All posts by jitu

পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার অল্পদিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পিলখানায় হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘পিলখানায় একটি বড় হত্যাকাণ্ড হয়েছিল। বিচারের জন্য এগুলোকে একটা কাঠামোতে আনতে হবে। তদন্ত শেষ করা একটা বিরাট কর্মকাণ্ড ছিল। এগুলো শেষ হয়েছে। আপনারা দেখেছেন প্রাথমিক একটা বিচার হয়েছে। কাজেই চূড়ান্ত বিচার হয়তো অল্পদিনের মধ্যে শেষ হয়ে যাবে, আমরা আশা করছি।’

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানায় শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এটা সম্পূর্ণ আমাদের বিচারিক কার্যক্রমের ওপর নির্ভর করছে। আশা করছি খুব শিগগির চূড়ান্ত বিচারটাও আমরা দেখবো।’

নিহতদের অনেক স্বজন বৃদ্ধ হয়েছেন, তারা আদৌ বিচার দেখে যেতে পারবেন কি না- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও সেটি বলি, যা কিছু হোক যেন দ্রুতই হয়। তবে কবে শেষ হবে সেটা বিচারকরাই জানেন। আদালত যে সিদ্ধান্ত নেবেন সেটিই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা জানেন আমাদের আদালত স্বাধীন, তারা একটি ন্যায্য বিচার করবেন এটাই আমাদের প্রত্যাশা।’

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখানে কারও গাফিলতি নেই। আমি আগেই বলেছি এখানে বিরাট ধরনের হত্যাকাণ্ড ছিল। সবগুলো সঠিকভাবে তদন্ত শেষে বড় ধরনের বিচারকার্য ছিল। এই সবেই সময় লেগেছে।’

শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট নাগরিক হব : সমাজকল্যাণ মন্ত্রী

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যান মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, ছোট্ট সোনামণিরা আজকে সুন্দর কুচকাওয়াজ পরিবেশন করেছে তার জন্য আমি মুগ্ধ হয়েছি। হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় ভালো কুচকাওয়াজ প্রদর্শন করে। এ বিদ্যালয়ের ছোট্ট পাখিরা সবাই আজকে সুন্দর ভাবে সেজেগুজে এসেছে, তারা আমাদের নৃত্য দেখাবে। শিশুদের খেলাধুলা ভীষণ দরকার। পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে হবে। তাহলে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলতে পারব। শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট নাগরিক হব। আমরা সৎ মানুষ হবো, সহনশীল মানুষ হবো। সেই ভালো যে সত্যিকারের ভালো। সে ভাবেই তোমরা তৈরি হবে। তোমরা সৃজনশীল মানবিক মানুষ হবে, তারা বিজ্ঞান নিয়ে গড়ে উঠবে। বিশ্ব মানব হবে। সেজন্যে আমাদের এই নতুন শিক্ষা ক্যারিকুলাম তৈরি হয়েছে।

তিনি বলেন, এ বিদ্যালয়ের বেশ কিছু সমস্যা রয়েছে। এ বিদ্যালয়ের ভবন নির্মাণ হওয়ার কথা থাকলেও তা আটকে আছে। তা আমি আজকেই দেখবো। হাসান আলী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি রাখতে হবে। আমি আশা করি এই যে সমস্যাটি রয়েছে তা সহসায় সমাধান করা হবে। আমি যেহেতু আজকে শুনেছি এটি সমস্যা সমাধান করব। হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান।

তিনি আরো বলেন, অভিভাবকরা হাসান আলী আর মাতৃপিঠ স্কুলে তাদের সন্তানদের ভর্তি করতে মরিয়া হয়ে উঠে। তাদের চিন্তা করতে হবে একটি ক্লাসে ৪০ থেকে ৫০ জনের বেশি শিক্ষার্থী থাকতে পারে না। প্রতিটি ক্লাসে বেশি শিক্ষার্থী ভর্তি হলে সেখানে পড়ালেখা ভালো হয়না। এই বিদ্যালয়ের মাঠের বাউন্ডারি অস্থায়ী ভাবে দেয়া হবে। তার কারণ হলো এ মাঠে সভা সমাবেশ করা হয়। সমাবেশের সময় যেন বাউন্ডারী দেয়া হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান ইমাম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমতআরা সাফি বন্যা।

এসময় উপস্থিত ছিলেন, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর ভূমি কর্মকর্তা হেদায়েত উল্লাহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শফিউদ্দিন আহমেদ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাবেক ও বর্তমান শিক্ষক এবং অভিভাবকগণ।

কুমিল্লায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর নেউরা এলাকায় মোটরসাইকেলে বসা শাহ আলম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার নেউরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নগরীর ঢুলিপাড়া ও পকেটগেট এলাকার দুইটি গ্যারেজের মালিক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন নিহত যুবকের ভাই জসিম উদ্দিন। নিহত শাহ আলম পাশের দক্ষিণ চর্থা থিরা পুকুরপাড় এলাকার নুরু মিয়া ছোট ছেলে।

এদিকে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, শাহ আলম মোটরসাইকেল যোগে যাচ্ছেন। একটি গেইটের সামনে গিয়ে তিনি মোটরসাইকেলের গতি কমান, এসময় কেউ একজন তাকে ধারালো কিছু দিয়ে ঘাড়ে ও গলায় কোপাতে থাকেন। পাশে তার মোটর সাইকেলটি পড়ে যায়। মোটরসাইকেলটি তখনও চলছিল। মোটরসাইকেলের পেছনের লাল বাতিটিও জ্বলছিল।

শাহ আলমের বড় ভাই জসিম উদ্দিন বলেন, শাহ আলম ১০ থেকে ১২ বছর আগে দক্ষিণ চর্থা থেকে নেউরা এলাকায় নতুন বাড়ি করে সেখানে থাকেন। তার গাড়ির ব্যবসা ছিল। পরে গ্যারেজ ব্যবসায় আসেন। ঢুলিপাড়া ও পকেটগেট এলাকায় সে গ্যারেজের ব্যবসা করতেন। মাঝে মাঝে রাতে গ্যারেজে থেকে যেতেন। হয়তো ভোররাতের দিকে বাড়ি ফিরছিলেন, এসময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। পাশে তার মোটরসাইকেল পড়ে ছিল।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, নিহতের মাথা,গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। তাকে খুন করা হয়েছে। পুলিশ অপরাধীদের শনাক্তে কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ১ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আহত এক শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় রোহিঙ্গা নারী, শিশুসহ অগ্নিদগ্ধ হয়েছে ৯জন।

নিহত মোহাম্মদ রাসেল (৪) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের আজিজুল হকের ছেলে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, একই দিন সকাল সোয়া ৮টার দিকে ৮১নং ক্লাস্টারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, ওই ক্লাস্টারের সফি আলমের মেয়ে মোবাশ্বেরা (৩), আবদুল হাকিমের ছেলে বশির উল্যাহ (১৫), আবদুর শুক্কুরের মেয়ে রশিদা (৩), আজিজুল হকের মেয়ে জোবায়েদা (১১), আমেনা খাতুন (২৪), মোহাম্মদ তৈয়বের ছেলে সফি (১২), সফি আলমের ছেলে রবিউল (৫), আজিজুল হকের ছেলে সোহেল (৫)।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে ক্যাম্পের ৮১ নং ক্লাস্টারের আব্দুর শুকুরের কক্ষের বারান্দায় থাকা গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়। একপর্যায়ে গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। এতে ৫শিশু সহ ৯জন আহত হয়। পরে অন্য রোহিঙ্গারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করায় কোনো অগ্নিকান্ডের ঘটনা ঘটে নি। পরে অগ্নিদগ্ধদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেলে পাঠানো হয়েছে।

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহত শিশুকে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেলে নেওয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। তাদের মধ্যে আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেলে ভর্তি করা হচ্ছে।

সমুদ্রের অতল গভীরে মুক্তিযুদ্ধকালীন সাবমেরিন খুঁজে পেলো ভারত

ডেস্ক রিপোর্ট:

সমুদ্রের অতল গভীরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে হওয়া মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি সাবমেরিনের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে ভারত। বাংলাদেশের স্বাধীনতার মহান যুদ্ধের শেষ দিকে যোগ দেয় ভারতীয় বাহিনী। ওই সময় ভারত ও পাকিস্তানের মধ্যেও যুদ্ধ বাধে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১৯৭১ সালের ৪ ডিসেম্বর ভারতীয় বাহিনীর হামলায় ভারতের পূর্বাঞ্চলীয় সমুদ্র উপকূলের কাছে— পাকিস্তানের পিএনএস গাজী নামের সাবমেরিনটি ডুবে যায়। যা দীর্ঘ ৫০ বছর পর খুঁজে পাওয়া গেছে।

ভারতের গভীর সমুদ্রে নিজজ্জিত জাহাজ উদ্ধারকারী যান (ডিএসআরএভ) সাবমেরিনটি সমুদ্রের ২ কিলোমিটার গভীরে খুঁজে পেয়েছে।

তবে সাবমেরিনের ক্রুদের প্রতি সম্মান জানিয়ে এটি সমুদ্র থেকে উদ্ধার না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মুক্তিযুদ্ধের সময় সাবমেরিনটি ডুবে যাওয়ার বিষয়টিকে যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে ধরা হয়।

স্বাধীনতা যুদ্ধে ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। অপরদিকে পাকিস্তানের পক্ষে কাজ করেছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো শক্তিশালী দেশগুলো।

পিএনএস গাজী নামের সাবমেরিনটি ১৯৭১ সালের ১৪ নভেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে ছেড়ে ৪ হাজার ৮০০ কিলোমিটার ভ্রমণ করে ভারতের ভাইজাগ উপকূলে পৌঁছায়। যা অন্ধ্রপ্রদেশের একটি বন্দর নগরীর পাশে অবস্থিত।

সাবমেরিনটি মূলত ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য তৈরি করা হয়। ওই সময় এটির নাম ছিল ইউএসএস দিয়াবলো। এরপর ১৯৬৩ সালে পাকিস্তানকে লোন হিসেবে সাবমেরিনটি দেয় মার্কিন সরকার। এরপর পাকিস্তান এটিকে গাজী নামে নামকরণ করে।

বলা হয়ে থাকে, সাবমেরিনটি ভারতের পূর্বাঞ্চলের সমুদ্র অঞ্চলে মাইন পুঁততে এসেছিল। এছাড়া ভারতের প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রন্তকে ধ্বংস করার লক্ষ্য ঠিক করেছিল এটি।

তবে কোনো লক্ষ্য অর্জনের আগেই ভারতীয় ডেস্ট্রয়ার আইএনএস রাজপুত্র সাবমেরিনটিকে ডুবিয়ে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের তৈরি এই ডেস্ট্রয়ারটি ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে এই ডেস্ট্রয়ারের ক্রুদের পুরস্কারে ভূষিত করা হয়েছিল।

তবে পাকিস্তানের দাবি, তাদের এ সাবমেরিনটি দুর্ঘটনার কবলে পড়ে বিস্ফোরিত হয়ে ডুবে গিয়েছিল।

সূত্র: আরটি

রোজার আগেই ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকবে : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনী ইশতেহারে আমরা বলেছিলাম, দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সেটি আমাদের অগ্রাধিকার। সেই অগ্রাধিকার নিয়ে আমরা কাজ করছি এবং বাজারের অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার সব রকম ব্যবস্থা নেবে।

ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ দেশে আসছে উল্লেখ করে তিনি বলেন, রোজার আগেই কিছু পেঁয়াজ বাজারে ঢুকবে, কাজেই বাজার মোটামুটি স্থিতিশীল আছে।

শনিবার দুপুরে রাজধানীতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এলডি হল চত্বরে রাঙ্গুনিয়া সমিতি, ঢাকা আয়োজিত সংবর্ধনা, মেজবান ও মিলনমেলা ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাজারের অসাধু লোভাতুর সিন্ডিকেট কারণে-অকারণে নানা অজুহাতে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি করে। আমরা দেখেছি, একটি কোল্ড স্টোরেজের ভেতর থেকে দেড় লাখ ডিম উদ্ধার করা হয়েছে। অতীতে পেঁয়াজের সংকট তৈরি করা হয়েছিল। আবার যখন বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলো, বাজারে পেঁয়াজ সয়লাব হয়ে গেল, তখন স্টোরেজ থেকে জমিয়ে রাখা পচা পেঁয়াজ ফেলে দেওয়া হয়েছে। এ ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে।

হাছান মাহমুদ বলেন, যারা সরকারকে টেনে নামাতে চায়, এই সিন্ডিকেটের সঙ্গে তারাও যে যুক্ত, সেটিও সঠিক। তবে আপনারা দেখছেন, বাজার মোটামুটি স্থিতিশীল আছে।

কেবল পাইকারি বিক্রেতা না, খুচরা বিক্রিতাদের মধ্যেও একটু বেশি মুনাফা করার প্রবণতা দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এটির বিরুদ্ধে জনগণকে সচেতন হতে বলেছি। সরকারও সর্বাত্মক ব্যবস্থা নেবে।

বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন যে, বর্তমান সরকার পরিবর্তন হবেই -এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার তো অবশ্যই পাঁচ বছর পর পরিবর্তন হবে। তখন দেশে নির্বাচন হবে, তারপর নতুন সরকার গঠন করা হবে। আশা করি, জনগণের ভোটে সেই সরকারেরও প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এর আগে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ রাঙ্গুনিয়া সমিতি, ঢাকার সেবামূলক কার্যক্রম ও বিভিন্ন নিয়মিত আয়োজনের প্রশংসা করেন।

রাঙ্গুনিয়া সমিতি, ঢাকার সভাপতি মো. গিয়াস উদ্দিন খাঁনের সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।

রাঙ্গুনিয়া সমিতির নেতৃবৃন্দ এ সময় রাঙ্গুনিয়ার সন্তান চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।

কুমিল্লায় পিকআপ ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার:

হানিমুন থেকে ফিরার দিন পিকআপ ভ্যানচাপায় মোটরবাইক আরোহী মো. জাহিদুল ইসলাম সবুজ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালকেপাড় এলাকায় শনিবার এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. জালাল উদ্দিন।

সবুজ পাশের বুড়িচং উপজেলার গাজীপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। তিনি কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদ সদস্য জালাল উদ্দিন বলেন, ২০ দিন আগে সবুজ বিয়ে করেন। গেল বৃহস্পতিবার সবুজ তার বউকে নিয়ে কক্সবাজার হানিমুন করতে যান। শনিবার ভোরে বাড়ি ফিরেন। সকালে ইপিজেডের উদ্দেশ্য মোটরবাইক নিয়ে যাওয়ার পথে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ মারা যান। পরিবারের লোকজন মরদেহ বাড়ি নিয়ে যান।

কুমিল্লা নগরীকে পরিকল্পিত সুন্দর নগরী গড়তে চাই : মনিরুল হক সাক্কু

শাহ ইমরান:

প্রচারণার দ্বিতীয় দিন শনিবার নগরীর রাজগঞ্জ ও চকবাজারে প্রচারণা করেছেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু।

আজ শনিবার মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু সকাল ১০ টায় রাজাগঞ্জ বাজারে, ১২ টায় চকবাজার, বিকেল ৪ টায় খন্দকার হক ম্যানসন / সাত্তার খাঁন কমপ্লেক্স এ গণসংযোগ করবেন।

সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, গত দুই বারের সাবেক মেয়র ছিলাম। কুমিল্লার জন্য কাজ করেছি। আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। সুন্দর কুমিল্লা উপহার দিবো আশাকরি জনগণ এবারও আমাকে ভোট দিবেন।

রমজানে নিত্যপণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আসন্ন রমজান উপলক্ষে অবৈধভাবে নিত্যপণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর মধুবাগে শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে যারা নিত্যপণ্য মজুত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে।

বিএনপির চলমান আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে জবাবে মন্ত্রী বলেন, আন্দোলনের জন্য দল গুছিয়ে বিএনপির লাভ নেই। মানুষ তাদের সঙ্গে নেই। এ দেশের মানুষ আগুনসন্ত্রাস-জঙ্গিবাদকে পছন্দ করে না। আন্দোলনের নামে বিএনপি যদি ২৮ অক্টোবরের মতো নাশকতার চেষ্টা করে তাহলে কঠোর হস্তে দমন করা হবে।

বিএনপির নেতাকর্মীরা জামিনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, জামিন আমাদের হাতে নেই, জামিন আদালতের বিষয়। তারা (বিএনপি) যদি আবারও অগ্নিসংযোগ, ভাঙচুর চালায় তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরোদ্ধে রুখে দাড়াতে হবে: আবু জাহের এমপি

কুমিল্লা প্রতিনিধি:

মাদক এক নীরব ঘাতক। মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে তরুণ প্রজন্ম। মাদকের কারণে বেড়ে যাচ্ছে সামাজিক অবক্ষয়। তরুণসমাজের হারিয়ে যাচ্ছে নৈতিক মূল্যেবোধ। এই ভয়াল মাদক তারুণ্য, মেধা, বিবেক, মনুষ্যত্বসব কিছু ধ্বংস করে দিচ্ছে। ভেঙে যাচ্ছে পারিবারিক বন্ধন, নষ্ট হচ্ছে আস্থা-বিশ্বাস। পরিবার ও সমাজে তৈরি হচ্ছে নতুন আতঙ্ক। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরোদ্ধে রুখে দাড়াতে হবে।

গত ২৪ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শশীদল আলহাজ্ব আবু তাহের কলেজ প্রাঙ্গনে মাদক বিরোধী সমাবেশ এবং ভাষা প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠানে কুমিল্লা-৫ ( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের এমপি আলহাজ্ব আবু জাহের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, মাদকের লাগাম টানতে সামাজিক আন্দোলন ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে।

অনুষ্ঠানে অধ্যাপক খলিলুর রহমান শুভ্রের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবির সেক্টর কমান্ডার (সেক্টর সদর দপ্তর কুমিল্লা) কর্নেল মোঃ শরিফুল ইসলাম মেরাজ, কুমিল্লা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামসুল তাবরীজ, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাউসার হামিদ, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাত মোঃ মুবিন, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ, আবু তৈয়ব অপি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের প্রধানগণ। এ সময় আন্তর্জাতীক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরদের দেয়ালিকা নির্মাণ প্রতিযোগিতায় দশটি প্রাথমিক বিদ্যালয়কে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ভাষা প্রতিযোগিতায় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ভাষা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে মধ্যে তিন জন করে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।