All posts by jitu

বিএনপি মায়াকান্নায় বিদেশিদের করুণা ভিক্ষা করছে: ওবায়দুল কাদের

বিএনপি মায়াকান্নায় বিদেশিদের করুণা ভিক্ষা করছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

বিএনপি দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য মায়াকান্না করে বিদেশিদের কাছে করুণা ভিক্ষা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, গণতন্ত্র হত্যাকারী বিএনপির মুখে আজ সুষ্ঠু নির্বাচনের কথা, যা শুনে ঘোড়াও ডিম পাড়ে।

ওবায়দুল কাদের জানায়, বিএনপি বরাবরই হত্যা-ষড়যন্ত্র ও রক্তপাতের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছে। তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের দাবির অন্তরালে বিএনপি পুনরায় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের ষড়যন্ত্রের পাঁয়তারা চালাচ্ছে।

তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। জনগণের রায় ছাড়া আওয়ামী লীগ কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেনি। আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বদ্ধপরিকর। বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র ও রাজনীতির গতিপথ কোনো বিদেশি শক্তির ইচ্ছায় নির্ধারিত হবে না; একইভাবে দেশবিরোধী কোনো অপশক্তির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির হুমকির মুখে বিচ্যুতি হবে না।

ইসরাইলে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা, যোগাযোগ বিচ্ছিন্ন

ইসরাইলে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা, যোগাযোগ বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট:

হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরাইলে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। সেই দেশে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা চালানোর পর থেকেই অভিনেত্রীকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার টিম, পরিবার ও ভক্তরা।

জানা যায়, সেখানে আটকা পড়েছেন এই বলিউড অভিনেত্রী। অভিনেত্রীর টিমের সঙ্গে সর্বশেষ যোগাযোগে একটি বেসমেন্টে আশ্রয় নেওয়ার কথা জানিয়েছিলেন নুসরাত ভারুচা। কিন্তু তার পর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না তার সঙ্গে। খবর ইন্ডিয়া টুডের।

নুসরাত ভারুচার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নুসরাত দুর্ভাগ্যবশত ইসরাইলে আটকা পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। শেষবার আজ (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে যখন আমি তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, তখন তিনি একটি বেসমেন্টে নিরাপদে ছিলেন। নিরাপত্তার জন্য আর বিস্তারিত প্রকাশ করা যাবে না। তার পর থেকে আমরা সংযোগ করতে পারছিলাম না। তাকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আশা করি তিনি সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে আসবেন।’

গতকাল সকালে দক্ষিণ ইসরাইলের বিস্তীর্ণ এলাকায় হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রথম দফায় ৫ হাজার রকেট ছোড়া হয় বলে দাবি করে হামাস। ইসরাইলে ঢুকে পড়েন হামাসের বন্দুকধারীরা।

এদিকে হামাসের আকস্মিক হামলার পর ইসরাইল গাজা উপত্যকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। এ পর্যন্ত কমপক্ষে ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজারের বেশি গাজাবাসী। বড় যুদ্ধের জন্য প্রস্তুতি হিসেবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বিপুলসংখ্যক সৈন্য জড়ো করেছে। ইসরাইলি সেনাবাহিনী দীর্ঘ অবরুদ্ধ গাজার সাতটি ভিন্ন এলাকার বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে শহরের কেন্দ্রে চলে যাওয়া কিংবা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বলেছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হামাসের হামলায় এখন পর্যন্ত প্রায় ২৫০ জন ইসরাইলি নিহত হইছেন। অন্যদিকে ইসরাইলের পালটা হামলায় গাজায় ২৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আবারও বাংলাদেশের সিনেমায় গান গাইবেন অরিজিৎ সিং!

আবারও বাংলাদেশের সিনেমায় গান গাইবেন অরিজিৎ সিং!

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশেও দারুণ জনপ্রিয় বলিউডের সংগীতশিল্পী অরিজিৎ সিং। বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে বাংলাদেশের তরুণ নতুন এক পরিচালকের সিনেমায় গান গাইবেন এ জনপ্রিয় তারকা। বিভিন্ন সূত্রেও এমনটাই জানা যায়। সিনেমার নাম ‘তুই আমার পাখি, আমি তর পাখি’।

এ সিনেমার পরিচালক মো. জাকারিয়া মাসুদ জানান, সিনেমায় একটি সুন্দর গান থাকছে। যেটির জন্য আমার একমাত্র পছন্দের শিল্পী অরিজিৎ সিং। তাকে দিয়ে গানটি গাওয়াতে চাই। এ নিয়ে সঙ্গে কথাবার্তা হয়েছে। শিগগির তার সাথে ভারতে গিয়ে দেখা করে ফাইনাল করে আসব।

এর আগে বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় গান গেয়েছিলেন অরিজিৎ সিং ৷ গানের শিরোনাম ছিল ‘টুপ টাপ’। গানটি লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। আর সংগীত পরিচালনা করেছেন অরিন্দম ৷

মো. জাকারিয়া মাসুদের পরিচালনায় জেএম ফ্লিমসের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে একটি টাইটেল সংয়ের রেকডিং মধ্যে দিয়ে সিনেমার কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে, সিনেমায় ভারতীয় নায়ক-নায়িকারা অভিনয় করবেন। আগামী মাস থেকে শুরু হচ্ছে সিনেমার শুটিং। এর আগে গানগুলো রেকডিং শেষ করা হবে।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা জানান, মাটি ও মানুষের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করছি। এ সিনেমায় দেশের বাহিরে অনেক শিল্পী অভিনয় করবে।

২২ বছরের কারাদণ্ড পি কে হালদারের

২২ বছরের কারাদণ্ড পি কে হালদারের

ডেস্ক রিপোর্ট:

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারকে ২২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত আসামি অবন্তিকা, শঙ্খ, সুকুমার ও অনিন্দিতার উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এর আগে গত বুধবার (৪ অক্টোবর) একই আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজ দিন ধার্য করেন।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, পি কে হালদার নামে-বেনামে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ৬ হাজার ৭৯০ শতাংশ জমি কিনেছেন। এ সম্পদের বাজারমূল্য দেখানো হয়েছে ৩৯১ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ১২ টাকা। বর্তমানে এর বাজারমূল্য ৯৩৩ কোটি টাকা। এর মধ্যে নিজের নামে জমি কিনেছেন ৪ হাজার ১৭৪ শতাংশ। এর দাম দলিলে দেখানো হয়েছে ৬৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার ৯৩০ টাকা। অথচ এ সম্পদের বর্তমান মূল্য ২২৮ কোটি টাকা। এছাড়া রাজধানীর ধানমন্ডিতে পি কে হালদারের নামে দুটি ফ্ল্যাট রয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়, পি কে হালদার তার নিকটাত্মীয় পূর্ণিমা রানী হালদারের নামে উত্তরায় একটি ভবন করেছেন। যার দাম ১২ কোটি টাকা। পূর্ণিমার ভাই উত্তম কুমার মিস্ত্রির নামে তেজগাঁও, তেজতুরী বাজার ও গ্রিন রোডে ১০৯ শতাংশ জমি কেনেন। যার বাজারমূল্য ২০০ কোটি টাকা। নিজের কাগুজে কোম্পানি ক্লিউইস্টোন ফুডসের নামে কক্সবাজারে ২ একর জমির ওপর নির্মাণ করেন ৮তলা হোটেল (র‌্যাডিসন নামে পরিচিত)। যার আর্থিক মূল্য এখন ২৪০ কোটি টাকা। এছাড়া পি কে হালদারের খালাতো ভাই অমিতাভ অধিকারী ও অনঙ্গ মোহন রায়ের নামে ঢাকা ও নারায়ণগঞ্জে ৪০৪ শতাংশ জমি কিনেছেন তিনি, এর বর্তমান দাম ১৬৭ কোটি টাকা।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও কানাডিয়ান ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্যের বরাত দিয়ে দুদক প্রতিবেদনে উল্লেখ করা হয়, পি কে হালদার ২০১২ থেকে ২০২০ সালের মধ্যে ভাই প্রীতিশ হালদারের কাছে ১ কোটি ১৭ লাখ ১১ হাজার ১৬৪ কানাডীয় ডলার পাচার করেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮০ কোটি টাকারও বেশি।

এসব অনিয়মের অভিযোগে ২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে প্রায় ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাউদ্দিন। এরপর তদন্ত করে দুদক পিকে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

কাল মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে আ.লীগের বৈঠক

কাল মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে আ.লীগের বৈঠক

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হবে সোমবার। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় পৌঁছেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দলের ৭ সদস্য। শনিবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবেন তারা। ৭ সদস্যের প্রতিনিধিদল এবং তাদের সহায়তাকারীরা ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

এ প্রতিনিধিদলের কার্যক্রম সম্পর্কে মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার জানায়, দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে কথা বলবে।

সফর শেষে প্রতিনিধিদলটি বিবৃতি দেবে উল্লে­খ করে ব্রায়ান শিলার জানায়, ইতিবাচক প্রবণতা এবং উদ্বেগের বিষয়গুলো তুলে ধরা হবে। পাশাপাশি তারা কিছু সুপারিশ তুলে ধরবেন। সর্বোপরি বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাবে কিনা, তা নির্ধারণ করা হবে এ প্রতিনিধিদলের সুপারিশের মাধ্যমে।

এর আগে ২১ সেপ্টেম্বর মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার জানিয়েছিলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৭ থেকে ১৩ অক্টোবর বাংলাদেশ সফর করবে যুক্তরাষ্ট্রের ৬ সদস্যের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল। তবে আরও একজন বাড়িয়ে ৭ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় আসেন।

আজ থেকে ১৩ লাখ শিক্ষার্থী নিয়ে একাদশের ক্লাস শুরু

আজ থেকে ১৩ লাখ শিক্ষার্থী নিয়ে একাদশের ক্লাস শুরু

ডেস্ক রিপোর্ট:

অনলাইনে দেড় মাসের ভর্তি প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হচ্ছে রোববার নবীনদের বরণে কলেজগুলোতে আয়োজন করা হয়েছে ওরিয়েন্টেশন বা পরিচিতি অনুষ্ঠান। এর মধ্য দিয়ে কলেজে প্রাঙ্গণে পা পড়ছে ১৩ লাখ শিক্ষার্থীর।

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর বিভিন্ন কলেজে সকাল ১০টায় ওরিয়েন্টশনের আয়োজন করা হয়েছে। সেখানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেবে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে যাতে কোনো ধরনের র‌্যাগিং বা হয়রানির ঘটনা না ঘটে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ‘প্রতিবারই আমরা আয়োজন করে থাকি। এবারও আয়োজন রয়েছে। ওরিয়েন্টেশন হবে। ফুল দিয়ে বরণ হবে। যদিও অনেক শিক্ষার্থী আমাদের স্কুল থেকে এসএসসি পাস করেছে। তবুও নতুন আমেজে ওদের বরণ করে নিয়ে থাকি আমরা।’

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ জানান, ‘আমাদের এখানে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাদের ক্লাস শুরু হচ্ছে আজ। ঢাকা কলেজে আমরা তাদের স্বাগত জানাই। নতুনরা ক্যাম্পাসে এলে অনেকে না বুঝে র্যাগিং করে থাকে। সেটা যাতে না ঘটে সেদিকে নজর রয়েছে আমাদের।’

এদিকে, কলেজে পা রেখে উচ্ছ্বসিত মাধ্যমিকের গন্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। পছন্দের কলেজ পাওয়ায় খুশিতে আত্মহারা অনেকে। প্রথমদিনে কেউ কেউ সঙ্গে নিয়ে গেছেন বাবা-মাকেও।

বাবা-মায়ের সঙ্গে কলেজে এসেছেন ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে নাবিহা তাইয়েবা। সেই ছবি ফেসবুকে শেয়ার করে নাবিহা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। পছন্দের কলেজে ভর্তি হয়েছি। আব্বু-আম্মুর সাপোর্ট পেয়েছি সবসময়। তাদের সঙ্গে করেই প্রথমদিন কলেজে আসলাম। সবাই দোয়া করবেন।’

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন ১২ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী। তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয় গত ২৬ সেপ্টেম্বর। তাদের ৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়।

অন্যদিকে, তিন ধাপে আবেদন শেষেও ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো কলেজ পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৬৬২ জনও রয়েছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে রোববার (৮ অক্টোবর) থেকে অনলাইনে চতুর্থ ধাপে আবেদনের সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষাবোর্ডে পাস করেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। তাদের মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। ফল পুনঃনিরীক্ষণে দুই হাজারের বেশি শিক্ষার্থী পাস করেন।

আবারও পাঁচ কোটি ডিম আমদানির অনুমোদন

আবারও পাঁচ কোটি ডিম আমদানির অনুমোদন

ডেস্ক রিপোর্ট:

ডিমের বাজার স্থিতিশীল করতে আরও পাঁচ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালায়। পাঁচটি প্রতিষ্ঠানকে এসব ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে আপাতত পাঁচ কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। পাঁচ প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।

ডিম আমদানি করতে পাঁচটি শর্ত নির্ধারণ করে দিয়েছে সরকার। যেগুলো হলো, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত দেশ হতে ডিম আমদানি করতে হবে। আমদানিকৃত ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকারের মাধ্যমে নির্ধারিত কিংবা ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ দাখিল করতে হবে। সরকার নির্ধারিত শুল্ক বা কর পরিশোধ করতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। সরকারের অন্যান্য বিধিবিধান মেনে চলতে হবে।

দেশে প্রতিদিন চার কোটি ডিমের প্রয়োজন হয়। এর আগে গত ১৮ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়। পরে ২১ সেপ্টেম্বর আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

এবার লেবাননে হামলা শুরু করল ইসরায়েল

এবার লেবাননে হামলা শুরু করল ইসরায়েল

ডেস্ক রিপোর্ট:

‘ইসরায়েলের ভূখণ্ডে কয়েক মিনিট আগে গুলি চালানোর’ পরে লেবাননে আর্টিলারি হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ কথা বলেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ইসরায়েলের ভূখণ্ডে লেবানন থেকে কিছুক্ষণ আগে গুলি চালানোর পর থেকে তারা লেবাননে আর্টিলারি হামলা চালাচ্ছে।

গাজার সরকারি কর্মকর্তারা বলছে, গাজায় নিহত মানুষের সংখ্যা ২৩০–এরও বেশি।

আহত হয়েছেন আরো ১ হাজার জন। ইসরায়েলি সেনাবাহিনী অবরুদ্ধ গাজার সাতটি এলাকার বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে কয়েক ডজন পরিবার তাদের বাড়িঘর ছেড়ে জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিতে শুরু করেছে। এমন পরিস্থিতি বিশ্ব নেতারা সংযমের আহ্বান জানালেও, অনেক পর্যবেক্ষক ধারণা করছেন, গাজায় বড়সড় হামলার ঘটনা ঘটতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গাজাবাসী ইসরায়েলের বিমান হামলার বর্ণনা দিয়েছেন। তারা বলছেন, ইসরায়েল নির্বিচারে হামলা চালাচ্ছে।

আলজাজিরা বলছে, গাজার বাসিন্দারা অন্ধকার ও অনিশ্চয়তার মধ্যে রাত কাটিয়েছে। কারণ ইসরায়েল এই অঞ্চলে বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে।

এই অন্ধকারের মধ্যেই তীব্র বোমাবর্ষণ করেছে ইসরায়েল। গাজার একটি ১৪ তলা ভবনেও হামলা চালানো হয়েছে। এই ভবনটিতে হামাসের কার্যালয় রয়েছে।

এদিকে, হামাসের পলিটিকাল ব্যুরোর ডেপুটি চিফ সালেহ আল-আরোরি আলজাজিরাকে বলেছেন, হামাস ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক ইসরায়েলিকে বন্দী করে রেখেছে। ইসরায়েলি জেলে থাকা সমস্ত ফিলিস্তিনিকে মুক্ত করতে হামাসের কাছে পর্যাপ্ত ইসরায়েলি বন্দী রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে বিবিসি বলেছে, ‘উল্লেখযোগ্য সংখ্যক’ ইসরায়েলি বেসামরিক ও সৈন্যকে হামাসের হাতে জিম্মি রয়েছে।

জেরুজালেম পোস্টের সামরিক বিশ্লেষক ইয়োনাহ জেরেমি বব বলেছেন, এক বা দুই দিনের মধ্যে ইসরায়েলের বিশাল শক্তি দেখাবে। গাজায় হামাস বাহিনীকে পরাস্ত করতে সক্ষম হবে তারা।

সূত্র: বিবিসি, আলজাজিরা।

যেভাবে তিন দিক থেকে ইসরায়েলে হামলা চালালো হামাস

যেভাবে তিন দিক থেকে ইসরায়েলে হামলা চালালো হামাস

ডেস্ক রিপোর্ট:

আচমকা হামলা চালিয়ে ইসরায়েলকে পুরোপুরি চমকে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আকাশ, মাটি, পানি- তিন দিক থেকেই একযোগে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীটি। এতে এ পর্যন্ত ৩০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। জবাবে, গাজায় পাল্টা হামলা চালিয়ে প্রায় ২৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তবে ফিলিস্তিনের স্বাধীনতার লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস।

যেভাবে শুরু হলো ‘অপারেশন আল-আকসা ফ্লাড’

ভোর ৬টা ৩০ মিনিট: রকেট হামলা
স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়তে শুরু করে হামাস। এর ফলে তেল আবিবের মতো দূরবর্তী শহরগুলোতেও বেজে ওঠে সতর্কতা সাইরেন।

হামাস জানিয়েছে, প্রথম ধাপে তারা পাঁচ হাজার রকেট ছুড়েছে। ইসরায়েলি বাহিনী অবশ্য দাবি করেছে, ২ হাজার ৫০০ রকেট ছুড়েছে হামাস।

হামাসের রকেট হামলা শুরুর সঙ্গে সঙ্গে ইসরায়েলিরা বড় বড় ভবনগুলোর আড়ালে আশ্রয় নেয়। রকেটের আঘাতে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ বলেন, অপারেশন আল-আকসা ফ্লাডের শুরুতে শত্রুদের অবস্থান, বিমানবন্দর এবং সামরিক দুর্গগুলোকে লক্ষ্য করে পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র ও গোলা ছোড়া হয়েছে।

সকালে ৭টা ৪০: অনুপ্রবেশ
ভোরের রকেট হামলা ছিল মূলত ইসরায়েলি বাহিনীর চোখে ধুলো দেওয়ার চেষ্টা। এর আড়ালেই নজিরবিহীনভাবে বিপুল সংখ্যক সশস্ত্র হামাস যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভেতরে প্রবেশ করে।

বেশিরভাগ যোদ্ধা গাজা ও ইসরায়েলকে বিচ্ছিন্নকারী নিরাপত্তা বেড়া ছিন্ন করে প্রবেশ করে। তবে অন্তত একজন হামাস যোদ্ধাকে প্যারাসুটের সাহায্যে উড়তে দেখা গেছে। এছাড়া, যোদ্ধাদের বহনকারী একটি মোটরবোটকে ইসরায়েলের উপকূলীয় শহর জিকিমের দিকে যেতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, একটি ধাতব ব্যারিয়ারের ছিদ্র দিয়ে অন্তত ছয়টি মোটরসাইকেল নিয়ে ইসরায়েলে প্রবেশ করছেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইসরায়েলিদের বসানো সীমান্তবেড়ার একটি অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

সকাল ৯টা ৪৫: ইসরায়েলি হামলা
স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে গাজা উপত্যকায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর কয়েক মিনিট পরেই ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গাজায় বিমান হামলা চালানো হয়েছে।

সকাল ১০টা: ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা
সকাল ১০টায় ইসরায়েলের অন্তত তিনটি সামরিক স্থাপনায় প্রবেশ করেন ফিলিস্তিনি যোদ্ধারা। সেগুলো হলো বেইত হ্যানউন সীমান্ত ক্রসিং, জিকিম ঘাঁটি এবং গাজা বিভাগের সদর দপ্তর রেইম।

হামাসের শেয়ার করা ভিডিওতে যোদ্ধাদের একটি জ্বলন্ত বিল্ডিংয়ের দিকে দৌড়াতে দেখা গেছে।

এরপরে বেশ কিছু ইসরায়েলি সামরিক যান গাজায় নিয়ে যাওয়া এবং সেখানে প্যারেড করাতে দেখা যায় হামাস যোদ্ধাদের।

সীমান্ত শহরে হানা
ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি শহর সেডেরট, বেইরি এবং ওফাকিম শহরে হামলা চালিয়েছে বলে জানায় ইসরায়েলি মিডিয়া।

এসময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয় খোঁজার পরামর্শ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী।

তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত হামাস যোদ্ধারা ঢুকে পড়া এলাকাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয় ইসরায়েল।

অপহরণ ও জিম্মি
ইসরায়েলি মিডিয়ার খবর অনুসারে, ওফাকিমে বন্দুকধারীরা বেশ কিছু ইসরায়েলিকে জিম্মি করে। ফিলিস্তিনি ইসলামী জিহাদের দাবি, তারা ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বন্দি করেছে।

এছাড়া হামাসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে প্রকাশিত ফুটেজে দেখানো হয়েছে, ইসরায়েলি বন্দিদের গাজায় নিয়ে যাওয়া হচ্ছে।

রাতভর লড়াই
শনিবার রাতভর গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তেমনি হামাসও ইসরায়েলের দক্ষিণ অংশে রকেট হামলা চালিয়েছে।

গাজা উপত্যকার কাছে অন্তত ২২টি স্থানে হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলিদের লড়াইয়ের খবর পাওয়া গেছে।

হতাহতের সংখ্যা
রোববার সকাল পর্যন্ত হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ৩০০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। আহত হয়েছেন অন্তত ১ হাজার ৫৯০ জন। এদের মধ্যে ৩০০ জনের অবস্থা গুরুতর।

আর গাজায় ইসরায়েলিদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৩২ ফিলিস্তিনি। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৭ জনে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র: আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে বেশি আতঙ্কে প্রধানমন্ত্রী: ফখরুল

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে বেশি আতঙ্কে প্রধানমন্ত্রী: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে সরকারের আশীর্বাদপুষ্ট ব্যবসায়ীরা আতঙ্কে। সবচেয়ে বেশি আতঙ্ক শেখ হাসিনার চোখেমুখে। উন্মাদ হয়ে গেছেন তারা। এরা এখন লুটের টাকা কীভাবে রক্ষা করবে তা নিয়ে চিন্তায় আছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, কেউ নাকি বলেনি তত্ত্বাবধায়ক সরকারের কথা। এটা বলতে হবে কেন? সবার ভূমিকা দেখে বোঝেন না। কি বলছে সবাই। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষাব্যবস্থার খারাপ অবস্থার কথা উল্লেখ করে ফখরুল বলেন, শিক্ষাকে বাঁচাতে সরকারের পরিবর্তন করতে হবে। টাকা ও দলীয় বিবেচনা ছাড়া শিক্ষক নিয়োগ হয় না। এ খাত পঙ্গু করে দেশকে নতজানু করে রাখতে চায়। পাঠ্যক্রমে শিক্ষা নেই।

শিক্ষামন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, তার লোকজন নানা অপকর্মে জড়িত। তার অনুসারীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুট করছে। শিক্ষিকা এবং ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করছে। এমনকি এ মন্ত্রীর লোকজন আজ বালু খেয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে।

ফখরুল বলেন, অনেক অন্যায় করেছেন। অনেক হত্যা, নির্যাতন চালিয়েছেন। দেশের অর্থনীতিকে ফোকলা বানিয়ে ফেলেছেন। কেড়ে নিয়েছেন মানুষের সব অধিকার। তাই দেশ রক্ষায় এ সরকারকে সরাতে হবে। সরকারকে সরাতে যা যা করার সবই করতে হবে। বিদায় হতেই হবে। জবাবদিহি করতেই হবে।

তিনি বলেন, বেগম জিয়াকে উন্নত চিকিৎসা পর্যন্ত করতে দিচ্ছে না। গণমাধ্যমকে তাদের কথা অনুযায়ী চলতে হয়। অদৃশ্য শক্তি সরকারকে টিকিয়ে রাখতে পারে না।

খালেদা জিয়ার বয়স নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, একজন প্রধানমন্ত্রীর ভাষা এত নিকৃষ্ট হতে পারে? একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে অযাচিত মন্তব্য করতে আপনার মুখে বাধে না? আসলে এ দলের মধ্যে কোনো শিষ্টাচার নেই। এরা কাউকে সম্মান দিতে জানে না।

আজ সারাদেশে আওয়াজ ওঠেছে, এ সরকারকে বিদায় করো। তাদের রাজনৈতিক সময় শেষ হয়ে গেছে। এখনো সময় আছে মানে মানে কেটে পড়ো। মানুষ ও দেশকে রেহাই দাও।

শিক্ষক সমাবেশে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, যে যাই বলুক বিএনপি তার মতো করেই অহিংস আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করবে। সরকারের ফাঁদে তারা এখন পর্যন্ত পা দেয়নি। সামনেও দেবে না।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস-চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ।