All posts by jitu

কুমিল্লাসহ ১৪ জেলায় নতুন এসপি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ পুলিশের ১৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলাগুলো হচ্ছে রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, যশোর, মাদারীপুর, সুনামগঞ্জ।

রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরএকজন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বদলির কারণ জানানো হয়নি। বদলি কার্যক্রমটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া এসপিদের তালিকা-

 

এনবিআরের পদ হারালেন মতিউর

ডেস্ক রিপোর্ট:

জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। এখান থেকে সরিয়ে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

চাকরি জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে এবারের কুরবানির ঈদে ছাগলকাণ্ডে ফেঁসে গেছেন প্রভাবশালী এই সরকারি কর্মকর্তা। কুরবানির জন্য ১২ লাখ টাকায় ছেলের কেনা ছাগল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বাবার পরিচয়ে টান পড়ে। ছাগল ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে।

এর পর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন; মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্দিষ্ট বেতনের চাকরি করলেও আয় করেছেন হাজার হাজার কোটি টাকা; যা অনেকটা সিনেমার কাহিনিকেও হার মানায়।

নিজের নামে তেমন সম্পদ না করলেও দুই স্ত্রী, ৫ সন্তান, দুই ভাই, শ্যালক-শ্যালিকাদের দিয়েছেন দুহাত ভরে। বড় স্ত্রী লায়লা কানিজের জন্য নরসিংদীতে করেছেন নজরকাড়া বাড়ি। ছোট স্ত্রী শাম্মী আখতার শিভলীর গ্রামের বাড়ি ফেনীতে তৈরি করে দিয়েছেন বিলাসবহুল ডুপ্লেক্স। দুই পরিবারের ব্যবহারের জন্য মার্সিডিস, বিএমডব্লিউ, প্রাডো, মিতসুবিশিসহ বিলাসবহুল ব্র্যান্ডের নয়টি গাড়ি কিনেছেন।

টাকার জোরে মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজকে তিতুমীর কলেজের শিক্ষক থেকে বানিয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান। এরপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেখানে তিনি জায়গা-জমি দখল করেছেন বলেও অভিযোগ আছে। সেখানে লায়লা কানিজের জন্য বিশাল বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দিয়েছেন। লায়লা কানিজ একেক সময় একেক ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি নিয়ে চলাচল করেন। কম যান না দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতারও। লায়লা কানিজের সঙ্গে পাল্লা দিয়ে স্বামীর কাছ থেকে সম্পদ বাগিয়ে নিয়েছেন শাম্মী। নিজের বাবার বাড়ি ফেনীতে তৈরি করে নিয়েছেন বিলাসবহুল ডুপ্লেক্স।

মতিউর রহমান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালক পদে আছেন।

যেভাবে সেমিফাইনালের সম্ভাবনা টিকে আছে বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট:

অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে পরাজয়ের পর ভারতের কাছেও বাংলাদেশ হেরেছে ৫০ রানের বড় ব্যবধানে। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ রানও অনেক বড় ব্যবধান। রানরেটে বিশাল ফারাক তৈরি করে। যে কারণে, ভারতের কাছে হারের পর বাংলাদশের বিদায় ‘প্রায় নিশ্চিত’ লিখে দেয়া হয়েছিলো।

কিন্তু সব হিসাব-নিকাশ উল্টে দিলো আফগানিস্তান। সেন্ট ভিনসেন্টের অ্যারোনেস ভেল স্টেডিয়ামে অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। ব্যবধান ২১ রানের। ১৪৮ রান করেও অস্ট্রেলিয়ার মত দলের বিপক্ষে এমন একটা জয় তুলে নিলো তারা। এই জয়ে সমীকরণ জটিল হয়ে গেলো সুপার এইট গ্রুপ-১ এর।

আফগানরা আবার সুপার এইটে প্রথম ম্যাচে হেরেছে ভারতের কাছে। ব্যবধান ছিল ৪৭ রানের। এখন সুপার এইট গ্রুপ-১ এ ভারতের পয়েন্ট ৪, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের পয়েন্ট ২ করে। বাংলাদেশের শূন্য।

এ পরিস্থিতিতে একটি করে ম্যাচ বাকি সবগুলো দেশেরই। শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের এবং ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এই দুই ম্যাচে বাংলাদেশ যদি বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাতে পারে এবং অস্ট্রেলিয়া যদি বড় ব্যবধানে ভারতের কাছে হেরে যায়, তাহলে সেমিতে উঠে যাবে বাংলাদেশই।

গাণিতিক এই সম্ভাবনা টিকে থাকার কারণে এখনই বাংলাদেশের বিদায় লিখে দেয়া আর যাচ্ছে না। নাহলে দেখা যাবে, সমীকরণ মিলিয়ে ঠিকই নাজমুল হোসেন শান্তর দল সেমিফাইনালে। যদিও আগের দুই ম্যাচে যেভাবে বাজে খেলা উপহার দিলো, তাতে আফগানদের হারানো এখন দুঃস্বপ্নের মতোই।

আবার আফগানিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দেয় এবং অস্ট্রেলিয়া যদি ভারতকে হারিয়ে দেয়, তখন ভারত-অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান- এই তিন দেশেরই পয়েন্ট হয়ে যাবে সমান সমান। সে ক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দু’দলই উঠবে সেমিফাইনালে। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বাদ পড়তে পারে যে কেউ।

মূলতঃ ক্রিকেট যেহেতু গৌরবময় অনিশ্চয়তার খেলা। সে কারণে, অগ্রিম বলা যায় না, ভবিষ্যতে কী ঘটবে।

আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচোরা বিএনপি: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। এ অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ।

রোববার আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের দলের জন্মদিনে আমাদের অঙ্গীকার হচ্ছে— আমাদের রক্তমূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব। আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। মুক্তিযুদ্ধের নামে এ বর্ণচোরারা ভাঁওতাবাজি করে। সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শত্রু আজ আমাদের অভিন্ন শত্রু।

তিনি আরও বলেন, আজ আমাদের অঙ্গীকার— আমাদের আজ শপথ এ অপশক্তিকে পরাজিত করতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করব। এটাই আজকের দিনের শপথ।

এর আগে সকাল ৭টায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। পরে দলের অন্যান্য নেতাও শ্রদ্ধা জানান।

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের অবরুদ্ধ ছিটমহল গাজার উত্তরাঞ্চলীয় শহর রাফা ও এর আশপাশের বিভিন্ন জেলায় ইসরায়েলের ভয়াবহ হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। শনিবার উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গণমাধ্যম অফিস ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।

গাজার কর্মকর্তা ইসমাইল আল-থাওয়াবতা বলেছেন, গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের একটি আল-শাতি। এই শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আল-তুফাহ এলাকার বাড়িঘরে হামলায় আরও ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) যুদ্ধবিমান গাজা শহরে হামাসের দুটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেয়নি ইসরায়েলি বাহিনী।

তবে নিজেদের সামরিক অবকাঠামোতে হামলা করার ইসরায়েলি দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, উপত্যকায় বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে হামলার জন্য দখলদার ইসরায়েলি বাহিনী ও তাদের নাৎসি নেতাদের মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের কাছে আসা হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরে হতাহতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন কয়েক ডজন ফিলিস্তিনি।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে এক হাজার ২০০ জনের বেশি মানুষকে হত্যা করে হামাসের শত শত যোদ্ধা। একই সঙ্গে আরও ২০০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা। পরে ওই দিনই গাজায় পুরোমাত্রার যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ৮ মাসের যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় ৩৭ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে।

খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল : ফখরুল

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান মির্জা ফখরুল। সেখান থেকে বেরিয়ে ফোনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। সেখানে মেডিকেল বোর্ডের চিকিৎসক-নার্স ছাড়া সকলের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিএনপি মহাসচিব এভারকেয়ার হাসপাতালে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।

বিএনপি মহাসচিব বলেন, আমি আজকে ম্যাডামকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখন তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না।

তিনি আরও বলেন, আমি তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। তারা আজকে সন্ধ্যায় সম্ভবত আবার বোর্ড মিটিং করবেন এবং এই বোর্ড মিটিং করে তারা পরবর্তী করণীয় সেটা নির্ধারণ করবেন।

শুক্রবার গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ অসুস্থ’ হয়ে পড়লে রাত সাড়ে ৩টায় অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিনসহ মেডিকেল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে সাবেক এই প্রধানমন্ত্রীর সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেন। মেডিকেল বোর্ডের এসব সভায় লন্ডন থেকে ডা. জোবায়েদা রহমানসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এ বিষয়ে অধ্যাপক জাহিদ বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা ম্যাডামের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা নিচ্ছেন।

সর্বশেষ গত ২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুইদিন চিকিৎসা দেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনির বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক বৈঠকে অভিন্ন নদীর পানি বণ্টন, নিরাপত্তা ও বাণিজ্যের বিষয়গুলো উল্লেখযোগ্যভাবে আলোচনায় এসেছে।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয় দেশের স্বার্থে একটি টেকসই ভবিষ্যত নিশ্চিত করতে ডিজিটাল এবং সবুজ অংশীদারিত্বের জন্য যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত হয়েছেন।

শেখ হাসিনা বলেন, উভয় দেশই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে আমাদের পথ দেখানোর জন্য ‘রূপকল্প ঘোষণা’ অনুমোদন করেছে। আমরা টেকসই ভবিষ্যতের জন্য ‘ডিজিটাল অংশীদারিত্ব’ এবং ‘সবুজ অংশীদারিত্ব’ বিষয়ক দু’টি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে দু’পক্ষই সম্মত হয়েছি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত এবং দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন চুক্তি স্বাক্ষরের পর গণমাধ্যমের সামনে এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।

ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ভারতের সঙ্গে সৃষ্ট সম্পর্ককে বাংলাদেশ সবসময়ই বিশেষ গুরুত্ব দেই।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমাগত বিকশিত এবং দ্রুত অগ্রসর হচ্ছে।

তিনি বলেন, আজ আমাদের দুই পক্ষের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য ও সংযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, জ্বালানি ও শক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা আমাদের দু’দেশের এবং জনগণের কল্যাণের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার বিষয়ে সম্মত হয়েছি।

যেহেতু নতুন সরকার গঠনের মাধ্যমে ঢাকা ও দিল্লি নতুনভাবে পথচলা শুরু করেছে, সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সেই ধারাবাহিকতায় আমরা ‘রূপকল্প-২০৪১’ এর মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠা এবং ‘বিকশিত ভারত ২০৪৭’ অনুসরণ নিশ্চিত করার জন্য ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করেছি।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, দু’দেশই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়সহ উচ্চপর্যায়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রেখেছে।

শেখ হাসিনা বলেন, ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ২০২১ সালে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠান আমাদের স্বাধীনতার এবং দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফর করেছিলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে ভারতে তার শেষ দ্বিপাক্ষিক সফর করেছিলেন এবং পরবর্তীতে ২০২৩ সালের সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার একমাত্র আমন্ত্রিত ‘অতিথি দেশ’ বাংলাদেশের নেতা হিসেবে নয়াদিল্লিতে ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেন।

তিনি বলেন, এখন আমি এই একই ‘জুন’ মাসে অভূতপূর্ব দ্বিতীয়বারের মতো নয়াদিল্লি সফর করছি।

এর আগে শেখ হাসিনা গত ৯ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নবগঠিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে নয়াদিল্লি সফর করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, এসবই আমাদের এই দু’দেশের মধ্যে ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে কাজ করার প্রমাণ বহন করে।

শেখ হাসিনা উল্লেখ করেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে তারা দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার পথ এবং কার্যপন্থা নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, আজ বিকালে তিনি ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন।

শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি, এই আলোচনাসমূহ আমাদের একে অপরকে সহযোগিতার উন্নততর পথ নিরূপণে গুরুতপূর্ণ দিক-নির্দেশনা দেবে।

তিনি বলেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর এটিই কোনো দেশে তার প্রথম দ্বিপাক্ষিক সফর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, আমাকে এবং আমার প্রতিনিধিদলকে উষ্ণ আতিথেয়তা প্রদান করার জন্যে আমি ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতায় ভারত সরকার ও জনগণের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ভারতের সেইসব বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছিলেন।

প্রধানমন্ত্রী তাকে ভারত সফরের আমন্ত্রণ জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান এবং মোদিকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

কাবাঘরের চাবি রক্ষক শায়েখ সালেহের ইন্তেকাল

ডেস্ক রিপোর্ট:

পবিত্র কাবাঘরের চাবি রক্ষক ড. শায়খ সালেহ আল শাইবা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। স্থানীয় সময় শনিবার (২২ জুন) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হারামাইন শরিফাইনের তথ্যভিত্তিক ভেরিফায়েড ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইন এই খবর জানিয়েছে।

পেইজে বলা হয়েছে, মক্কা বিজয়ের পর থেকে ড. সালেহ বিন জাইন কাবাঘরের ১০৯তম অভিভাবক ছিলেন। তিনি হজরত উসমান ইবনে তালহা রা.-এর বংশধর ছিলেন। বায়তুল্লাহয় জানাজা শেষে তাকে জান্নাতুল মুআল্লায় দাফন করা হবে বলে জানা গেছে।

জাহেলি যুগ থেকেই কাবাঘরের চাবি শায়বা গোত্রের কাছে থাকত। মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ সা. নিজেই ওই গোত্রের উসমান ইবনে তালহার (রা.) কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন।

এসময় তিনি বলে দেন, ‘এখন থেকে এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে, একেবারে কেয়ামত পর্যন্ত। তোমাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম।’

সেই ধারা এখনো চলমান। উসমান ইবনে তালহা রা.-এর বংশধরেরা পর্যায়ক্রমে চাবি বহন করে আসছেন। তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন। তারাই কাবার দরজা খুলে দেন।

প্রসঙ্গত, এ পর্যন্ত অসংখ্যবার কাবার তালা-চাবি পরিবর্তন করা হয়েছে। কাবাঘরের চাবি একটি বিশেষ ব্যাগে রাখা হয়। এই ব্যাগটি পবিত্র কাবাঘরের গিলাফ নির্মাণ কারখানায় বানানো হয়। কাবাঘরের চাবি কখনো হারায়নি। তবে বহু বছর পূর্বে এক ব্যক্তি এই চাবি চুরি করেছিল। পরে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে কাবাঘরের চাবি ফেরত নেয়া হয়।

আব্বাসী, আইয়ুবী, মামলুক ও ওসমানিয়া যুগে কয়েকবার কাবাঘর মেরামত করা হয়েছে। তখন প্রয়োজনমতো নতুন তালা-চাবিও বানানো হয়েছে।

২০১৩ সালের ১৮ নভেম্বর সর্বশেষ কাবাঘরের চাবি পরিবর্তন করা হয়। এখনো ওই তালা-চাবি ব্যবহার করা হচ্ছে।

প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েরা এশিয়া কাপ হকিতে

ডেস্ক রিপোর্ট:

জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশের ছেলেদের খেলা নতুন নয়। তবে এখনো এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের খেলার সুযোগ হয়নি। এবার সুযোগ মিলেছে মেয়েদেরও। প্রথমবারের মতো মর্যাদার এই টুর্নামেন্ট খেলতে যাচ্ছে তারা।

শনিবার সিঙ্গাপুরে অনূর্ধ্ব-২১ নারী এএইচএফ কাপে নিজেদের পঞ্চম ম্যাচে ইন্দোনেশিয়াকে ১০-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। দারুণ জয়ে তারা কোয়ালিফাই করেছে জুনিয়র এশিয়া কাপে।

গোল উৎসবের ম্যাচে তিনটি করেছেন অর্পিতা পাল। দুটি করে আইরিন রিয়া ও কনা আক্তার। একটি করে গোল করেছেন নাদিরা, লিমা ও সানজিদা।

এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকিতে মেয়েদের বিভাগে ৭ দলের মধ্যে শীর্ষ ৫ টি খেলবে জুনিয়র এশিয়া কাপে। ১২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন তিনে। সমান পয়েন্ট চাইনিজ তাইপে ও থাইল্যান্ডের।

রোববার বাংলাদেশের মেয়েদের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। এ ম্যাচের ফল নির্ধারণ করবে কত নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করবে বাংলাদেশ।

বাংলাদেশের মেয়েরা প্রথম এএইচএফ কাপ খেলেছিল ২০১৯ সালে। প্রথমবার শুধু শ্রীলঙ্কার বিপক্ষে জিতে ৬ দেশের মধ্যে পঞ্চম হয়েছিল। দ্বিতীয় আসরে বাংলাদেশ আগের চেয়ে অনেক পরিপক্ক। প্রথম পাঁচ ম্যাচের চারটি জিতে পৌঁছে গেছে লক্ষ্যে।

থাইল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়ে এবারের আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হংকংকে ২-১ ও তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-২ গোলে হারিয়ে চতুর্থ ম্যাচে চাইনিজ তাইপের কাছে হেরে যায় ৩-০ গোলে।

ক্যাটরিনাকে জনসমক্ষে যেভাবে অপমান করেন রণবীর!

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। সম্পর্ক ভাঙার মুহূর্ত খুব মসৃণ ছিল না। এমনকি, সাবেক প্রেমিকার অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে ভাবেননি রণবীর।

সম্পর্ক ভাঙার পরে অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’ ছবিতে জুটি বেঁধেছিলেন রণবীর-ক্যাটরিনা। সেই ছবির প্রচারের সময়ে এক সাক্ষাৎকারে ক্যাটরিনার সামনেই তার অভিনয় নিয়ে প্রশ্ন তোলেন রণবীর।

সাক্ষাৎকারে রণবীরকে জিজ্ঞাসা করা হয় ক্যাটরিনার অভিনয় সম্পর্কে। তখনই তাকে বিঁধে রণবীর মন্তব্য করেন যে তিনি নাকি ক্যাটরিনাকে কখনও অভিনয়টাই করতে দেখেননি। তিনি নাকি বিশ্বাসই করেন না যে ক্যাটরিনা কখনও অভিনয় করেছেন।

সরাসরি না বললেও, রণবীর পরোক্ষভাবে বলতে চেয়েছিলেন, ক্যাটরিনা যা করেন, তাকে অভিনয় বলা যায় না। ক্যাটরিনার পাশে বসেই তিনি মন্তব্য করেন, “আমি কি কখনও অতি-অভিনয় করেছি, ক্যাটরিনা? আমার মনে হয় না, ক্যাটরিনা কখনও অতি-অভিনয় করেননি। কখনও কখনও মনে হয়েছে ও কোনো অভিনয়ই করেনি। অতি-অভিনয় দূরের কথা।”

রণবীর যে ব্যঙ্গ করছেন, তা বুঝতে বেশি সময় লাগেনি ক্যাটরিনারও। তিনি পাল্টা প্রশ্ন করেন, “কী বলতে চাইলে তুমি?”

সঙ্গে সঙ্গে সামলে নিয়ে রণবীর বলেন, “আমি বলতে চেয়েছি, তুমি এত ভাল অভিনয় করেছো যে মনেই হয়নি তোমায় আলাদা করে অভিনয় করতে হয়েছে। ‘জ়িন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতেও তুমি খুব ভাল অভিনয় করেছিলে।”