়ি ফেরা বন্যার্ত লোকজনকে পূনর্বাসনের জন্যও কাজ করছেন সেনাসদস্যরা।

প্রেমের প্রস্তাবে

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ।

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে দাউদকান্দি মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। তবে ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অভিযুক্ত ওই যুবকের নাম সাকিব আহমেদ (২৪)। তিনি উপজেলার হাসনাবাদ গ্রামের রিপন মিয়ার ছেলে। বর্তমানে দাউদকান্দি পৌরসভার বলদাখাল এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর বাড়ি দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের বাহেরচর গ্রামে এবং হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। কলেজে যাওয়া-আসার পথে প্রায়ই বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিত বখাটে যুবক সাকিব আহমেদ। তার দেওয়া প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২০ সেপ্টেম্বর কলেজে যাওয়ার পথে কদমতলী সিএনজিস্ট্যান্ড থেকে ভিকটিমকে টানা হেছড়া করে কালো রংয়ের মাইক্রোবাসে তুলে ঢাকার গাজীপুরে নিয়ে যায়। সেখানে একই এলাকার ফারুক ওরফে আবির আহম্মেদ এর মাধ্যমে কোনাবাড়ী এলাকায় একটি রুম ভাড়া করে আটকে রাখে। এক সপ্তাহ পর ভাড়া করা রুমে ভিকটিমকে রেখে সাকিব ও আবির পালিয়ে যায়। মুঠোফোনের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ভিকটমকে উদ্ধার করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ধর্ষণে অভিযুক্ত এবং সহায়তাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ ৫ জন আটক

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে মাদক ও নগদ অর্থসহ ৫ জন মাদক ব্যবসায়িকে আটক করা হয়।

বুধবার (২ অক্টোবর) যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম হোসেন (২৭), মোঃ মিতন মিয়া (২৫), মোঃ মাহফুজ মিয়া (৩৫), মোছাঃ সুলতানা বেগম (৪৭) ও মোছাঃ ফাতেমা বেগম (৪৫) নামক ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৪৭ বোতল হুইস্কি, ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ৬২০টি ফয়েল পেপার, ৫টি এন্ড্রয়েড মোবাইল ও নগদ ৩২ হাজার ১৪০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত  ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

উল্লেখ্য যে,  গত ০৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট কুমিল্লা জেলায় নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।

দেশে ফিরলেন

দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফেসবুকে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, প্রিয় মাতৃভূমিতে নিরাপদে এসে পৌঁছেছি। আল্লাহ এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর অনুরোধ।”

এর আগে ৬ জুলাই তারিখে একটি ফেসবুক লাইভে আজহারী বলেছিলেন, “অনেকে আমাকে মেসেজ ও ফোন করে জানতে চেয়েছেন, আমি কবে দেশে ফিরবো। আমি তাদের জানাতে চাই, আমি শিগগিরই দেশে ফিরবো এবং আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। আমি আশা করি খুব শিগগিরই একটি মুক্ত, মানবিক, সাম্যের বাংলাদেশে আপনাদের সঙ্গে দেখা হবে।”

তার দীর্ঘ ভিডিও বার্তায় তিনি আরও বলেন, “যারা তাজা রক্তের মাধ্যমে আন্দোলনকে সফল করেছেন, সেই শহীদদের স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া মানুষদের প্রতি আমার শ্রদ্ধা এবং যারা এখনো সংগ্রাম করছেন তাদের জন্য শুভেচ্ছা।”

দেশে চলমান পরিস্থিতি নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দায়িত্বশীল আচরণ করলেই বিজয় সঠিকভাবে উদযাপন করা সম্ভব হবে।”

সংখ্যালঘুদের প্রতি কোনো ধরনের অন্যায় না করার আহ্বান জানিয়ে আজহারী বলেন, “অনেকে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপাসনালয় ও স্থাপনায় হামলা চালাতে পারে এবং তার দায় ইসলামপন্থী ও মাদ্রাসার ছাত্রদের উপর চাপানোর চেষ্টা করবে। তাই সবাইকে এই ধরনের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে।”

বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন, যেন কেউ তাদের ওপর আক্রমণ করতে না পারে। যদি আমরা এখানে ভুল করি, তবে বাংলাদেশে ইসলাম অনেক পিছিয়ে পড়বে।”

সদ্য পতন হওয়া স্বৈরাচারী সরকারের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “ক্ষমতার অহংকারে আমরা নিজের অবস্থান ভুলে যাই এবং মানুষের সাথে অন্যায় আচরণ করি। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে, কোনো অত্যাচারই দীর্ঘস্থায়ী নয়। তাই আমাদের উচিত এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া। যারা নতুন সরকার ব্যবস্থায় আসবে, তাদেরও এই শিক্ষা গ্রহণ করতে হবে এবং অত্যাচার এড়িয়ে চলতে হবে।”