Tag Archives: রাশিয়ার

একের পর এক ইউক্রেনের গ্রাম

একের পর এক ইউক্রেনের গ্রাম দখলের দাবি রাশিয়ার

একের পর এক ইউক্রেনের গ্রাম দখলের দাবি রাশিয়ার

ডেস্ক রিপোর্ট:

রাশিয়া ইউক্রেনের আরও একটি গ্রামের দখল নিয়েছে। মস্কো জানিয়েছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে ভেলিকা নোভোসিলকা শহরের নিকটবর্তী স্টোরোঝেভোয়ে গ্রামটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। খবর এএফপির।

এর আগে, গত শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে যে তারা কোস্তিয়ানতিনোপলস্কে গ্রাম দখল করেছে, যা তারা ওস্ত্রভস্কি নামে উল্লেখ করে। গ্রামটি কুরাখোভ শহরের ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এদিকে ইউক্রেনের মানচিত্র বিশ্লেষণকারী দল ডিপস্টেট জানায়, রুশ সেনারা কুরাখোভ শহরে আক্রমণ চালিয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের আগে রাশিয়া ইউক্রেনের আরও বেশি এলাকা দখলের চেষ্টা করছে। ট্রাম্প নির্বাচনের আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তার ক্ষমতায় আসার আগেই রাশিয়া তাদের অভিযান তীব্র করেছে।

রাশিয়া দাবি করেছে যে চলতি বছর তারা ১৯০টির বেশি ইউক্রেনীয় বসতির দখল নিয়েছে। অপরদিকে, ইউক্রেন সেনা ও গোলাবারুদের সংকটে ভুগছে।

এদিকে রাশিয়ার গভীরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের একটি ড্রোন হামলায় রাশিয়ার কাজান শহরে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জায়গাটি মূল যুদ্ধক্ষেত্র থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, গত শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৯টা ২০ পর্যন্ত তিন দফায় ড্রোন হামলা চালানো হয়। তাতারস্তান আঞ্চলিক সরকারের প্রেস সার্ভিস জানিয়েছে, আটটি ড্রোন হামলা চালানো হয়েছিল, যার মধ্যে ছয়টি আবাসিক ভবনে এবং একটি শিল্প এলাকায় আঘাত হানে। আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেন এখনো এই হামলার দায় স্বীকার করেনি। ড্রোন হামলার কারণে কাজান বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল বলে রোসাভিয়াতসিয়া জানিয়েছে।

আত্মরক্ষার জন্য রাশিয়ার

আত্মরক্ষার জন্য রাশিয়ার লড়াইয়ের অধিকার আছে: কিম

আত্মরক্ষার জন্য রাশিয়ার লড়াইয়ের অধিকার আছে: কিম

ডেস্ক রিপোর্ট:

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের ফলে ইউক্রেন এখন দূরপাল্লার অস্ত্র ব্যবহার করছে। এসব অস্ত্রের ব্যবহার আত্মরক্ষার জন্য মস্কোর লড়াইয়ের অধিকার রয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসোভের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই মন্তব্য করেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ-র প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসোভের সঙ্গে বৈঠকে কিম জং উন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো কিয়েভ সরকারকে নিজেদের দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে বাধ্য করেছে। এখন মস্কোকে শত্রু পক্ষকে উপযুক্তভাবে প্রতিশোধ নেওয়ার পদক্ষেপ নিতে হবে।

কিম জং উনের বরাত দিয়ে কেসিএনএ জানায়, আধিপত্য বিস্তারের জন্য সাম্রাজ্যবাদী দেশগুলোর পদক্ষেপের বিরুদ্ধে উত্তর কোরিয়ার সরকার, সেনাবাহিনী ও জনগণ সর্বদা রুশ ফেডারেশনের নীতির প্রতি সমর্থন জানাবে এবং তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় লড়াই করবে।

গত জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে কিম জং উন যে ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, তার আওতায় উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছিল। ওই সময় দুই দেশের মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হয়।

গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ায় উভয় দেশের নেতাদের শীর্ষ বৈঠকের পর থেকে মস্কো এবং পিয়ংইয়ং-এর সম্পর্ক নাটকীয়ভাবে উন্নত হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ওই বৈঠকের পর রাশিয়ায় ১০ হাজারেরও বেশি গোলাবারুদের কন্টেইনার, স্ব-চালিত হাউইটজার এবং একাধিক রকেট লঞ্চার পাঠিয়েছে উত্তর কোরিয়া।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করার জন্য উত্তর কোরিয়া ১০ হাজার সেনা রাশিয়ায় পাঠিয়েছে বলে পশ্চিমা বিভিন্ন দেশ অভিযোগ করেছে। তবে রাশিয়া ও উত্তর কোরিয়ার এই সেনা পাঠানোর বিষয়ে কিম এবং বেলোসোভের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা, সে সম্পর্কে কেসিএনএ কোনো তথ্য জানায়নি।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, উত্তর কোরিয়া ১০ হাজারেরও বেশি সেনা রাশিয়ায় মোতায়েন করেছে, যারা বর্তমানে রাশিয়ার যুদ্ধের সম্মুখসারিতে অবস্থান করছে। তারা কুরস্ক অঞ্চলে রুশ সেনাদের সঙ্গে যোগ দিয়েছে, যেখানে রাশিয়া ইউক্রেনীয় সেনাদের তাড়ানোর চেষ্টা করছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের অনুমোদনের পর চলতি মাসে ইউক্রেন প্রথমবারের মতো দেশটির সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটিএসএমএস ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে। এর পর রাশিয়া ইউক্রেনের সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। মস্কো দাবি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিক্রিয়ায় তারা ওই হামলা চালিয়েছে।

এছাড়া, রুশ প্রতিরক্ষামন্ত্রী বেলোসোভ আলাদাভাবে উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী নো কোয়াং চোলের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানিয়েছেন, কিম জং উন এবং পুতিনের স্বাক্ষরিত অংশীদারত্ব চুক্তি উত্তর-পূর্ব এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাশিয়ার তেলের টার্মিনালে

রাশিয়ার তেলের টার্মিনালে ইউক্রেনের হামলা

রাশিয়ার তেলের টার্মিনালে ইউক্রেনের হামলা

ডেস্ক রিপোর্ট:

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় একটি গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের টার্মিনালে হামলার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এই টার্মিনাল থেকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর জন্য জ্বালানি তেল সরবরাহ করা হতো।

ইউক্রেন জানিয়েছে, তারা রুশ-অধিকৃত ক্রিমিয়ায় একটি তেলের টার্মিনালে আঘাত করেছে। গত কয়েক মাস ধরে ইউক্রেন রাশিয়ার শক্তি ক্ষেত্রকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। তাদের দাবি, এই তেল বিক্রি করেই রাশিয়া যুদ্ধের খরচ মেটাচ্ছে।

ইউক্রেনের সেনাবাহিনী সামাজিক মাধ্যমে পোস্ট করে জানায়, অধিকৃত ক্রিমিয়ার ফিওদেশিয়ায় একটি তেলের টার্মিনালে তারা সফলভাবে আক্রমণ করতে পেরেছে।

২০১৪ সাল থেকে ক্রিমিয়া রাশিয়ার অধীনে রয়েছে। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষ্ণসাগরের একটি বন্দর শহরের তেলের ডিপোতে আগুন লেগেছে, তবে কোনো প্রাণহানির খবর নেই।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের ১২টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ইউক্রেন মোট ২১টি ড্রোন দিয়ে এই আক্রমণ চালায়।

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, ফিওদেশিয়া টার্মিনালটি ক্রিমিয়ায় সবচেয়ে বড়, এখান থেকে তেল ও তেলজাত পণ্য রাশিয়ার সেনাদের কাছে সরবরাহ করা হয়।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষ চলছে। কিয়েভ বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে, এবং ইউক্রেন এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন করেছে। রুশ জ্বালানি তেলের ডিপো, পরিশোধন কেন্দ্র এবং অস্ত্রাগারে হামলা চালানো এর লক্ষ্য।