All posts by jitu

যুক্তরাষ্ট্রে ঈদের নামাজ শেষে সাকিবকে দেখে ভুয়া ভুয়া স্লোগান

 

ডেস্ক রিপোর্ট:

জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান এবার ঈদ করছেন যুক্তরাষ্ট্রে। দুই কন্যা ও ছেলেসহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি আপলোড করেছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।

সম্প্রতি নিউইয়র্কের কাছে লং আইল্যান্ডে একটি বাড়িও কিনেছেন সাকিব। বুধবার (১০ এপ্রিল) সেখানে ঈদ উদযাপন করেছে মুসলিম সম্প্রদায়। সেখানকার জ্যামাইকা মুসলিম সেন্টারে সবচেয়ে বড় ঈদ জামাত হয়।

সেখানে সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন সাকিব। তবে এদিন তাকে অস্বস্তিতে সময় কাটাতে দেখা গেছে। কিছুটা নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। প্রথমে কালো জ্যাকেট ও মাস্কে ক্যামেরা থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করেন সাকিব। তবে কোনভাবেই বিষয়টি সম্ভব না হওয়ায় মাথা নিচু করে থাকার চেষ্টা করেন তিনি।

এ সময়ে নিউইয়র্কে ঈদের নামাজে তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেন সেখানে উপস্থিত সমর্থকরা। এর আগে, বিপিএলের ঢাকা পর্বের পর সিলেট পর্বেও তাকে গ্যালারিতে থাকা দর্শকদের মুখ থেকে ভুয়া-ভুয়া স্লোগান শুনতে হয়েছে।

এমন বিব্রতকর পরিস্থিতিতেও নিজেকে সামলে নেন তিনি। কোন প্রতিক্রিয়া না দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি। বিব্রত হওয়ার পরও বেশ শান্তই ছিলেন সাকিব। নামাজ শেষে দ্রুতই এলাকা ছেড়ে চলে যান সাকিব।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে প্রত্যক্ষদর্শীকে বলতে শোনা যায়, জ্যামাইকা মুসলিম সেন্টারে  ঈদের নামাজ এবং সংবাদ সংগ্রহ করতে যাই। খুতবা শুরু হওয়ার আগে যথারীতি স্থানীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যের শেষে হঠাৎ করে একজনকে বলতে শুনা যায়, অলরাউন্ডার সাকিব আল হাসান এখানে আছেন, নামাজ পড়বেন। ঠিক তখনই পিছন থেকে অনেকেই ভুয়া ভুয়া বলে উঠেন। আমি তখন ঈদের দিন হিসেবে পজিটিভলি সেই দৃশ্য রেকর্ড করিনি। হঠাৎ করে লক্ষ্য করলাম একজন (ভাই) সেলফি তুলার জন্য সাকিবের কাছে এসে সেলফি তুলেন। একপর্যায়ে সাকিব ওই লোকের ওপর খেপে যান, তখন আমি দেখে বিষয়টি আঁচ করতে পেরে কুইক ক্যামেরা ওপেন করে দৃশটি ভিডিও শুট করলাম।

আরও বলতে শোনা যায়, পাশাপাশি আরও অনেক সাংবাদিক ছিলেন, তখন একপর্যায়ে তিনি (সাকিব) দোয়া না করেই মাঠ ত্যাগ করেন। আমি তখন জিজ্ঞেস করলাম, সাকিব (ভাই) কি হয়েছে, দোয়া করেই চলে যাচ্ছিলেন কেন একটু যদি বলতেন। তিনি কিছু না বলাতে আবার আমি জিজ্ঞেস করলাম (ভাই); কিছু একটু বলেন কেন এই ঘটনাটি ঘটেছে? আসলে যারা তার প্রিয় তারকার পাশে দাড়িয়ে একটা ছবি তুলতে আগ্রহ প্রকাশ করেন এবং অনেকেই লাইনে দাড়িয়ে থাকেন। কিন্তু তারা একবারও চিন্তা করেন না যে আমি আজকে সেলিব্রিটি হয়েছি সেইসব ভক্তদের কারণে। একবারও ভাবেন না যে আমি সাকিব হয়েছি; তাদের কারণে যারা কি না; আমার নাম ধরে চিৎকার দিয়ে উল্লাস করে। তারপরেও আমি সাকিবের প্রতি পজিটিভ যদি তিনি তার রিয়েকশন বা তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে পারেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের প্রায় দুই হাজার মুসল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। বুধবার (১০ এপ্রিল) জেলার ১৩টি উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

আজ সকাল ৯টায় চিরিরবন্দর উপজেলার পূর্ব সাঁতাড়া রাবার ড্যাম এলাকায় চিরি নদী ঈদগাহ মাঠে শতাধিক মুসল্লি সৌদির সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এ ছাড়া দিনাজপুর শহর, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর উপজেলাসহ বেশ কিছু এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে কয়েক শ পরিবার।

ফুলবাড়ি উপজেলা থেকে ঈদের নামাজ পড়তে আসা ডা. এস এম ওয়ালিউর ইসলাম বলেন, ২০০৯ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করি। একদিন আগেই ঈদের আনন্দ উপভোগ করতে পেরে ভালোই লাগছে।

চিরি নদী ঈদগাহ মাঠের ইমাম মোহাম্মদ আব্দুল আলিম বলেন, আমরা বিগত কয়েক বছর ধরে সৌদির সঙ্গে মিল রেখে রোজা রাখি ও ঈদ উদযাপন করি। কেননা রাসুল (সা) বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়। আমরা মনে করি, পৃথিবীর যে কোনো প্রান্তে ঈদের চাঁদ উঠলে ঈদের নামায পড়া যাবে।

দিনাজপুর ঈদ উদযাপন কমিটির সভাপতি মোকবুল হোসেন জানান, এবার জেলার ১৩ থানায় প্রায় ৫০টি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি জামাতে প্রায় শতাধিক মুসল্লি অংশ নিয়েছেন।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, চিরিরবন্দরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সকাল ৯টায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে তাদের নিরাপত্তায় পুলিশ নিয়োজিত ছিল।

উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়ার রীতি শুরু হয়। প্রথম দিকে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতিবছর তা বাড়ছে।

কুমিল্লা জিলা স্কুল-২০০০ ব্যাচের কুমিল্লার ইফতার পর্বের প্রাণবন্ত আয়োজন

বিশেষ প্রতিবেদন:
কর্মদিবসে কুমিল্লা জিলা স্কুল ২০০০ ব্যাচের ঢাকা পর্বের সফল ইফতার আয়োজনের পর ঈদের একদিন পূর্বে মঙ্গলবার কুমিল্লা নগরীতে আয়োজন করা হল এ ব্যাচের কুমিল্লা পর্বের ইফতার মিলনমেলা। প্রায় ৫০ এর অধিক বন্ধু এই ইফতার মিলনমেলায় অংশগ্রহণ করেছে।

নগরীর একটি রেস্টুরেন্টের টপ ফ্লোরের ছাদে প্রাকৃতিক নয়নাভিরাম পরিবেশে এই ইফতারের আয়োজন করা হয়।

ঢাকা পর্বের ইফতারে অংশগ্রহণ করা অনেক বন্ধুই কুমিল্লার ইফতারেও অংশগ্রহণ করেছেন। এই ইফতার মিলনমেলা এই ব্যাচের বন্ধুদের জন্য বিশেষ কিছু, তা আবার প্রমাণ করলেন অনেক বন্ধু। ক্যাঙ্গারোর দেশ অস্ট্রেলিয়া থেকে গতকাল উড়ে এসেছেন বন্ধু কামাল, দীর্ঘ ভ্রমণের ক্লান্তিকে পাশ কাটিয়ে ইফতার মিলনমেলায় হাজির কামাল। এছাড়া ইফতারের জন্য কুমিল্লায় চলে আসলেন রেসলিং জায়ান্ট বিগ শোর কাবর্ণ কপি বন্ধু আমিন। ছোটবেলার বন্ধুদের মায়া উপভোগ মিস করতে চাননি আমিন। জ্বরে আক্রান্ত অসুস্থ্য শরীর নিয়ে হাজির চিকিৎসক বন্ধু রাব্বি হোসেন।

ইফতারের পূর্বে বিকেলে হই-হুল্লোড় করে ইফতারে আগমন ঘটে সিনা খ্যাত ইবনে সিনার। বিভিন্ন গ্রুপের বিনোদনের অন্যতম খোরাক হিসেবে পরিচিত সিনাকে তাই বন্ধুরা বলে উঠল- ৭২ থেকে শুরু করে ২০০০, ০১, ০২, ০৩ ব্যাচের সিনার আগমন। সাদা সফেদ দাড়ি আর সাদা পান্জাবিতে হাজির হলেন বন্ধু খলিল, ঢাকার মত ডীপ নেভি ব্লু এরাবিয়ান পোষাকে কুমিল্লার ইফতারে হাজির হলেন রাইসুল নাবিল।এবার আর ওযুর পানির নিয়ে দৌড়াদৌড়ির দৃশ্য দেখা যায়নি।বিকাল ৫ টায় বন্ধুদের আগমনে রেস্টুরেন্টের ছাদ পরিপূর্ণ হয়ে উঠে। প্রকৃতি যেন বহুদিন পর মানুষের কলকাকলিতে মেতে উঠে।

মহামান্য পন্ডিত জগন্নাথ খ্যাত মহিবুবুল হক ছোটন সময়ের স্বল্পতার জন্য ঢাকায় তার বক্তব্য দীর্ঘমেয়াদী করার সুযোগ না পেলেও এবারের কুমিল্লার ইফতারে তার ষোলকলা পূর্ণ করেছেন। ইফতার শেষ করেই কফির জন্য জনরোষের মুখোমুখি হন ছোটন স্যার। তাৎক্ষনিকভাবে এক বন্ধুকে ফিটিং দিয়ে সবার জন্য কফির ব্যবস্থা করলেন । এরপরই শুরু করলেন দীর্ঘক্ষণের ভাষণ। কোন কোন বন্ধুকে প্রশংসায় ভাসালেন তো ক্ষণিক পরেই তার বারোটা বাজিয়ে দিলেন।

পন্ডিত ছোটনের ভাষণ আর বন্ধুদের আড্ডাবাজিতে উঠে আসলো নানা কথা। কেউ কেউ জিলাস্কুলে অধ্যয়নরত অবস্থায় কে কি কান্ডের অবতারণা করেছিলেন তা বর্ণনা করলেন নিখুতভাবে। ঈদগাহের সামনে এক বন্ধুর তার প্রেমিকাকে ভালবাসার প্রস্তাব দেয়ার সময় বেরসিক স্যারের আগমণ , পরক্ষণে উত্তম মধ্যমের করুণ কাহিনী বর্ণনা করলেন সার্জেন্ট অপু, সরকার রেফায়েত ফেরদৌসের শাখা ম্যানেজার হিসেবে পদুয়ার বাজার বিশ্বরোডের সোনালী ব্যাংক শাখায় যোগদান, স্বপনের স্বর্ণ ব্যবসার সফলতা কিংবা ভবিষ্যতে হবু কাউন্সিলর হওয়ার দৌড়ে এগিয়ে থাকা, রাইসুল নাবিলের ৮৫ কেজি থেকে ৫৮ কেজি ওজনে ফিরে আসা ও নাবিলের চিরসবুজ ১৮ বছরে স্থায়ী থাকার গোপন রহস্য নিয়ে আলোচনা, মডেল টুটুলসহ ৪ বন্ধুর এখনো অবিবাহিত ব্যাচেলর থাকার রহস্য, শিক্ষক কাজী বেলায়েত উল্লাহ জুয়েলের ডিগ্রী পেয়ে পুতিনের দেশ রাশিয়ায় গমনের সুযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এর আইকন ব্যবসায়ি মাহফুজুল হক মাসুমের পার্লারে সাজুগুজু কোন কিছুই বাদ যায় নি ২০০০ ব্যাচের এই মুক্ত আলোচনায়।কোন কোন বন্ধুর রাশিয়ায় গমনের কথা উঠলে আইটি বিশেষজ্ঞ ও বিজনেস আইকন রাজীব আহমেদ জানিয়ে দিলেন হুশিয়ার বার্তা- “রাশিয়া গেলে বাইডেন আমেরিকায় প্রবেশ করতে দিবে না”। মুরাদনগর ভূমি অফিসে কর্মরত আশিকুর রহমানের স্কুল জীবনের স্মৃতিচারণ হিসেবে পরীক্ষার খাতায় অন্য বন্ধুর ৩ ত্রিকোনমিতি অংক করে দেয়ার গোপন তথ্য পাঁস হল, চাদঁপুরের কচুয়ায় প্রাণি সম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত শওকত হোসেন সুমনের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা, নাট্য ব্যক্তিত্ব মাজহার সিহাবের বর্তমান রাজনীতিতে চাটুকারিতার বিষয়ে মন্তব্য ছিল চমকপ্রদ।

আবার এ ব্যাচের বন্ধুদের নিয়ে সুন্দরবন সফর, সেন্টমার্টিন ট্যুরে মাহতাব আলভিনের বিশেষ অফারের কথাও আসলো আলোচনায়। প্রশংসা, সমালোচনা আর অনেক দুষ্টামিতে ভরপুর ছিল আজকের আড্ডা।

পুরো মিলনমেলায় আলোকচিত্রীর ভূমিকায় ছিলেন পন্ডিত ছোটন, ১৮ বছরের চিরতরুণ রাইসুল নাবিল, ফারহান আহমেদ অনি, অপু, বশির পাটোয়ারি, কখনো কখনো সাইফুল।

ইফতার মিলনমেলায় ভিডিও ব্লগিংয়ে ব্যস্ত ছিলেন ফারহান আহমেদ অনি। প্রায় অনেকের ভিডিও বক্তব্য নিলেন। আবার অনেকে মাঝে মাঝে অনিকে নার্ভাস করে দিলেন। অনিও সেই ছেলে মানুষের মত ভিডিও কেটে পুনরায় বার বার করলেন। সুযোগ পেয়ে বশিরুল আলম পাটোয়ারি এসে অনির ব্লগে গরুর মাংস ও ছাগলের মাংসের বিক্রির প্রচারণা করে গেলেন। এভাবে সময় কেটে গেল অনেক দূর।

এই ইফতার মাহফিলে উপস্থিত থেকে চাকুরেজীবি উজ্বল, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল মামুন, আ ক ম নাছির ভূইয়া, ব্যাংকার আবু সাঈদ মামুন, চিকিৎসক আসাদুজ্জামান আকন্দ জনি,  চিকিৎসক খন্দকার আবু সাঈদ, আহমেদ সাকিল, আসিফ তানভীর , প্রকৌশলী মোদাসসির হোসেন, ফয়েজ আহমেদ, শাহানুর হোসেন রাসেল, মোস্তফা মাহমুদ বাপ্পি, অনিক, রোমন, রাকিবুল ইসলাম সজীব, ব্যবসায়ি সজীব রায়, শাহাদাত হোসেন আইটিপি, অনিক, ডা: সাইদুল হক, সাইফুল্লাহ আল মামুন, তুহিন টিপুসহ আরো অনেকে এ আয়োজনকে প্রাণবন্ত করেছেন।

এ আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ছোটন, সাইফুলসহ আরো অনেকে।

চাঁদপুরে ব্যাপক আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

‘সম্পর্ক হোক সহযোগিতার’ এই স্লোগানকে ধারন করে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে যাত্রা শুরু করেছে “আলোর দিশারী ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

ব্যাতিক্রমী আয়োজনে মঙ্গলবার (৯ এপ্রিল) ইউনিয়নের বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অলাভজনক ও অরাজনৈতিক এই সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে ব্যাপক উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠাতা সদস্যগণ। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মঈনুল হোসাইন (সোহেল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।

সাবেক ছাত্রনেতা শওকত হোসেন হিরুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মফিজুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম রেজওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, সদস্য মাহফুজুল কবির রাজু চৌধুরী, ইউনিয়ন বিএনপির আহবায়ক তালিম হোসেন পাঠান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন পলাশ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন আহমেদ দুলাল, ইউপি সদস্য সাকিবুল হাসান খান, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য আনিসুর রহমান মামুন প্রমূখ।

হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলোর দিশারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য শাহ্ মোঃ শাহাদাত জুয়েল। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ডাকাতিয়া পাড়ের মানুষের আস্থা ও ভরসার নতুন এক ঠিকানা স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশারী ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও মানবিক কাজের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানাই। তরুণ প্রজন্মের এ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটি আগামীতে সামাজিক উন্নয়নে, মাদক ও বাল্য বিয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।

বক্তারা আলো বলেন, সংগঠনটির নেতৃবৃন্দ তাদের দক্ষ নেতৃত্বে আরো সামনে এগিয়ে যাবে। সরকারের পাশাপাশি তাদের কার্যক্রমের তালিকায় অসহায় মানুষদের জন্য কাজ করে যাবে বলে আমরা বিশ্বাস করি। এই ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব ডা. দীপু মনি এমপি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োজিত আছেন। সংগঠনটির ধারাবাহিক কর্মকান্ড অব্যাহত থাকলে একসময় সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটি নিবন্ধনের আওতায় চলে আসবে।

স্বেচ্ছাসেবী এই সামাজিক সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আগত পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার এবং শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তবে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এত আয়োজন করা সত্যিই ব্যতিক্রম বলে মনে করেছেন উক্ত এলাকার লোকজন। এই সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কবির হোসাইন পাটওয়ারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহাম্মদ হায়দার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, ছাত্রলীগ নেতা আহমেদ পারভেজ, রামপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা।

‘হত্যার’ উদ্দেশ্যে কুবি শিক্ষার্থীর উপর হামলা

কুবি প্রতিনিধি:

‘তুচ্ছ’ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলার শিকার হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক শিক্ষার্থী মো: আনিসুজ্জামান শাকিল ও তার ভাই মো: মাসফিকুজ্জামান রাকিব। হামলার পরে তারা ছিনতাইয়ের শিকার হয়েছে বলেও অভিযোগ করে। ৫ এপ্রিল (শুক্রবার) বিকাল ৩টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে উক্ত হামলার শিকার হয় শাকিল ও রাকিব।

এ ঘটনায় কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেটের আদালতে ভুক্তভোগী বাদি হয়ে ৮ এপ্রিল (সোমবার) মামলা দায়ের করে।

হামলার বিষয়ে ভুক্তভোগী মো: আনিসুজ্জামান শাকিল বলেন, “আমি গ্রামে খুব কম যাই। আমার বাড়ির পাশে প্রতিবেশী আমান উল্ল্যাহ(৪১) নজির(৩২), নাছির (২৯), এরা তিন ভাই ও আলামগীর (২৮), আব্দুল কাদের(২১) তারা এলাকার সমাজে প্রভাববিস্তার করতে চায় এবং তারা যেহেতু প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমার থেকে কম তারা এ নিয়ে প্রতিহিংসা করতো৷ এর জের ধরো অতর্কিত হামলা করে আমি ও আমার ছোট ভাইয়ের উপর। লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের ঘরে প্রবেশ করে আমাদের দুই ভাইকে এলোপাতাড়ি মারতে থাকে। আমাকে হত্যা করতে শ্বাসরোধ করতে চায়। তারা হামলার পর আমার মায়ের গলা থেকে স্বর্ণের হার ও শোবার ঘর থেকে ১ লক্ষ ৪ হাজার টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তারা ফাঁকা গুলি করতে থাকে।”

উক্ত ঘটনায় সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীর মা মোসাঃ সাহিনা আক্তার । সংবাদ সম্মেলনে সদর দক্ষিণ মডেল থানার অফিসার্স ইন চার্জসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

চান্দিনায় কুদ্দুস হত্যা মামলার রহস্য উদঘাটন: ৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায়  আব্দুস কুদ্দুস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। এ ঘটনায়  লুন্ঠিত মালামাল  উদ্ধারসহ ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, কুমিল্লার  চান্দিনা উপজেলার হাশিমপুর এলাকার মো: মফিজ  মিয়ার ছেলে
মোঃ সোহেল প্রকাশ মুন্না (৩৫),  তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার আ: লতিফের ছেলে  মোঃ বাবু ভূঁইয়া (২৬), পিতা-আঃ লতিফ, চান্দিনা উপজেলার হাশিমপুর এলাকার  মোঃ আমির আলীর ছেলে  আবু রায়হান (১৯), দক্ষিন গাজীপুর এলাকার মো: ফারুকের ছেলে  মোঃ রুবেল (২৮) এবং দাউদকান্দি উপজেলার বাহাদুর খোলা এলাকার বকুল মিয়ার ছেলে  মোঃ শাহজালাল (৩০)।

৬ ফেব্রুয়ারি  ভোররাত  রাত ৩ টায়  আব্দুল কুদ্দুস (৫২) এবং মোঃ জসিম উদ্দিন (৪৪)দ্বয় চান্দিনা হতে ভ্যানে করে পরচঙ্গা বাজারে মাছ আনার জন্য রওয়ানা করলে গল্লাই ইউনিয়নের অন্তর্গত কেশেরা সাকিনস্থ গরুর বাজার সংলগ্ন পরচঙ্গা কংগাই গামী পাকা রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা ৪ জন তাদেরকে পথরোধ করে মোঃ জসিম উদ্দিনকে ধারালো অস্ত্র দ্বারা রক্তাক্ত জখম এবং আব্দুল কুদ্দুসকে একটি ধারালো অস্ত্র দ্বারা তার বুকের মধ্যখানে আঘাত করে হত্যা করে।

উক্ত ঘটনার রহস্য উদঘাটনের জন্য  কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনায় চান্দিনা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে স্থানীয় সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী মোঃ সোহেল প্রকাশ মুন্না (৩৫)কে চান্দিনা থানাধীন হাশিমপুর এলাকা হতে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে লুন্ঠিত একটি বাটন মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং হত্যাকাণ্ডে তার অপর সহযোগী মোঃ বাবু ভূঁইয়া (২৬), আবু রায়হান (১৯), মোঃ রুবেল (২৮) ও মোঃ শাহজালাল (৩০)গনের নাম প্রকাশ করে।

পরবর্তীতে চান্দিনা পুলিশের একই টিম আলাদা আলাদা অভিযান পরিচালনা করে সকল আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারকালে আসামী বাবু ভূইয়ার নিকট হতে লুন্ঠিত  একটি বাটন ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি পিক গাড়ী এবং আসামী আবু রায়হানের নিকট হতে ছিনতাইকাজে ব্যবহৃত  একটি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় চান্দিনা থানায় ৭ ফেব্রুয়ারি মামলা দায়ের করা হয়।  সকল আসামীগন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বিজিবির উদ্যোগে চৌদ্দগ্রামের বালুঝুড়িতে অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :

কুমিল্লা সেক্টর এবং অধীনস্থ ব্যাটালিয়নের উদ্যোগে চৌদ্দগ্রামের বালুঝুড়ি বিওপি এলাকায় ২ শত দুস্হ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ৷

বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্হদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে।

এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ ও এর সদর দপ্তরসহ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্হ ও বিপন্ন মানুষদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

এই মহতী উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (৯ এপ্রিল) বিজিবি, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলসহ অধীনস্হ কুমিল্লা সেক্টর ও ব্যাটালিয়ন (১০ বিজিবি ) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায়ও দুস্হ-দরিদ্রদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইফতার ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিজিবির সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো: শরীফুল ইসলাম মেরাজ ও ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ ইফতেখার হোসেন।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস এবং এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। আর বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ।

চাঁদপুরে বসতঘর থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের ফরিদগঞ্জে বসতঘর থেকে একসঙ্গে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন লাড়ুয়া গ্রামের দুবাই প্রবাসী আরিফ হোসেন রাঢ়ীর স্ত্রী সীমা (২৬) ও তার দুই মেয়ে আরিফা (৪) ও আরিয়া (২)।

নিহত সীমার স্বামী আরিফ হোসেন বলেন, সকালে আমি বাড়ি থেকে বের হওয়ার সময় দেখেছি আমার স্ত্রী সীমা বাচ্চাদের খাওয়াচ্ছে। প্রায় দুই ঘণ্টা পর বাজার থেকে চালের বস্তা নিয়ে বাড়ি ফিরে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ পাই। ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের পেছন দিকের জানালা দিয়ে স্ত্রী এবং বাচ্চাদের ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখতে পাই। তারপর ঘরের দরজা ভেঙে রশি কেটে তাদের মরদেহ নিচে নামাই। এ সময় আমার ডাক-চিৎকারে মা-সহ প্রতিবেশীরা এগিয়ে আসেন।

সীমার বাবা মোস্তফা কোতয়াল জানান, মেয়ে ও নাতনিদের মৃত্যুর কথা শুনে ছুটে এসেছি। ৭ বছর আগে আরিফের সঙ্গে সীমার বিয়ে হয়। আরিফ দুবাই প্রবাসী। ফেব্রুয়ারি মাসে সে বাড়িতে আসে। ঈদের দুই দিন পর তার দুবাই ফিরে যাওয়ার কথা।

চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান এবং ওয়ার্ড সদস্য ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মা ও বাচ্চাদের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেছি। ফ্যানের সঙ্গে রশি ঝুলন্ত দেখতে পেয়েছি। তবে ঘটনা কি আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে নিশ্চিত নই। পুলিশের তদন্তে প্রকৃত সত্য প্রকাশ পাবে বলে প্রত্যাশা করি।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত জানান ,পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অনুসন্ধান চলছে। তদন্তে শেষে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপি এদেশের গণতন্ত্রের শত্রু: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এদেশের গণতন্ত্রের শত্রু ও আন্তর্জাতিকভাবে চিহ্নিত একটি সন্ত্রাসী দল। মঙ্গলবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নীতি, আদর্শ ও কর্মপন্থা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। বিএনপির অবস্থান গণতন্ত্রের বিপরীত মেরুতে। সামরিক স্বৈরাচারের হাতে প্রতিষ্ঠিত বিএনপি গায়ে গণতন্ত্রের আলখেল্লা জড়ালেও ভেতরে অগণতান্ত্রিক প্রেতাত্মাকে ধারণ করে। তাই সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতির প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই। অগণতান্ত্রিক শক্তির প্রতিভূ বিএনপি সর্বদাই গণতান্ত্রিক ও স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করে তারা বানচালের উদ্দেশ্যে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছিল। বিএনপি তাদের মজ্জাগত সন্ত্রাসকে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আড়াল করার অপচেষ্টা করে। কিন্তু তাদের স্বরূপ আজ জাতির কাছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত। কানাডার ফেডারেল আদালতে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত হয়েছে।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, লাগাতারভাবে ভুল নীতি ও ভুল কর্মসূচি গ্রহণের মাধ্যমে বিএনপি ভুলের চোরাবালিতে নিমজ্জিত। এখান থেকে উত্তরণের জন্য তাদের স্বভাবজাত পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে তারা আরও গভীরে পড়ে যায়। বিএনপির রাজনীতি চরমভাবে দুর্দশাগ্রস্ত। ভুল রাজনীতির কারণে তাদের নেতাকর্মীরা হতাশাগ্রস্ত।

তিনি বলেন, ব্যর্থ বিএনপির নেতাকর্মীরা জনগণের মাঝে হতাশার বীজ বপনের অপচেষ্টা করছে। তাদের কোনো স্বপ্ন নেই। তাই বিএনপির নেতারা ইতিবাচক কোনো কিছু দেখতে পায় না। বরং নেতিবাচক রাজনীতির মাধ্যমে দেশ ও জনগণের ক্ষতি সাধনে সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তাদের এ ধরনের কর্মকাণ্ড দেশ ও জনগণের স্বার্থবিরোধী।

বিবৃতিতে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব প্রতিকূলতা ডিঙিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আগামীর বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ স্মার্ট বাংলাদেশ।

নাঙ্গলকোটে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা

শাহ ইমরান:

কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় ও নাঙ্গলকোর্ট উপজেলা প্রশাসন এর উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) নাঙ্গলকোর্ট মৌকরা ইউনিয়নে নিষিদ্ধ এলাকায় পরিচালনা করায় মেসার্স আজিজ ব্রিকসের ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।

নাঙ্গলকোর্ট উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন উক্ত অভিযান পরিচালনা করেন। এ সময় মোবাইল কোর্ট প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস।

এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন নাঙ্গলকোর্ট থানা পুলিশ।