All posts by jitu

হাদি হ’ত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

হাদি হ’ত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

 

ডেস্ক রিপোর্টঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।

রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজনই বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পশ্চিমবঙ্গ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদাবাজি ও হত্যার মতো গুরুতর অপরাধের পর তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেন এবং বনগাঁ সীমান্ত এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ৭ ও ৮ মার্চ মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ফয়সাল করিম মাসুদ (৩৭) পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেন (৩৪) ঢাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং পরে বিভিন্ন স্থানে অবস্থান করেন। সম্প্রতি আবার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁ এলাকায় জড়ো হয়েছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে এক ভিডিও বার্তায় ফয়সাল দাবি করেছিলেন, তিনি দুবাইয়ে অবস্থান করছেন। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না এবং ওসমান হাদি তাকে মন্ত্রণালয়ে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অগ্রিম পাঁচ লাখ টাকা নিয়েছিলেন।

গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোড এলাকায় হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। মতিঝিল মসজিদে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

এই হত্যাকাণ্ডের ১৮ দিন পর ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামিরা অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন বলে ধারণা করা হয়েছিল।

হাদির মৃত্যুর পর দায়ের হওয়া মামলায় ফয়সালের মা-বাবা ও স্ত্রীসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ছয়জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং চারজন সাক্ষী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছেন।

তবে এতদিন পলাতক ছিলেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। তদন্ত সংশ্লিষ্টদের মতে, তিনিই সরাসরি গুলি চালিয়ে শরীফ ওসমান হাদিকে হত্যা করেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারতীয় শাড়ি, থ্রি-পিসহ আ’লীগ নেতা আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারতীয় শাড়ি, থ্রি-পিসহ আ’লীগ নেতা আটক

 

চৌদ্দগ্রাম সংবাদদাতাঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৫ বস্তা ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিসসহ আহসান উল্লাহ নামে এক আ’লীগ নেতাকে আটক করেছে র‌্যাব। এসময় একটি মিনি ট্রাকও জব্দ করা হয়।

আটককৃত আহসান উল্লাহ চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া গ্রামের মোকশেদ মিয়ার ছেলে। সে পৌরসভা আ’লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিল।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে র‌্যাব-১১ (কুমিল্লা) চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা এলাকায় অভিযান চালিয়ে ২৫ বস্তা ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিসসহ আহসান উল্লাহকে আটক করে। পরে আটককৃত মালামাল, গাড়িসহ আহসান উল্লাহকে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করে র‌্যাব।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন জানান, শাড়ি ও থ্রি-পিস আটকের ঘটনায় অভিযুক্ত আহসান উল্লাহকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের হয়েছে। পরে আটকৃত আহসান উল্লাহকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক বিদ্যালয় দেড় বছরেও সংস্কারহীন

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক বিদ্যালয় দেড় বছরেও সংস্কারহীন

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মনোহরগঞ্জে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান দেড় বছর পেরিয়েও সংস্কার হয়নি। বন্যার পানিতে অনেক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, আসবাবপত্র ও শৌচাগার নষ্ট হয়েছে। কিছু বিদ্যালয়ের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার পর ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও বরাদ্ধ না পাওয়ায় এখনও সংস্কারের কাজ শুরু হয়নি। ফলে বিদ্যালয়গুলোতে বন্যার ক্ষতচিহ্ন রেখে পাঠদান চলছেই। শিক্ষকরা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, উপজেলার ১০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সবই বন্যার পানিতে প্লাবিত হয়। দুই মাসের বেশি জলমগ্ন থাকার কারণে শ্রেণীকক্ষ, শৌচাগার, টিউবওয়েল ও আসবাবপত্র নষ্ট হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোর মোট ক্ষয়ক্ষতি প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানেরও অধিকাংশ শ্রেণীকক্ষ ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মোটরপাম্প, শৌচাগার ও আসবাবপত্র নষ্ট হয়ে প্রায় ২ কোটি টাকা ক্ষতি হয়েছে।

মনোহরগঞ্জে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ বলেন, “বন্যার পানিতে বিদ্যালয়ের একটি টিনশেড ঘরের তিনটি শ্রেণীকক্ষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটি সরে গিয়েছে, বড় বড় গর্ত তৈরি হয়েছে। পানি নামার পর ভবন ও শৌচাগারে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষার জন্য দ্রুত সংস্কার দরকার।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ১০১টি বিদ্যালয়ের তালিকা সংস্কারের জন্য পাঠানো হয়েছে। অন্য উপজেলায় বরাদ্ধ দেওয়া হলেও মনোহরগঞ্জের প্রতিষ্ঠানগুলো এখনও বঞ্চিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভনি রুহি বলেন, “ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে। নতুন সরকার গঠনের কারণে কিছুটা সময় লাগলেও বরাদ্ধ পাওয়ার পর দ্রুত সংস্কার করা হবে।”
সূত্র-ইত্তেফাক

দেশে নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু

 

ডেস্ক রিপোর্টঃ

দেশে দীর্ঘমেয়াদী জ্বালানি তেলের সংকট এড়াতে আজ রবিবার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। এ বিষয়ে পেট্রোল পাম্পগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

গত শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শনকালে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের জানান, রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী:

একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে।
ব্যক্তিগত গাড়ি দৈনিক সর্বোচ্চ ১০ লিটার তেল নিতে পারবে।
স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি), জিপ বা মাইক্রোবাস দৈনিক ২০ থেকে ২৫ লিটার তেল নিতে পারবে।
পিকআপ বা লোকাল বাসের জন্য দৈনিক ৭০ থেকে ৮০ লিটার ডিজেল বরাদ্দ থাকবে।
দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কনটেইনার ট্রাকের জন্য দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেলের ব্যবস্থা করা হয়েছে।

নতুন এই রেশনিং ব্যবস্থা দেশব্যাপী জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইরানকে আমিরাতি প্রেসিডেন্টের কড়া হুঁশিয়ারি

ইরানকে আমিরাতি প্রেসিডেন্টের কড়া হুঁশিয়ারি

 

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

শনিবার আবুধাবি থেকে সম্প্রচারিত এক বক্তব্যে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে প্রেসিডেন্ট বলেন, “আমরা এত সহজ লক্ষ্য নই। সংযুক্ত আরব আমিরাত এখন যুদ্ধকালীন কঠিন সময় পার করছে। তবে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।”

বর্তমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলার ঘটনা ঘটেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেটের আশপাশেও হামলার খবর পাওয়া গেছে।

দুবাই গণমাধ্যম দপ্তর জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সেটির ধ্বংসাবশেষ পড়ে এক এশীয় গাড়িচালক নিহত হয়েছেন।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে তাদের লক্ষ্য করে ১৬টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ১২০টিরও বেশি চালকবিহীন উড়োজাহাজ ছোড়া হয়েছে। হামলায় আবুধাবির আল-ধাফরা বিমানঘাঁটি, পাম জুমেইরাহ এবং বুর্জ আল আরবের মতো গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্যবস্তু হয়েছে।

এদিকে কাতার ও সৌদি আরব জানিয়েছে, তাদের আকাশসীমাতেও একাধিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন উড়োজাহাজ প্রতিহত করা হয়েছে। পরিস্থিতির প্রভাবে কুয়েত তাদের অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডেস্ক রিপোর্টঃ

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা চার্জশিট গ্রহণ করে এ আদেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ অভিযোগপত্র আমলে নিয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, বেনজীর আহমেদকে গ্রেফতার করা সম্ভব হয়েছে কি না সে বিষয়ে প্রতিবেদন দাখিল করতে পুলিশকে আগামী ৩০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর তিনি বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট জমা দেন।

চার্জশিট অনুযায়ী, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ টাকার স্থাবর এবং ৫ কোটি ৭৪ লাখ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ টাকার অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া যায়।

তদন্তে মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেলেও বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ৬ কোটি ৫৯ লাখ টাকা। ব্যয় বাদে তার নিট সঞ্চয় দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ টাকা। ফলে প্রায় ১১ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠে এসেছে।

চার্জশিটে আরও বলা হয়েছে, এসব অর্থের অবৈধ উৎস গোপন করে বেনজীর আহমেদ বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ ও স্থানান্তর করেছেন।

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ

 

ডেস্ক রিপোর্টঃ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে অনিশ্চয়তার মধ্যেই স্বস্তির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

রোববার (৮ মার্চ) সকালে কুতুবদিয়া ও মহেশখালী জলসীমায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বোঝাই ৮ টি জাহাজ এসে পৌঁছেছে।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, গত ২৮ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি বন্ধ হওয়ার আগেই জাহাজগুলো ঝুঁকিপূর্ণ ওই জলপথ অতিক্রম করতে সক্ষম হয়েছিল।

চট্টগ্রাম বন্দরে আসা জাহাজগুলোর মধ্যে কাতার থেকে পাঁচটি এলএনজি কার্গো রয়েছে। এর মধ্যে ফ্রান্সের পতাকাবাহী ‘আল জুর’ ৬৩ হাজার ৩৮৩ ইউনিট, গ্রিসের ‘আল জাসাসিয়া’ ৬৩ হাজার ৭৫ ইউনিট এবং বাহামার পতাকাবাহী ‘লুসাইল’ ৬২ হাজার ৯৮৭ ইউনিট এলএনজি নিয়ে এসেছে। এছাড়া লাইবেরিয়ার পতাকাবাহী ‘আল গালায়েল’ ও ‘লেব্রেথাহ’ যথাক্রমে ৫৭ হাজার ৬৬৫ এবং ৬২ হাজার ইউনিট এলএনজি নিয়ে বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে। এসব জাহাজের স্থানীয় এজেন্সির দায়িত্বে রয়েছে ইউনিগ্লোবাল।

এদিকে এলপিজি আমদানির ক্ষেত্রে ওমানের সোহার বন্দর থেকে পানামার পতাকাবাহী দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ‘এলপিজি সেভান’ ২২ হাজার ১৭২ ইউনিট এবং ‘জি ওয়াইএমএম’ ১৯ হাজার ৩১৬ ইউনিট এলপিজি নিয়ে এসেছে। এই দুটি জাহাজ পরিচালনা করছে ইউনিক মেরিটাইম।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে ৫ হাজার ১৯ ইউনিট এমইজি নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী ‘বে ইয়াসু’ নামের আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, ২৮ ফেব্রুয়ারির আগে যেসব জাহাজ রওনা দিয়েছিল সেগুলো এখন দেশে পৌঁছালেও এর পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে অনেক জ্বালানিবাহী জাহাজ আটকা পড়েছে। এ পরিস্থিতিতে দেশে আতঙ্কজনিত কেনাকাটা ঠেকাতে এবং জ্বালানির মজুত স্বাভাবিক রাখতে শুক্রবার থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি বিক্রিতে নির্দিষ্ট সীমা বা রেশনিং ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

অবৈধভাবে মাটির নিচে মজুদ ১০ হাজার লিটার ডিজেল জব্দ

অবৈধভাবে মাটির নিচে মজুদ ১০ হাজার লিটার ডিজেল জব্দ

 

ডেস্ক রিপোর্টঃ

নাটোরের সিংড়া পৌরসভা এলাকায় এক ব্যবসায়ী অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করায় ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ ও প্রশাসনের গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া এলাকার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে একটি ট্যাংকে ডিজেল মজুদ করা হয়েছিল। অভিযানের সময় মাটির নিচে থাকা ট্যাংক থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে ব্যবসায়ী রুবেলকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি তাকে নির্দেশ দেওয়া হয়, আগামীকাল পর্যন্ত উদ্ধারকৃত ডিজেল তার বৈধ দোকানে সরিয়ে নিতে হবে।

স্থানীয় বাসিন্দা মো. ইদ্রিস বলেন, “মাটির নিচে এত বড় পরিমাণে তেল মজুত করা হয়েছে তা ভাবতেই পারিনি। মনে হচ্ছে মাটির নিচে তেলের খনি রয়েছে।” তিনি অবৈধ তেল মজুতদারদের আইনের আওতায় আনার দাবিও জানান।

সিংড়া ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানান, “অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার সুযোগ কোনোভাবেই দেওয়া হবে না। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো সংযুক্ত আরব আমিরাত

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো সংযুক্ত আরব আমিরাত

 

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ (শুক্রবার) পালিত হতে পারে বলে জানিয়েছে শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সাইন্স ও টেকনোলজি।

একাডেমির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরির রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে এবং ওই দিনই ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ১৮ মার্চ (রমজানের ২৯তম দিন) চাঁদ দেখার রাতে পশ্চিম আকাশে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে ওই দিন সংযুক্ত আরব আমিরাতে নতুন চাঁদ দেখা সম্ভব হবে না। তাই ১৯ মার্চ রমজানের শেষ দিন হিসেবে গণ্য হতে পারে।

তবে একাডেমি জানিয়েছে, ওই দিন আমিরাতে চাঁদ দেখা অত্যন্ত কঠিন হবে। এমনকি দূরবীন দিয়েও তা দেখা কঠিন হতে পারে। যদিও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হতে পারে।

এছাড়া ভৌগোলিক ও জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থানের কারণে পশ্চিমের কিছু আরব ও মুসলিম দেশে ওই দিন চাঁদ দেখা যেতে পারে বলেও জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

এই হিসাব অনুযায়ী, ২০ মার্চ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অনেক ইসলামি দেশে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: গাল্ফ নিউজ

হরমুজ প্রণালি বন্ধ করবে না ইরান, শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি

হরমুজ প্রণালি বন্ধ করবে না ইরান, শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি

 

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে এই পথ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।

ইরানের এক জ্যেষ্ঠ সামরিক মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান।

তার বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, তেহরান পুরো নৌপথ বন্ধ না করে নির্দিষ্ট কিছু দেশের সঙ্গে সম্পর্কিত জাহাজের চলাচল সীমিত করার কৌশল গ্রহণ করেছে।

বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ এই কৌশলগত জলপথ দিয়ে পরিবহন করা হয়। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কোনো দেশ থেকে সরাসরি হামলা না হলে ভবিষ্যতে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আর লক্ষ্যবস্তু করা হবে না।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (৬ মার্চ) দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। শনিবার দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশগুলোতে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

যুদ্ধের শুরুতে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) কয়েকটি দেশ ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এর মধ্যে ছিল সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও ওমান।

তেহরানের দাবি, এসব দেশে বা তাদের সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকার কারণেই সেখানে হামলা চালানো হয়েছিল।

এছাড়া চলমান সংঘাতের প্রভাব পড়েছে ইরাক, জর্ডান, আজারবাইজান ও তুরস্কেও।