All posts by jitu

প্রথম ধাপে নির্বাচন: কুমিল্লার ৪ উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ প্রার্থী

 

স্টাফ রিপোর্টার:
আগামী ৮ মে কুমিল্লা জেলার চারটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেঘনা ও নাঙ্গলকোট উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির দুই প্রার্থী রয়েছেন। এছাড়া প্রতিটি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একাধিক প্রার্থী রয়েছেন।

লাকসাম উপজেলা লাকসাম উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শম্বু সাহা ও উপজেলা জাসদ সভাপতি বিকাশ চন্দ্র সাহা। ভাইস চেয়ারম্যান পদে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা ও মিতা সাহা।

মনোহরগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবদুল মান্নান চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান মোসাঃ আফরোজা কুসুম। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিন আক্তার ও বিলকিছ আক্তার।

নাঙ্গলকোটে উপজেলার বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ও বিএনপি নেতা মাজহারুল ইসলাম ছুপু। ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী যুবলীগ সদস্য সচিব তৌহিদুর রহমান মজুমদার,উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন,উপজেলা আওয়ামীলীগনেতা তৌহিদুর রহমান মজুমদার ও সোহাগ হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান কুলছুম আক্তার, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগ সদস্য হাজেরা বেগম হীরা, তাহরিনা আক্তার তারিন, রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য নাছিমা বেগম পলি, নার্গিস আক্তার।

মেঘনা উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুলাহ মিয়া রতন শিকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, উপজেলার সাবেক চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ তাজুল ইসলাম তাজ ও মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ রমিজ উদ্দিন। ভাইস-চেয়ারম্যান পদে মোঃ রবিন মিয়া, আবুল কালাম মিলন সরকার, মোহাম্মদ আকিল মাহমুদ, মোঃ খলিলুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলারা শিরিন, নাসরিন আক্তার , হালিমা আক্তার ও মুক্তা আক্তার।

চিকিৎসকদের উপর হামলা ও চিকিৎসায় অবহেলা কোনটাই মেনে নিব না: স্বাস্থ্যমন্ত্রী

 

চান্দিনা  প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন- ‘চিকিৎসা সেবায় চিকিৎসকদের পাশাপাশি জনপ্রতিনিধিরা আরো বেশি সচেতন হতে হবে। কোন চিকিৎসকের উপর হামলা যেমন আমি মেনে নিব না, তেমনি চিকিৎসায় কোন প্রকার অবহেলা করলে সেটাও আমি মেন নিতে পারবো না’।

বুধবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে চিকিৎসদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, গত মঙ্গলবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের পটিয়ায় চিকিৎসদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে চিকিৎসা কাজে চিকিৎসকদের আরও বেশি মনোযোগী ও আন্তরিক হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, চিকিৎসকদের যেমন সুরক্ষা দেয়ার দায়িত্ব আমার আবার রোগীদের সুরক্ষা দেয়ার দায়িত্বও আমার। যদি কোন চিকিৎসকের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের চিকিৎসা সেবা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে। বাংলাদেশের চিকিৎসা সেবা নিয়ে সম্প্রতি ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ভূয়সী প্রশংসা করেন। ভুটান রাজার আমন্ত্রণে বাংলাদেশ সরকার ভুটানে বার্ণ হাসপাতাল করার চুক্তি স্বাক্ষর করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত করোনার টিকা নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে চর্ম রোগ দেখা দেয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে কোন ড্রাগেই এলার্জি প্রতিক্রিয়া থাকতে পারে। তবে এ বিষয়টি আমি এখনও শুনিনি।
একই উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনার প্রধান মুখপাত্র প্রফেসর ফলস তার গবেষণায় এখনও এমন কোন তথ্য উঠে আসেনি। তবে এমনও হতে পারে করোনার পার্শ্বপ্রতিক্রিয়া গুলো এখন দেখা দিচ্ছে’।

এর আগে বিকাল সাড়ে ৩টায় চান্দিনার মাধাইয়া ইউনিয়নের সোনাপুর কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্য মন্ত্রীর একান্ত সচিব কমল কুমার ঘোষ, ব্রিগেডিয়ার জেনারেল সারওয়ার হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান, সহকারি পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব, থানা অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ প্রমুখ।

কৃষকদের অক্লান্ত প্রচেষ্টায় অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকদের অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। কৃষকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি।

বুধবার (১৭ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জে প্রান্তিক কৃষকদের জন্য স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, আধুনিক কৃষির বিস্তারে কৃষকদের মাঝে সঠিক পরামর্শ প্রদানে উপজেলা কৃষি অফিস সর্বদা নিয়োজিত আছে। এসময় তিনি নিয়মিত প্রোগ্রামের অংশ হিসেবে কৃষকদের মাঝে ১৫০টি স্প্রে মেশিন বিতরণ করেন।

তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজগুলোর দিকে নজর দেওয়া হয়েছে। মিঠিপুর ইউনিয়ন ও কাবিলপুর ইউনিয়নের রাস্তাঘাট নির্মাণ ও সুপেয় পানির সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ইউনিয়নগুলোতে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ৪১টি প্রকল্পের মধ্যে বিভিন্ন ইউনিয়নে ২৮টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। নদীতে বাঁধ নির্মাণসহ ব্লক তৈরি ও স্লুইসগেট নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।

এসময় তিনি নির্মাণাধীন ভেন্ডাবাড়ি মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নারীদের বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের আওতায় স্বাবলম্বী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মধ্যপ্রাচ্যে মন্ত্রীদের তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে মন্ত্রিসভার সব সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে এখন যে বাস্তবতা তৈরি হচ্ছে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রস্তুত থাকতে হবে বলেও উল্লেখ করেন।

বুধবার (১৭ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর বরাতে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সচিব বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সম্ভাব্য রি-অ্যাকশন কি হতে পারে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী। কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদি হয়, সেটি কীভাবে আমরা মোকাবিলা করব, সেগুলো মোকাবিলা করার জন্য আমরা কী করতে পারি; সেগুলোর প্রস্তুতি নিতে বলেছেন। ঘটনাপ্রবাহের দিকে নজর রাখতে বলেছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যুদ্ধ যদি দীর্ঘমেয়াদি হয় তখন বিভিন্ন সেক্টরে যে ইমপ্যাক্ট পড়তে পারে, সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে তা মোকাবিলার জন্য পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন। যার যার সেক্টরে সবাই যেন প্রস্তুতি নেয়। ক্রাইসিস তৈরি হলে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে, তখন কি করা যায়, সেসব বিষয়ে পরিকল্পনা রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট ২৯ মে

ডেস্ক রিপোর্ট:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট হবে ২৯ মে। এরমধ্যে ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় ব্যালটে।

বুধবার (১৭ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

এসময় তিনি জানান, এই নির্বাচনের মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে। আর ৫ মে হবে যাচাই-বাছাই।

এরপর ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬-৮ মে। এই আপিল নিষ্পত্তি হবে ৯-১১ মে। ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে।

টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার

ডেস্ক রিপোর্ট:

ভারত বিশ্বকাপের পর রঙ্গনা হেরাথ বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের পদ ছাড়লে নতুন কোচের সন্ধানে নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনেক খোঁজের পরে অবশেষে সেই কোচের সন্ধান পেলে বিসিবি। স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশে আসছেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার ও বিশ্বকাপজয়ী ক্রিকেটার মুশতাক আহমেদ। রঙ্গনা হেরাথের জায়গায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আসন্ন জিম্বাবুয়ে সিরিজ থেকেই মুশতাক কাজ শুরু করবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী এই ৫৩ বছর বয়সী কোচ ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত কাজ করেছেন। ২০১৮-১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২০-২২ সাল পর্যন্ত পাকিস্তানের স্পিনারদের নিয়ে কাজ করেছেন।

এ ছাড়াও ২০১৪-১৬ সালে পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে আগের বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে বাংলাদেশের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত বছরের ৩০ নভেম্বর। শ্রীলঙ্কার সাবেক এই স্পিনার বিসিবির সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াননি। যদিও তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বেতন নিয়ে মত না মেলায় বিসিবিও আর আগ্রহ দেখায়নি। তার চলে যাওয়ার পর থেকেই স্পিন বোলিং কোচের পদটি শূন্য পড়েছিল। যে কারণে ওয়ানডে বিশ্বকাপ শেষে স্পিন বোলিং কোচ ছাড়াই এতদিন সিরিজ খেলেছেন শান্তরা। অবশেষে দেশের স্পিনারদের জন্য নতুন কোচ বেছে নিয়েছে বিসিবি।

বাংলাদেশে কাজ করার সুযোগ পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুশতাক আহমেদ বলেছেন, ‘স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হওয়াটা আমার জন্য অনেক সম্মানের। আমি দায়িত্ব নেওয়ার জন্য অপেক্ষা করছি এবং খেলোয়াড়দের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করতে চাই। কারণ, তারা শিখতে আগ্রহী এবং আমি সবসময় বিশ্বাস করি যে তারা আশপাশে থাকা সবচেয়ে বিপজ্জনক দলগুলোর মধ্যে একটি। তারা যে কাউকে হারাতে পারে। কারণ তাদের সামর্থ্য, সম্পদ এবং প্রতিভা আছে। আমি তাদের মধ্যে সেই বিশ্বাস স্থাপন করার চেষ্টা করব। এই দলটির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত।’

ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১২

ডেস্ক রিপোর্ট:

ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ১৬ থেকে ২০ জন বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধারকাজ প্রায় শেষ পর্যায়ে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

বৈধ কাগজপত্র না থাকায় ন্যায্য মূল্যের ওষুধের দোকান বন্ধ করে দিলেন স্বাস্থ্য কর্মকর্তা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বৈধ কাগজপত্র না থাকায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে ন্যায্য মূল্যের ওষুধের দোকান বন্ধ করে দিয়েছে কতৃপক্ষ। মঙ্গলবার (১৬এপ্রিল) রাতে আকস্মিক পরিদর্শনে এসে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মহিউদ্দিন ও জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার দোকানটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। তবে এর আগে কয়েকবার বন্ধ করা হয়েছিল বলে স্থানীয়রা জানান।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে ন্যায্য মূল্যে ঔষধের দোকান পরিচালনার জন্য ২০১০ সালে তিন বছরের জন্য মেসার্স সরকার মেডিকেল হলকে পরিচালনার জন্য জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দরপত্রের মাধ্যমে দায়িত্ব পান । গত দুই বছর আগে তৎকালীন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শহিদুল ইসলাম শোভন সঠিক কাগজপত্র না পেয়ে দোকানটিকে বন্ধ করে দিয়েছিলেন। ওই সময় কয়েকদিন বন্ধ রাখার পর পুনরায় চালু করেন মেসার্স সরকার মেডিকেল হল মালিক মোঃ মহিউদ্দিন। তিনি বলেন, ২০১০ সালের পর আর কোন টেন্ডার হয়নি, আগের টেন্ডারেই আমি চালাচ্ছি।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান বলেন, মঙ্গলবার(১৬এপ্রিল) সন্ধায় বিভাগীয় পরিচালক( স্বাস্থ্য) ডাঃ মহিউদ্দিন , জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাজমুল হক স্যার আকস্মিক পরিদর্শন আসেন। তখন ফার্মেসির বৈধ কাগজপত্র না পেয়ে তাৎক্ষণিক দোকানটি বন্ধের নির্দেশ দেন।

তিনি আরো জানান, দুই বছর আগে আমি এখানে যোগদান করার পর ফার্মেসিটির ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারি বৈধ কাগজপত্র নেই। পরে উপজেলা প্রশাসনকে লিখিতভাবে বিষয়টি অবগত করেছিলাম।

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:
ব্যাংকি সেক্টরে কর্মরত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ঈদ পুর্ণমিলণী ও মিলনমেলা অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) পৌরসভার অফ-বিট রিসোর্ট লিমিটেডের কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের ইভিপি আবদুল্লাাহ-আল-কাফি মজুমদার এর সভাপতিত্বে সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস. এম. হাবিব মহসিন সুধন’র সার্বিক তত্বাবধানে এবং সিটিজেন্স ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের সহসভাপতি নুরুদ্দিন এম ছাদেক হোসাইন, জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের অর্থ সম্পাদক নূরুল ইসলাম মজুমদার,উপদেস্টা পরিষদের সদস্য ও অগ্রনী দুয়ার এর উপব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান,ওয়ান ব্যাংকের এসইভিপি মোঃ নজরুল ইসলাম, সাউথ ইস্ট ব্যাংকের ভিপি গোলাম হায়দার, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ভিপি কাজী ছায়েদ মাহমুদ তারেক, ট্রাস্ট ব্যাংকর ভিপি মোঃ ইমতিয়াজ আহমেদ, প্রাইম ব্যাংকের এভিপি একরামুল হক, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খান এক্সিম ব্যাংকের ব্যাংকের এভিপি মো. শাহজাহান, বক্তাগন তাদের বক্তব্যে সংগঠনকে আরও গতিশীল করার লক্ষে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে গুরত্ব আরোপ করেন ।

এ প্রসংঙ্গে সংগঠনের সহসভাপতি ও সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসেন বলেন ব্যাংকিং প্রফেশনে ভালো পদায়ন, প্রমোশন সহ সিনিয়র পজিশনে আসতে পড়ালেখার কোন বিকল্প নেই পাশাপাশি কর্মদক্ষতা বাড়ানো জন্য বিভিন্ন ট্রেনিং সহ ব্যাংকিং ডিপ্লোমা কোর্স সমুহ সম্পন্ন করার উপর সবাইকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

অর্থ সম্পাদক ও জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, আমাদের সদস্যদের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্বল্পব্যয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে হেলথকার্ডের ব্যবস্থা করার উদ্যেগ গ্রহণ করেছে, একটি ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করার কাজ চলছে এবং একটি প্রফেফশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে যেখানে সদস্যদের জন্য ট্রেনিং ও ওয়ার্কশপের ব্যাবস্থা থাকবে। ফলে সিবিএস এর সদস্যরা আরো দক্ষ ও সময়োপযোগী ব্যাংকার হিসাবে গড়ে উঠেবে।

সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের ইভিপি আবদুল্লাহ-আল-কাফি মজুমদার বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী ছাএ ছাএীদের জন্য শিক্ষা বৃওির ব্যাবস্থা করার বিষয়ে কাজ করা হচ্ছে এবং চৌদ্দগ্রামে একটি গ্রন্থাগার স্থাপন করার আশাবাদ ব্যক্ত করেন। ওয়ান ব্যাংকের এসইভিপি ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বলেন বাংলাদেশে সকল পেশাজীবিদের নিজস্ব প্লাটফরম রয়েছে কিন্ত আমাদের নিজস্ব কোন প্লাটফরম নেই, অথচ আমরা যারা ব্যাংকে কর্মরত আছি প্রত্যেকেই আর্থিক ও সামাজিকভাবে সম্মানজনক অবস্থানে আছি বলে আমার বিশ্বাস। আমরা সকলে মিলে রাজধানী ঢাকায় সিবিএস এর একটি স্থায়ী কার্যালয় স্থাপন করা প্রত্যাসা করি, সকলে মিলে সম্মিলিত ভাবে এগিয়ে গেলে সিবিএস তার কাংখিত লক্ষ্য অর্জনে সমর্থ হবে।

সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস. এম. হাবিব মহসিন সুধন বলেন ২০২৪ সালে আমরা সংগঠনের উদ্যোগে চৌদ্দগ্রামের অন্তত পাঁচটি ইউনিয়নের গুরুত্বপুর্ন স্পট সমুহে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের সুচিকিৎসা প্রদানের জন্য দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প চালুর কার্যক্রম প্রক্রিয়াধীন। আশা করি সংগঠনের সকলের সহযোগীতায় উক্ত কার্যক্রম এগিয়ে যাবে।

বক্তারা তাদের বক্তব্যে আরো বলেন, চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকিং সেক্টর তথা চৌদ্দগ্রামের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে সবসময় নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সোহার্দ্য, পেশাগত উন্নয়ন, সহযোগিতার মনোভাব ও মানবসেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানান। সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অরাজনৈতিক সেবামূলক পেশাজীবী সংগঠন হিসাবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল আরাফাহ ব্যাংকের এসএভিপি, কাজী মোঃ ইলিয়াছ ও এফএভিপি মোঃ মোজাহারুল ইসলাম চৌধুরী, অগ্রণী ব্যাংকের এজিএম আগা আজিজুল ইসলাম চৌধুরী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান সোহেল ও সহ-সাংগঠনিক সম্পাদক এ. জে. এম বাহাউদ্দিন নোমান, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ, অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন, সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা মোঃ শফিউল আজম, পূবালী ব্যাংকের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, ব্যাংক এশিয়ার কর্মকর্তা মোঃ আবুল কাশেম ও সোস্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোঃ ইয়াসির আল নেওয়াজ আরিফ প্রমুখ।

সবশেষে সকল সদস্যদের মধ্যে কুশল বিনিময় এবং নাস্ত ও চা পানের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।