All posts by jitu

আজকের এই দিনে কুমিল্লা মুক্ত হয়েছিল

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা (দক্ষিণ), ৮ ডিসেম্বর, ২০২২ (বাসস) : আজ ৮ ডিসেম্বর, ঐতিহাসিক কুমিল্লা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় কুমিল্লা।

১৯৭১ সালের এদিন বিকাল ৪ টায় কুমিল্লা টাউন হল মাঠে তৎকালীন পূর্বাঞ্চলের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান মরহুম জহুর আহমেদ চৌধুরী দলীয় পতাকা ও কুমিল্লার প্রথম প্রশাসক অ্যাডভোকেট মরহুম আহমদ আলী স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।

জানা যায়, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী কুমিল্লা বিমানবন্দরে পাক বাহিনীর ২২ বেলুচ রেজিমেন্টের প্রধান ঘাঁটিতে আক্রমণ শুরু করে। মিত্রবাহিনীর ১১ গুর্খা রেজিমেন্টের আর কে মজুমদারের নেতৃত্বে কুমিল্লা বিমানবন্দরের তিনদিক থেকে আক্রমণ চালানো হয়। সীমান্তবর্তী বিবির বাজার দিয়ে লে. দিদারুল আলমের নেতৃত্বে একটি দল এবং অপর দুটি দল গোমতী নদী অতিক্রম করে কুমিল্লা শহরের ভাটপাড়া দিয়ে এবং চৌদ্দগ্রামের বাঘেরচর দিয়ে এসে বিমানবন্দরের পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ করে। রাতভর পাকবাহিনীর সঙ্গে যুদ্ধে ২৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। কতিপয় পাকিস্তানি সেনা বিমানবন্দরের ঘাঁটি ত্যাগ করে শেষ রাতে কুমিল্লার বরুড়ার দিকে ও ময়নামতি সেনা ছাউনিতে ফিরে যায় এবং কয়েকজন আত্মসমর্পণ করে। একপর্যায়ে পাকসেনাদের বিমানবন্দরের প্রধান ঘাঁটি দখল করে মুক্তিসেনারা। এভাবেই একাত্তরের ৮ ডিসেম্বর ভোরে কুমিল্লা হানাদার মুক্ত হয়।

কুমিল্লা উনাইসারে শ্রমিক বহনকারী বাসে দুর্বৃত্তদের আগুন

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় জিহান ফুটওয়ার ইন্ডাস্ট্রির শ্রমিক পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে নগরীর উনাইসার এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।

বাসের চালক মো. আনিস জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের লেলিহান শিখায় তার ঘুম ভাঙে। তখন সে দ্রুত বাস থেকে বের হন এবং কয়েকজনকে দৌড়ে পালাতে দেখেন। বাসে অগ্নিসংযোগকারী দুর্বৃত্তরা মুখোশধারী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলেও ততক্ষণে বাসটি পুরোপুরি জ্বলে যায়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভুঁইয়া বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। নাশকতাকারীদের দমন করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীতে ক্রেনের আঘাতে লাইনচ্যুত ট্রেন, রেল চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ঘটে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আপাতত সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ভোট পর্যবেক্ষণ করতে চান ১৭৯ বিদেশি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ ভোট ১৭৯ জন বিদেশি পর্যবেক্ষক পর্যবেক্ষণ করতে চান বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) এ তথ্য জানান তিনি।

ইসি সচিব জাহাংগীর বলেন, নির্বাচন দেখেতে ১৩১ জন পর্যবেক্ষক হিসেবে আর সাংবাদিক হিসেবে ৪৮ জন আবেদন করেছেন। মোট আবেদন করেছেন ১৭৯ জন।

ইসির দেওয়ার সময় অনুযায়ী, বৃহস্পতিবার ছিল বিদেশি পর্যবেক্ষকদের আবেদন করার শেষ সময়। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তাদের অনুমোদন দেওয়ার কথা রয়েছে সংস্থাটির।

এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, আমাদের কাছে যেসব আবেদন এসেছে, এগুলো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। মন্ত্রণালয়ের মতামত এলে তা কমিশনের কাছে উত্থাপন করা হবে। এ ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে যাদের বিরুদ্ধে আপত্তি দেওয়া হবে, তাদের অনুমোদন দেওয়া হবে না। আর যাদের অনাপত্তি দেবে তারা ভোট দেখার অনুমোদন পেয়ে যাবেন।

জানা গেছে, বিদেশিদের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমোদন দেওয়া ছাড়াও ভোট দেখার জন্য ৩৪টি দেশের নির্বাচন কমিশন ও চারটি সংস্থার ১১৪ জনকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। এক্ষেত্রে তাদের স্থানীয় যাতায়াত ও থাকা-খাওয়ার সকল ব্যয় বহন করবে ভোট আয়োজনকারী সংস্থাটি।

আমন্ত্রিত দেশগুলো হলো, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, থাইল্যান্ড, আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিসিয়া, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, সৌদি আরব, চীন, জাপান ও সিঙ্গাপুর।

এছাড়া সার্ক এবং ওআইসি মহাসচিব, ফেম্বোসা এবং এ-ওয়েব চেয়ারপারসনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে শ্রীলঙ্কান নির্বাচন কমিশন ইতোমধ্যে আর্থিক সংকটের কারণে আসতে না পারার কথা জানিয়েছে।

রাজধানীর শাহবাগে বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর শাহবাগে আজিজ সুপারমার্কেটের সামনে তরঙ্গ প্লাস নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে তাদের কাছে খবর আসে আজিজ সুপারমার্কেটের সামনে তরঙ্গ প্লাস নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর পৌনে ২টার দিকে নেভায়।

নির্বাচনে প্রার্থীদের হলফনামায় নজর রাখছে দুদক: মাহবুব হোসেন

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামার দিকে নজর রাখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যাদের হলফনামায় অস্বাভাবিক সম্পদের তথ্য পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুদক সচিব বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুদক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শিল্পকলার জাতীয় নাট্যশালায় কমিশনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংসদ নির্বাচন: আরও ১৫৮ ইউএনওকে বদলির অনুমোদন

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরও ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২০৫ জন ইউএনওকে নির্বাচন কমিশনের অনুমতিস্বাপেক্ষে বদলি করল সরকার।

আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫৮ জন ইউএনওকে বদলির পৃথক দুটি প্রস্তাব পাঠালে তাতে সম্মতি দেয় ইসি। এর মধ্যে গতকাল বুধবার ১১০ জন ও আজ বৃহস্পতিবার ৪৮ জন ইউএনওকে বদলির তালিকা ইসিতে পাঠায় মন্ত্রণালয়।

এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ৪৭ জন ইউএনওকে বদলির অনুমোদন দেয় ইসি। এ নিয়ে এখন পর্যন্ত ২০৫ জন ইউএনওকে বদলি করা হয়েছে।

এদিকে আজ দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমোদন দিয়েছে ইসি। আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দেয় সংস্থাটি।

এর আগে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল ইসি। তার ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয় ইসিতে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর দেশের সব ইউএনও ও ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় ইসি। এজন্য কাদেরকে বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্য বলে সংস্থাটি। সেই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে প্রথম ধাপে ৪৭ জন ইউএনওকে বদলির অনুমোদন দেয় ইসি।

বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে বাধা নেই : ডিবি প্রধান

ডেস্ক রিপোর্ট:

অনুমতি না নিয়ে যদি বিভিন্ন মামলার আসামিরা মানববন্ধন করার চেষ্টা করেন, তাহলে তাদের গ্রেপ্তারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মেনে নির্বাচনে না এসে, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি দল। তারাই আবার পুলিশ হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামি।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকে আমরা নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করছি। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হয়ে বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন লাগানো, যানবাহন চলাচলে বাধা, পুলিশের ওপর হামলা, রাজারবাগ হাসপাতালের গাড়ি ভাঙচুর, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে; তারাই কিন্তু এখন আবার অবরোধ ডেকে নাশকতা করছে।

ডিবি প্রধান বলেন, একদিকে তারা নির্বাচনে আসে না। অন্যদিকে প্রতিদিনই ককটেল নিক্ষেপ করছে। গাড়িতে আগুন দিচ্ছে, মানুষের সম্পদ নষ্ট করছে। যারা নাশকতা মামলার আসামি, গাড়ি পোড়ানো মামলার আসামি, প্রধান বিচারপতির বাস ভবনে হামলা মামলার আসামি যাদের অনেককে আমরা ইতোমধ্যে গ্রেপ্তার করেছি। অনেকের নাম ফোন নম্বর পেয়েছি। তারা যেখানেই থাকুক তাদের গ্রেপ্তার করা হবে।

বিএনপি যদি অনুমতি না নিয়ে মানববন্ধন করার চেষ্টা করে, এ বিষয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে জোর করে ওই সব মামলার আসামিরা মানববন্ধন করতে চান তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর যে রুটিন কাজ সেটাই করবে। বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের কোনো বাধা নেই।

বিএনপি মানববন্ধনের জন্য নির্বাচন কমিশনের অনুমতি নিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, অনুমতি নিয়েছে কি-না বলতে পারছি না। তবে আমার মনে হয় নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মেনে তারা তো নির্বাচন করছে না; সে ক্ষেত্রে নির্বাচন কমিশনের তোয়াক্কা করবে কেন? তারা নির্বাচন করলে অনুমতি নিত। তারা নির্বাচন না করে নির্বাচনকে বানচাল করতে, বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাই আমরা মনে করি, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে মানুষের জানমালের ক্ষতি যেন কেউ না করতে পারে, অবাধ সুষ্ঠু নির্বাচনে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখা। পাশাপাশি আমাদের নিয়মিত কাজ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরওয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা। আমরা আমাদের কাজটাই করছি।

আইসিসির মাসসেরার দৌড়ে বাংলাদেশের নাহিদা-ফারজানা

স্পোর্টস ডেস্ক:

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; নভেম্বর মাসে বাংলাদেশের নারী ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। এরই সুফল হিসেবে আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ২ জন।

নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচনের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার নাহিদা আক্তার ও ফারজানা হক পিংকি। তাছাড়া বাকি একজন পাকিস্তানের সাদিয়া ইকবাল।

মূলত, নভেম্বরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই মনোনয়ন পেয়েছেন এই তিনজন। ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশ। ওয়ানডেতেও একই ব্যবধানে জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল।

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ১১৩ বলে ৬২ রান করেছেন পিংকি। তিন ওয়ানডেতে ৩৬.৬৭ গড় ও ৪৬.৬৩ স্ট্রাইক রেটে করেন ১১০ রান। যা নভেম্বর মাসে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান। একই সিরিজে ৭ উইকেট নিয়ে সিরিজসেরা হন নাহিদা। ওয়ানডেতে নভেম্বরে যা সর্বোচ্চ উইকেট। একই সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট পান পাকিস্তানের সাদিয়া। সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ ওভারে ১৩ রান খরচায় তুলে নেন বাংলাদেশের ৪ উইকেট।

এদিকে ছেলেদের ক্রিকেটে নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল এবং ভারতের মোহাম্মদ শামি। মূলত, বিশ্বকাপের পারফরম্যান্স দিয়েই মনোনয়ন পেয়েছেন তারা।

কারাগার থেকে মুক্তি পেলেন মুফতি আমির হামজা

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তার মুক্তির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

তিনি জানান, কারাগারে মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পৌঁছানোর পর যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

পরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। উল্লেখ্য, ২০২১ সালের ২৪ মে আমির হামজাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম।