Tag Archives: চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানচাপায় নিহত ১

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলা জেলার ওসমাননগর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সিয়াম (৩০) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজনগর গ্রামের মনজুরুল ইসলামের ছেলে খলিলুর রহমান মেম্বার (৬৫)।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত খলিলুর রহমানের ভাতিজ ও ট্রাকে থাকা লিটন সরকার জানায়, শুক্রবার সন্ধ্যায় খলিলুর রহমান, ফুল মিয়া ও মুসলিম উদ্দিন মুরাদনগরের রামচন্দ্রপুর এলাকা থেকে ধনিয়া ও সরিষাবোঝাই একটি ট্রাকে চট্টগ্রামের খাতুনগঞ্জের উদ্দেশে রওনা দেন। রাত ১২টার দিকে কালিকাপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সিয়াম নিহত হন। ট্রাকচালকসহ চারজন আহত হন।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খলিলুর রহমানের মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম চৌধুরী জানান, দুর্ঘটনায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মনির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানে গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে গ্যাস সরবরাহ, আটক ২

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় দুইজনকে হাতে নাতে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। অভিযানে ৯৬ বোতল গ্যাস সিলিন্ডারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জানমালের ক্ষয়ক্ষতি সহ ব্যাপক হতাহতের ঘটনা সংঘটিত হয়। এরূপ ভয়াবহ দূর্ঘটনা প্রতিরোধকল্পে গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গত ৩০ অক্টোবর বিকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মিয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় দুইজনকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীদ্বয় মূলতঃ সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এবং যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রি করে। এছাড়াও উক্ত আসামীদ্বয় সিএনজি গ্যাস সংগ্রহ করে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে প্রতি ঘনফুট প্রচলিত বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। সিএনজি স্টেশনে সরকার কর্তৃক নির্ধারিত টাকার পরিবর্তে চোরাই পথে চড়া দামে বিক্রি করে। এভাবে অবৈধ ভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং এর পাশাপাশি মিটার ব্যতীত এই গ্যাস বিক্রির ফলে সরকার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

আটক হওযা আসামীদ্বয় হলেন নোয়াখালী জেলার সুধারাম থানার ধর্মপুর গ্রামের মৃত অজি উল্লাহ এর ছেলে মোঃ নুর উদ্দিন সুমন (২৯); এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ছদাহা গ্রামের মৃত রফিক আহমদ এর ছেলে মোঃ মির আহমদ (২৭)।

উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানচাপায় নিহত ১

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার দুপুরে কাভার্ড ভ্যান চাপায় একজন নিহত হয়েছেন।
নিহত আব্দুল কাদের শুভপুর হাজারীপাড়ার মাস্টার আলী আশরাফের ছেলে। তিনি প্রান আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি ছিলেন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জুয়েল রানা জানান, উপজেলার আমানঘন্ডায় মোটরসাইকেলসহ আবদুল কাদেরকে চাপা দেয় কাভার্ড ভ্যানটি। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করেছে।