All posts by jitu

এবার নতুন নিয়মে

এবার নতুন নিয়মে এইচএসসি ফলাফল প্রকাশ

এবার নতুন নিয়মে এইচএসসি ফলাফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

প্রতিবছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হলেও, এবার সেই প্রক্রিয়া পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রত্যেক শিক্ষাবোর্ড আলাদাভাবে ফলাফল প্রকাশ করবে। সোমবার (৮ অক্টোবর) আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে এবার কোনো কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজন করা হবে না। ফলাফলটি সংশ্লিষ্ট বোর্ড অফিস থেকে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা প্রতিবছরের মতো এবারও এসএমএস, ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফলাফল জানতে পারবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবর প্রকাশিত হবে। ওইদিন সকাল ১১টার দিকে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। প্রথম দফার প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিনের পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় সরকার।

সূত্র: চ্যানেল২৪

রাশিয়ার তেলের টার্মিনালে

রাশিয়ার তেলের টার্মিনালে ইউক্রেনের হামলা

রাশিয়ার তেলের টার্মিনালে ইউক্রেনের হামলা

ডেস্ক রিপোর্ট:

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় একটি গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের টার্মিনালে হামলার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এই টার্মিনাল থেকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর জন্য জ্বালানি তেল সরবরাহ করা হতো।

ইউক্রেন জানিয়েছে, তারা রুশ-অধিকৃত ক্রিমিয়ায় একটি তেলের টার্মিনালে আঘাত করেছে। গত কয়েক মাস ধরে ইউক্রেন রাশিয়ার শক্তি ক্ষেত্রকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। তাদের দাবি, এই তেল বিক্রি করেই রাশিয়া যুদ্ধের খরচ মেটাচ্ছে।

ইউক্রেনের সেনাবাহিনী সামাজিক মাধ্যমে পোস্ট করে জানায়, অধিকৃত ক্রিমিয়ার ফিওদেশিয়ায় একটি তেলের টার্মিনালে তারা সফলভাবে আক্রমণ করতে পেরেছে।

২০১৪ সাল থেকে ক্রিমিয়া রাশিয়ার অধীনে রয়েছে। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষ্ণসাগরের একটি বন্দর শহরের তেলের ডিপোতে আগুন লেগেছে, তবে কোনো প্রাণহানির খবর নেই।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের ১২টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ইউক্রেন মোট ২১টি ড্রোন দিয়ে এই আক্রমণ চালায়।

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, ফিওদেশিয়া টার্মিনালটি ক্রিমিয়ায় সবচেয়ে বড়, এখান থেকে তেল ও তেলজাত পণ্য রাশিয়ার সেনাদের কাছে সরবরাহ করা হয়।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষ চলছে। কিয়েভ বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে, এবং ইউক্রেন এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন করেছে। রুশ জ্বালানি তেলের ডিপো, পরিশোধন কেন্দ্র এবং অস্ত্রাগারে হামলা চালানো এর লক্ষ্য।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে বোরকা পরা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে বোরকা পরা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে এখনও তার পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত নারীর পরনে গোলাপি রঙের বোরখা ছিল। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লায় এক যুবককে গুলি করে

কুমিল্লায় এক যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

কুমিল্লায় এক যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গুলির পর বিএসএফ তার মরদেহ নিয়ে গেছে।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের পাহাড়পুর সীমান্তের কাছে ভারতের ভেতরে এই ঘটনা ঘটে। বিষয়টি গভীর রাতে জানাজানি হয়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যায় সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনা যায়। পরে জানা যায়, সেটি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার ধনপুর তেতুইয়ামুড়া সীমান্তের কাছাকাছি। সেখানে কামাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হন। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কুড়িয়াপাড়া ফকিরমুড়া গ্রামের ইঁদু মিয়ার ছেলে।

ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে বিএসএফ ওই যুবকের মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন জানান, ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। তবে এখনো স্পষ্ট নয়, ওই যুবক সীমান্তে কীভাবে গেলেন বা কেন সেখানে ছিলেন। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে।

ইবিএল ও মাস্টারকার্ডের সাথে

ইবিএল ও মাস্টারকার্ডের সাথে অংশীদারিত্বে কো-ব্র্যান্ডেড কার্ড নিয়ে এলো বাংলালিংক

ইবিএল ও মাস্টারকার্ডের সাথে অংশীদারিত্বে কো-ব্র্যান্ডেড কার্ড নিয়ে এলো বাংলালিংক

ডেস্ক রিপোর্ট:

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও মাস্টারকার্ডের সাথে অংশীদারিত্বের মাধ্যমে অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য আজ (০৭ অক্টোবর) তিনটি নতুন কো-ব্র্যান্ডেড কার্ড নিয়ে এসেছে উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক।

গ্রাহকদের ক্ষমতায়ন করার মধ্য দিয়ে নিজেদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বাংলালিংক। গ্রাহকদের জীবনকে আরও সমৃদ্ধ করতে ডিজিটাল সমাধান ও সময়োপযোগী নানান অফার নিয়ে আসছে এই ডিজিটাল অপারেটর। এরই ধারাবাহিকতায় নতুন তিনটি কার্ড নিয়ে এলো বাংলালিংক। কার্ডগুলো হলো মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড, মাস্টারকার্ড টাইটানিয়াম ক্রেডিট কার্ড ও মাস্টারকার্ড প্রিপেইড কার্ড। বাংলালিংক ব্যবহারকারীদের লয়্যাল্টি প্রোগ্রাম বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা এই কার্ড ব্যবহার করে বিশেষ অফার এবং কেনাকাটার বিপরীতে পয়েন্ট অর্জন ও রিডিম করার সুযোগ পাবেন।

টাইটানিয়াম ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বিনামূল্যে কার্ড পাবেন এবং মাস্টারকার্ড ওয়ার্ল্ড কার্ডধারীরা কার্ড ইস্যুয়েন্স ফি-তে ৫০ শতাংশ ছাড় উপভোগ করবেন। উভয় কার্ডের ক্ষেত্রেই বছরে ২৪টি লেনদেন পর্যন্ত বার্ষিক বা নবায়ন ফি ছাড় সুবিধা পাওয়া যাবে।

মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে আটটি কমপ্লিমেন্টারি লাউঞ্জে প্রবেশের সুযোগ পাবেন এবং টাইটানিয়াম ক্রেডিট কার্ডে চারটি ফ্রি লাউঞ্জ প্রবেশ থাকবে। উভয় কার্ডধারীরাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ইবিএল স্কাইলাউঞ্জ এবং মিট অ্যান্ড গ্রিট সেবার অফুরন্ত সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।

কার্ডধারীরা তাৎক্ষণিকভাবে অরেঞ্জ ক্লাবের সিগনেচার টিয়ারে উন্নীত হবেন। পোস্টপেইড গ্রাহকরা আন্তর্জাতিক রোমিং সিকিউরিটি ডিপোজিটে ছাড় পাবেন; আর প্রিপেইড গ্রাহকরা প্রথম রোমিং রিচার্জে ৫০ শতাংশ ছাড় উপভোগ করার সুযোগ পাবেন।

পাশাপাশি, কার্ডধারীরা ২০ লাখ অরেঞ্জ ক্লাব কয়েন পাবেন, যা বিভিন্ন বিশেষ অফার গ্রহণের সময় রিডিম করা যাবে। এ কো-ব্র্যান্ডেড কার্ডগুলোর মাধ্যমে মাস্টারকার্ডের প্রাইসলেস স্পেশালস প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের ৮ হাজারেরও বেশি পার্টনার মার্চেন্টদের কাছে আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন কার্ড ব্যবহারকারীরা। এছাড়াও, কার্ড ব্যবহারকারীরা বছরজুড়ে অরেঞ্জ ক্লাব এবং ইস্টার্ন ব্যাংকের পার্টনার মার্চেন্টদের কাছ থেকে বিশেষ ছাড় পাবেন।

এ নিয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী (সিইও) এরিক অস বলেন, “বাংলালিংকে আমরা আমাদের গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ডিজিটাল সমাধান নিশ্চিত করতে নিরলস চেষ্টা করে যাচ্ছি। এই কো-ব্র্যান্ডেড কার্ডগুলো আমাদের গ্রাহকদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে। মাস্টারকার্ড বাংলাদেশ ও ইস্টার্ন ব্যাংক পিএলসি’র সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে ভূমিকা রাখছি। অরেঞ্জ ক্লাবের সদস্যরা বিশেষ সুবিধা ও উদ্ভাবনী ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন। গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং ডিজিটাল রূপান্তর এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলালিংকের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ আমাদের এ উদ্যোগ।”

এ বিষয়ে ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, “মাস্টারকার্ড ও বাংলালিংকের সাথে কো-ব্র্যান্ডেড কার্ডের অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। আমাদের দৃঢ় বিশ্বাস, কো-ব্র্যান্ডেড কার্ড বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য নতুন এবং বিশেষ সব লাইফস্টাইল সুবিধা প্রদান করবে। ইবিএলে আমরা আমাদের গ্রাহকদের বিশ্বমানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “বাংলালিংকের অরেঞ্জ ক্লাব মেম্বারদের জন্য বিস্তৃত পরিসরের সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংক ও বাংলালিংকের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। নতুন কার্ডগুলো গ্রাহকদের নিরাপদ, সুরক্ষিত ও সুবিধাজনক লেনদেনের অভিজ্ঞতা প্রদান করবে এবং তাদের ডাইনিং, শপিং ও ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতা উপভোগের সুযোগ করে দিবে। আর্থিক সেবার ইকোসিস্টেমে অংশীদারিত্বের মাধ্যমে মাস্টারকার্ড বিশ্বমানের পণ্য নিয়ে আসতে অঙ্গীকারবদ্ধ।

কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড রেইসকোর্সে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ডে রেইসকোর্স মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ডে মধ্য রেইসকোর্স ডি ব্লক জনকল্যাণ সমিতি ও এলাকাবাসীর উদ্যাগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধা ৭টার দিকে ডি ব্লক জনকল্যাণ সমিতি উপদেষ্টা আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ডি ব্লক জনকল্যাণ সমিতি সেক্রেটারী কাজী নজির আহম্মেদ এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন,রাসূল (স:) আদর্শ ছাড়া সমাজ সুন্দর করা যাবে না। সমাজকে সুন্দর করতে হলে মাদকের বিরুদ্ধে নিজ নিজ জায়গা থেকে কঠোর অবস্থানে থাকতে হবে। সবাই ঐক্য থাকলে সমাজ সুন্দর করে সাজাতে পারবো। তাই সমাজে যে কোন অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোস্তফা জামান, তিনি বলেন,বিগত দিনে যারা রেইসকোর্স এলাকায় নেতৃত্ব দিতেন তারা শুধু নিজের ক্ষমতা দেখানোর জন্য মাদকসেবি,অস্ত্রবাজ, সন্ত্রাসীদের দিয়ে দল ভারী করতেন। সমাজের উন্নয়নের জন্য কাজ করতেন না।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন,মাদকের জন্য একটি সুন্দর সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ।আমরা শান্তি চাই। সমস্যা থাকলে সমাধান আছে। আমাদের পুলিশং এক্টিভিটি দিয়ে এই মাদকসেবন সহ যারা বিক্রির সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুলিশের জনবল সংখ্যা কম। মাদকের বিরুদ্ধে সমাজের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আইন নিজের হাতে তুলবেন না। মাদক বিক্রেতাদের ধরে আমাদের জানালে দ্রুত সময়ে এসে ব্যবস্থা নেব।

এসময় বক্তব্য রাখেন,ডি ব্লক জনকল্যাণ সমিতি উপদেষ্টা ডা. আব্দুস সেলিম,ডি ব্লক জনকল্যাণ সমিতি সভাপতি ফারুক আহম্মেদ,৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মাহবুবর রহমান,আশরাফ জ্জামান পিয়াস,মোহাম্মদ রানা,জসিম উদ্দিন,আবুল কাশেম,আবু জাহিদ,শফিকুর রহমানসহ আরো অনেকে।

এইচএসসির ফল প্রকাশ

এইচএসসির ফল প্রকাশ আগামী ১৫ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ আগামী ১৫ অক্টোবর

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবর প্রকাশিত হবে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফলাফল তৈরির কাজ প্রায় শেষের পথে। আমরা ফল প্রকাশের জন্য কয়েকটি তারিখ প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। মন্ত্রণালয় থেকে ১৫ অক্টোবর ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে। ফলে ওইদিনই ফল প্রকাশ করা হবে।

এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা বাতিল হওয়ার পর ফল প্রকাশ নিয়ে জটিলতা দেখা দেয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে, বাতিল হওয়া পরীক্ষাগুলোর জন্য এসএসসি ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল তৈরি করা হচ্ছে।

গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যেখানে মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রথমে রুটিন অনুযায়ী ৮ দিনের পরীক্ষা শেষে কোটা সংস্কার আন্দোলনের কারণে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে সরকার তিন দফায় পরীক্ষা স্থগিত করে।

সূচি অনুযায়ী মোট ৬১টি বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি ছিল। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয়ে এতগুলো পরীক্ষা স্থগিত এবং পরে শিক্ষার্থীদের দাবির মুখে তা বাতিল করা হয়। কারও পাঁচটি, আবার কারও ছয়টি বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে। এই বিষয়ে এসএসসির ফলাফলের ভিত্তিতে গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। আর যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে, সেগুলোর খাতা মূল্যায়ন করে নম্বর ও গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে।

১০ম গ্রেডের দাবীতে

১০ম গ্রেডের দাবীতে চৌদ্দগ্রামে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

১০ম গ্রেডের দাবীতে চৌদ্দগ্রামে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : 

সহকারি শিক্ষকদের বেতন ভাতা ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবীতে মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

সোমবার (০৭ অক্টোবর) বিকেলে উপজেলার দোয়েল চত্বরের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে তারা এই মানববন্ধন কর্মসুচী পালন করে।

বক্তারা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে অর্ন্তবতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী  ড. মোহাম্মদ ইউনুস এর  প্রতি আহ্বান জানান। এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত  কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষক শিক্ষিকা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মোস্তাফিজ, মিজানুর রহমান, খায়রুল ইসলাম, হুয়ায়ুন কবির, কাজি জহিরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে শিক্ষক নেতারা জানান, তাদের বেতন ভাতা দশম গ্রেডে উন্নীত করার দাবী সম্বলিত একটি স্মারক লিপি উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে ও প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর প্রদান করা হয়েছে।

চৌদ্দগ্রামে পাঁচতলা ভবনের ছাদ

চৌদ্দগ্রামে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চৌদ্দগ্রামে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া সরকারি কলেজের পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ছাদেক হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার চিওড়া সরকারি কলেজ কম্পাউন্ডে এই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেন অপর নির্মাণ শ্রমিক শ্রাবণ মিয়া।

নিহত নির্মাণ শ্রমিক ছাদেক হোসেন গাইবান্ধার দাড়িরাপুর এলাকার মোঃ আবদুস ছাত্তারের ছেলে।

স্থানীয় সূত্র ও নির্মাণ শ্রমিক শ্রাবণ জানায়, নিহত শ্রমিক ছাদেক হোসেন কলেজের পাঁচতলা ছাদের উপর দাঁড়িয়ে ছয়তলার ছাদের সেন্টারিংয়ের কার্নিশের কাজ করতে গিয়ে অসতর্ক অবস্থায় পা পিছলে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় ছাদেককে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাছান জানান, নির্মাণ শ্রমিক ছাদেক হোসেনের শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত পড়ছিল। হাসপাতালে আসার পুর্বেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

বিল্ডিং ঠিকাদার আবদুল মান্নান জানান, আমি শুনছি নির্মাণ শ্রমিক ছাদেক কাজ করতে গিয়ে অসতর্ক অবস্থায় পা পিছলে নিছে পড়ে মারা গেছেন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে নিহত নির্মাণ শ্রমিক ছাদেক হোসেনের মরদেহ থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।