All posts by jitu

পারিবারিক কবরস্থান ডুবে গেল, দেড় কিলোমিটার দূরে দাফন হলো যুবকের

ডেস্ক রিপোর্ট:

নজিরবিহীন বন্যায় পানিবন্দি হয়ে পড়ছে দেশের ১২ জেলার মানুষ। কোথাও বুকপানি, কোথাও গলা অবধি। মাঠ-ঘাট তো ডুবেছেই তলিয়েছে গুরুত্বপূর্ণ সড়কও। ৩৬ বছরের মধ্যে এমন বন্যা দেখেননি স্থানীয়রা।

এদিকে, বন্যার পানিতে পারিবারিক কবরস্থান ডুবে যাওয়ায় নিহত এক যুবকের লাশ দাফন করতে পারেননি স্বজনরা। পরে দেড় কিলোমিটার দূরের অন্য আরেক কবরস্থানে দাফন করা হয় ওই যুবকের লাশ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে দিকে নোয়াখালীল কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরজু (৪০) ওই গ্রামের লোকমান হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানায়, আরজু আগে থেকেই অসুস্থ ছিল। বুধবার বিকেলে সে মারা গেলে বন্যার পানির জন্য তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা সম্ভব হয়নি। পরে একই ওয়ার্ডের প্রায় দেড় কিলোমিটার দূরে চৌধুরী বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রসঙ্গত, গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে নোয়াখালীতে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে জেলার অনেক স্থানে হাঁটু ও কোমর পরিমাণ উঠে গেছে।। যার ফলে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।

জানা যায়, চলতি মাসের শুরু থেকে বৃষ্টিপাত শুরু হয়। মাঝে কয়েকদিন বৃষ্টি থামলে কিছুটা পানি সরলেও গত এক সপ্তাহ পুনরায় টানা বৃষ্টি দেখা দিয়েছে। এতে করে গত ২০ দিনের বেশি সময় ধরেই জলাবদ্ধা দেখা দিয়েছে নোয়াখালীর অন্তত ৭টি উপজেলায়।

বু‌ড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে হাজার হাজার ঘরবা‌ড়ি প্লা‌বিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রামের হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এ ভাঙনের ফলে আরও কয়েকশো গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলার বু‌ড়িচং উপ‌জেলার বুড়বু‌ড়িয়া গ্রা‌মে গোমতী নদীর বাঁধ ভেঙে পানি জনপদে প্রবেশ করতে শুরু করে। বুড়বু‌ড়িয়া উত্তর পাড়া এলাকায় প্রথমে একটি ছিদ্র দিয়ে পানি প্রবেশ করতে শুরু হয়। তা ক্রমেই বড় আকার ধারণ করে এবং গভীর রাতে অন্তত ৫০ ফুট বাঁধ ধসে যায়। নদীর পাড় ভাঙনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ নিরাপদ আশ্রয় নেয় সেই বে‌ড়িবাঁধেই। কেউ কেউ স্থানীয় স্কুল মাদ্রাসায়ও আশ্রয় নেই।

স্থানীয়দের দাবি, গত ৫০ বছ‌রে এই এলাকার বাধ ভাঙতে দে‌খে‌ন‌নি তারা। ফ‌লে বন‌্যা মোকা‌বিলার পূর্ব অভিজ্ঞতা না থাকার কার‌ণে অনেকেই বিপা‌কে প‌ড়ে‌ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাধ ভাঙার পর স্থানীয় প্রশাসনের কাউ‌কেই দেখা যায়‌নি সেখা‌নে।

চাঁদপুরে প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার সাহাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারীর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাহাতলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এর আগে বিদ্যালয় মিলনায়তনে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. এনামুল হক, আহসান হাবীব, রাশেদ নিজাম রাজু, সাইফুল ইসলাম, মো. রাশেদ হাওলাদার, মামুন মিজি, বর্তমান শিক্ষার্থী নোমান অভি, সাথী আক্তার ও মো. ইউসুফ।

মানববন্ধন ও মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রধান শিক্ষকের মনগড়া দায়িত্ব পালনে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে একসময় শিক্ষার হার ছিল প্রায় ৯০ শতাংশের মত। তা এখন নেমে দাড়িয়েছে ২০-৩০ শতাংশে। দুই পক্ষের মামলা জটিলতার কারনে অনেক বছর যাবত ম্যানেজিং কমিটিহীন এ বিদ্যালয়। অব্যবস্থাপনায় বিদ্যালয়ের পুরাতন ভবনসহ আশপাশে রাতের বেলায় মাদকসেবিদের আড্ডা জমে।

বিভিন্ন বিষয়ের উপর নির্দিষ্ট অনেক শিক্ষক নেই, যা শিক্ষার্থীদের জন্য খুবই সমস্যাকর। ১২ জন শিক্ষকের মধ্যে আছে মাত্র ৭জন শিক্ষক-শিক্ষিকা। এছাড়াও চতুর্থ শ্রেনীর কর্মচারীরও সংকট রয়েছে এ বিদ্যালয়ে। শিক্ষার্থীদের জন্য নেই ভালো একটি টয়লেটের ব্যবস্থা। শ্রেনী কক্ষগুলোতে নেই পর্যাপ্ত বৈদ্যুতিক পাখা। যা গরমের সময় শিক্ষার্থীরা খুবই কস্ট পেতে হয়।

বক্তারা আরো বলেন, গত ১২ বছরে তিনি ঠিকমতো বিদ্যালয়ে আসেন না এবং ক্লাশও করেন না। গত ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে থাকলেও এর আগে থেকেই বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সভাপতি কিংবা একজন সহকারী প্রধান শিক্ষক না থাকায় অন্যান্য শিক্ষকরা তাদের মত করে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা চালিয়ে নিচ্ছেন।

তারা বলেন, প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারীর স্বেচ্ছাচারিতার শিকার হয়েছে বিদ্যালয়ের বহু শিক্ষার্থী সহ এলাকার জ্ঞানী-গুণীজন। তার অনিয়ম-দুর্নীতির শেষ নেই। আওয়ামী লীগ দলের প্রভাব খাটিয়ে একের পর এক অবিচার করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ বাণিজ্য করেছেন তিনি। সেই সাথে তিনি একত্রে ইউপি চেয়ারম্যান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঠিকাদারির দায়িত্ব কিভাবে পালন করেন।

শিক্ষককে স্বৈরাচার আখ্যা দিয়ে দ্রুত পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, পদত্যাগ না করলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মজিব কারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সচেতন মহল।

এসময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উক্ত অভিযোগের কথা শুনে সবাইকে সাথে নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।

গোমতী নদীতে বাঁধ নির্মাণ করলো বিজিবি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার গোমতী নদীর তীরবর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের উদ্ধার ও ত্রাণ বিতরণ ও নদী রক্ষা বাঁধ নির্মাণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি জানান।

তিনি জানান, বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ বিবির বাজার বিওপির দায়িত্বপূর্ণ গোমতী নদীর তীরবর্তী বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছে বিজিবি। পাশাপাশি বিজিবির উদ্যোগে তাদের মাঝে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হচ্ছে।

এছাড়া গোমতী নদীর তীরে ফাটল দেখা দিলে নদীর ভাঙন রোধে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে বালুর বস্তা ফেলে বাঁধ নির্মাণ করে বিজিবি সদস্যরা।

এদিকে সচিবালয়ে চলমান বন্যা নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান, চলমান বন্যায় এখন পর্যন্ত দেশের আট জেলার ২৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজনের মৃত্যু হয়েছে। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বন্যাকবলিত হয়েছে। আট জেলায় মোট ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট এক হাজার ৫৩৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট ৭৫ হাজার ৬৬৮ জন লোক এবং ৭ হাজার ৪৫৯টি গবাদিপশুকে আশ্রয় দেওয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত সচিব।

ডুবে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, বন্ধ যান চলাচল

ডেস্ক রিপোর্ট:

ফেনীতে চলমান বন্যা পরিস্থিতির অবনতির ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকা তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেনীতে বন্যার পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নদীর পানিপ্রবাহ বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে শত শত গ্রাম। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কয়েকটি স্থান এবং ফেনীর বেশকিছু এলাকা পানিতে তলিয়ে যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে গাড়ি চললেও বিকেলের পর মহাসড়কে প্রচুর পানি বেড়ে যায়। ফলে যান চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের সমন্বিত দল মহাসড়কে অবস্থান করছে। পানি কমে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। সতর্কতার সঙ্গে সবাইকে পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

 

বন্যার্তদের সহযোগিতায় কুবি

 

চাঁদনী আক্তার, কুবি:

টানা বৃষ্টি ও ভারত থেকে ধেয়ে আসা পানির কবলে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষীপুরের মানুষ। দেশের এমন ক্রান্তিলগ্নে বন্যার্তদের পাশে দাড়িয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) কুমিল্লা গোমতী নদী, বুড়িচং, চৌদ্দগ্রাম, ফেনী, নোয়াখালীর, লাঙ্গলকোট, পানিবন্দি মানুষের সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে রওনা দেন শিক্ষার্থীরা।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী সবাই নিজ দায়িত্ব মানুষের পাশে দাঁড়ায়েছি। শিক্ষার্থীরা নিজেদের বিভাগের ব্যানারে বন্যার্তের জন্য ফান্ডের ব্যবস্থা করে জনগণকে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানান।

শিক্ষার্থীরাদের সাথে কথা বলে জানা যায়, কুমিল্লার দুঃখ গোমতী’র পাড়ের বানবাসী মানুষদেরকে সহযোগিতা করার জন্য কয়েকটি টিম ভাগ করে নেন। অন্যান্য জায়গার অবস্থা খারাপ হওয়ার কারণে একটি টিম গোমতী নদীর পাড়ে রেখে বাকি টিমগুলো ফেনী, লাঙ্গলকোটের উদ্দেশ্য রওনা দেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা গণ ত্রাণ কর্মসূচী ঘোষণা করেন।

আইন বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী শাকিল মেহরাজ বলেন, গত পঞ্চাশ বছর ধরে কুমিল্লার মানুষ বন্যার মুখোমুখি হয়নি তাই বর্তমান পরিস্থিতি দেখে উনারা খুব উদ্বিগ্ন হয়ে গেছেন। আমরা গতকাল থেকে কিছু টাকা সংগ্রহ করে এই বানবাসী মানুষদের জন্য মেডিসিন, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের ব্যাবস্থা করেছি। এবং দেশ ও বিদেশের সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের কর্মকর্তা জাহিদ জুয়েল বলেন, বন্যার্তদের পাশে দাঁড়াতে শিক্ষার্থীদের সর্বাত্নক সহযোগিতা করবে প্রশাসন। বর্তমানে বন্যার্তদের জন্য পাঁচটি নীল বাস দেওয়া হয়েছে। যতক্ষণ উদ্ধার কাজ শেষ হচ্ছে না তার ব্যায়ভার বিশ্ববিদ্যালয় বহন করবে।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল লতিফ জানান, গোমতী নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে , কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করছেন।

উল্লেখ্য, মাত্রাতিরিক্ত বৃষ্টির ফলে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর ডেম ১৯৯৩ সালের পর এইবার খোলে দেওয়া হয়েছে, ফলশ্রুতিতে গোমতী নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। যেকোন মুহূর্তে উত্তর পাশের বাধ ভেঙে যেতে পারে।

গোমতীর পানি বৃদ্ধিতে আতংকিত তিতাসের মানুষ, তিন ইউনিয়ন প্লাবিত

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাস উপজেলার তিনটি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে আটকা পড়েছে অন্তত অর্ধলক্ষাধিক মানুষ। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছসেবী সংগঠন। দুর্ঘটনার আশংকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে কিছু এলাকায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বুধবার (২১ আগস্ট) রাত থেকেই তিতাস উপজেলার তিনটি ইউনিয়নে বন্যার পানি বাড়তে শুরু করে। প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে কলাকান্দি, ভিটিকান্দি ও নারান্দিয়া ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ। এসব এলাকার অধিকাংশ বাড়িঘরে পানি প্রবেশ করেছে। বেশির ভাগ সমস্যায় দেখা দিয়েছে বয়োবৃদ্ধ ও শিশুদের নিয়ে।

ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর গ্রামের মোঃ হানিফ মিয়া বলেন, গতকাল রাত থেকে আমাদের ঘুম নাই। ফসল পানিতে ডুবে যাচ্ছে । ঘরবাড়িতে পানি উঠেছে। অনেক বাড়িতে চুলা ডুবে গেছে। রান্না করতে পারেনি।

তিনি আক্ষেপ করে বলেন, রতন গ্রামের সরকারি খালটি ভরাট করে ভাগ করে নিয়ে ঘর বাড়ী তুলে দখল করেছে কিছু লোক। এই খালটি থাকলে হয়তো আজকে আমাদের বাড়ীতে পানি উঠতো না। খাল দিয়ে পানি তিতাস নদীতে চলে যেত।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভিটিকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটির সামনের খোলা অংশে পানিতে ডুবে গেছে ।

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পানিবন্দি মানুষদের সহযোগিতায় কাজ করতে দেখা গেছে। দাসকান্দি বাজারে “তিতাস মুক্ত স্কাউট গ্রুপ” এর সদস্যদের দৌড়াদৌড়ি করতে দেখা যায়। ওই গ্রুপের একজন নয়ন সূত্রধর। দাড়াতে বললে বলেন, ভাই কি বলবেন তারাতারি বলেন লোকজনকে উদ্ধার করতে হবে। তিনি বলেন আমাদের টিমের ৩০/৩৫ জন কাল রাত থেকেই আমরা কাজ করছি। যাদের বাড়ীতে পানি উঠেছে জিনিসপত্রসহ তাঁদেরকে আশ্রয় কেন্দ্রে উঠতে সহযোগিতা করছি।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সুমাইয়া মমিন জানান , উপজেলার তিনটি ইউনিয়নের পানিবন্দি মানুষদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। স্বেচ্ছাসেবক টিম, স্কাউট টিম কাজ করছে। আমাদের উপজেলা প্রশাসনের সবাই কাজ করছে। তিনটি ইউনিয়নে জিআর চাল বরাদ্দ দেয়া হয়েছে, আর শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত করা হচ্ছে।

ময়লা আর্বজনা ও দখল দূষনে দাউদকান্দির বলদা খাল পরিস্কার কার্যক্রম শুরু

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ভারী বৃষ্টি এবং উজানের ঢলে দেশের বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত হয়েছে। বৃদ্ধি পাচ্ছে পানি। এই দুর্যোগ পরিস্থিতির অগ্রীম সতর্কতা হিসেবে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার একমাত্র পানি নিষ্কাশনের খাল “বলদা খাল” পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে বলদা খালের ময়লা অপসারন কার্যক্রম শুরু হয়। শ্রমিক ও ভেকু মেশিনের সাহায্যে চলছে এই কার্যক্রম।

‘জানা যায়, গোমতী নদীর সাথে সংযুক্ত প্রায় ৪কি:মি: দীর্ঘ এই খালটি দিয়ে পণ্য পরিবহন হতো দাউদকান্দি পৌর বাজারে। নৌকা নিয়ে আসতো বাজারে আগত ক্রেতা-বিক্রেতারা । এটার স্বচ্ছ পানি ব্যবহার ও গোসল করতো খাল পাড়ের বাসিন্দারা। বন্যা বা ভারী বর্ষণ হলেও দ্রুত খালটি দিয়ে পানি নিষ্কাশন হতো।

এখনকার চিত্র ভিন্ন। খালটি প্রায় মৃত। দীর্ঘ বছরে দখল আর ময়লা আবর্জনার স্তুপে পরিনত হয়েছে। এছাড়াও একটু ভারি বর্ষণ হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। যার ফলে স্থানীয়দের দীর্ঘ বছর ধরে পোহাতে হয়েছে দুর্ভোগ। অনেক বছর পর হলেও খালটি পুনরুদ্ধার ও আবর্জনা পরিস্কার কার্যক্রম শুরু করেছে দাউদকান্দি উপজেলা ও দাউদকান্দি পৌরসভা প্রশাসন।

পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. বিল্লাল হোসেন খন্দকার সুমন বলেন, বলদা খাল দাউদকান্দির পানি নিষ্কাশন এবং পানি প্রবাহের অন্যতম একটি মাধ্যম ছিল। একটা সময় ছিলো আমরা এখানে সাতার কাটতাম। জোয়ার ভাটার পানি আসতো। সময়ের বিবর্তনে দখলে দূষনে এটি বেদখল হয়ে যায়। খালটি প্রায় মৃত। খালটি উদ্ধারের মাধ্যমে একটি দৃষ্টিনন্দন পর্যটন স্থান হিসেবে এলাকাবাসীকে উপহার দেওয়া হবে। খালের দুপাশে ওয়াক ওয়ে করার পরিকল্পনা আছে।

উপজেলা নির্বাহী কর্মকতা ও উপজেলা প্রশাসক মো. আরাফাতুল আলম বলেন, এটি জনগুরুত্বপূর্ন একটি খাল। খালটি অংশবিশেষ বেদখলও হয়ে গেছে। যার ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমরা সকলে মিলে খালটি উদ্ধারের লক্ষ্যে ময়লা পরিস্কার ও দখল উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি। আশা করছি, খালটি তার পূর্বের রুপ ফিরে পাবে এবং পৌরবাসীর দুর্ভোগ লাগব হবে।

খালটি পরিস্কার কার্যক্রমে উপস্থিত ছিলো, উপজেলা সহকারী কমিশনার ও পৌর সভা প্রশাসক দাউদকান্দি মো. জিয়াউর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, পৌরসভার সহকারী প্রকৌশলী এইচএম কামরুজ্জামান, কাউন্সিলর মো. বিল্লাল হোসেন খন্দকার সুমন, কাউন্সিলর মো. সালাহ উদ্দিন সরকার, কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন। বলদা খাল দখল ও দূষন মুক্ত হয়ে পূর্বের রুপে ফিরে পাবে। পানি প্রবাহমান থাকবে। আগের মতো নৌকা চলবে। মানুষ স্বাচ্ছন্দে খালটি ব্যবহার করবে। এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৮৮ মিলিমিটার বৃষ্টি কুমিল্লায়, আরও ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি থাকতে পারে

ডেস্ক রিপোর্ট:

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, নোয়াখালী, কুমিল্লা ও ফেনী অঞ্চলে আজ অনবরত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত আগামীকাল বিকেলের দিকে কমতে পারে। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড, খাগড়াছড়িসহ পাহাড়ি অঞ্চলে আগামী ২ দিনের বেশি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

তিনি আরও জানায়, বর্তমানে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে আসছে। আগামী ২৬ তারিখ থেকে সারাদেশে বৃষ্টিপাত কমে আসতে পারে।

২২ আগস্ট সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এসময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে গতকাল বুধবার সকাল থেকে আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়। এসময় নোয়াখালীতে ১৫০ মিলিমিটার, সিলেটের শ্রীমঙ্গলে ১১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল দেশে সর্বোচ্চ ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

কুমিল্লায় বৃষ্টি ও বন্যায় ২দিনে চারজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় টানা বৃষ্টি ও বন্যার কারণে দুইদিনে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার (২১ আগস্ট) মারা গেছেন ৩ জন এবং সোমবার (১৯ আগস্ট) মারা গেছেন ১ জন।

মৃতদের মধ্যে দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, একজন গাছ পড়ে এবং একজন বন্যার পানিতে তলিয়ে মারা যান। নাঙ্গলকোটে কেরামত আলী (৪৫) নামে এক ব্যক্তি বন্যার পানিতে ডুবে মারা যান। তিনি পৌরসভার দাউদপুর এলাকার বাসিন্দা ছিলেন।

বুধবার রাতে কেরামত আলী মাছ ধরতে গিয়ে স্থানীয় একটি ব্রিজের নিচে তলিয়ে যান। প্রবল স্রোতে তিনি অদৃশ্য হয়ে যান, এরপর স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করে। কিছু সময় পর ঘটনাস্থলের কাছাকাছি তার মরদেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব জানান, কেরামত আলীকে রাত ১২টার দিকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে যান। তিনি মাছ ধরতে গিয়ে পিছলে পড়ে স্রোতের কারণে আর উঠতে পারেননি বলে জানতে পেরেছি।

বুধবার বিকেলে বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক পিলারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাফি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে নগরীর ছোটরা এলাকার বাসিন্দা।

কুমিল্লা জেনারেল হাসপাতালের চিকিৎসক যোবায়ের হোসেন তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রামে বন্যার পানিতে মাছ ধরার সময় মাথায় গাছ পড়ে শাহাদাত হোসেন (৩৪) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া (আদর্শ গ্রাম) পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার সোনাকাটিয়া গ্রামের কানু মিয়ার ছেলে।

এর আগে সোহরাব হোসেন সোহাগ নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে কুমিল্লা নগরীর সালাউদ্দিন মোড়ে ওই আইনজীবী বিদ্যুৎস্পৃষ্ট হন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে একটি ডায়াগনস্টিক সেন্টারে রেখে বের হলে বৃষ্টির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।