All posts by jitu

কুমিল্লায় মহান মে দিবস উদযাপিত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আজ মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপিত হয়েছে।

আজ শুক্রবার সকালে এ উপলক্ষে নগরীর টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আঞ্চলিক শ্রম দপ্তর কুমিল্লার উপপরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস মোহাম্মদ আবুল বাসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মজিবুর রহমান ভূঁইয়া এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু শ্রমিকদের অধিকার, কর্মপরিবেশের নিরাপত্তা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম। তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

কুমিল্লা জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

ব্রাহ্মণপাড়ায় চুরির দায়ে কারাগারে যুবক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরির অভিযোগে তানভীর (২০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত তানভীর উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর এলাকার সুমন মিয়ার ছেলে।

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চুরির মালামালসহ তানভীরকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশ হেফাজতে সোপর্দ করা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত তানভীর নিজের অপরাধ স্বীকার করায় আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান জানায়, জনস্বার্থে ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

বরুড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সহকারী পুলিশ সুপার (কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস এর তত্ত্বাবধান ও নির্দেশনায় বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে এসআই (নি.) তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত (৩০ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে বরুড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের জিনসার এলাকায় পুরাতন খাদ্য গুদামের সামনে রাস্তার উপর থেকে মো. কামাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বার্সেলোনার র‍্যাশফোর্ডকে বর্ণবাদী গালি দেয়া দর্শকের ৯ মাসের কারাদণ্ডবার্সেলোনার র‍্যাশফোর্ডকে বর্ণবাদী গালি দেয়া দর্শকের ৯ মাসের কারাদণ্ড
গ্রেপ্তারকৃত কামাল হোসেন জিনসার (বড় বাড়ি) এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। এ ঘটনায় বরুড়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় ধৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ ও ২০২১ সালে দায়ের করা দুইটি মামলার তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, মাদকমুক্ত সমাজ গঠনে বরুড়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

মুরাদনগরে যৌথ অভিযানে মাদক সম্রাট ফারুকসহ ৩ জনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে যৌথ অভিযানে মাদক সেবনের অপরাধে মাদক সম্রাট ফারুকসহ ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর প্রযোজ্য ধারার অধীনে তাদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী। এ সময় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী এবং এসআই রুহুল আমিন সহ পুলিশের একাধিক দল উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের মহরম আলীর ছেলে মোঃ ফারুক হোসেন প্রকাশ কালা ফারুক ( ৩৮), মুরাদনগর সদরের মধ্যপাড়ার হাজী আঃ রশিদের ছেলে মোঃ হোসাইন (২৮) ও মধ্যনগর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ শাহ আলম(৪৫)।

ভ্রাম্যমান আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের পৈইয়াপাথর এলাকায় যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় মাদক সম্রাট মো. ফারুক হোসেন প্রকাশ কালা ফারুককে আটক করা হয়। এসময় মাদক সেবানের অপরাধে তাকে ২ হাজার টাকা জরিমানা এবং ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদক ও চুরির ১২টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

একই রাতে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ মুরাদনগর সদর এলাকার মধ্যপাড়ায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় মোঃ হোসাইন ও মোঃ শাহ আলমকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১০০টাকা জরিমানা ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাদেরকে দন্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মুরাদনগরকে অপরাধমুক্ত করতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি তিনি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

কুমিল্লায় বৃষ্টির পানির মধ্যে বসে পরীক্ষা দেওয়া সেই কেন্দ্র নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় বৃষ্টির পানির মধ্যে বসে এসএসসি পরীক্ষা দেওয়া সেই কেন্দ্র পরিদর্শন ও ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসককে নির্দেশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার দুপুরে কুসিকের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নগরীর ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ইউসুফ মোল্লা টিপু জানান, বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ফোন করে ঈশ্বর পাঠশালা কেন্দ্রটির খোঁজ খবর নেন। এক পর্যায়ে তিনি নির্দেশ প্রদান করেন কেন্দ্রটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য।

তাছাড়া নগরীর অন্য পরীক্ষা কেন্দ্রগুলোর প্রতিও একই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন কোনো পরীক্ষাকেন্দ্রে যেন পানি না থাকে। সেই আলোকে আমরা ওই কেন্দ্রসহ নগরীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছি এবং জলাবদ্ধতার কারণ শনাক্ত করে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে কাজ করেছি। এর ফলে সকাল হওয়ার আগেই পানি নেমে গেছে। আমরা স্থায়ীভাবে সমাধানের জন্য এরই মধ্যে পরিকল্পনা নিয়েছি। সেই লক্ষ্যে আগামীতে কাজ করা হবে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত মাত্র সোয়া এক ঘণ্টার বৃষ্টিতে কুমিল্লা নগরীতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেঞ্চে পা তুলে পরীক্ষা দেয় এসএসসি পরীক্ষার্থীরা। একই সময় হলে দায়িত্বরত শিক্ষককেও চেয়ারে পা তুলে বসে থাকতে দেখা গেছে। এনিয়ে জাগো নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে বিষয়টি।

বুড়িচংয়ে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ময়নাল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সরকারি কৌঁসুলি (পিপি) বদিউল আলম সুজন।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উপস্থাপিত প্রমাণ বিশ্লেষণ শেষে আদালত এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ময়নাল হোসেন উপজেলার ভারেল্লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালে একই গ্রামের দ্বিতীয় শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা মীমকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর মরদেহ গোপন করতে পলিথিনে মুড়িয়ে টয়লেটের ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়।

তদন্তে আরও জানা যায়, আসামিদের সঙ্গে ভুক্তভোগীর পরিবারের পূর্ব থেকে জমিজমা-সংক্রান্ত বিরোধ ও মনোমালিন্য ছিল।

ঘটনার পর নিহত শিশুটির মা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে পুলিশ ধর্ষণ ও হত্যার অভিযোগে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এঁদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু-কিশোর আইনে বিচারাধীন। অপর আসামি ময়নাল হোসেনের বিরুদ্ধে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

হাবিবুর রহমান মুন্না।। 

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে পরিচালিত এই অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ বুধবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের অংশ হিসেবে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপির একটি চৌকস টহল দল উত্তর সূর্যনগর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ইয়াবার চালানটি পাওয়া যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ২০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কুমিল্লার আইনশৃঙ্খলার অবনতিতে নাগরিক অধিকার ফোরামের গভীর উদ্বেগ

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা নগরীসহ জেলার সর্বত্র খুন, চুরি, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান তৎপরতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক অধিকার ফোরাম, কুমিল্লা।

মঙ্গলবার (২৮ এপ্রিল ) রাতে সংগঠনের কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. অধ্যাপক মো. আবদুল লতিফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।

সভায় উপস্থিত ছিলেন জামিল আহমেদ খন্দকার, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, অধ্যক্ষ মহি উদ্দিন লিটন, অধ্যক্ষ নার্গিস আক্তার, সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলু, সুমনা আক্তার স্মৃতি এবং মীর মোহাম্মদ সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, কুমিল্লা জেলা সদরসহ পুরো জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে, যা সাধারণ নাগরিকদের জন্য চরম উদ্বেগজনক। সাম্প্রতিক কাস্টমস কর্মকর্তা বৈরাগী হত্যাকাণ্ড এই পরিস্থিতির একটি নৃশংস উদাহরণ। এছাড়া কুমিল্লা নগরীতে চুরি ও ছিনতাই যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে, ফলে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

নাগরিক অধিকার ফোরাম কুমিল্লা অবিলম্বে কিশোর গ্যাংসহ সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কুমিল্লার পুলিশ সুপারের প্রতি জোর দাবি ও আহ্বান জানিয়েছে।

কুমিল্লায় পানিতে দাঁড়িয়েই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট:

কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরী। এই জলাবদ্ধতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থীরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা ও পরীক্ষা কেন্দ্রে পানি জমে যাওয়ায় চরম কষ্টের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণে নগরীর আদালত সড়ক, লাকসাম সড়ক, মনোহরপুর, রেইসকোর্সসহ গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পড়েছেন সাধারণ মানুষ, সেই সাথে পানিতে তলিয়ে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান।

এদিকে, বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থী ও তাদের সঙ্গে যাওয়া অভিভাবকদের। বৃষ্টি ও ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন কেন্দ্রে বিদ্যুৎ চলে যায়। কোনো কোনো কেন্দ্রে মোমবাতি ও চার্জলাইট জ্বালিয়ে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। আবার অনেক কেন্দ্রে পানি জমে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে পরীক্ষা দিতে হয়েছে তাদের। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাঁটু ও কোমর সমান পানি মাড়িয়ে কেন্দ্র থেকে বের যেতে দেখা যায়।

কুমিল্লার ঈশ্বরপাঠশালা স্কুল কেন্দ্রের সামনে পরীক্ষা শেষে ছেলেকে নিয়ে বাসায় ফেরার পথে এক অভিভাবক বলেন, ‘পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট পরেই বিদ্যুৎ চলে যায়। এরপর মোমবাতি ও চার্জার লাইট দিয়ে ভেতরে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রে পানি প্রবেশ করে। স্কুলের পুরাতন ভবনে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে তাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে লিখতে হয়েছে।’

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ড্রেন ও খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টির ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

কালবৈশাখী ঝড়ে কুমিল্লার ৪ উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট:

কালবৈশাখী ঝড়ে কুমিল্লার চান্দিনা উপজেলাসহ আশপাশের কয়েকটি উপজেলায় ভেঙ্গে গেছে বৈদ্যুতিক খুঁটি। এতে বিকল হয়ে গেছে বৈদ্যুতিক ট্রান্সফরমার, বিচ্ছিন্ন হয়ে গেছে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক লাইন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে চান্দিনাস্থ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন চারটি উপজেলা।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারের বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে যায় চান্দিনাসহ আশপাশের কয়েকটি উপজেলার বৈদ্যুতিক লাইন।

টানা ২ ঘণ্টার তাণ্ডবে ভেঙে পড়েছে মানুষের ঘরবাড়ি, গাছপালা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বৈদ্যুতিক লাইনে।

সরেজমিনে চান্দিনা উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, কোথাও ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি, কোথাও ছিঁড়ে গেছে তার, কোথাও বিকল হয়ে গেছে বৈদ্যুতিক ট্রান্সফরমার, কোথাও আবার ঘরের মিটার পর্যন্ত আছড়ে পড়েছে।

চান্দিনাস্থ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে চান্দিনা উপজেলাসহ পার্শ্ববর্তী দেবীদ্বার, মুরাদনগর ও বরুড়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে আসছে।

ওই সমিতির অধীনে আসাবিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহক মিলে প্রায় ৬ লাখ ৬২ হাজার। প্রায় ৮ ঘন্টা বিদ্যুৎহীন থাকে সব গ্রাহক। পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি টিমের তৎপরতায় বিকাল সাড়ে ৫টায় জাতীয় গ্রীডের প্রধান সংযোগটি সংস্কার করে চান্দিনা বাজার এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হলেও বাকিসংযোগ চালু করা সম্ভব হয়নি।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী রাসেদুজ্জামান জানায়, প্রচন্ড ঝড়ে আমাদের বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা প্রায় ৮ ঘন্টা পর জাতীয় গ্রীডের সংযোগটি চালু করেছি।

ঝড়ের পর থেকে আমাদের টিম সব জায়াগায় কাজ করছে। আগামী ২/১ ঘন্টার মধ্যে অধিকাংশ সংযোগ চালু করতেও সক্ষম হবো বলে আশা করছি। যেসব স্থানে বেশি ক্ষতি হয়েছে সেই স্থানগুলো রাতের মধ্যে কাজ শেষ করে সকালের মধ্যে চালু করার চেষ্টা করবো।