All posts by jitu

বিএনপি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে :পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘বিএনপি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে। তাদের উচিত ছিল নির্বাচনে অংশ নেওয়া। তারা নির্বাচনে না এসে রাজনৈতিকভাবে বড় ভুল করেছে। তারা বরং বিদেশি দেশগুলোর কাছে নালিশই দিচ্ছে। এ জন্য বিএনপি হচ্ছে নালিশপার্টি।’

আজ মঙ্গলবার নগরীর ধোপাদিঘির এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘এবারের নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ। কারণ বিএনপি নির্বাচন নস্যাৎ করতে যা যা করার তা করছে। তারা আগের মতো অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা ও অবরোধ চালিয়ে যাচ্ছে। দেশের সম্পদ নষ্ট হচ্ছে। ৭ জানুয়ারি দলে দলে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে প্রমাণ করতে হবে দেশবাসী তাদের সঙ্গে নেই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক লোক সিলেট-১ আসনের দিকে তাকিয়ে আছে। আমরা সিলেট-১ আসনে সবচেয়ে বেশি ভোট ফেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো। সিলেট-১ আসনের দিকে সারাবিশ্ব তাকিয়ে আছে। সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে সারাবিশ্বকে প্রমাণ করতে হবে আমরাও পারি। আমরা বিজয়ের জাতি।’

ড. মোমেন বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন। আমরা ভালো উপস্থিতি দেখাতে চাই। কারণ শেখ হাসিনার অনুগ্রহে সিলেটের এতো উন্নয়ন হয়েছে। সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যার কারণে।’

নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদসহ আরও অনেকে।

বুধবার থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে গতকাল সোমবার। এরপরই প্রচারণায় নেমেছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। তবে আগামীকাল বুধবার থেকে নির্বাচনী প্রচারণায় নামেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল সিলেটে হজরত শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত ও জেলাটিতে আয়োজিত জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা।

কাল সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখান থেকে তিনি হজরত শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত করতে যাবেন। মাজার জিয়ারতের পর বিকেলে সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

পরের দিন বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন জেলার নির্বাচনী সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। বেলা ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ির জনসভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য দেবেন। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে তিনি যুক্ত হবেন বলে জানা গেছে।

আওয়ামী লীগ সভাপতি আগামী ২৯ ডিসেম্বর বেলা ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। পরদিন ৩০ ডিসেম্বর গোপালগঞ্জ ও মাদারীপুরে যাবেন। ওই দিন প্রথমে তিনি নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

এরপর মাদারীপুর-৩ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। এ আসনের বর্তমান সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ। তিনি এবারও এ আসনে নৌকার প্রার্থী হয়েছেন।

আবারও প্রেমের সম্পর্কে জড়ালেন অভিনেত্রী শ্রাবন্তী!

ডেস্ক রিপোর্ট:

তিনবার সাতপাকে ঘুরে দানে দানে তিন দান শেষ করেছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এর পর জুটিয়েছিলেন এক ব্যবসায়ী প্রেমিক। অভিরূপ নাগ চৌধুরী নামে ওই প্রেমিকের সঙ্গে তার মাখামাখির খবর নেটিজেনদের কারও অজানা নয়।

একসঙ্গে ছুটি কাটানো, পূজায় ঘুরে বেড়ানো, সামাজিকমাধ্যমে এ নায়িকার প্রতি অভিরূপের আদরমাখা মন্তব্য দেখেই তাদের প্রেমের গুঞ্জন সামনে এসেছিল। এবার রটনা রটেছে, অভিরূপকে ভুলে নতুন সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী। ভারতীয় সংবাদমাধ্যমে এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ঐতিহাসিক গল্পে নির্মিতব্য সিনেমা ‘দেবী চৌধুরানী’তে অভিনয় করছেন শ্রাবন্তী। এর নির্মাতা শুভ্রজিৎ মিত্র। শোনা যাচ্ছে, তার সঙ্গেই শ্রাবন্তী বেঁধেছেন নিজের প্রাণ। অবশ্য এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তবে বদলেছেন সোশ্যাল হ্যান্ডেলে রিলেশনশিপ স্ট্যাটাস। ‘সিঙ্গেল’ কেটে দিয়ে টাঙিয়েছেন ‘কমিটেড’।

এদিকে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, শ্রাবন্তী-শুভ্রজিতের এই ‘ঘনিষ্ঠতা’র সূত্রপাত হয় বেঙ্গালুরুতে। সেখানকার এক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন তারা। যতদিন উৎসব চলেছে, ততদিন একে-অপরের সঙ্গে গল্প-গুজব চালিয়েছেন বলে খবর। একে-অপরকে চেনার পর্ব চলছিল তা হলে তখন? কলকাতায় ফিরে আসার পর জানা যায়, শ্রাবন্তীকে নিয়েই ‘দেবী চৌধুরানী’ তৈরি করছেন শুভ্রজিৎ। হইচই করে ছবির ঘোষণাও করে ফেলেন তিনি। শ্রাবন্তীর বিপরীতে নায়কের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এদিকে শ্রাবন্তীর মতো চুপ করে আছেন শুভ্রজিৎ নিজেও। বলছেন না কোনো কথা। তবে দুই শিল্পীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শুভ্রজিতের সঙ্গে শ্রাবন্তীর যে ‘ঘনিষ্ঠতা’ তৈরি হয়েছে, তা নাকি প্রেমই।

শ্রাবন্তীর প্রথম স্বামীর নাম রাজীব বিশ্বাস। তিনি পেশায় একজন চলচ্চিত্র পরিচালক। দীর্ঘদিন প্রেমের পর ২০০৩ সালে তারা বিয়ে করেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই ঘরে ঝিনুক নামে একটি ছেলেসন্তান আছে শ্রাবন্তীর। সে এখন মায়ের সঙ্গে থাকে।

ওই বছরই মডেল কৃষাণ বিরাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শ্রাবন্তী। এক বছরও টেকেনি এই সংসার। এর পর দুই বছর বিরতি নিয়ে ২০১৯ সালে রোশন সিংকে বিয়ে করেন তিনি। বিয়ের এক বছর না যেতেই আলাদা হয়ে যান তারা।

তেজগাঁওয়ে ভোরে ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা : রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

ভোরে তেজগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনাকে সুপরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নাশকতাকারীরা মানবসভ্যতার শত্রুপক্ষ, এরা মানবজাতিকেই অস্তিত্বহীন করতে চায়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে সংবাদ মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আজ ভোরে যারা রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়ে চারজন যাত্রীর প্রাণপ্রদীপ নিভিয়ে দিলো তারা নিঃসন্দেহে মানুষ নামের কলঙ্ক। মহল বিশেষের প্রশ্রয় ব্যতিরেকে এ ধরনের মানবতাবিরোধী কাজ করা সম্ভব নয়। মূলত চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে এটি কুটচাল কি না তা নিয়ে জনগণের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে।

এ ধরনের রোমহর্ষক ও পৈশাচিক কাজ কেবল অবৈধ ও গণবিরোধী শক্তির মদদেই হওয়া সম্ভব। আমি এই বর্বরোচিত ও হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি, ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।

আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে হতাহতের ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি। নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি।

ভোরে রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সারা দেশে ১৪৮ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪২২ টহল দল মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

সারা দেশে বিএনপিসহ সমমানা রাজনৈতিক দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুনসহ সারা দেশে ১৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে র‌্যাবের ৪২২টি টহল দল মোতায়েন রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় র‌্যাবের ১৩০টি টহল দল রয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহণে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহণকে টহল দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব।

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন।

ইমরান বলেন, প্রতীক বরাদ্দের পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট টহল, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারির পাশাপাশি মিথ্যা তথ্য বা গুজব প্রতিরোধে অনলাইনে নজরদারি পরিচালনা করছে র‌্যাব।

লোহিত সাগরে আরও ২টি জাহাজে ড্রোন হামলার দাবি হুথির

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের প্রতিবাদে আরও দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুথি। লোহিত সাগরে পণ্যবাহী ওই দুটি জাহাজকে লক্ষ্য করে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি ড্রোন হামলা চালায়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরে দুটি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে। এই গোষ্ঠী অবশ্য আগেই লোহিত সাগরে জাহাজের ওপর হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

সোমবার হুথির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া হামলার শিকার জাহাজগুলোকে এমএসসি ক্লারা এবং নরওয়েজিয়ান মালিকানাধীন সোয়ান আটলান্টিক হিসাবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, জাহাজ দুটির ক্রুরা তাদের কলে সাড়া দিতে ব্যর্থ হওয়ার পরে আক্রমণগুলো চালানো হয়।

সোয়ান আটলান্টিকের মালিক বলেছেন, জাহাজটিকে একটি অজ্ঞাত বস্তু দিয়ে হামলা করা হয়েছে তবে ক্রুদের কেউ আহত হয়নি। আর লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুসারে, হামলার শিকার অন্য জাহাজ এমএসসি ক্লারা পানামার পতাকাবাহী জাহাজ। জাহাজটিতে হামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে অসংখ্য জাহাজে হামলা চালিয়েছে। তারা বলেছে, গাজায় ইসরায়েলের সামরিক আক্রমণের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে লোহিত সাগরে হামলার লক্ষ্যবস্তু করছে তারা।

এছাড়া লোহিত সাগর দিয়ে ইসরায়েলি বন্দরগুলোতে যাওয়া এবং সেখানে কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে সমস্ত আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্কও করেছে গোষ্ঠীটি। এর আগে চলতি মাসেই ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের ইরান-সমর্থিত এই বিদ্রোহীরা।

টানা আড়াই মাস ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এবং তাদের এই বর্বর হামলার মধ্যেই ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটির একের পর এক হামলা আঞ্চলিক সংঘাতের ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে।

হুথিরা লোহিত সাগর এবং ওই সাগরের বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলি-সংযুক্ত বেশ কয়েকটি জাহাজ আক্রমণ চালানোর পাশাপাশি জব্দও করেছে। এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের বেশিরভাগ তেলবাহী জাহাজ যাতায়াত করে থাকে।

আর তাই এসব আক্রমণ লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য পথে তেল, শস্য এবং অন্যান্য পণ্যের পরিবহন নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এতে করে লোহিত সাগরের মধ্য দিয়ে পণ্যের বীমা এবং পরিবহনের খরচও বেড়ে গেছে।

আল জাজিরা বলছে, হুথিদের হামলার পর সোয়ান আটলান্টিকের সকল সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে। যদিও আক্রমণে জাহাজটির পানির ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মালিক সংস্থা ইনভেন্টর কেমিক্যাল ট্যাংকার্সের প্রধান নির্বাহী অয়েস্টেইন এলগান বলেছেন।

এলগান দাবি করেন, ইনভেন্টর কেমিক্যাল ট্যাংকার্সের সঙ্গে ইসরায়েলের কোনও সম্পর্ক নেই।

জাহাজের অপারেটর ইউনি-ট্যাংকার্স বলেছে, আক্রমণের ফলে জাহাজটিতে ছোট আগুন লেগে যায়। পরে ক্রুরা সেটি নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ভিজ্জ তেল বহনকারী জাহাজটি রিইউনিয়ন আইল্যান্ডের দিকে চলে যায়।

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন, নিহত ৪

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টায় ট্রেনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, মঙ্গলবার ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আমাদের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপণ করে। একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন যাত্রীদের বরাত দিয়ে জানান, ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকায় আসছিল। বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর যাত্রীরা পেছনের বগিতে আগুন দেখতে পান। এর পর চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।

মরদেহগুলোর মধ্যে একজন শিশু, একজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— নাদিরা আক্তার পপি (৩৫) এবং তার তিন বছরের শিশুসন্তান ইয়াসিন।

এর আগে গত ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের বনখড়িয়ার চিলাই ব্রিজসংলগ্ন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় এক যাত্রী নিহত এবং ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।

 

তিতাসে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাসে মোস্তফা কামাল(৪০) নামে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দূবৃত্তরা।

সোমবার(১৮ডিসেম্বর) সন্ধ্যায় পাশের নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। মোস্তফা কামাল ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবুল হাসেমের ছেলে এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহম্মেদ বলেন, রঘুনাথপুর গ্রামের মোস্তফা কামাল আমার ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, হত্যাকান্ডের ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

বাঁধন ভিক্টোরিয়া কলেজ শাখার নতুন নেতৃত্বে যারা

আল-আমিন কিবরিয়া:

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিটের ২০২৪ সালের কার্যকরী পরিষদের ঘোষণা করা হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এই কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হয় ২০১৭-১৮ বর্ষের মাহবুবুর রহমানকে। সভাপতি গাজী রাসেল হোসাইন, সহসভাপতি তাহমিনা আক্তার আদিবা, সহসভাপতিঃ জাহিদ হাসান সোহাগ, সাধারণ সম্পাদক ইমন হোসাইন, সহসাধারণ সম্পাদক মো. সৌরভ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান ফাহিম, সহসাংগঠনিক সম্পাদক কাজী মহিন উদ্দিন, কোষাধ্যক্ষ মাহমুদা খানম, দপ্তর সম্পাদক রায়হান মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর আহাম্মদ, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক সুপ্ত দত্ত। নির্বাহী সদস্য মো. সাগর, আশরাফুল ইসলাম সাফিন, অনন্যা রানী সাহা, একা রানী রায়, সাজন কুমার দাস।

বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিটের নতুন কমিটির সাধারণ সম্পাদক ইমন হোসাইন বলেন, আগের সব কমিটির মাধ্যমে ভিক্টোরিয়া কলেজের সম্মানকে অক্ষুণ্ণ রেখেছে। আমরাও চেষ্টা অব্যাহত রাখবো।

উল্লেখ্য, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন এ স্লাগানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। ২০০৬ সালের ১০জুন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ইউনিট হিসাবে কাজ শুরু করে। ১২টি জোনে দেশের ৫৩টি জেলায় ১৩৯টি ইউনিটের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদাতারা কাজ করে যাচ্ছেন।

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সকল বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ ডিসেম্বর) কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সকল বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

২০২০ সালে করোনা সংক্রমণের কারণে পরীক্ষার বিষয়, সময় ও নম্বর কমিয়ে আনা হয়।