All posts by jitu

চৌদ্দগ্রাম বাজার মনিটরিংয়ে ইউএনও, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাজার মনিটরিং এর উদ্দেশ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। এ সময় বিভিন্ন অনিয়ম এর অভিযোগে চার ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, পবিত্র মাহে রমযান উপলক্ষে অসাধু ব্যবসায়ী কর্তৃক কেজির মাপে তরমুজ বিক্রি ঠেকাতে, মুদি ও কাঁচা বাজার স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বক্ষণিক মনিটরিং এর অংশ হিসেবে সারাদেশের ন্যায় চৌদ্দগ্রামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ মঙ্গলবার বিকালে চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক মুদি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা, খেজুর এর প্যাকেটে দ্রব্যমূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সংযুক্ত না থাকায় এক কনফেকশনারী ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং একই অভিযোগে বাজারের ওয়াপদা রোডের দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা সহ সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরকে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার। অভিযানে চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক মো: মহিউদ্দীন নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ও পৌর সেনেটারী ইন্সপেক্টর মো: ইমাম হোসেন সজীব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘মাহে রমযান উপলক্ষে বাজার পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ব্যবসায়ীকে বিভিন্ন পরিমানে জরিমানা করা হয়। এ সময় অপর ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

আইপিএলে বদলে গেল কোহলিদের দলের নাম

ডেস্ক রিপোর্ট:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরে এসে নিজেদের নাম পরিবর্তন করল বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (আরসিবি)। এবার থেকে ‘বেঙ্গালোর’র পরিবর্তে ‘বেঙ্গালুরু’ রাখা হয়েছে। এর মানে এখন এই দলটিকে শহরের নতুন নাম ‘বেঙ্গালুরু’ দিয়ে চিহ্নিত করা হবে।

তবে খুব একটা পরিবর্তন আসেনি আরসিবির নামে। তারা কেবল দক্ষিণ ভারতের এই শহরের নামের সঙ্গে মিল রেখে ছোট একটি পরিবর্তন এনেছে। ‘বেঙ্গালোর’র বদলে এখন থেকে ‘বেঙ্গালুরু’ ডাকা হবে ফ্র্যাঞ্চাইজিটির নামের শেষাংশকে।

মঙ্গলবার রাতে কোহলিদের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক এই ঘোষণা দেওয়া হয়েছে।

২০১৪ সালের ১ নভেম্বর থেকে কর্ণাটক সরকার শহরটির নাম পরিবর্তন করে বেঙ্গালোর থেকে বেঙ্গালুরু করেছিল। এটি স্থানীয় ভাষার সঙ্গে যুক্ত রেখেই করা হয়েছিল। তারপর থেকে, ক্রিকেট ভক্তরা এই ফ্র্যাঞ্চাইজিটিকে এর নাম পরিবর্তন করার পরামর্শ দিতে থাকেন। কিন্তু আইপিএলের ১৬তম মৌসুম পর্যন্ত তারা এই পরিবর্তন করেননি এবং এখন অবশেষে তারা এই পরিবর্তনে রাজি হয়েছে।

এর আগে, আইপিএলের আরও দুটো ফ্র্যাঞ্চাইজি নাম পরিবর্তন করেছিল। দিল্লি ডেয়ারডেভিলস নাম পরিবর্তন করে দিল্লি ক্যাপিটালস করা হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাব থেকে হয়েছে পাঞ্জাব কিংস।

উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৭তম আসর। যেখানে আসরের উদ্বোধনী ম্যাচেই চিন্নাস্বামী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বেঙ্গালুরু।

কুরআন পড়ে মুগ্ধ হলেন হলিউড তারকা

ডেস্ক রিপোর্ট:

পবিত্র কুরআনের ভালোবাসায় এবার মুগ্ধ হলেন মার্কিন অভিনেতা ও হলিউড সুপারস্টার উইল স্মিথ। শুধু মুগ্ধ হননি, জানিয়েছেন কুরআন সম্পর্কে তার নিজের মতামত। তিনি পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরিফ পড়েছেন। কুরআনকে তিনি ‘খুবই স্পষ্ট’ হিসেবে অভিহিত করেছেন।

সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, আমি সরলতাকে পছন্দ করি, কুরআন স্পষ্ট; এটি খুবই স্পষ্ট। কুরআন নিয়ে ভুল বোঝাবুঝির কোনো উপায় নেই। কুরআনের সারমর্ম ছিল খুবই সুন্দর ও পরিষ্কার।

তিনি জানিয়েছেন, তিনি ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থও পড়েছেন। তিনি বেশ অবাক হয়েছেন যখন কুরআন, তোরাহ ও বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছেন।

স্মিথ বলেন, আমি অবাক হয়েছিলাম, যখন দেখেছিলাম এগুলোর মধ্যে কত মিল। আমি কখনো ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি এবং এর পর ঈসা ও ঈসমাইলের সঙ্গে তার বিভক্তি। এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল।

এই হলিউড তারকা এখন সৌদি আরব সফরে রয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন।

তিনি মজা করে বলেছেন, আমার মনে হয় আমার পূর্বের জীবনে দৈত্য ছিলাম। মনে হচ্ছে আমি আমার বাড়িতেই রয়েছি। আমি বিষয়টি পছন্দ করছি।

উইল স্মিথ বিখ্যাত আলাদিন ছবিতে দৈত্যের চরিত্রে অভিনয় করেছিলেন।

গত বছর রমজান মাসে কুরআন শরিফ পড়েছিলেন বলে জানিয়েছেন এই তারকা।

সূত্র: আলআরাবিয়া

রামপুরা থানা ছাত্রলীগের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক:

রামপুরা থানা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। রামপুরা থানা ছাত্রলীগের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম নয়ন ও সাধারন সম্পাদক এস এম মাহিন।

সম্প্রতি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় রামপুরার থানা ছাত্রলীগের অন্তর্গত ২৩ ও ৯৮ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয় ও একই সাথে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করে রামপুরার থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম নয়ন, সহ-সভাপতি রিয়াজ ফরাজী, সাধারণ সম্পাদক এস এম মাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জনি। নবনির্বাচিত কমিটি ঢাকা ১১ আসনের সংসদ সদস্য ওয়াকিল উদ্দিনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে এই কমিটির সাথে সাথে রামপুরা থানা ছাত্রলীগের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং তরুণ নেতৃত্ব সভাপতি রিয়াজুল ইসলাম নয়ন ও সাধারণ সম্পাদক এস এম মাহিনকে সকল সংগঠন ও অঙ্গ সংগঠন সমূহ শুভেচ্ছা জানাচ্ছে।

কুবিতে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

চাঁদনী আক্তার,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর রুমে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো: ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় এবং সভাপতি জাহিদ মোল্লা’র সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ রহমত উল্লাহ কবির, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির চেয়ারম্যান মেজবাহ উল হক, নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মিরাজ হোসেন হৃদয় ও সংগঠনের অন্যান্য সদস্যরা।

রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে

স্টাফ রিপোর্টার:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচণার মামলায় এক দিনের রিমান্ড শেষে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন কুমিল্লার একটি আদালত।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, এক দিনের রিমান্ড শেষে দ্বীন ইসলামকে আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ডে দ্বীন ইসলাম কিছু তথ্য দিয়েছেন, সেগুলো যাচাই-বাছাই করা হবে। প্রয়োজনে আরও রিমান্ড চাওয়া হতে পারে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৫ মার্চ) রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামে এক সহপাঠীকে দায়ী করে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা।

অবন্তিকার আত্মহত্যার পর তার মা তাহমিনা শবনম বাদী হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সচেষ্ট রয়েছে : আইজিপি

ডেস্ক রিপোর্ট:

এবারের ঈদযাত্রায়ও সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছা‌নো নির্বিঘ্ন করতে পুলিশ সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে আইজিপি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল-মামুন বলেন, সাধারণ মানুষ যাতে ঈদের সময় তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ইফতার, তারাবিহ ও সেহরির সময়ে এমনভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে যাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয়।

যানজট প্রসঙ্গে তিনি বলেন, রোজায় ইফতারের আগে যানজট নিরসনে স্বয়ং ডিএমপি কমিশনার নিজে রাস্তায় ইফতার করেছেন। যানজট নিরসনে ট্রাফিকের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করে চলেছে। পাশাপাশি রমজান উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সদস্যরা সতর্ক রয়েছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরো বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা সুনিশ্চিত করতে সারা দেশে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, চাঁদাবাজি এবং মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে।

মাদকের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, এসব ক্ষেত্রে পুলিশের কোনো সদস্য যদি জড়িত থাকে সেক্ষেত্রেও ‘শূন্য সহিষ্ণুতার’ নীতি দেখানো হচ্ছে।

এ সময় ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

মুরাদনগরে মূল্য তালিকা না থাকায় ৫ দোকানদারকে জরিমানা

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে মূল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচ দোকানিকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ মার্চ) বিকেলে মুরাদনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরিন সুলতানা নিপা।

তিনি বলেন, দোকানে মূল্য তালিকা না থাকায় চারটি মুরগীর দোকান কে ৪ হাজার টাকা করে ১৬ হাজার টাকা ও একটি মিষ্টি দোকানকে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

অভিযানে মুরাদনগর উপজেলা স্যানিটারি পরিদর্শক শাহাদাত হোসেন, মুরাদনগর সদর ইউনিয়নের তহশিলদার আরিফ সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর মাটি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

 

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে কাঁকড়ি নদীর মাটি কাটা ও সে মাটি অন্যত্র বিক্রির দায়ে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

জানা গেছে, উপজেলা প্রশাসনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে উপজেলার উজিরপুর ও কালিকাপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কাঁকড়ি নদী থেকে স্থানীয় কতিপয় অসাধু মাটি ব্যবসায়ী ভেকুর সাহায্যে মাটি কেটে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছে। এছাড়া ব্যক্তিগত পর্যায়েও কারো কারো কাছে নদীর মাটি বিক্রির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ গত সোমবার (১৮ মার্চ) রাতে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিমের সহায়তায় কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাটি ভর্তি একটি ট্রাক সহ একজনকে আটক করে। পরে অবৈধভাবে নদীর মাটি কেটে অন্যত্র বিক্রির দায়ে তাকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়। এ সময় ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজার বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা সহ নগদ আদায় করা হয়। অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।’

হতাশা ব্যক্ত করে কুমিল্লার ছাত্রলীগ নেতা ফেসবুকে যা লিখলেন

স্টাফ রিপোর্টার:

মিনহাদুল হাসান রাফিকে সভাপতি ও ইসরাফিল পিয়াসকে সাধারণ সম্পাদক করে  ১৮ মার্চ রাতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সদ্য ঘোষিত কমিটিতে বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম রুবেল হোসেনকে সহ সভাপতি করা হয়েছে। কমিটি ঘোষণার পরই হতাশা ব্যক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এম রুবেল হোসেন।

১৮ মার্চ রাতে তিনি প্রথমে লিখেন- “ যে কমিটিতে কর্মীকে সম্মানিত করে নেতাকে অসম্মানিত করা হয় এটা কোন ধরনের শিষ্টাচার?  বাংলাদেশ ছাত্রলীগকে ধিক্কার জানাই, এমন কমিটির সাথে আমাদের বা আমার কোন সম্পর্ক নেই , সদ্য সাবেক কমিটিতে আমার অসংখ্য কর্মী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিল, আমার অনেক কর্মী কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদক, উপ সম্পাদক , সদস্য পদে দায়িত্ব পালন করে আর আমাকে আপনারা কেন অসম্মানিত করলেন? এটা কোন ধরনের অপরাজনীতি? মাননীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেব এটা কি জেলা ছাত্রলীগের কমিটি করলেন নাকি বুড়িচং উপজেলা ছাত্রলীগের কমিটি দিলেন?”

কিছুক্ষণ পরই ফেসবুকে আবার আরেকটি স্ট্যাটাস দেন এম রুবেল হোসেন। তিনি লিখেন- “শেখ ইনান সাহেব, আমি ছাত্রলীগের রাজনীতি ছেড়ে দিয়েছিলাম অনেক আগে। পবিত্র কাবা শরীফকে সামনে রেখে আপনি আমাকে ছাত্রলীগ করার জন্য ডাকলেন । আমি আপনার কথায় রাজনীতিতে সক্রিয় হইলাম, আপনার কথায় আমি আপনাদের বৃহৎ ছাত্র সমাবেশে কুমিল্লার আপামর ছাত্র-জনতা নিয়ে সর্ববৃহৎ মিছিল করি এবং আপনাদের প্রোগ্রাম সফল করি। কি অপরাধ ছিল আমার? আপনি কুমিল্লার যে নষ্ট রাজনীতিবিদের কথায় আমাদের তৃণমূলের ছাত্র লীগের নেতাকর্মীদের যে স্বপ্ন ভাঙলেন , তিনি ইতিমধ্যে কুমিল্লার অসংখ্য ছাত্রনেতার ক্যারিয়ার নষ্ট করেছেন, তার ইন্ধনে আমার ক্যারিয়ারটাও কি নষ্ট করলেন? , আপনি নিশ্চিত থাকেন আপনি যখন সাবেক হবেন কুমিল্লার এই নষ্ট রাজনীতিবিদ আপনাকে দুই আনারও দাম দিবে না।  আপনি আমার ক্যারিয়ার নষ্ট করছেন তাতে আমার কোন আফসোস নেই , আমার অসংখ্য কর্মী কুমিল্লা জেলা ছাত্রলীগের সদ্য সাবেক কমিটিতে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছে, আমি এটাতেই গর্ববোধ করি। কিন্তু আপনি আমাকে যে অসম্মানিত করলেন এটার জন্য উপর আল্লাহ আপনার বিচার নিশ্চয়ই করবেন।
এই কমিটিতে আমার কোন পদ পদবীর প্রয়োজন নেই, দয়া করে আমাকে কেউ মেনশন করে পোস্ট করবেন না।”

জানা যায়, এম রুবেল হোসেন ঘোষিত কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।