All posts by jitu

আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার প্ল্যান্টেশন সেক্টরে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। মালয়েশিয়া সরকার এই সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীদের ৩১ জানুয়ারি ২০২৫ এর মধ্যে দেশটিতে প্রবেশের সময়সীমা নির্ধারণ করেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব গাজী মো. শাহেদ আনোয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, প্ল্যান্টেশন সেক্টরে কর্মী পাঠানোর বিষয় নিয়ে ২৬ অক্টোবর অনুষ্ঠিত সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য চাহিদাপত্র সত্যায়ন করতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে বহির্গমন ছাড়পত্র গ্রহণের শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৫।

এছাড়া রিক্রুটিং এজেন্টদের নির্দেশ দেয়া হয়েছে, কর্মীদের কাছ থেকে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকার বেশি আদায় না করার জন্য। সমস্ত লেনদেন সঠিকভাবে লিখিত দলিল বা ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্ট ছাড়া অন্য কারো সঙ্গে লেনদেন না করার বিষয়ে নিশ্চিত করতে হবে।

রিক্রুটিং এজেন্টদের নির্ধারিত তারিখের মধ্যে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ভিসা, বিএমইটি বহির্গমন ছাড়পত্র, বিমান টিকিট এবং প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশনের সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এছাড়া, চাকরির শর্ত, বেতন-ভাতা, কর্মপরিবেশসহ সব বিষয়ে কর্মীদের যথাযথভাবে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।

সরকার কোনও সাংস্কৃতিক কর্মকাণ্ড

সরকার কোনও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয়: উপদেষ্টা

সরকার কোনও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয়: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি শিল্পকলা একাডেমিতে সংঘটিত এক অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার কোনও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয় এবং এমন কর্মকাণ্ডকে সমর্থন করে না। শিল্পকলায় ঘটে যাওয়া এই ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি শিল্পকলার মহাপরিচালক দেখছেন।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক বিষয়ে তিনি বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচনকে প্রাধান্য দেবে, এটাই স্বাভাবিক। নির্বাচনের আগে কোথায় সংস্কার করা প্রয়োজন, তা অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, মাইনাস টু ফর্মুলা প্রসঙ্গে বিএনপির বক্তব্য দেওয়ার অধিকার আছে। বিএনপি নির্বাচন চায়, এটা তাদের যৌক্তিক দাবি এবং সরকারও নির্বাচন চায়। তবে সরকার প্রথমে সংস্কার করতে চায় এবং পাশাপাশি নির্বাচনের ওপরও গুরুত্ব দিচ্ছে।

অন্যদিকে, নভেম্বর থেকে সেন্টমার্টিনে সাধারণত পর্যটকেরা যাতায়াত শুরু করে। তবে এবার কড়াকড়ির কারণে সেন্টমার্টিনের পর্যটন ব্যবসা জমে উঠছে না। সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ মাধ্যমে বিভিন্ন তথ্য ও অপতথ্যের কারণে সেন্টমার্টিন নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বিষয়ে সরকার থেকে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যাচ্ছে না।

পরিবেশ উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেন্টমার্টিনের ৪১ শতাংশ প্রবাল ক্ষয়প্রাপ্ত হয়েছে। আন্তর্জাতিক কিছু জার্নালে বলা হয়েছে, এভাবে চলতে থাকলে ২০৪৫ সালের মধ্যে প্রবাল ক্ষয় হয়ে সেন্টমার্টিন সম্পূর্ণ ডুবে যাবে, তখন পরবর্তী প্রজন্ম সেন্টমার্টিন দেখতে পাবে না। বিশ্বের অনেক দেশ এই ধরনের কোরাল দ্বীপের পরিবেশ ফিরিয়ে আনতে কয়েক মাস পর্যটন বন্ধ রাখে। আমরা তো তা করছি না; আমরা একটি মধ্যম অবস্থানে আছি। কারণ সেন্টমার্টিনের বাসিন্দারা সেখানকার পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল। তাই নভেম্বর মাসে পর্যটকেরা দিনে গিয়ে দিনে ফিরে আসবে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকেরা রাতে থাকতে পারবে। আর ফেব্রুয়ারি মাসে পর্যটন একেবারেই নিষিদ্ধ করা হয়েছে।

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আরিফ গ্রেফতার

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আরিফ গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ধর্মপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে সাইফুল ইসলাম আরিফ (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে সেনাবাহিনী ২৩ বীর-এর নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান চালায়।

অভিযানে আরিফের কাছ থেকে একটি ওপেন বোল্ট শটগান, দুটি দা, ছয়টি ধারালো ছুরি এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, অস্ত্রধারী আরিফ বিভিন্ন সময়ে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালাতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বহিষ্কৃত বিএনপি নেতা বিল্লাল গ্রেফতার

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বহিষ্কৃত বিএনপি নেতা বিল্লাল গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কুমিল্লা জেলা পরিষদ অফিস প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।

এই তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

গ্রেফতার হওয়া বিল্লাল হোসেন কুমিল্লা নগরীর ২নং ওয়ার্ডের ছোটরা পূর্বপাড়া এলাকার বসু মিয়ার ছেলে। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

ওসি মহিনুল বলেন, “যৌথ বাহিনী তাকে (বিল্লাল হোসেন) আইনশৃঙ্খলা বিঘ্নকারী হিসেবে উল্লেখ করে গ্রেফতার করেছে। পরে তাকে আমাদের নিকট হস্তান্তর করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেনের বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে। এর আগে ২০১৭ সালের হলফনামায় তার বিরুদ্ধে দায়ের করা ২০ মামলার তথ্য উল্লেখ করা হয়েছিল, যার মধ্যে অস্ত্র, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন নির্বাচন নভেম্বরের

মার্কিন নির্বাচন নভেম্বরের মঙ্গলবারই কেন?

মার্কিন নির্বাচন নভেম্বরের মঙ্গলবারই কেন?

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আর মাত্র একদিন বাকি। আগামীকাল (৫ নভেম্বর) মঙ্গলবার ভোট গ্রহণ শেষে জানা যাবে কে হচ্ছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট। নির্বাচনের প্রতি জনমনে আগ্রহের কমতি নেই। আসুন জেনে নেওয়া যাক, কেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নভেম্বর মাসের মঙ্গলবারকেই বেছে নেওয়া হয়।

প্রতি চার বছর পর পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন হিসেবে নভেম্বর মাসের মঙ্গলবার নির্ধারিত হয়। এ বছরও দেখা যাচ্ছে তেমনটিই, যেখানে আমেরিকানরা ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবেন ডোনাল্ড ট্রাম্প অথবা কমলা হ্যারিসকে।

কিন্তু প্রশ্ন রয়েছে— কেন এই দিনটিকেই প্রেসিডেন্ট নির্বাচনের দিন হিসেবে নির্ধারণ করা হলো? এর পিছনে রয়েছে একটি দীর্ঘ ইতিহাস। চলুন জেনে নেওয়া যাক এই নির্বাচনের দিনটি কীভাবে ঠিক হলো।

ইতিহাসবিদদের মতে, নির্বাচনের এই দিনটি আমেরিকান কৃষকদের সঙ্গে সম্পর্কিত। তবে প্রথমে জানতে হবে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দেশব্যাপী একই দিনে অনুষ্ঠিত হওয়ার আগে কী ব্যবস্থা ছিল।

১৮০০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত, মার্কিন রাজ্য অনুসারে নির্বাচনের তারিখগুলো পরিবর্তিত ছিল। ডিসেম্বরে ইলেক্টোরাল কলেজের ভোট মিলিত হওয়ার আগে নির্বাচনের দিন নির্ধারণ করা হতো। উদাহরণস্বরূপ, ১৮৪৪ সালে নভেম্বরের শুরু থেকে ডিসেম্বরের প্রথম দিকে এক মাসব্যাপী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

এই ব্যবস্থার সমালোচনা হয়েছিল, কারণ বিভিন্ন তারিখে ভোট হলে তা ফলাফলকে প্রভাবিত করতে পারে। যদি আমেরিকানরা দেখতো যে একজন প্রার্থী নির্দিষ্ট এলাকায় প্রেসিডেন্ট হওয়ার পথে রয়েছে, তাহলে এটি দেশের অন্যান্য অংশেও প্রার্থীর ভালো ফলাফলের সম্ভাবনা বৃদ্ধি করত।

সেই কারণে ১৮৪৫ সালে ইউএস কংগ্রেস একটি আইন পাস করে, যা রাষ্ট্রপতি এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একটি অভিন্ন তারিখ প্রতিষ্ঠা করেছিল। সেই আইন অনুযায়ী, ‘নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার’ নির্বাচন হওয়ার কথা।

কিন্তু কেন এটি মঙ্গলবার এবং কেন নভেম্বর? এর সঙ্গে জড়িত রয়েছে দেশের কৃষকরা। কারণ সে সময়ের অনেক আমেরিকান কৃষিতে জড়িত ছিলেন। নভেম্বরকে বেছে নেওয়া হয়েছিল কারণ এটি বসন্তের ব্যস্ত রোপণ ঋতু কিংবা শরতের ফসল কাটার সময় নয় এবং তখন শীতের তাপমাত্রাও খুব বেশি কমে যায় না।

এছাড়া, অনেক প্রান্তিক আমেরিকান কৃষক দূরবর্তী গ্রামীণ এলাকায় বাস করতেন, যেখানে সাধারণত ভোট দেওয়া হতো না। তাঁদের ভোটকেন্দ্রে পৌঁছতে এক দিন সময় লাগতো। এজন্য নির্বাচনের জন্য মঙ্গলবারকে বেছে নেওয়া হয়েছিল। কারণ রোববার খ্রিস্টানরা গির্জায় যেতেন এবং বুধবার সাধারণত ‘বাজারের দিন’ ছিল, যখন কৃষকরা পণ্য কিনতে যেতেন।

এ কারণে রোববার ও বুধবারকে ভ্রমণের দিনের জন্য বিবেচনা করা হয়নি— তাই সোমবার বা বৃহস্পতিবার নির্বাচন করার প্রস্তাব বাতিল করা হয়। এই কারণে মঙ্গলবারকেই নির্বাচন দিন হিসেবে নির্ধারণ করা হয়। এরপর থেকে প্রতি চার বছর পর নভেম্বর মাসের মঙ্গলবারে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

তাপসের ৭ দিনের রিমান্ড

তাপসের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

তাপসের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর উত্তরা পূর্ব থানায় ব্যবসায়ী ইসতিয়াক হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিববুল্লাহ এ আবেদন করেন।

এই বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, রোববার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা মামলায় তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যা নিয়ে তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।”

কুমিল্লা নগরীতে উইকন চৌধুরী আর্কেডে শুরু হচ্ছে ৪দিন ব্যাপী দোকান বিক্রয় উৎসব

 

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা  নগরীর  প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে উইকন চৌধুরী আর্কেড এ আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী দোকান বিক্রয় উৎসব। এ উৎসব উপলক্ষে রয়েছে আর্কষনীয় অফার ও বিশেষ ছাড়।

এ উৎসব উপলক্ষে রোববার (০৩ নভেম্বর) বিকালে কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক দেওয়ান রাশিদুল হাসান বলেন, কুমিল্লার ব্যবসায়িক জগতে এক নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে উইকন প্রপাটিজ লিঃ । আমরা নিয়ে আসছি চার দিনব্যাপী দোকান বিক্রয় উৎসব’। আগামী ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব আপনার জন্য এসেছে অভাবনীয় সুযোগ এবং আকর্ষণীয় উপহার। যা আপনাকে দিচ্ছে আধুনিক ব্যবসায়িক স্পেসে বিনিয়োগের সুবর্ণ সুযোগ।

তিনি আরো বলেন, যে অফারগুলো সম্মানিত ক্রেতা সাধারণকে মুগ্ধ করবে তার মধ্যে ৩০০টিরও বেশি দোকান এবং বাণিজ্যিক স্পেস যা আপনাকে দিয়ে আধুনিক ব্যবসায়িক সুযোগের এক অপরাজেয় সম্ভাবনা। বিশেষ ছাড় ও সাফ কবলাই রেজিস্ট্রেশন- যা বিনিয়োগকে করে তুলবে আরও সহজ এবং সাশ্রয়ী। এছাড়া মাসিক ২% পেমেন্ট প্ল্যান আপনার বিনিয়োগে আর্থিক চাপ ছাড়াই সাফল্যের পথে অগ্রসর হতে পারবেন। রয়েছে ১ বছরের জন্য সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি। আছে উপহার জেতার দারুণ সুযোগ্য। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল, টয়োটা অ্যাকোয়া গাড়ি, আইফোন ১৬, সোনার চেইনসহ আরও ৫০টিরও বেশি আকর্ষণীয় উপহার।

উইকন চৌধুরী আর্কেড আপনার সেরা বিনিয়োগ উল্লেখ করে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কুমিল্লার ঐতিহ্যবাহী শহীদ খাজা নাজিম উদ্দিন সড়কের কান্দিরপাড়ে অবস্থিত, ১৩তলা বিশিষ্ট আধুনিক এই ভবনটি শুধুমাত্র একটি বানিজ্যিক স্পেস নয়, বরং আপনার ব্যবসায়িক স্বপ্নের প্লাটফর্ম। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই আর্কেডে ব্যবসায়িক স্পেসের চাহিদা মিটিয়ে স্থানীয় অর্থনীতিকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে। এছাড়াও, প্রবাসী বাংলাদেশিদের জন্য হালাল ব্যবসায় বিনিয়োগের সুযোগ এনে দিয়েছে উইকন প্রপাটিজ লিঃ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শহীদ খাজা নাজিম উদ্দিন রোড, কান্দিরপাড়, কুমিল্লার চৌধুরী আর্কেডে আগামী ৬ নভেম্বর থেকে ৯ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান বিক্রয় উৎসব চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উইকন প্রপার্টিজ লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক ও প্রধান স্থপতি মাহাদী ইফতেখার, নির্বাহী পরিচালক দেওয়ান রাশিদুল হাসান এর পক্ষ থেকে স্থানীয় গণ্যমান্য বাক্তিবর্গ, ব্যবসায়ী, পেশাজীবী, বিনিয়োগকারী, রেমিট্যান্স যোদ্ধা ও তাদের পরিবারবর্গ এর পাশাপাশি আপনাদেরও আমন্ত্রণ জানাই। এই উৎসব ও অফারের সীমিত সময়ের সুযোগ হাতছাড়া করবেন না।

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায়

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে চলন্ত ট্রাকের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ সাকিব (১৯) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) সকাল ছয়টার দিকে উপজেলার জিংলাতলী গোডাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব নোয়াখালী সদর উপজেলার ভাটিরটেক ধর্মপুর এলাকার মো. বেলাল মিয়ার ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহিনূল ইসলাম বলেন, ঢাকাগামী একটি মালবোঝাই কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার বুঝাইকৃত চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের হেল্পার মোঃ সাকিব ঘটনাস্থলে মারা যায়। এতে চালকসহ দুইজন আহত হয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলছে।

নদীতে ইলিশ ধরার সময়

নদীতে ইলিশ ধরার সময় চাঁদপুরে কৃষি ব্যাংকের এজিএমসহ ১৪ জেলে আটক

নদীতে ইলিশ ধরার সময় চাঁদপুরে কৃষি ব্যাংকের এজিএমসহ ১৪ জেলে আটক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞার শেষ দিনে ইলিশ ধরার অপরাধে বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) কাইয়ুম খানসহ ১৪ জেলেকে আটক করেছে নৌপুলিশ।

রোববার (৩ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি জেলে নৌকায় সাতজনকে আটক করা হয়। ওই নৌকা থেকে কৃষি ব্যাংক চাঁদপুর শাখার (ব্যবস্থাপক) এজিএম কাইয়ুম খানকে আটক করা হয়। এ ছাড়া প্রায় ১ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার এবং ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। আটককৃত ১৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হবে।

আটক ব্যাংক কর্মকর্তা কাইয়ুম খান কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি ব্যাংকের ভবনেই থাকতেন। তিনি সাংবাদিকদেরকে বলেন, তিনি জানতেন না মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলছে। জেলে নৌকাটি তার একজন পরিচিতি লোকের। ওই নৌকায় তিনি জেলেদের সাথে ঘুরতে গিয়েছিলেন।

এ দিকে ২২ দিনের অভিযান প্রসঙ্গে সংক্ষিপ্ত প্রেসবিফ্রিং করেন পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। তিনি বলেন, ২২ দিনেন অভিযানে ৩৪৬ জেলে গ্রেপ্তার, ৭৫ লাখ ৯৭ হাজার মিটার জাল, ২ হাজার ৪৭৯ কেজি মাছসহ ১১৪টি জেলে নৌ জব্দ করা হয়। এ ছাড়া ২৯টি মোবাইল কোর্টে ১৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।