অবসরের পর কোচিংয়ে আগ্রহ নেই মেসির
অবসরের পর কোচিংয়ে আগ্রহ নেই মেসির
ফুটবলের রাজপুত্র বলা হয় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। তবে সময়ের পরিক্রমায় বিশ্বকাপজয়ী ফুটবলারের ক্যারিয়ার শেষের দিকে। ২০২৬ বিশ্বকাপে তিনি খেলা শেষ করতে পারেন। মাঠের খেলা ছাড়ার পর ডাগআউটে তাকে দেখা যাবে কিনা, এ নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে।
তবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক জানান, অবসরের পর কোচিং ক্যারিয়ারে যুক্ত হওয়ার কোনো ইচ্ছে নেই। মেসি বলেন, ‘আমি কোচ হতে চাই না। কিন্তু আমি এখনো নিশ্চিত নই যে ভবিষ্যতে আমি কি করবো। আমি প্রতিদিন যা কিছু করি তা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি শুধু খেলা এবং প্রশিক্ষণ নিয়ে থাকি।’
বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ২০২৬ বিশ্বকাপও হবে যুক্তরাষ্ট্রে। গুঞ্জন আছে যে এলএম-টেন ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন। তবে ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, কবে ফুটবলকে বিদায় জানাবেন সেই বিষয়ে এখনো নিশ্চিত নন। তিনি বলেন, ‘সত্যটা আমি জানি না। আমাকে বেশ কয়েকবার এই প্রশ্ন করা হয়েছে, বিশেষ করে আর্জেন্টিনার হয়ে আমি কবে বিদায় নিচ্ছি।’
এছাড়াও মেসি নিজের অবসরের বিষয়ে বলেন, ‘আমি কেমন অনুভব করি তার ওপর নির্ভর করছে আমি কবে অবসর নিব। ফুটবলে অনেক কিছু ঘটে। আমি মনে করি, এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি, তাই আমি এটি নিয়ে খুব বেশি ভাবছি না। আমি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা না করে প্রতিদিন বেঁচে থাকব।’
ক্লাব ফুটবলে পুরো ক্যারিয়ার সাফল্যে ভরা থাকলেও জাতীয় দলে দীর্ঘ সময় সাফল্য পাননি আর্জেন্টাইন অধিনায়ক। তবে কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতান তিনি। নিজের ক্যারিয়ার নিয়ে মেসি বলেন, ‘মানুষ যেভাবে চায়, তারা সেভাবেই আমাকে মনে রাখুক। আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল বিশ্বকাপ জেতা, যার জন্য আমি দীর্ঘ সময় ধরে লড়াই করেছি এবং এটি (বিশ্বকাপ) জয়ের জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।’
বার্সেলোনা ও জাতীয় দল নিয়ে মেসি আরও বলেন, ‘আমি ভাগ্যবান ছিলাম বার্সেলোনা এবং জাতীয় দলের হয়ে সবকিছু জিতেছি। এটি আমার এবং আমার পরিবারের জন্য বড় পাওয়া। আমি যা কিছু করেছি, তার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।’