All posts by jitu

আগামী ৯ মার্চ কুমিল্লা সিটিতে সাধারণ ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং ছয়টি পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে আগামী ৯ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন নির্বাচন কমিশনে পাঠিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান।

প্রজ্ঞাপনে জানানো হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস (শিডিউল আই অব দ্য রুলস অব বিজনেস, ১৯৯৬) (রিভাইজড আপ টু এপ্রিল ২০১৭) এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন এবং তিনটি পৌরসভার (পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা ও বরগুনা জেলার আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচনসহ তিনটি পৌরসভার (ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ পৌরসভা ও বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভার মেয়রের শূন্য পদ) মেয়রের শূন্য পদের উপনির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

গাজার উত্তরাঞ্চলের শিশুরা অনাহারে মারা যাচ্ছে

ডেস্ক রিপোর্ট:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রস আধানম ঘেব্রেয়েসুস সতর্ক করে বলেছেন, গাজার উত্তরাঞ্চলের শিশুরা অনাহারে মারা যাচ্ছে। খাবারের অভাবে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে এবং গুরুতর অপুষ্টির কারণে আরও বহু শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

রোববার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতার কারণে অন্তত ১৫ শিশুর মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা সোমবার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি হাসপাতালে রোববার আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, উত্তর গাজার শিশুরা মারাত্মক অপুষ্টির শিকার হচ্ছে, অনাহারে মারা যাচ্ছে, জ্বালানি, খাদ্য ও চিকিৎসা সরবরাহের গুরুতর ঘাটতি, হাসপাতাল ভবন ধ্বংস হয়ে গেছে। সেখানে প্রায় তিন লাখ মানুষ সামান্য খাদ্য এবং খাবার পানি পাচ্ছে।

এদিকে রাফায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ১৭ জন নিহত হয়েছে। খালি হাতেই রাফার লোকজন ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের প্রিয়জনদের উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন। এর আগে রাফা শহরকে নিরাপদ অঞ্চল ঘোষণা করে ফিলিস্তিনিদের সেখানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল।

তবে ফিলিস্তিনিরা সেখানে আশ্রয় নেওয়ার পর এখন ওই শহরে হামলা আরও জোরদার করা হয়েছে। ফলে ফিলিস্তিনিদের জন্য এখন আর কোনো শহরই নিরাপদ নয়। রাফার বাস্তুচ্যুত বাসিন্দা হিয়াম আল-ঘারিব বলেন, তাদের জন্য লজ্জা। তারা কেন এত রক্ত ঝরাচ্ছে?

তিনি বলেন, কেন? কেন তারা আমাদের ওপর হামলা চালাচ্ছে? তারা যদি আমাদের ধ্বংস করতে চায়, তাহলে কেন তারা তা একবারের জন্যই করছে না?

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে মৃত্যুর মিছিল থামছেই না। সেখানে ইতোমধ্যেই নিহতের সংখ্যা ৩০ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে কমপক্ষে ৩০ হাজার ৫৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

দেশসেরা ক্যাডেট ইনসেন্টিভ এওয়ার্ড পেলেন কুবি বিএনসিসির সিইউও সাদী

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার সিইউও মোঃ সামিন বখশ সাদী দেশসেরা ক্যাডেট হিসাবে ক্যাডেট ইনসেন্টিভ এওয়ার্ড পেয়েছেন।

৩ মার্চ (রবিবার) বিএনসিসি একাডেমিতে মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, এনডিসি, পিএসসি তাঁকে ইনসেন্টিভ এওয়ার্ডের সার্টিফিকেট ও স্কলারশিপ তাঁর হাতে তুলে দেন। এছাড়াও বিএনসিসি সেনা, নৌ ও বিমান শাখা মিলিয়ে দেশসেরা ২০জন ক্যাডেটকে এওয়ার্ড প্রদান করা হয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী সামিন বখশ সাদী বলেন, “আলহামদুলিল্লাহ, বিএনসিসির সাথে অনেক বছর পথচলার পর বিএনসিসি ডিজি মহোদয় কর্তৃক আমাকে এই এওয়ার্ডের জন্য নির্বাচিত করায় আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এবং আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি।”

অনুষ্ঠানে বিএনসিসি রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাহিদুজ্জামান, রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার, এ্যাডজুটেন্টসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত বিএনসিসিও,পিইউও, সামরিক-বেসামরিক প্রশিক্ষক ও ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রথম সংগঠন হিসেবে বিএনসিসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন ২০০৯ সালের ২৯শে এপ্রিল থেকে তাদের কার্যক্রম শুরু করে।

লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে পার্লামেন্ট মেম্বার কিভাবে সভা সমাবেশ করে? : নিজাম উদ্দিন কায়সার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেছেন,নিরাপদ সম্প্রীতির বাসযোগ্য নতুন কুমিল্লা আমার স্বপ্ন। চাঁদাবাজি আর দুর্নীতি কুমিল্লার উন্নয়নের প্রধান বাঁধা। আমি নিজে দুর্নীতিমুক্ত থাকবো,সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত রাখবো।

তিনি বলেন -কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের ভোটের পরিস্থিতি দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পর্যবেক্ষণ করে ভালো মনে হলে দল নির্বাচনে যেতে পারে। যে কারণে আমি প্রথম থেকে বলে আসছি এই নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচন দেশের তথা নির্বাচন কমিশনের ভাবমূর্তি রক্ষার নির্বাচন।

সোমবার (৪ মার্চ) কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ঢুলিপাড়া, রাজাপাড়া, নোয়াপাড়া, নেউরাসহ আশপাশের এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এই প্রার্থী।

এসময় এই প্রার্থী আরও বলেন, আমরা যারা বিএনপি করি আমরা সাধারণ সময়েই হামলা মামলায় আছি।আমরা শুরু থেকেই মামলা হামলায় জর্জরিত সুতরাং এগুলোর ভয় দেখিয়ে কোন লাভ নেই। কুমিল্লার মানুষ ভোট দেবে ঘোড়ায়। কারণ মানুষ পরিবর্তন চায়। কেউ কেউ নিয়ম ভেঙে এক প্রার্থীর পক্ষে প্রচারণা করছে। কিন্তু আমি বলবো এই প্রচারণা কোন কাজে আসবে না৷

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে এই প্রার্থী বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা তা কুমিল্লার মানুষ দেখছে৷ লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে পার্লামেন্ট মেম্বার কিভাবে সভা সমাবেশ করে? নির্বাচন কমিশনের কথা আমরা শুনছি আশ্বাসও রাখছি। সবাইকে বলবো কেন্দ্রে আসেন। ভোট দেন। আপনার কাংখিত জয় নিশ্চিত হবেই।

এই প্রার্থী সোমবার বিকেলে নগরীর ১৩নম্বত ওয়ার্ডের বড় পুকুর পাড়, বিকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় ১৫ নম্বর ওয়ার্ডের বালুধুম পূর্ব পাড়া উঠান বৈঠক করেন।

কুবির নরসিংদী জেলা ছাত্র সংগঠনের নেতৃত্বে জাহিদ-ওয়াসিম

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আঞ্চলিক সংগঠন নরসিংদী ছাত্র কল্যাণ পরিষদ ২০২৪ এর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৮-১৯ ব্যাচের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদ মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. ওয়াসিম আক্তার।

সোমবার (০৪ ফেব্রুয়ারি) কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এ কমিটির সহ-সভাপতি হলেন মিজানুর রহমান, মাহমুদুর রহমান, শামীম খান, সাইদুল রহমান শাওন, রোমান আহাম্মেদ, আব্দুল্লাহ (সাকিব), তানজিম তামান্না, নাজমুন্নাহার রিমা, তানজিনা আক্তার ও সোহেল মিয়াকে অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শফিকুল ইসলাম, মোতাসিম ভূঁইয়া, সোহায়েব ভূঁইয়া, সানজিল জয়, জুয়েল, জাকির, আলভি, নাজমুল হোসাইন ও মামুন মিয়া।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আসিফ করিম আনন্দ, সাদেকুর রহমান, রঞ্জন ভৌমিক, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ, মেহেদী হাসান, সিয়াম মিয়া, রাদিন হাসান, ফাহিম, তারেক ভূঁইয়া, মারিয়ুম, সাবিহা রিতু, তানবিন জাহান তিথি, সাদিয়া রহমান সিমিন, আয়শা ইব্রাহিম সামিয়া।

সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, মাহবুবুর রহমান শুভ, উর্মি আক্তার, মো. ইসমাইল মিয়া, তানজিনা আক্তার, আব্দুল্লাহ আল নোমান, শারমিন জাহান সামান্তা, সাজ্জাদ হোসাইন, তুষার আহাম্মেদ সরকার, মিথিলা হক তুলি, আনিকা তাসনিম নিতু, ইয়াসিন পাঠান সৈকত, রিফাত, মানসুরা ইসলাম, রাইসুল ইসলাম রনি, সায়েদ হাসান, সেতু রানি দাস, সাদিয়া আফরিন লাকি, রিয়া আক্তার তমা, হিমেল সরকার, সিনথিয়া আক্তার, আদিল আহমেদ মাহাদী, হেমায়েত উদ্দিন, ফাহাদ মিয়া, আকাশ মিয়া, তাকরিমুল ইসলাম, হৃদয় মিয়া, তানজিনা আক্তার সিনহা।

উল্লেখ্য, উক্ত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

ভয়াবহ রূপ নিয়েছে সুগার মিলের আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি সুগার মিলে (চিনির কারখানা) লাগা আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। আড়াই ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে ওই মিলে আগুনের সূত্রপাত হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আগুন জ্বলছিল। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্ট গার্ড।

ওই মিলের কর্মকর্তারা বলছেন, চিনির মিলের ছয়টি গোডাউনের মধ্যে একটিতে আগুনের সূত্রপাত হয়। সেখানে আমদানি করা অপরিশোধিত চিনি রাখা ছিল। আগুনের তীব্রতা বাড়ার কারণে অন্য গোডাউনে আগুন ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এদিকে, ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্র জানায়, বিকেল ৪টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকার চিনি মিলটির গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে কর্ণফুলী ও আনোয়ারা ফায়ার স্টেশন আগুন নেভাতে কাজ করছে।

এ ছাড়া ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্ট গার্ড।

কুমিল্লায় মার্কেটে মেয়ের প্রচারণায় এমপি বাহার, রিটার্নিং কর্মকর্তার কাছে তানিমের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার ইস্টার্ন ইয়াকুব প্লাজা মার্কেটে মতবিনিময় সভার নামে নিজেরকুমিল্লা সাংবাদিকের সাথে মেয়ে কুসিকের উপ-নির্বাচনের মেয়র প্রার্থী তাহসিন বাহার সূচনা, এমবিবিএস এর জন্য গণপ্রচারণা ও লিফলেট বিলি করেন সদর সংসদ হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার।

এই ঘটনায় ৪ মার্চ সিসিটিভির ফুটেজ সংযুক্ত করে রিটানিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মেয়র প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম।

লিখিত অভিযোগে নুর -উর রহমান মাহমুদ তানিম উল্লেখ করেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাহসিন বাহার সূচনার বাবা স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার গত ৩ই মার্চ নগরীর ইস্টার্ন প্লাজা মার্কেটে মতবিনিময় সভার নামে বাস প্রতীকের নির্বাচনী সভা সম্পন্ন করে উক্ত মার্কেটে প্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এই সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সংযুক্ত করা হলো। 8ই মার্চ নগরীর বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সাথে বাস মার্কার পক্ষে নির্বাচনী সভা পরিচালনা করেন, যা নির্বাচনী আচরণ বিধিমালার পরিপন্থী।

১৫ টাকা দরে চাল পাবে ৫০ লাখ পরিবার : খাদ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি ১ মার্চ থেকেই লিফটিং করতে বলেছি। ১ থেকে ২০ মার্চ পর্যন্ত আমাদের একটি সিদ্ধান্ত ছিল। সেটা কমিয়ে ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন খাদ্য বিতরণ শেষ করা হবে।

এতে বাজারে স্বস্তি ফিরবে কি না, জানতে চাইলে তিনি বলেন, দেড় লাখ টন চাল যদি বাজারে ১৫ টাকা দরে যায়, তাহলে ৫০ লাখ পরিবারকে তো আর বাজার থেকে চাল কিনতে হবে না। এতে স্বস্তি আসবে বলে মনে করি।

২০ ফেব্রুয়ারি থেকে বস্তায় চালের দাম ও জাত লেখা থাকার সিদ্ধান্ত কার্যকর হয়েছে কি না, জানতে চাইলে সাধন চন্দ্র বলেন, আমরা ২০ ফেব্রুয়ারির মধ্যে পরিপত্র জারি করব বলেছিলাম আর কার্যকর করব ১৪ এপ্রিল বা পহেলা বৈশাখ থেকে। কারণ যেসব চাল এখন বাজারে বস্তাবন্দি আছে এবং সিল মারা আছে, সেগুলো এখন আর কেউ প্যাকেট চেঞ্জ করবে না। কাজেই নতুন বছরে বোরো চাল উঠবে, তখন থেকে এটা কার্যকর হবে বলেও জানান তিনি।

ডিসিদের কাছে হালনাগাদ তথ্য আছে কি না, জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ডিসি-মিল মালিকদের সঙ্গে মিটিং শুরু হয়েছে। ধান ও চালের জাতের যে নমুনা, সেটা তাদেরও সরবরাহ করা হচ্ছে। ধান গবেষণা ইনস্টিটিউট সে জাতগুলো দিয়েছে, আউশ, আমন ও বোরোতে কোন কোন জাত, কোনটা মোটা, মাঝারি ও সরু সেই জাত দিয়েছে, সেটা নিয়ে তাদের সঙ্গে কাজ করছি। এ ছাড়া মজুতবিরোধী অভিযান অনেকাংশেই সফল হয়েছে। ডিসিদের কাছে আবেদন জানিয়েছি, নির্দেশনা দিয়েছি যাতে বস্তার গায়ে জাতের নাম লেখা নিয়ে যে পরিবর্তন এসেছে, সেটা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে।

আলোচিত রুফটপ রেস্টুরেন্ট গুঁড়িয়ে দেওয়া হলো

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর ধানমন্ডিতে আলোচিত গাউসিয়া টুইন পিক ভবনের ছাদে গড়ে তোলা রুফটপ রেস্টুরেন্ট গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (৪ মার্চ) সকাল ১১টায় ওই ভবনে অভিযান পরিচালনা শুরু করে রাজউক। পরে ভবনটির ছাদে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা ‘রেট্রো লাইভ কিচেন’ নামের রুফটপ রেস্টুরেন্টটি গুঁড়িয়ে দেওয়া হয়।

ভবনটিতে অভিযান পরিচালনাকারী রাজউকের জোন ৩-এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, ‌

এই ভবনটি রাজউক থেকে অফিস করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। রাজউকের নকশায় স্পষ্টত এখনো দেখানো হচ্ছে ভবনের ছাদ খোলামেলা। কিন্তু আমরা আজকে এখানে এসে দেখেছি অবৈধভাবে বেশ কয়েকটি রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে। যার কারণে আমরা ছাদের রেস্টুরেন্ট ভেঙে দিয়েছি।

এর আগে গতকাল রোববার অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকাসহ নানা অসঙ্গতির কারণে রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে পুলিশ।

এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধানমন্ডি ও ভাটারা এলাকায় এ অভিযান চালানো হয়। এর মধ্যে ধানমন্ডির ১৯টি রেস্টুরেন্ট থেকে ১৯ জন আর ভাটারা থেকে তিনজনকে আটক করা হয়। ধানম‌ন্ডি জো‌নের এ‌ডি‌সি ইহসানুল ফেরদাউস ব‌লেন, ‌‘অ‌নেক রেস্টু‌রে‌ন্টে সি‌ঁড়ির নি‌চে সি‌লিন্ডার রাখা, অগ্নি নির্বাপণ ব‌্যবস্থার অপ্রতুলতাসহ বেশ কিছু অসঙ্গ‌তির কার‌ণে ওই সকল রেস্টু‌রে‌ন্টের ম‌্যানেজার‌দের আটক করা হয়েছে।

আইপিএল শুরু হওয়ার আগেই বড় ধাক্কা চেন্নাই শিবিরে

ডেস্ক রিপোর্ট:

আইপিএল শুরু হওয়ার আগেই বড় ধাক্কা চেন্নাই শিবিরে। আঙুলের চোটে অন্তত আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দলটির কিউই ওপেনার ডেভন কনওয়েকে। অর্থাৎ, মে মাসের শুরু পর্যন্ত তাকে পাবে না মহেন্দ্র সিংহ ধোনিরা।

গত দুই মৌসুমে চেন্নাইয়ের দারুণ ছন্দে ছিলেন কনওয়ে। গতবার শিরোপা জয়ের পথে ফাইনাল ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। এমন নির্ভরযোগ্য ব্যাটার না থাকায় ভোগান্তি পোহাতে হতে পারে চেন্নাইকে।

জানা গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন কনওয়ে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, কনওয়ের বাঁ হাতের বুড়ো আঙুলে স্ক্যান করা হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সেখানে অস্ত্রোপচার করানো হবে। অন্তত আট সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।

চোট সারিয়ে অনুশীলনের পরে আবার দলে ফিরতে আরও কিছুদিন সময় লাগবে কনওয়ের। ততদিনে আইপিএল প্রায় শেষ হয়ে যেতে পারে। তাই তাকে এবারের আইপিএলে ধোনিরা পাবেন কি না তা নিশ্চিত নয়। কনওয়ের সঙ্গে চেন্নাইয়ের হয়ে সাধারণত ওপেনিংয়ে নামেন রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু কনওয়ে না থাকায় নিউজিল্যান্ডের আরও এক অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে ওপেনারের ভূমিকায় দেখার সম্ভাবনা রয়েছে।

গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ওপেনার হিসেবে দ্যুতি ছড়িয়েছেন রাচিন রবীন্দ্র। তাই তার ওপর ভরসা দেখাতে পারেন ধোনিরা। আগামী ২২ মার্চ থেকে শুরু এবারের আইপিএল। প্রথম ম্যাচেই মাঠে নামবে চেন্নাই। এবার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলার অপেক্ষায় আছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমানও। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।