Tag Archives: রিজার্ভ

দ্রব্যমূল্যে দাম বেড়েছে, সীমিত আয়ের মানুষের কষ্ট হচ্ছে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

দ্রব্যমূল্যে দাম বেড়েছে এবং সীমিত আয়ের মানুষের কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেদিকে লক্ষ্য রেখে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (০৮ মে) সংসদে আওয়ামী লীগের সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুলের এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টিসিবিতে যে লোকবল আছে, তা দিয়েই আমরা এখন মানুষের সেবা করে যাচ্ছি। আর সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, দ্রব্যমূল্য বেড়েছে, যার প্রভাব আছে, বিশেষ করে যারা সীমিত আয়ের, তাদের কষ্ট হচ্ছে। তবে গ্রামে যারা নিজেরা উৎপাদন করতে পারেন বা করছেন, তাদের জন্য খুব একটা কষ্ট নেই, হাহাকারও নেই।

তিনি বলেন, আমাদের সবসময় প্রচেষ্টা, দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে। যে পণ্যের প্রয়োজন, আমরা দেশে যেমন উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নিয়েছি, তেমনি আমদানিও করে যাচ্ছি, যত টাকা-ই লাগুক। আমরা কিন্তু খরচ করে যাচ্ছি, যার জন্য আমাদের রিজার্ভেও চাপ পড়ছে। রিজার্ভে চাপ পড়লেও মানুষের কল্যাণই হলো সবচেয়ে বড় কথা। সেদিকে আমরা লক্ষ্য রাখছি।

সরকারপ্রধান বলেন, আমরা যে পারিবারিক কার্ড দিয়েছি, তাতে স্বল্পমূল্যে চালসহ অন্যান্য পণ্য কেনারও সুযোগ করে দিয়েছি। আবার যারা আরও দরিদ্র, তাদের জন্য আরও কমমূল্যে চাল বিক্রির ব্যবস্থা করেছি।

আবার যারা হতদরিদ্র, তাদের বিনামূল্যে চাল দিচ্ছি। টিসিবির এখন যে জনশক্তি আছে, সেই জনশক্তি দিয়েই কিন্তু আমরা যথাযথভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি।

রাখাইনে অস্ত্র বিরতি হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু: চীনের রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারের রাখাইনে অস্ত্র বিরতি হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় চীন। এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ রবিবার সকালে পররাষ্ট্রমন্ত্রীর ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ কথা জানান।
ইয়াও ওয়েন বলেন, ‘এই মুহূর্তে সংকট থাকলেও আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে যে চীন বাংলাদেশ মিয়ানমারের ত্রিপক্ষিয় সমঝোতার মাধ্যমে প্রত্যাবাসন শুরু হবে। মিয়ানমার এরই মধ্যে চীনের মধস্থতায় দেশটির তিনটি স্থানে অস্ত্র বিরতিতে রাজি হয়েছে। রাখাইনে অস্ত্র বিরতি হলেই প্রত্যাবাসন শুরু করতে চায় চীন।’

তিনি বলেন, ‘বড় ধরনের রিজার্ভ সংকট সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকার পাশে থাকবে বেইজিং। এছাড়া বাংলাদেশকে বৈশ্বিক অস্থিরতার কথাও মাথায় রাখতে হবে।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্রমন্ত্রীর ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত।

জানা গেছে, বৈঠকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের সার্বিক উন্নয়নে অব্যাহত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

রিজার্ভ কমে ২১ বিলিয়নের ঘরে

রিজার্ভ কমে ২১ বিলিয়নের ঘরে

ডেস্ক রিপোর্ট:

কোভিড পরবর্তী সময় পার করে ঘুরে দাঁড়াতে থাকে অর্থনীতি। এর পরপরই গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে টালমাটাল অবস্থা শুরু হয়। হু হু করে ভোগ্যপণ্য, জ্বালানি তেল ও পরিবহন খরচ বেড়ে যায়। যার আচ লাগে দেশের অর্থনীতিতে।

গত ২০২১-২২ অর্থবছরে আমদানি খরচ বেড়ে দাঁড়ায় আট হাজার ৯১৬ কোটি ডলার। শুরু হয় ডলার সংকট। আমদানিতে কড়াকড়ি করেও সংকট দূর করা যায়নি। পরিস্থিতির আরও অবনতি ঘটে। এতে ব্যাংকগুলোর হাতে ডলারের দাম নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার সরবরাহ করে বাজারে। টান পড়ে রিজার্ভে।

ডলার বিক্রির ফলে রিজার্ভ কমে এখন ২১ বিলিয়নের ঘরে। বুধবার (২৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবারের (২৬ সেপ্টেম্বর) তথ্য দিয়ে রিজার্ভের হিসাব প্রকাশ করেছে। এতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এখন ২ হাজার ১১৫ কোটি ডলার।

যদিও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ ২ হাজার ৭০৬ কোটি ডলার। এর আগে ২০২১ সালে রিজার্ভ বেড়ে ৪৮ বিলিয়ন বা ৪ হাজার ৮০০ কোটি ডলারে উঠেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি মাস সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৬২ কোটি মার্কিন ডলার কমে, পরের সাত দিনে রিজার্ভ কমে আরও ৩০ কোটি ডলার। এর আগে গত ৩১ আগস্ট দেশের রিজার্ভ ছিল ২ হাজার ৩০৬ কোটি ৯৫ লাখ ডলার। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সেটি কমে ২ হাজার ১১৫ কোটি ডলারের আসে।

অন্যদিকে, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় দুই উৎসের একটি প্রবাসী আয়ও এখন কমছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশে প্রবাসী আয় কমেছে সাড়ে ১৩ শতাংশ। চলতি মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই-আগস্ট সময়ের আমদানির দায় বাবদ ১৩১ কোটি ডলার পরিশোধ করা হয়। একই সঙ্গে জরুরি আমদানিতে রিজার্ভ থেকে বাজারে ডলার বিক্রি করা হচ্ছে। এসব কারণে রিজার্ভ কমছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

সূত্র: জাগো নিউজ২৪