All posts by jitu

নোয়াখালীতে সবজির বাজার লাগামহীন

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে মাছ-মাংশে হাত দিতে পারেন না অনেক সাধারণ ক্রেতা। সবজির বাজারও চলে যাচ্ছে ক্রেতাদের নাগালের বাইরে। নোয়াখালীর বাজার গুলোতে ৯০ টাকার নিচে কোনো সবজি নেই। ব্যতিক্রম পেঁপে ও মিষ্টি কুমড়া। বরবটি, টমেটোর দাম এখন ১০০ টাকা। এছাড়া সেঞ্চুরি করে প্রতি কেজি গাজর এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, বেগুন বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নোয়াখালী জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এসব চিত্র।

মঙ্গলবারের বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৯০ টাকায়, যার মধ্যে লম্বাকৃতির বেগুন প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা। করলা বিক্রি হচ্ছে ৯০ টাকায়, পটল প্রতি কেজি ৭০ টাকায়, ঢেঁড়স প্রতি কেজি ৭০ টাকায় এবং ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস জালি কুমড়া বিক্রি হচ্ছে ৭০ টাকায়, লাউ প্রতি পিস ৮০ থেকে ১০০ টাকায়।

বাজারে সবজির মধ্যে সবচেয়ে কম দাম বলতে পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। কাঁচা কলা প্রতি হালি ৬০ থেকে ৭০ টাকায়, মূলা প্রতি কেজি ৭০ টাকা, ধুন্দল প্রতি কেজি ৮০ টাকা, কচুর মুখি প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৯০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, গাজর প্রতি কেজি ১২০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৭০ টাকা আর কাঁচা মরিচ প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আগের আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকা। অন্যদিকে, দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায় আর আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এছাড়া ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।

নোয়াখালীতে ‘মুজিব-একটি জাতির রূপকার’ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

নোয়াখালী প্রতিনিধি:

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় এবং ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল পরিচাললিত জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত অনন্য চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির প্রদর্শন চলছে নোয়াখালীতে। জেলা শহর মাইজদীর ‘রৌশন বাণী’ সিনেমা হলে ১৩ অক্টোবর থেকে চলচ্চিত্রটি প্রদর্শন শুরু হয়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ‘রৌশন বাণী’ সিনেমা হলের শো-তে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটি দেখেন ছবিটির কাস্টিং ও সহকারী পরিচালক বাহার উদ্দিন খেলন। তিনি মুক্তিযুদ্ধের অত্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের ছেলে এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, মিজানুর রহমান শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ দর্শক সিনেমাটি উপভোগ করেন।

‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অনুভূতি প্রকাশকালে ছবিটির কাস্টিং ও সহকারী পরিচালক বাহার উদ্দিন খেলন এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, বঙ্গবন্ধুর কত ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটি এই চলচ্চিত্রে নির্মোহভাবে তুলে ধরা হয়েছে। ইতিহাসের সত্য ঘটনা এই চলচ্চিত্রে ফুটে উঠেছে। নতুন প্রজন্মের সবার এই চলচ্চিত্রটি দেখা উচিত মনে করেন তারা।

নোয়াখালীতে প্রদর্শনির শুরু থেকে প্রতিটি শো’তে দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেছে। হল কর্তৃপক্ষ জানায় প্রতিদিন চারটি শো’তে প্রদর্শন করা হচ্ছে। বহু বছর পর সিনেমা হলে এমন উপচে পড়া ভিড় দেখা গেছে।

নোয়াখালীতে ১৭৯ প্রতিমা বিসর্জন

নোয়াখালী প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজার পাঁচ দিনব্যাপী উৎসবের শেষ দিন বিজয়া দশমীতে নোয়াখালীতে ১৭৯টি প্রতিমা বিসর্জন দিয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। এতে শান্তিপূর্ণভাবে শেষ হলো তাদের প্রধান ধর্মীয় এই উৎসব।

২০২১ সালে নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় এবার পূজা উদ্যাপনে শঙ্কার মধ্যে ছিল হিন্দু ধর্মাবলম্বীরা। জেলায় সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই জন্য এবারের শারদীয় দূর্গা পূজায় হিন্দু সম্পদ্রায়ের লোকজনের পাশে সতর্ক অবস্থানে ছিল স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

নোয়াখালী জেলায় এবার হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় ১৭৯টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গাপূজা। এছাড়া ঘটপূজা অনুষ্ঠিত হয় ৬টি। এই পূজায় সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। পূজার শুরু থেকে গতকাল মঙ্গলবার শেষ দিন পর্যন্ত জেলার সদর ও সুবর্ণচর উপজেলায় পূজা মন্ডপগুলো পরিদর্শন, মন্ডপ পাহারা, মন্ডপে আর্থিক অনুদান ও শুভেচ্ছা উপহার প্রদানসহ সার্বিক সহযোগিতা করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। জেলার চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান ও শুভেচ্ছা উপহার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হিন্দু সম্প্রদায়ের কাছে নৌকায় ভোট চান।

এছাড়া চাটখিল-সোনাইমুড়ী উপজেলায় পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক সহযোগিতা করেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক।

দুপুরে জেলার বেগমগঞ্জ উপজেলার আনন্দময় মন্ডপের প্রতিমা বিসর্জন দিয়ে পূজারীরা বলেন, আমরা ২০২১ সালের ঘটনায় এবারের পূজা উদযপিনের পূর্বে অনেকটা শঙ্কিত ছিলাম। কিন্তু প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদেরকে সাহস যুগিয়ে আমাদের মন্ডপ পাহারা দিয়ে শান্তিপূর্ণ পূজা উদযাপনে সহযোগিতা করেছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা শেষ করতে আমাদেরকে সহযোগিতা করায় সরকার, প্রশাসন ও আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আনন্দময় পূজা উদ্যাপন কমিটির সভাপতি নারায়ণ দেব নাথ বলেন, প্রধানমন্ত্রী সুখি-সমৃদ্ধ এবং অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবার প্রশাসনের প্রত্যেক স্তরে কঠোর নিরাপত্তা এবং জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীকে আমাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। ঊনার নির্দেশনায় আমরা শান্তিপূর্ণ পরিবেশে পূজা শেষ করতে পেরেছি। তাই আমরা প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, অতীতের বদনাম গোছাতে এবার জেলার প্রত্যেকটি পূজা মন্ডপে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে কমিটি করে দেওয়া হয়েছে। আইন-শৃৃঙ্খলা বাজিহনীর সদস্যদের সঙ্গে তারা মন্ডপগুলো পাহারা দিয়েছে। এতে জেলায় কোন ধরনের বিশৃঙ্খলা হয়নি। আমরা আশা করছি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই সম্প্রীতি বজায় থাকবে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবর রহমান বলেন, জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ করতে আমাদের ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসনের সদস্যরা আন্তরিকভাবে কাজ করেছে। এতে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শারদীয় উৎসব শেষ হয়েছে।

২০২১ সালে নোয়াখালীর বেগমগঞ্জে মন্দির ও পূজা মন্ডপে হামলা, লুটপাট এবং ২ জন নিহতের ঘটনা ঘটেছে। সেই শঙ্কার মধ্যদিয়ে এবার পূজা শুরু হলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণ উৎসব করতে পেরে খুশি হিন্দু ধর্মাবলম্বীরা। এবারের মতো এমন সম্প্রীতি বজায় থাকবে আগামীর বাংলাদেশে এমনটাই প্রত্যাশা সবার।

মার্কিন তরুণী প্রেমের টানে ঈশ্বরদীতে

ডেস্ক রিপোর্ট:

প্রেমের টানে বিদেশি প্রেমিক বা প্রেমিকার দেশে আসার খবর নতুন নয়। এবার প্রেমের টানে আমেরিকা থেকে এক তরুণী পাবনার ঈশ্বরদীতে এসেছেন। ওই তরুণীর নাম হারলি এবেগেল আইরিন ডেভিডসন (২০)। তিনি আমেরিকার কেন্টাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা।

গত ২১ অক্টোবর বাংলাদেশে এসে পাবনার ঈশ্বরদীর বাসিন্দা আসাদুজ্জামান রিজুর (২৭) সঙ্গে ঘর বেঁধেছেন। নবদম্পতিকে একনজর দেখতে বাড়িতে ভিড় করছেন এলাকার মানুষ।

আসাদুজ্জামান রিজু ঈশ্বরদী শহরের পিয়ারাখালী গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন। বিয়ের পর ঈশ্বরদী শহরের পিয়ারাখালি এলাকায় বাসাভাড়া নিয়ে নতুন সংসার শুরু করেছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, বছরখানেক আগে থেকেই ফেসবুকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তারা দুজন বিয়ে করার কথা ভাবেন। পরে আমেরিকা থেকে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন ডেভিডসন। গত শনিবার (২১ অক্টোবর) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে পরদিন রোববার (২২ অক্টোবর) সকালে পারিবারিকভাবে ঢাকায় বিয়ে করেন তারা। ইসলাম ধর্মের রীতি মেনে আসাদুজ্জামান রিজুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের আগেই ডেভিডসন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর বিকালে ঈশ্বরদীর বাড়িতে আসেন।

প্রেমিক আসাদুজ্জামান রিজু জানায়, গত বছরের মাঝামাঝি সময়ে ফেসবুকে তাদের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। পরে আমেরিকা থেকে বাংলাদেশে আসেন ডেভিডসন।

তিনি আরও বলেন, আমরা উভয়ে ভালোবেসে বিয়ে করে সুখের সঙ্গে বসবাস করছি। আমার বাসায় প্রতিদিন অনেক লোকজন আসছেন তাকে দেখতে। আমাদের সঙ্গে সেলফি তুলে তাদের শখ পূরণ করছেন। আমরা সারাজীবন একসঙ্গে থাকতে চাই। আমাদের বাসার পরিধি ছোট হওয়ার কারণে নতুন বাসা ভাড়া নিতে হয়েছে। বাড়ির পাশেই মনিরুল ইসলামের বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছি। এখন বাসায় প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা ও গোছগাছ করতে সময় কাটছে।

প্রেমিকা হারলি এবেগেল আইরিন ডেভিডসন তেমন বাংলা না জানলেও ভাঙা ভাঙা বাংলায় বলেন, আমি এখানে এসে ভালো আছি, আমার ভালো লাগছে।

চিকিৎসক জহিরুল হকের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

চিকিৎসক ডা. জহিরুল হকের হত্যার ইন্ধনদাতা  সিলভার ডেভেলপমেন্টের চেয়ারম্যান ফারুক আহমেদ ও সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া ওরফে পাপ্পুসহ সকল আসামিদের  গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের  টাউন হল গেইটের সামনে  রেসকোর্স এলাকার সিলভার শাপলা টাওয়ার এর সদস্যগণ ও দূর্গাপুর এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে সিলভার শাপলা টাওয়ার এর সভাপতি মোঃ সেলিম উল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক জাকির হোসেন কাজলসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সকালে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জহিরুল হক মৃত্যুবরণ করেন। এর আগে গত ২২ অক্টোবর দুপুরে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় শাপলা টাওয়ারের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ডা. জহিরুলকে ছুরিকাঘাত করা হয়। আহত জহিরুলকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়, তবে কুমেকে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আটক পাপ্পুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডা. জহিরুল  হকের স্ত্রী ফারহানা আফরিন হিমি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। আসামিরা হলেন সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া ওরফে পাপ্পু ও তার স্ত্রী সুমী, ছেলে আরহাম ও আহনাফ এবং সিলভার ডেভেলপমেন্টের চেয়ারম্যান ফারুক আহমেদ।

বুড়িচংয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মুহুরীর ইন্তেকাল

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর (উদারগাজী বাড়ি) মৃত মৌলভী আব্দুল গনির বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মুহুরী (৭৫) ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।২৪ অক্টোবর সোমবার সকাল ৯:২০ মিনিটে সাদকপুর তার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মুহুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার, সহকারী কমিশনার ভূমি ছামিউল ইসলাম, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহেরসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ । তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তারা বলেন, আব্দুর রউফ মুহুরী তার কর্ম ও কাজের মাধ্যমে মানুষের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

আব্দুর রউফ মুহুরীকে রাষ্ট্রীয় মর্যাদাসহ বাদ আসর সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয় ।

নোয়াখালীতে ২২টি পূজা মন্ডপে নগদ অর্থ-উপহার সামগ্রী বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:

শারদীয় দূর্গা পূজাকে আরও উৎসবমুখর করতে নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার পূজা মন্ডপে নগদ টাকা এবং গরীব অসহাদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী-১ আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম।

গত শনিবার (২১ অক্টোবর) থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চার দিন ব্যাপী শারদীয় দূর্গা মন্ডপ পরিদর্শন, মতবিনিময় ও গরীব অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

সোনাইমুড়ী উপজেলার জয়াগ, নদনা, আমিশাপাড়া, সোনাপুর ও সোনাইমুড়ী পৌরসভার ১০টি পূজা মন্ডপ এবং চাটখিল উপজেলার বদলকোট, সাহাপুর, রামনারায়নপুর, খিলপাড়া, চাটখিল পৌরসভার ১২টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি সোনাইমুড়ী-চাটখিল উপজেলার ২২টি পূজা মন্ডপে নগদ ১০ লক্ষ টাকা এবং আড়াই হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ সোনাইমুড়ী শাখার সভাপতি মানিক লাল ভৌমিক, সাধারণ সম্পাদক দীপংকর চক্রবর্তী, উপজেলা হিন্দু- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রতিক বন্ধু দেবনাথ, সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আবু ছায়েম প্রমূখ।

চৌদ্দগ্রাম সমাচার এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রাচীন পাক্ষিক পত্রিকা ‘চৌদ্দগ্রাম সমাচার’ এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় চৌদ্দগ্রাম বাজারস্থ হোটেল ভোজন বিলাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাক্ষিক সমাচার পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী মোহাম্মদ নাহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জগন্নাথদীঘি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা, জাতীয় পার্টির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কবির আহম্মদ মজুমদার, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন।

চৌদ্দগ্রাম সমাচার এর বার্তা সম্পাদক কাজী মোহাম্মদ শহীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম সমাচার এর নির্বাহী সম্পদক ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজন।

সাপ্তাহিক ‘চৌদ্দগ্রামের আলো’ পত্রিকার নির্বাহী সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আক্তারুজ্জামান মজুমদার, সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, ‘সাপ্তাহিক চৌদ্দগ্রাম’ এর নির্বাহী সম্পাদক এমদাদ উল্যাহ, ‘আলোকিত চৌদ্দগ্রাম’ এর বার্তা সম্পাদক মো: বেলাল হোসাইন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়েদুল হক পাটোয়ারী, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, সাংবাদিক কাজী সেলিম, শাহিন আলম, আব্দুর বর লাভলু, আব্দুর রউফ, ইউসুফ মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

ঘূর্ণিঝড় হামুন: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি:

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সাগর উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে।

গতকাল সোমবার (২৩ অক্টোবর) দুপুর থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

জেলা আবহাওয়া অধিদপ্তরের সহকারী পর্যবেক্ষক আজরুল ইসলাম বলেন, হামুনের প্রভাবে উপকূলীয় এলাকায় ৭ নম্বর সতর্ক সংকেত চলছে। হাতিয়াসহ উপকূলীয় এলাকায় গতকাল সোমবার ভোর রাতের দিকে ৩৭ মিলিমিটার এবং আজ ৫মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় । পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ৪৮ ঘন্টা সময় লাগতে পারে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী বলেন, ঘূর্ণিঝড় হামুনের কারণে উপকূলীয় এলাকায় ৭নম্বর সংকেত চলছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় গতকাল সোমবার দুপুর থেকে থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বড় সব ধরনের যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া মাছ ধরার নৌকাগুলোকে সতর্কতার সঙ্গে তীরবর্তী এলাকায় থাকতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, এখনো উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়নি এবং প্লাবিত হওয়ার কোনো সংবাদ আমরা পাইনি। দুপুর ১টার দিকে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি মিটিং ডেকেছি। ইতিমধ্যে বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য। আমাদের ২৪২টি আশ্রয়কেন্দ্র ও ২৫টি মুজিব কিল্লা প্রস্তত রয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৩ চিকিৎসক

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৩ চিকিৎসক

ডেস্ক রিপোর্ট:

প্রায় ৭৮ দিনের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার চিকিৎসার বিষয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার বিষয়ে একাধিকবার সুপারিশ করলেও ‘আইনি জটিলতায়’ তা সম্ভব হচ্ছে না। তবে এবার খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আসছে ঢাকায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে তিনজন চিকিৎসক আসবেন। তবে, এই নিয়ে সরকার ও বিএনপির কেউ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম জানান, ‘এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না। আগামীকাল অফিসে গিয়ে দেখে বলতে হবে।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য