All posts by jitu

শিক্ষায় বরাদ্দ বাড়লো ৬ হাজার ৫৪৭ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট:

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে টাকার অংকে ৬ হাজার ৫৪৭ কোটি বেশি।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে উত্থাপিত জাতীয় বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে প্রাথমিক ও গণশিক্ষায় ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলমান ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩৪ হাজার ৭২২ কোটি টাকা।

কারিগরি ও মাদরাসা শিক্ষায়ও টাকার অংকে বরাদ্দ বেড়েছে। এ খাতে ২০২৪-২৫ অর্থবছরে জন্য ১১ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১০ হাজার ৬০২ কোটি টাকা।

অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৪৪ হাজার ১০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা চলমান ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৪২ হাজার ৮৩৯ কোটি টাকা।

বাড়লো মোবাইলে কথা বলার খরচ, কার্যকর আজই

ডেস্ক রিপোর্ট:

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইলফোনের কল রেটের ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এতে গ্রাহকদের মোবাইলফোনে কথা বলার খরচও বাড়বে।

আগে মোবাইলফোনের কল রেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং ১৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের। এখন তা আরও ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর সঙ্গে ভোক্তাদের ১ শতাংশ সারচার্জ দিতে হবে।

নতুন করে সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানোয় একজন গ্রাহক এখন ১০০ টাকার রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কেটে নেওয়ার পর ৬৯ টাকা ৩৫ পয়সার কথা বলতে পারবেন।

আগে ১০০ টাকা রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কেটে নেওয়ার পর গ্রাহকরা ৭৩ টাকার কথা বলতে পারতেন। অর্থাৎ ১০০ টাকা রিচার্জে আগের চেয়ে ৩ টাকা ৬৫ পয়সার কথা কম বলতে পারবেন গ্রাহকরা।

এদিকে প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই নতুন এ শুল্ক হার কার্যকর করবে মোবাইলফোন অপারেটরগুলো। একটি মোবাইল অপারেটর কোম্পানির যোগাযোগ বিভাগের কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ‘বাজেট ঘোষণার জন্য অর্থমন্ত্রী জাতীয় সংসদে বক্তব্য দেওয়া শুরু করলেই এ সংক্রান্ত আদেশ (এসআরও) পাঠানো হয়। ফলে বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টার পর থেকেই নতুন হারে গ্রাহকের কাছ থেকে কর কর্তন শুরু করা হতে পারে।’

কেবল মোবাইলফোনের টকটাইম বা ইন্টারনেট নয়, ভ্যাট ও আমদানি শুল্ক সম্পর্কিত যত ধরনের হার কমানো বা বাড়ানোর প্রস্তাব থাকে, তা বাজেট ঘোষণার দিন থেকেই কার্যকর হয়। যদিও অর্থবছর শুরু হয় ১ জুলাই থেকে। বিদ্যমান আইনে এটির আইনি বৈধতা থাকলেও বাজেট ঘোষণার দিন থেকেই শুল্কহার কার্যকরের বিষয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলের।

কুমিল্লায় ফোমের গোডাউন থেকে ২টি আবাসিক ভবনে আগুন

 

শাহ ইমরান:

কুমিল্লা নগরীর কান্দিপাড় এলাকায় ফোমের গোডাউন থেকে পাশাপাশি ২টি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার কুমিল্লা নগরীর কান্দিরপাড় জিলা স্কুল বিপরীতে চৌধুরী ভবনে এই ঘটনা ঘটে। পাশাপাশি পরে ২টি ভবনে আগুন লাগে

আগুন নিয়ন্ত্রণে ইপিজেড ফায়ার সার্ভিস ও সদর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দারা জানায়, সকাল ১২টায় চৌধুরী ভিলার নিচ তলায় ফোমের গোডাউনে আগুন লাগে। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ইব্রাহীম ভবনসহ আরও একটি ভবনে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নেভায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন,আবাসিক ভবনে অবৈধভাবে ফোমের গোডাউন থেকে এই আগুনের সূত্রপাত হয়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে ফোমের গোডাউন থেকে আগুন লেগেছে। তবে গোডাউন কিভাবে আগুনে লেগেছে তা অনুসন্ধান করে বের করা হবে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানা যায়নি। তবে ভেতরে কোনো মানুষ আটকে নেই।’

কুমিল্লা সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর হাবিবুর আলামিন সাদি বলেন, স্থানীয়রা, ফায়ারসার্ভিস ও পুলিশ দ্রুততম সময়ে উদ্ধার কাজ করায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আবাসিক ভবনের নিচে এভাবে গোডাউন করা সম্পূর্ণ বেআইনি। যারা এখানে গোডাউন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই আগুনে মোট তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ভবনগুলো মানুষ বসবাসের উপযোগী কিনা তা খতিয়ে দেখা হবে।

অফিস-আদালতে ই-সিগনেচার চালুর নির্দেশ হাইকোর্টের

ডেস্ক রিপোর্ট:

দেশের সব অফিস-আদালতে ইলেকট্রনিক স্বাক্ষর (ই-সিগনেচার) ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ জুন) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

মানবাধিকার সংস্থা ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ই-সিগনেচার বাস্তবায়নে কী পদক্ষেপ নিয়েছে তা হলফনামা আকারে ১২ আগস্ট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির (পল্লব)। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, অ্যাডভোকেট নাঈম সরদার ও ব্যারিস্টার সোলায়মান তুষার। গত ১ এপ্রিল দেশের সব অফিস আদালতে ই-সিগনেচার চালু করতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

রিটে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, আইন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ আটজনকে রিটে বিবাদী করা হয়।

রিটে ও আইনি নোটিশে বলা হয়, অনেক সময় অনেকে স্বাক্ষর করলেও পরে অস্বীকার করেন এবং তিনি প্রকৃতপক্ষে স্বাক্ষর করেছিলেন কিনা তা কোর্টে বা অন্যান্য ক্ষেত্রে প্রমাণ করা কষ্টকর হয়ে পড়ে। অনেকে ফেসবুকে পোস্ট করে বা ই-মেইল দেওয়ার পর আইনি জটিলতা দেখা দিলে পরে অস্বীকার করেন। ই-স্বাক্ষর চালু হলে স্বাক্ষর অস্বীকার করার সুযোগ থাকবে না; কারণ যিনি স্বাক্ষর করবেন তিনি তার ব্যক্তিগত আইডি থেকে তার স্বাক্ষরটি প্রদান করবেন।

ইলেক্ট্রনিক স্বাক্ষর হলো একটি আইনি ধারণা যা ডিজিটাল স্বাক্ষর থেকে আলাদা, একটি ক্রিপ্টোগ্রাফিক প্রক্রিয়া যা প্রায়ই ইলেকট্রনিক স্বাক্ষর বাস্তবায়নের জন্য ব্যবহৃত হয়। যদিও একটি ইলেকট্রনিক স্বাক্ষর একটি ইলেকট্রনিক নথিতে প্রবেশ করানো নামের মতোই সহজ হতে পারে, ডিজিটাল স্বাক্ষরগুলো ই-কমার্সে এবং নিয়ন্ত্রক ফাইলিংয়ে ক্রিপ্টোগ্রাফিকভাবে সুরক্ষিত উপায়ে ইলেকট্রনিক স্বাক্ষর বাস্তবায়নের জন্য ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে। একটি ইলেকট্রনিক স্বাক্ষর একটি লেনদেনের সময় স্বাক্ষরকারীর জন্য একটি নিরাপদ এবং সঠিক সনাক্তকরণে পদ্ধতি প্রদান করার উদ্দেশ্যে।

এবিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির (পল্লব) বলেন, অফিস-আদালেতর অনলাইন কার্যক্রমে ই-সিগনেচার প্রদানের বিষয়ে বিধান থাকলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। ই-সিগনেচার বাস্তবায়ন হলে অপরাধ অনেকাংশে কমে যাবে ও ন্যায়বিচার নিশ্চিত হবে।

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ২৭

ডেস্ক রিপোর্ট:

অবরুদ্ধ গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে একটি স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুহারা লোকজনের ওপর হামলার ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন। সরকারি মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, গাজায় যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং তাদের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার জন্য ইসরায়েলি সেনা প্রত্যাহার করা প্রয়োজন। তবে ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান বলেছেন, যুদ্ধবিরতির আলোচনার সময় হামলা থামানো হবে না।

জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলো সতর্ক করে বলেছে, যদি হামলা অব্যাহত থাকে তবে গাজায় খাদ্য সংকট আরও তীব্র হবে। সেখানকার ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই তীব্র অনাহারের মধ্যে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল লেবানন সীমান্তে তীব্র অভিযান চালানোর জন্য প্রস্তুত। সেখানে প্রায় আট মাস ধরে ইসরায়েলি সেনাবাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে প্রায়ই সংঘাতের খবর পাওয়া যাচ্ছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে। নারী, পুরুষ এমনকি ছোট ছোট শিশুরাও এসব হামলা থেকে বাঁচতে পারছে না। গাজায় কোনো স্থানই এখন আর বসবাসের যোগ্য নেই। প্রায় সব স্থানেই হামলা চালিয়ে অবরুদ্ধ এই উপত্যকাকে যেন এক মৃত্যুপুরীতে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে প্রায় ৮ মাস ধরে চলা সংঘাতে ৩৬ হাজার ৫৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮৩ হাজার ৭৪ জন। গাজায় সংঘাত বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এভাবে সংঘাত চলতে থাকলে আরও কয়েক হাজার নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাবে।

২০ ডট বলে ইতিহাস গড়লেন এনসুবুগার

ডেস্ক রিপোর্ট:

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হয় উগান্ডার। সেই ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল তারা। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াল উগান্ডা। পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে ব্রায়ান মাসাবার দল। ৩ উইকেটের জয়ে বড় অবদান ফ্রাঙ্ক এনসুবুগার।

আজ খেলতে নামার সময়ই একটা রেকর্ড গড়েছিলেন এনবুসুগা। আফগানিস্তান ম্যাচ দিয়ে উগান্ডার বিশ্বকাপে অভিষেক হলেও সেই ম্যাচে ছিলেন না এনসুবুগা। তাই আজকের ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হয়েছে তার। তাতে প্রবীণতম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে অভিষেক হলো ৪৩ বছর বয়সী এই স্পিনারের।

মাঠের বাইরে রেকর্ড গড়া এনসুবুগা বাইশ গজেও আলো ছড়িয়েছেন। ৪ ওভার বোলিং করে ৪ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেছেন তিনি। যেখানে টানা ২ ওভার উইকেট মেইডেন পেয়েছেন। ইনিংসে ওভার প্রতি ১ রান করে খরচ করেছেন তিনি। যা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড।

একই ইনিংসে সবচেয়ে বেশি ডট বল দেয়ার রেকর্ডও গড়েছেন এনসুবুগা। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ ওভারে মোট ২০টি ডট বল করেছেন তিনি। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডট বল দেওয়ার রেকর্ডে ভাগ বসিয়েছেন এই স্পিনার। ২০১২ সালের আসরে লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিসও এক ইনিংসে ২০টি বল ডট করেছিলেন।

আজকের ম্যাচ খেলার সময় এনসুবুগার বয়স ছিল ৪৩ বছর ২৮২ দিন। এরচেয়ে বেশি বয়সে উইকেট পেয়েছেন কেবল হংকংয়ের রায়ান ক্যাম্পবেল। ২০১৬ বিশ্বকাপে ৪৪ বছর ৩২ দিনে আফগানিস্তানের মোহাম্মদ নবীর উইকেট পেয়েছিলেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে নিজ দলের কর্মীকে গুলি করে মারলেন ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয়ী মিছিলে গুলিতে আয়াশ রহমান ইজাজ (২৩) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়াশ রহমান ইজাজ ওই এলাকার আমিন মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তার কর্মীরা বিজয় মিছিল বের করেন। মিছিলটি সরকারি কলেজ হোস্টেল এলাকায় যাওয়ার সময় সেখানে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী জয় দাঁড়িয়েছিলেন। হঠাৎ হাসান আল ফারাবী জয় মিছিলে গুলি করেন। গুলিতে আয়াশ রহমান ইজাজ গুরুতর আহত হলে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, নিহত ইজাজ ও ফারাবী জয় দুজনই জয়ী চেয়ারম্যান প্রার্থীর লোক। তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল। তবে কী নিয়ে বিরোধ ছিল সেটি জানা যায়নি। অভিযুক্তদের আটক ও ব্যবহার করা আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন যারা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে শেষ হয়। জেলার এই দুই উপজেলার ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

তারই অংশ হিসেবে কচুয়া উপজেলায় ছয় জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ মাহবুব আলম ও ফরিদগঞ্জ উপজেলায় দুই জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন খাজে আহমেদ মজুমদার।

ঘোষিত ফলাফলে দেখা যায়, কচুয়া উপজেলায় চেয়ারম্যান হয়েছেন টেলিফোন প্রতীকের প্রার্থী মোঃ মাহবুল আলম। তিনি ৩৪ হাজার ১৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মোঃ শাহজাহান শিশির পেয়েছেন ২৭ হাজার ১৭০ ভোট। এছাড়াও ঘোড়া প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন পেয়েছেন ২১ হাজার ২৩৩ ভোট, আনারস প্রতীকের প্রার্থী ফয়েজ আহমেদ পেয়েছেন ১০ হাজার ২৫৫ ভোট, দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ আইয়ুব আলী পাটোয়ারী পেয়েছেন ৭ হাজার ৯৮২ ভোট এবং লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ মাঈন উদ্দিন পেয়েছেন ২ হাজার ৭০ ভোট।

এদিকে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী খাজে আহমেদ মজুমদার। তিনি পেয়েছেন ৬২ হাজার ২৮৪ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মো. আমীর আজম রেজা পেয়েছেন ২০ হাজার ৪১ ভোট।

শেষ ধাপে ৩৪.৩৩ শতাংশ ভোট পড়েছে: সিইসি

ডেস্ক রিপোর্ট:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৬০ উপজেলায় ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, ৬০ উপজেলায় ভোট হয়েছে। ভোট শান্তিপূর্ণ হয়েছে। কিছু ইন্সিডেন্ট হয়েছে। এ জন্য ২৮ জনকে গ্রেফতার করেছি, ৯ জনকে বিভিন্ন অপরাধে দণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনায় ভৈরব উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে। বরিশালে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তবে ইভিএমে ভালো কাজ হয়েছে।

ভোট নিয়ে আপনি কি সন্তুষ্ট, এমন প্রশ্নে সিইসি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এটা নিয়ে সন্তুষ্ট। তবে পলিটিক্যাল (রাজনৈতিক) বিচার বিশ্লেষণ করবো না।

বেনজীর-আজিজই সরকারকে নির্বাচন পার করে দিয়েছিল : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার অনেককে ডিঙিয়েই আজিজকে সেনাপ্রধান করেছিল। আজ যিনি পুলিশের প্রধান তিনিও কিন্তু স্যাংশনপ্রাপ্ত। বেনজীরসহ ৯ জনকে স্যাংশন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই হচ্ছে সরকারের অবস্থা।

তিনি বলেন, সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী তবুও তাকে আর্মি চিফ করা হয়েছিল। আজিজ-বেনজীরই সরকারকে নির্বাচন পার করে দিয়েছিল।

বুধবার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার বাংলাদেশকে শাসন করতে শুরু করেছে। এই শাসন তারা করছে ভিন্ন পন্থায়। তারা একদলীয় শাসনের লক্ষ্যে গণতন্ত্রের একটা মসনদ তৈরি করছে। কিন্তু গণতন্ত্র তারা বিশ্বাস করে না। আজ যারা বিরোধী কথা বলে তাদের তুলে নিয়ে যায়।

তিনি বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী ভয়ঙ্কর একটা কথা বলেছেন। তিনি বলেছেন সাদা চামড়ার লোকেরা নাকি এখানে (বাংলাদেশে) এয়ারবেজ তৈরি করতে চায়। আর বাংলাদেশের একটা অংশ, চট্টগ্রাম ও মিয়ানমারের একটা অংশ নিয়ে নাকি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। আমি গতকাল বলেছি, আজ আবার বলছি, প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সামনে এটার প্রকৃত ব্যাখ্যা করা। তারা (বিদেশি) কেন এটা চাইছে আর কেনই বা এতো দেরিতে আপনারা এটা প্রকাশ করছেন, সেটা আমরা জানতে চাই। কারণ এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার, সার্বভৌমত্বের প্রশ্ন। আপনাদের হাতে স্বাধীনতা কোনোদিনই নিরাপদ নয়।

বিএনপি মহাসচিব বলেন, আজ যে ভয়াবহ দানব আমাদের বুকের ওপর চেপে বসে আছে তাদের সরাতে না পারলে কিন্তু স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না। আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।

জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা আলহাজ মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ওবায়দুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল প্রমুখ।