All posts by jitu

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ডেস্ক রিপোর্ট:

দেশের ৬ জেলায় ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ মে) সকালে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গতকাল বুধবার কালবৈশাখীর সতর্কবাতায় বলা হয়েছে, বুধবার বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এসময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়।

তিস্তা প্রকল্পে অর্থায়ন আগ্রহী ভারত : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

তিস্তা প্রকল্পে ভারত অর্থায়ন করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করে তিস্তায় দেশটির অর্থায়ন আগ্রহের কথা জানান।

ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। তিস্তায় আমরা একটা বৃহৎ প্রকল্প হাতে নিয়েছি। ভারত সেখানে অর্থায়ন করতে চায়। আমি বলেছি, তিস্তায় যে প্রকল্পটি হবে সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী হবে। আমাদের প্রয়োজন যেন পূরণ হয়।

তিস্তায় ভারতের মতো চীনও অর্থায়ন করতে চাচ্ছে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যে এক্ষেত্রে সহায়তা করতে চাচ্ছে, সে বিষয় নিয়েই আজকে আলোচনা হয়েছে।

শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়া কঠিন শর্ত আরোপ করল

ডেস্ক রিপোর্ট:

স্টুডেন্ট ভিসার নিয়মে আবারও পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে স্টুডেন্ট ভিসার নিয়ম আরও কঠোর করছে দেশটি। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বনিম্ন সঞ্চয়ের পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

রেকর্ড অভিবাসী আগমনের কারণে শুক্রবার থেকে নতুন এই নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার ভিসা আবেদনের ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এবার থেকে কমপক্ষে ২৯ হাজার ৭১০ অস্ট্রেলিয়ান ডলার (১৯ হাজার ৫৭৬ মার্কিন ডলার) সঞ্চয়ের প্রমাণ দেখাতে হবে।

এর আগে গত বছরের অক্টোবরে এই সঞ্চয়ের পরিমাণ ২১ হাজার ৪১ অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ২৪ হাজার ৫০৫ ডলার করা হয়েছিল। স্টুডেন্ট ভিসায় নতুন এই নিয়ম ঘোষণার পাশাপাশি অবৈধ পন্থায় শিক্ষার্থী ভর্তির বিষয়ে দেশটির বেশ কিছু কলেজকে সতর্ক করা হয়েছে।

বন্যার্তদের জন্য হেলিকপ্টার, ছোট প্লেন ও খাবার পাঠালেন নেইমার

ডেস্ক রিপোর্ট:

৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে পড়েছে দক্ষিণ ব্রাজিলের রাজ্য রিও গ্রান্দে দো সুলে। এতে শত শত শহর পানিতে তলিয়ে গেছে। এমনকি ডুবে আছে বিমানবন্দর এবং ফুটবল স্টেডিয়ামও। দুর্যোগের মুখে পড়া একটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধও করে দেওয়া হয়েছে। এমন অবস্থায় তাদের উদ্ধারে হেলিকপ্টার, ছোট প্লেন ও খাবার পাঠিয়েছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র।

আন্তর্জাতিক সংবাদসংস্থা এপি’র দেওয়া তথ্যমতে– এখন পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০, বাস্তুচ্যুত আড়াই লাখেরও বেশি মানুষ। বন্যায় অন্তত ১৩০ জন মানুষ হারিয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে আশপাশের অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ফান্ড গড়তে তারকা ফুটবলারদের মাধ্যমে বার্তা দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অবশ্য বন্যা শুরুর মুহূর্তেই ত্রাণ সাহায্য পাঠিয়ে দেন নেইমার। রিও প্রদেশের জন্য নগদ অর্থও পাঠিয়েছেন তিনি, যদিও আর্থিক অঙ্ক প্রকাশ করেননি। নেইমারের অনুপস্থিতিতে পুরো সহায়তার কাজটি দেখবাল করছেন নেইমারের বাবা সিনিয়র নেইমার। ব্রাজিল তারকার ছোট একটি বিমানবোঝাই করে দক্ষিণের ওই অঞ্চলে খাবার পাঠানো হয়, এছাড়া সৌদি আরব থেকে আরেকটি বড় বিমান পাঠিয়েছেন বন্যার্তদের সহায়তায়।

নিজে সাহায্যের হাত বাড়িয়েই বসে থাকেনননি, সেই সঙ্গে সামর্থ্যবানদের প্রতিও দেশবাসীর এ বিপদে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নেইমার। ওই ত্রাণ সহায়তার কথা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেই জানিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘আমি যা করি বা যেভাবে সহায়তা করি তার সবই আমি পোস্ট করে জানাতে পছন্দ করি না। কারণ এ ধরনের কাজ মন থেকে করতে হয়, প্রতিশ্রুতির জন্য নয়। তাই এই পোস্টের উদ্দেশ্য হচ্ছে অন্যদেরও এগিয়ে আসার ব্যাপারে উৎসাহ দেওয়া। আমি আমার এয়ারক্রাফটের সকল পাইলট এবং যারা এতে যুক্ত ছিল সবাইকেই ধন্যবাদ জানাই। দূর থেকেই প্রার্থনা করছি যেন সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বাবা আমার দেখভাল করার পাশাপাশি সম্ভাব্য সব উপায়ে সহায়তা করছেন।’

চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে আছেন আল-হিলালের এই সেলেসাও ফরোয়ার্ড। এমনকি ৩২ বছর বয়সী এই ফুটবলারের আসন্ন কোপা আমেরিকায়ও খেলা হচ্ছে না। যা ব্রাজিলের টিম চিকিৎসকই নিশ্চিত করেছেন। তবে খুব শিগগিরই মাঠে ফিরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার। সৌদি আরবে তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে

এদিকে, পানি ও কাঁদার নিচে বেশ কয়েকটি স্টেডিয়াম তলিয়ে যাওয়ায় কনমেবল ব্রাজিলে লিবার্তাদোরেস ও সুল-আমেরিকানার খেলা স্থগিত করেছে। এর আগে ২০ দিনের জন্য খেলা স্থগিতের আহবান জানায় সিবিএফ। পরবর্তীতে টুর্নামেন্ট দুটির গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে চলতি মাসের শেষ নাগাদ। আগামী ৩০ মে পর্যন্ত পোর্তো অ্যালেগ্রি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ থাকার কথা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ও গ্লোবো।

কর্ণফুলীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এক পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পাইলট। চিকিৎসা নিচ্ছেন আহত কো-পাইলট।

বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড় ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা।

তিনি বলেন, ‘বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাসুট দিয়ে নেমে এলে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বানৌজা ঈসা খাঁ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ১২টার দিকে তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অসীম জাওয়াদ নামে একজনের মৃত্যু হয়।’

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর ওয়াইএকে১৩০ নামক যুদ্ধবিমানটি উড্ডয়নকালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় বিমানটির পেছন দিকে আগুন লেগে যায় এবং চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে।

এবার সরকারি খরচে হজে যাচ্ছেন ৬৩ জন

ডেস্ক রিপোর্ট:

এবার রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন‌ ৬৩ জন। তবে তাদের বিমানের ভাড়া পরিশোধ করতে হবে। গত বছর সরকারি খরচে হজে গিয়েছিলেন ২৩ জন। সে হিসেবে এবার সরকারি খরচে হজে যাওয়ার সংখ্যা ৪০ জন বেড়েছে।

বুধবার (৮ মে) ধর্ম মন্ত্রণালয় সরকারি খরচে হজ পালনকারীদের তালিকা প্রকাশ করেছে।

ধর্ম মন্ত্রণালয় থেকে তালিকাসহ প্রধান হিসাব রক্ষণ ও অর্থ কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে বলা হয়, হজ ও ওমরা ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ অনুযায়ী সরকারের আর্থিক সহায়তায় ৬৩ জনের হজ পালনে সম্মতি জ্ঞাপন করা হলো।

রাষ্ট্রীয় খরচে হজ পালনের জন্য মনোনীতদের বিমান টিকিট বাবদ এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা দিতে হবে।

চিঠিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় খরচে হজ পালনকারী ব্যক্তিরা বিমানের ফ্লাইট পাওয়া সাপেক্ষে আগামী ৬ জুন সৌদি আরব যাবেন এবং ১০ জুলাই বাংলাদেশে ফিরবেন।

সরকারি খরচে হজে যাচ্ছেন যারা

বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছেন জামালপুরের মো. আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রামের মো. নুরুল ইসলাম, নড়াইলের শেখ নওশের আলী, রাজবাড়ির মোহাম্মদ আমজাদ হোসেন, গাইবান্ধার মো. তাজুল ইসলাম সরকার, কুমিল্লার বাহার উদ্দিন রেজা (বীর প্রতীক) ও তার স্ত্রী নাজমা বেগম, গোপালগঞ্জের মো. ফিরোজ ফকির, বরিশালের আল্লামা হারুন-অর-রশিদ, ঝালকাঠির তাজুল ইসলাম চৌধুরী, রংপুরের মো. ফজলাল রহমান, ঝিনাইদহের মো. নুরুল ইসলাম, কুড়িগ্রামের মো. নুরুল আমিন ও তার স্ত্রী বিউটি বেগম।

সংসদ ভবনের অভ্যর্থনাকারী মো. সাজ্জাদ হোসেন, কমিটি শাখা-৮ এর মো. জজ মিয়া।

রংপুরের হাফেজ মো. রফিকুল ইসলাম ফারাজী, টাঙ্গাইলের মো. মোন্তাজ আলী, টাঙ্গাইলের কে এম ইমদাদুল আলম (শামিম), গোপালগঞ্জের মো. আ. মান্নান খাঁন ও তার স্ত্রী মাকসুদা আক্তার, গোপালগঞ্জের হাবিবুর রহমান, রংপুরের মো. জয়নাল আবেদীন প্রধান, ঢাকা মিরপুরের মো. আ. মালেক, গাইবান্ধার মো. তোফাজ্জল হোসেন, জয়পুরহাটের মোছা. মাহফুজা বেগম, নাটোরের মো. মারুফ হোসেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আসলাম উদ্দিন, প্রেস উইংয়ের মনিরুল ইসলাম ভূঁইয়া, অফিস সহায়ক পারুল পারভীন, ব্যক্তিগত সহকারী মো. আজহারুল হক, সহকারী সচিব মীর এমদাদ হোসেন, সহকারী সচিব মোসা. আমেনা খানম, গাড়িচালক মো. আবুল কালাম, গাড়িচালক মোছা. মমতাজ বেগম, উচ্চমান সহকারী মোসা. ছালমা বেগম, ওয়ার্ক চার্জড লাইনম্যান মো. মাইনুদ্দিন, সহকারী সাইন অপারেটর মো. মিজানুর রহমান, ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট মো. আবুল কাশেম, পাওয়ার মেশিন অপারেটর আবু তাহের, সহকারী সচিব মো. মোতাহের হোসেন ও তার স্ত্রী মোসা. হাফেজা আক্তার, পুলিশ পরিদর্শক মো. লুৎফুর রহমান, বার্তাবাহক ফখরুদ্দিন আহমেদ, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর খন্দকার আজিজুর রহমান ও মো. সাজিদুর রহমান, পরিচ্ছন্নতাকর্মী গোলাপ মিয়া ও মো. আব্দুল মান্নান।

এনজিও বিষয়ক ব্যুরোর উচ্চমান সহকারী মো. মিজানুর রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের গাড়িচালক মো. সাখাওয়াত হোসেন ও তার স্ত্রী রওশন আরা বেগম।

মুন্সিগঞ্জের এ কে এম মজিবুর রহমান, ধানমন্ডির অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. জাকির হোসেন ও সর্বপ্রাপ্ত সচিব মো. কুদ্দুস খান।

নাটোরের বর্ষীয়ান নেতা মরহুম আব্দুল ওয়াহেদ মোল্লার দুই সন্তান সুলতানা পান্না ও মো. মেহেদী হাসান, কুমিল্লার মো. মকবুল হোসেন, জামালপুরের ফারুক আহমেদ, বরগুনার মো. আব্দুল আলীম (বাবুল), ময়মনসিংহের মো. রফিকুল ইসলাম, পটুয়াখালীর মো. আব্দুস সাত্তার আকন, খুলনার বিচারপতি মো. আক্তারুজ্জামান ও পাবনার বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সরকারি খরচে হজ পালনে করতে পারবেন।

হাজারো বিতর্ক পেরিয়ে ‘হীরামাণ্ডি’ বিশ্বে রেকর্ড গড়ল

ডেস্ক রিপোর্ট:

হাজারো বিতর্ক আর সমালোচনার পাহাড় ডিঙিয়ে নতুন মাইলফলক গড়েছে সঞ্জয় লীলা বনশালির ‘হীরামাণ্ডি’। সিরিজটি রিলিজের মাত্র এক সপ্তাহের মধ্যেই নতুন বিশ্বে রেকর্ড গড়ল। ওটিটির ময়দানে ‘হীরামাণ্ডি’র রথ অপ্রতিরোধ্য।

পুরো বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক দর্শক টানা ভারতীয় সিরিজের খেতাব পেয়েছে বনশালির ওটিটি ম্যাগনাম অপাস। ৪৩টি দেশের নীরিখে সেরা দশে নাম তুলে ফেলেছে ‘হীরামাণ্ডি’।

‘হীরামাণ্ডি’ নিয়ে কেন এতো বিতর্ক?

বিতর্ক শুরু সিরিজের কাস্টিং, প্রেক্ষাপট নিয়ে। ‘লাহোর বলে লখনউ দেখালেন, কোনও রিসার্চ নেই!’ বলে যখন ক্ষোভে ফুঁসছে পাকিস্তান, তখন নিজের দেশেও সিরিজ মেকিং নিয়ে প্রতিপদে চর্চার মুখে পড়তে হচ্ছে বলিপাড়ার ‘পারফেকশনিস্ট’ প্রযোজক-পরিচালককে।

কারও দাবি, ঐতিহাসিক তথ্যে ভুল করেছেন বনশালি। তো কেউ বা আবার কাস্টিংয়ের জন্য স্বজনপোষণের অভিযোগ তুলেছেন। এমনকি সিরিজের সংলাপে ব্যবহৃত উর্দু নিয়েও আপত্তি তুলেছেন দর্শকদের একাংশ।

এদিকে সিনেবাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ইনস্টা পোস্টে জানান, সঞ্জয় লীলা বনশালির ডেবিউ ওয়েব সিরিজ ‘হীরামাণ্ডি’ এযাবৎকালের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বব্যাপী সবথেকে বেশি দেখা ভারতীয় সিরিজের শীর্ষস্থান অধিকার করেছে। মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দরি, শেখর সুমন, অধ্যয়ন সুমন, ফারদিন খানের মতো তাবড় কাস্টিং নিয়ে তৈরি ‘হীরামাণ্ডি’।

পয়লা মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘হীরামাণ্ডি’। সঞ্জয় লীলার বনশালির ১৮ বছরের স্বপ্ন। তিল তিল করে নিজে হাতে গড়ে তুলেছেন সিরিজটিকে। কোনওরকম কসরত বাকি রাখেননি পরিচালক-প্রযোজক। কারণ, বনশালি মানেই ‘লার্জার দ্যন লাইফ’ সেট, সাজপোশাক। এই সিরিজে কোটি কোটি টাকার শুধু গয়নাই ব্যবহৃত হয়েছে। রিচা চাড্ডা জানিয়েছিলেন, মোট ৩০০ কেজিরও বেশি গয়না ছিল। যা দুর্মূল্য মুক্তো, পান্না, হিরে দিয়ে তৈরি। সেটও চোখধাঁধানো। সেই বিগবাজেট ‘হীরামাণ্ডি’ই মুক্তির পর থেকেই চর্চার শিরোনামে। তবে নিন্দুকদের পালটা জবাব দিয়ে দিল ‘হীরামাণ্ডি’র রেকর্ড।

কাচ্চি ভাইয়ের মালিক সিরাজ গ্রেপ্তার, দুই দিনের রিমান্ড মঞ্জুর

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (০৭ মে) রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

আটকের পর অভিযুক্ত সোহেল সিরাজকে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান বাংলানিউজকে সোহেল সিরাজের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বেইলি রোডে আগুনের ঘটনায় দায়ের করা মামলায় সোহেল সিরাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগুনের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিআইডি জানায়, বুধবার সকালে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে সোহেল সিরাজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগার পর থেকেই কাচ্চি ভাই রেস্তোরাঁর মালিক সোহেল দেশ থেকে পালিয়ে যান। এ নিয়ে আগুনের মামলায় এ পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছ।

২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে ওই আটতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল বিরিয়ানির দোকান কাচ্চি ভাই। ভবনটির অন্যান্য তলায়ও ছিল অনেকগুলো খাবারের দোকান। সাপ্তাহিক ছুটির আগের দিন বৃহস্পতিবার রাতে ভবনটিতে ছড়িয়ে পড়া আগুনে ৪৬ জনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ জন নারী এবং ৮ শিশু ছিল। তারা সবাই খাবার খেতে ভবনটির বিভিন্ন রেস্তোরাঁয় গিয়েছিলেন। এ ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।

হজ্জ ক্যাম্পে কুবির রোভার নাছরিন ও বাবুল

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট থেকে হজ্জ ক্যাম্পে হজ্জযাত্রীদের সেবা দিতে যাচ্ছেন দুই রোভার নাছরিন ও বাবুল।

৮ মে থেকে ১৬ মে পর্যন্ত ঢাকার আশকোনাস্থ হজ্জ ক্যাম্পে সেবা দিবেন তারা। রোভাররা হলেন, লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় গার্ল-ইন রোভার স্কাউটস গ্রুপের গার্ল-ইন সিনিয়র রোভারমেট নাছরিন আক্তার ও বাংলা বিভাগের ২০১২০-২১ সেশনের শিক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপের রোভারমেট মোহাম্মদ বাবুল মিয়া।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মো. তোফাজ্জল হোসেন বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও বাংলাদেশ স্কাউটস পুরো দেশে থেকে রোভার সদস্য যাচাই-বাছাই করে হ্জ্জ ক্যাম্পে দায়িত্ব পালনের ব্যবস্থা করেছে। যেখানে তারা হজ্জের উদ্দেশ্যে আগত যাত্রীদের প্রয়োজনীয় সকল সেবা দেয়ার লক্ষ্যে কাজ করে যাবেন।

এ বিষয় গার্ল-ইন সিনিয়র রোভারমেট নাছরিন আক্তার বলেন, আমি একজন গার্ল-ইন রোভার হিসেবে এ বছর হজ্জ ক্যাম্পে অংশগ্রহণ করতে পেরে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি। যখন আমরা সদস্য স্তরে ছিলাম তখন থেকেই সিনিয়রদের ভাই-আপুদেক দেখে একটা আশা পোষণ করতাম , আমিও একদিন এই ভালো কাজের গর্বিত অংশীদার হতে পারবো। অবশেষে হজ্জ ক্যাম্পে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এতে আমি অনেক বেশি আনন্দিত।

রোভারমেট মোহাম্মদ বাবুল মিয়া বলেন, আমার অনেকগুলো প্রাপ্তির মধ্যে যেন হজ্জযাত্রীদের সেবা দেয়ার সুযোগ পাওয়াটাই আমার কাছে অন্যতম। কেননা আমি যদি রোভার স্কাউটসের সাথে সম্পৃক্ত না থাকতাম তাহলে হয়তো এই সুবর্ণ সুযোগটুকু পেতাম না। এজন্য বাংলাদেশ স্কাউটস ও রোভারের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ভাল কাজে এগিয়ে আসার ধারাটি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কুমিল্লা জেলা রোভারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবার ১০ জন রোভার সুযোগ পেয়েছে। তার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ পেয়েছেন ২ জন।