All posts by jitu

৬০ কোটি টাকার মসুর ডাল কেনা হচ্ছে টিসিবির জন্য

ডেস্ক রিপোর্ট:

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৬০ কোটি ৪৭ লাখ টাকায় ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বগুড়ার রায় এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে এই মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার (৪ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন সাংবাদিকদের জানান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে বগুড়ার রায় এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬০ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম ১০০ টাকা ৭৯ পয়সা, যা আগে ছিল ১০১ টাকা ৩৩ পয়সা।

এর আগে গত ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসবা কমিটি টিসিবির জন্য ১০ হাজার মেট্রিকটন মসুর ডাল আমদানির অনুমোন দেয়। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয় ১০১ টাকা ৩০ টাকা। যা আগে ছিল ১০১ টাকা ৯৪ পয়সা। সুপারিশকৃত দরদাতা শবনম ভেজিটেবল ইন্ডাস্ট্রিস।

জোরপূর্বক এক হাটের গরু অন্য হাটে নিলে কঠোর আইনগত ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট:

আসন্ন কোরবানির ঈদকে ঘিরে এক হাটের গরু অন্য হাটে নেওয়া যাবে না। জোরপূর্বক এক হাটের গরু অন্য হাটে নিলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

মঙ্গলবার (৪ জুন) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঈদুল আজহা-২০২৪ উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকার পশুর হাট কেন্দ্রিক সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ইজারাদারদের উদ্দেশ্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, গরু কোন হাটে যাবে সেটা ব্যবসায়ীরা আগে থেকেই ট্রাকের সামনে ব্যানারে লিখে রাখবেন। প্রয়োজনে ব্যানারে হাটের ইজারাদারের মোবাইল নম্বর লিখে রাখবেন। এমন কোনো ঘটনা ঘটলে হাইওয়ে এলাকায় হাইওয়ে পুলিশ এবং ঢাকা মহানগর এলাকায় ডিএমপি কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।

সভায় ডিএমপি কমিশনার বলেন, যেখানে গরুর হাট নয় সেখানে যেন হাট না বসে সেটা ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট পুলিশরা দেখবেন। নদীপথে নৌকা বা ট্রলারে গরু এলে সেগুলো নৌ পুলিশ দেখভাল করবে। এক্ষেত্রে ডিএমপি নৌ পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

তিনি বলেন, গরুর হাটে জেলা ম্যাজিস্ট্রেট, সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট, স্থানীয় পুলিশ ও হাটের ইজারাদাররা সমন্বয় করে কাজ করবেন। হাট পরিচালনা কমিটি হাটে স্থানীয় পুলিশের নাম্বার প্রদর্শন করে ব্যানার টানাবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন এবং সেখানে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা থাকবেন।

ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় যাতে যান চলাচলে অসুবিধা না হয় এজন্য ইজারাদাররা ব্যারিকেড দিয়ে হাটের সীমানা নির্ধারণ করে দেবেন। জালনোট শনাক্তকরণে পুলিশ সহায়তা করবে। অজ্ঞান পার্টি, মলম পার্টি প্রতিরোধে পর্যাপ্ত পুলিশ থাকবে। হাট সংশ্লিষ্ট ব্যক্তিরা এক্ষেত্রে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন। ইজারাদাররা মাইকিং করে সবাইকে সচেতন করবেন।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাটগুলোর নিরাপত্তা, মানি এস্কর্ট ও জালনোট সনাক্তকরণে, সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, নৌ-পুলিশ, হাইওয়ে পুলিশ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, র‌্যাব, পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ ব্যাংক, ঢাকা রেঞ্জ পুলিশ, ঢাকা জেলা প্রশাসক, ডিপিডিসি, ডেসকো ও ডিএনসিসির প্রতিনিধি, ঢাকা মহানগরের সব গরুর হাটের ইজারাদাররা উপস্থিত ছিলেন।

বেনজীর-আজিজ আওয়ামী লীগের কেউ না: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেনজীর ও আজিজ আওয়ামী লীগের কেউ না। তাদের দুর্নীতির বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

ঐতিহাসিক ৬ দফা দিবস ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, বেনজীর আহমেদ আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজ আহমেদও আমাদের দলের লোক নয়। সেনাপ্রধান হয়েছেন নিজ যোগ্যতায়, সিনিয়রিটি নিয়ে। আমরা তাকে বানাইনি। যখন কোনো অপরাধ করে সরকারের কাছে খবর আসে, তার বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে।

এসময় সেতুমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনা, র্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি। ৮ জনকে পাশ কাটিয়ে ৯ নম্বর ব্যক্তি মঈন উদ্দিনকে কে সেনাপ্রধান বানিয়েছে? বেগম খালেদা জিয়া। সাবেক আইজিপি শামসুল হুদা, এসপি কহিনুর কার সৃষ্টি? মির্জা ফখরুল ভুলে গেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অস্ত্র মামলায় দশ বছর, অর্থপাচারে আজ পলাতক আসামি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিদেশে একজন সৎ রাজনীতিক হিসেবে পরিচিত। তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। বিএনপির প্রধান খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় সাজা স্থগিত করে বাসায় বসে চিকিৎসা নিতে পারছেন। আজ সেই বিএনপি দুর্নীতি ও অর্থপাচারের বিরুদ্ধে কথা বলে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা। আমাদের দলের নেতৃত্বে কোনো দুর্নীতি থাকলে তথ্য প্রমাণ নিয়ে আসেন। আজ বিএনপি তাদের দুর্নীতিবাজ পলাতক আসামি তারেক রহমানকে ভালো লোক সাজানোর চেষ্টা করছে।

সেতুমন্ত্রী বলেন, টিআইবি আর সুজন, ফখরুল-গয়েশ্বর যে সুরে কথা বলে, তারাও সেই সুরে কথা বলে। টিআইবি আর সুজন কি বিএনপির ‘বি টিম’? একই সুরে কথা বলে। কোনো পার্থক্য নেই।

ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করছেন। ১৫ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ আমূল পরিবর্তন। শেখ হাসিনা যেটা করেছেন সেটা হলো উন্নয়ন। যার কোনো তুলনা নেই। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টানেল- বাংলাদেশের যে দিকে তাকাই শুধু উন্নয়ন।

বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার উপর গুরুত্ব আরোপ করে বলেন, কষ্টে থাকলে জানাবেন, অপকর্ম করবেন না। আমাদের নিজের দুর্বলতার খবর শত্রু জানলে নিজেদেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

কুষ্ঠরোগ নির্মূলে বাংলাদেশ সরকার সফলতা অর্জন করেছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

কুষ্ঠরোগ নির্মূলে বাংলাদেশ সরকার বড় ধরনের সফলতা অর্জন করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ১৯৯১ সালে প্রতি এক লাখ জনসংখ্যার মধ্যে কুষ্ঠ বিস্তারের হার ছিল ১৩ দশমিক ৬ শতাংশ যা সরকারের চেষ্টার ফলে বর্তমানে ০ দশমিক ১৮ তে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৪ জুন) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাসাকাওয়া ইয়োহেই এর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ নির্মূলে সরকারের লক্ষ্য পূরণে স্বাস্থ্য বিভাগ অঙ্গীকারবদ্ধ। যক্ষ্মা নির্মূলে স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কুষ্ঠরোগ নির্মূলে বিশদ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য দ্রুতই কুষ্ঠ শনাক্ত, যথাযথ চিকিৎসা নিশ্চিতকরণ, কুষ্ঠ রোগীদের পুর্নবাসন, স্বাস্থ্যসেবা কর্মীদের ক্যাপাসিটি বিল্ডিং, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ নানামুখী প্রচেষ্টা চলমান রয়েছে। স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর প্রোগ্রামের আওতায় এজন্য কুষ্ঠ নির্মূলকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে সাসাকাওয়া ইয়োহেইকে বাংলাদেশে কুষ্ঠ নির্মূলে অবদান রাখার জন্য ধন্যবাদ জানান। এছাড়া বাংলাদেশে কুষ্ঠ রোগীদের জন্য বিশেষায়িত একটা হাসপাতাল নির্মাণে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে এগিয়ে আসার অনুরোধ জানান। কুষ্ঠরোগ ছাড়াও স্বাস্থ্য সেবার নানান পর্যায়ে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন যে ইতিবাচক ভূমিকা রাখতে পারে তাও অবহিত করেন বেঠকে।

বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিশ্বস্বাস্থ্য) ড. মো. জিয়াউদ্দীন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ডা. মো. মাহফুজুর রহমান সরকারসহ নিপ্পন ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছে: প্রধানমন্ত্রী

 

ডেস্ক রিপোর্ট:

বিভিন্ন ফ্লেভারে চা বাজারজাত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস ও জাতীয় চা পুরস্কার-২০২৪ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিভিন্ন ফ্লেভারের চা বাজারজাত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের রুচি বদলে গেছে। বিভিন্ন ধরনের ফ্লেভারের চায়ের চাহিদা বেড়েছে। বাজারে হার্বাল টি, মশলা টি, তুলসি পাতার চা, জেসমিন টি, এগুলো চলে। শুধু চা পাতা বাল্কে বিক্রি না করে, ভ্যালু অ্যাড করেন। তাহলে ভালো দাম পাবেন। পাট পাতা থেকেও চা তৈরি হয়। এ নিয়ে গবেষণা হচ্ছে। খামারিরা বলছেন, এটি নাকি ডায়াবেটিকসের জন্য ভালো।

শেখ হাসিনা বলেন, চা অর্থকরি ফসল হচ্ছে। দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছে। এ নিয়ে গবেষণা অব্যাহত রাখতে হবে। গবেষণার ওপর বিশেষ গুরত্ব দিতে হবে।

মালিকদের প্রধানমন্ত্রী বলেন, চা শ্রমিকদের প্রতি যত্নবান হলে তাদের থেকে বেশি কাজ করিয়ে নিতে পারবেন। তাদের ছেলে-মেয়েদের লেখাপড়া, চিকিৎসাসহ নানান বিষয় দেখবেন। চা শ্রমিকদের নাগরিকত্ব দিয়েছেন জাতির পিতা। তাদের মাথাগোঁজার ঠাঁই, আপন ভূমি নেই। আমরা তাদের সেই মাথাগোঁজার ঠাঁই করে দেবো। কেউ ভূমিহীন, গৃহহীন থাকবে না। আমাদের পরিষ্কার কথা।

তিনি বলেন, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। গ্রামের চা দোকানে আড্ডা বসে। চায়ের কাপে ঝড় তোলে। রাজা উজির মারে ওখানে। দেশি বিদেশি নানান খবর রাখে সেখানকার মানুষ। আর চা পান করে। ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেয়। এ কারণে আমাদের চায়ের চাহিদাও বেড়ে গেছে। নিজস্ব উৎপাদনে যেন চাহিদা পূরণ করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্য চায়েরও উৎপাদন বেড়েছে। উভয়ের সামঞ্জস্য রেখেই আমাদের চলতে হবে।

শেখ হাসিনা বলেন, চা আমার খুব প্রিয়। আমি চা পান করি। কারণ, জাতির পিতা চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। আর বিশেষ করে, চা শ্রমিকরা নৌকায় ভোট দেয়। অনেকে অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু তাদের অন্য দিকে নিতে পারে নাই। তাদের (শ্রমিক) ভালোবাসা, আন্তরিকতা আমাকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বক্তব্য রাখেন। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে জাতীয় চা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। তিনি জাতীয় চা মেলার উদ্বোধন করেন।

কবে ঈদুল আজহা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট:

মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কবে ঈদ হতে পারে তা নিয়ে মানুষের আগ্রহের কমতি থাকে না। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবার ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে এ তারিখ জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এর আগে চাঁদের স্থানাঙ্ক জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সরকারি সংস্থাটির হিসাব অনুযায়ী, শুক্রবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার কথা। সেক্ষেত্রে দেশে আগামী ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

আবহাওয়াবিদ নাইমা বাতেন স্বাক্ষরিত জিলহজ মাসের চাঁদের স্থানাঙ্ক বিবরণীতে বলা হয়েছে, আগামী ৬ জুন (বৃহস্পতিবার) বাংলাদেশ মান সময় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন ৬টা ৪৪.১ মিনিটে সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ০.০০৪২ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ২২ মিনিট আগে চন্দ্রাস্ত হবে।

পরের দিন শুক্রবার (৭ জুন) ৬টা ৪৪.৫ মিনিট সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১.০০৪৫ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৪১.৯ মিনিট পর চন্দ্রাস্ত হবে। ওই দিন বিকেল ৪টা ১৫.৬ মিনিটে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে।

পরের দিনে শনিবার (৮ জুন) ৬টা ৪৪.৮ মিনিটে সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ২.০০৪৮ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার এক ঘণ্টা ৩৮.১ মিনিট পর চন্দ্রাস্ত হবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে, ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার মাগরিবের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমে ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে। সেখানে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ইসলামী শরিয়ত অনুযায়ী, চান্দ্র মাস শুরু হাওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে।

শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার (৮ জুন) জিলহজ মাস শুরু হবে। এক্ষেত্রে আগামী ১৭ জুন (১০ জিলকদ, সোমবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এক্ষেত্রে জিলকদ মাস ২৯ দিনেই শেষ হবে। শুক্রবার চাঁদ দেখা না গেলে শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। তখন জিলহজ মাস শুরু হবে রোববার (৯ জুন)। সেক্ষেত্রে ১৮ জুন (মঙ্গলবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

চৌদ্দগ্রামে দুই কাভার্ডভ্যানের মাঝে পড়ে নিহত ২ ভাই

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের মাঝে পড়ে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মো. বেলাল হোসেন এবং মো. সাগর। তারা দুইজনেই কাভার্ডভ্যানের সহকারী ও আপন ভাই ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার ভোর রাতের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান সড়কের মাঝখানে যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হয়ে যায়। পরে অন্য একটি কাভার্ডভ্যানের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে সেটিকে চালু করার চেষ্টা করে। সামনের কাভার্ডভ্যানের সহকারী দুইজন নষ্ট কাভার্ডভ্যানটিকে চালু করতে সহযোগিতা করছিল। এ সময় একই লেনে ছুপুয়া এলাকায় এলে তৃতীয় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নষ্ট কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে দুই কাভার্ডভ্যানের মাঝখানে পড়ে দুইজন ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আরও বলেন, এ ঘটনার পর কাভার্ডভ্যান তিনটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। পেছন থেকে ধাক্কা দেওয়া তৃতীয় কাভার্ডভ্যানের চালক এবং সহকারী পালিয়ে গেলে তাদের আটক করা যায়নি।

চাঁদপুরে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা জব্দ

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের ডাকাতিয়ার মোহনায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়। সোমবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক এতথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল আজ সকালে সদর থানাধীন ডাকাতিয়া নদীর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন পুরাতন লঞ্চঘাট সংলগ্ন ট্রলার ঘাটের পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ দৃষ্টি গোচর হয়। অতঃপর ব্যাগ দুটি তল্লাশী করে ০৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

পরবর্তীতে জব্দকৃত গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু 

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে পুকুরের পানিতে ডুবে মো. জুনায়েদ (৬) নামে এক শিশু মারা গেছে।

উপজেলা সদরের উত্তর আরিফাইল গ্রামে সোমবার দুপুরে (৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

জুনায়েদ ওই এলাকার মো. হারুণ মিয়ার ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায় জুনায়েদ। এসময় সবার অগোচরেই সে ডুবে যায়। এক পর্যায়ে পানিতে মরদেহ ভেসে উঠলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা রূপায়ন টাওয়ারে ব্যবসায়ীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহ ইমরান:

কুমিল্লায় রূপায়ণ দেলোয়ার টাওয়ারে দোয়া ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩ জুন কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত রূপায়ণ দেলোয়ার টাওয়ারে দোকান মালিকদের সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন কুমিল্লা অফিসের এজিএম মোঃ রফিকুল হায়দার, কান্ট্রি সার্ভিস ডিপার্টমেন্টের মোঃ মামুন হোসেন, মার্কেটিং এন্ড মিডিয়া ডিপার্টমেন্টের জৈষ্ঠ্য কর্মকর্তা মোঃ রেজাউল করিম, এছাড়া দেলোয়ার হোসেন, থিয়েটার এন্ড এন্টারপ্রাইজ এর অহিদুল রহমানসহ আরও অনেকে।

মত বিনিময় সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।