All posts by jitu

বাখরাবাদ গ্যাস ফিল্ডে ৪০ বছরেও নিমার্ণ হয়নি বর্জ্য পরিশোধনাগার, হুমকিতে জীববৈচিত্র্য

মুরাদনগর সংবাদদাতা :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৯৮৪ সালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী (বিজিডিসিএল)’র গ্যাস কূপ থেকে অনুষ্ঠানিক ভাবে গ্যাস উত্তোলন শুরু করা হয়। ৪০টি বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বর্জ্য পরিশোধনাগার নির্মাণ না হওয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এতে করে এ ফিল্ড থেকে উত্তেলনকৃত ডিজেল ও পেট্রোলের বর্জ্য ফেলা হচ্ছে ফিল্ডের বাহিরের একটি পুকুরে। বছরের পর বছর এ পুকুরে বর্জ্য ফেলায় জনস্বাস্থ্য ও কৃষি জমি ভয়াবহ দূষণের শিকার হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

বর্ষা মৌসুমে পুকুরে ফেলা বর্জ্য এলাকার খাল ও বিভিন্ন পুকুরে মিলিত হচ্ছে। আর দুর্গন্ধযুক্ত খালের কালচে পানি কৃষিকাজে ব্যবহার করায় নষ্ট হচ্ছে ফসল। মারাত্মক দূষণের কারণে এলাকার পুকুর-জলাশয়ের মাছ মরে যাচ্ছে। আর খালের পানিতে মেশা বর্জ্যের দুর্গন্ধে এলাকার মানুষের প্রাণ ওষ্ঠাগত। গ্যাস ফিল্ডে বর্জ্য শোধনাগার না থাকায় মারাত্মক বিপর্যয়ের মুখেও পড়েছে এই এলাকার জীববৈচিত্র্য।

পরিবেশ অধিদপ্তর আইন বলাহয়েছে, প্রতিটি কলকারখানার কেমিক্যালযুক্ত এই বর্জ্য-পানি পরিশোধন করতে হবে এবং পরিশোধনকৃত পানি আবার কাজে লাগাতে হবে। এজন্য ব্যবহার করতে হবে তরল পানি বর্জ্য শোধনাগার বা এ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি)। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীতে এই ইটিপি প্ল্যান্ট না থাকার কারনে বছরের পর বছর দূষিত হচ্ছে পরিবেশ। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী সূত্রে জানা যায়, তিতাস ও হবিগঞ্জের মতো ১৯৬৯ সালে পাকিস্তান শেল অয়েল কোম্পানি লিমিটেড বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করে। ১৯৮৪ সালে বাখরাবাদ গ্যাসক্ষেত্র হতে গ্যাস উত্তোলন শুরু হয়। পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, বাখরাবাদ ফিল্ডের মোট উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ১,৩৮৭ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। গ্যাসের উপজাত হিসেবে দৈনিক প্রায় ৩৬.৮৩ ব্যারেল কনডেনসেট (জ্বালানী তেলের) উপাধান উৎপাদিত হয়। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এ গ্যাস ক্ষেত্রে কনডেনসেট ও গ্যাসের গড় অনুপাত এবং পানি ও গ্যাসের গড় অনুপাত যথাক্রমে ১.১৫৫ ব্যারেল মিলিয়ন ঘনফুট এবং ৯.৯২৫ ব্যারেল মিলিয়ন ঘনফুট ছিল। এখানকার কন্ডেনসেট (তেলের উপাধান) প্রক্রিয়াজাত করে পেট্রোল ও ডিজেল তৈরি করা হয়। যা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বাজারজাত করে থাকে।

বাখরাবাদ গ্রামের বাসিন্দা মো: খোকন বলেন, গ্যাস ফিল্ডের পশে আমার বাড়ি। বাখরাবাদ ফিল্ডের পশের একটি পুকুরে পানি বর্জ্য ফেলার কারনে পরিবেশের ক্ষতি হচ্ছে। ওই বর্জ্যরে পুকুরের পানির দূর্গন্ধে আশপাশের মানুষ অতিষ্ট। এখানে যে পুকুরটিতে পানি বর্জ্য ফেলা হয় সে পানির দুর্গন্ধে আশপাশে পশুপাখি যেতে পারে না। বর্ষার মৌসুমে এ বর্জ্য পানি আশপাশের পুকুরের পানিতে মিশ্রিত হয়ে স্থানীয়দের স্বাস্থ্যেও জন্য হুমকি হয়ে দাড়িয়েছে।

ছয়ফুল্লাহকান্দি গ্রামের মো: সোহাগ বলেন, গ্যাসফিল্ডের কর্মরত কর্মকর্তারা আমাদের মানুষ মনে করে না। কয়েকমাস পরপর এ গ্যাসফিল্ডের ওভার গ্যাস শূন্যে পুড়িয়ে ফেলা হয়। ওই সময় বিকট শব্দ হয় । কয়েকঘন্টা যাবত এ কার্যক্রম চলে যার কারনে শিশুরা আতঙ্কে থাকে। এবং খোলা পুকুরে বর্জ্য পানি ফেলার কারনে পরিবেশের ক্ষতি হচ্ছে। এখানে থাকা বর্জ্যরে দুর্গন্ধে স্থানীয়রা নানা সমস্যায় ভোগে। পানি বর্জ্য পরিশোধনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানাই।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর উপ-মহাব্যবস্থাপক মো: জিয়াউল কবীর বলেন, আমাদের ফিল্ডের বর্জ্য পরিশোধন হয়ে পুকুরে যায়। যে পুকুরটিতে বর্জ্য ফেলা হয় সেটি আমাদের নিজস্ব পুকুর। ওই পুকুরটির চারপাশে আমরা আরসিসি পেলা সাডিং ওয়াল নির্মাণ করা আছে। যার কারনে পুকুরের বর্জ্য অন্য কোনো পুকুরে যাওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া আমরা ইটিপি প্ল্যান্ট স্থাপনের জন্য উদ্যোগ নিয়েছি। শিগ্রই টেন্ডারের মাধ্যমে ইটিপি প্ল্যান্ট স্থাপন করা হবে।

পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক বলেন মোছাব্বের হোসেন মো: রাজিব বলেন, পুকুরে পানি বর্জ্য ফেলার বিষয়টি আমার জানা নাই। এ বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পূজা উপলক্ষে প্রজ্ঞা চ্যারিটেবল ট্রাষ্ট থেকে শাড়ি ও শিক্ষার্থীদের অর্থ প্রদান

 

সুমন আহমেদ :
কুমিল্লায় প্রজ্ঞা চ্যারিটেবল ট্রাষ্ট থেকে পূজা উপলক্ষে শনিবার রাতে ৫০০ শাড়ি কাপড় ও রাম কৃষ্ণ মিশন অনাথ আশ্রমের সকল শিক্ষার্থীদের ১ বছরের টিউশন ফি বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পন্কজ বড়ুয়া । এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব দত্ত ও কানিজ ফাতেমা।

সারদা পালের মাঠে  সপ্তমীতে এই প্রোগাম আয়োজন করা হয় । উক্ত আয়োজন নিজস্ব অর্থায়নে করেন চ্যারিটেবল ট্রাষ্ট এর চেয়ারম্যান প্রদীপ নন্দী।

ব্রাহ্মণবাড়িয়ায় চার মাসের শিশুকে পুকুরে ফেলে দিলো মা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে মায়ের পাশে ঘুমিয়ে থাকা ৪ মাসের শিশু হাজেরার মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত হাজেরা উপজেলার বিদ্যাকুট গ্রামের প্রবাসী অলিউল্লার মেয়ে। গত শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। শিশুটির মা রুমা বেগম নিজেই তার সন্তানকে মধ্যরাতে পুকুরে ফেলে দিয়ে আসে। পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছেন রুমা বেগম।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম। তিনি বলেন, লাশ উদ্ধারের পরই নিহত শিশুর মা রুমা বেগমকে সন্দেহ হচ্ছিল, তাই আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রুমা তার সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন।

সিরাজুল ইসলাম বলেন, রুমা বেগম প্রাথমিক অবস্থায় জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তার স্বামী সর্বশেষ দেড় বছর আগে আরব আমিরাতের দুবাই গিয়েছেন। তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে। বড় কন্যার বয়স ৬ বছর ও আরেকটির ৪ মাস বয়স। পরিবারের সব কাজ করতে হয় রুমাকে একাই। এ নিয়ে শাশুড়ি ও ননদের অনেক কথাও শুনতে হয়। তাই শিশু সন্তান হাজেরার সঠিকভাবে যতœ নিতে পারছিল না।

এসব বিষয় মিলিয়ে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরই জেরে শুক্রবার মধ্যরাতে সে তার শিশু সন্তান হাজেরাকে নিজেই বাড়ির কাছাকাছি একটি পুকুরের পানিতে ফেলে দিয়ে আসেন। তাকে রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ কেজি গাঁজাসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ কেজি গাঁজাসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের আওলাদ হোসেন (৪৫), কাজী আকিব (২৫) ও উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ইসহাক ভূইয়া (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল ভোরে রাধানগর গ্রামের আওলাদ হোসেনের বসতঘর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় আওলাদ হোসেন ও কাজী আকিবকে আটক করে। অপরদিকে, সকাল ৯টার দিকে আখাউড়া গাজীর বাজার সড়ক থেকে ইসহাক ভূইয়াকে ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকের মামলা হয়েছে।

ভৈরবে মালবাহী ট্রেন যাত্রীবাহী ট্রেনকে ধাক্কা

ভৈরবে মালবাহী ট্রেন যাত্রীবাহী ট্রেনকে ধাক্কা

ডেস্ক রিপোর্ট:

ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার বিকেল সাড়ে ৩টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকে আহত অবস্থায় পড়ে আছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

এবারো ডিজিটাল লটারির মাধ্যমে সরকারি স্কুলে ভর্তি

এবারো ডিজিটাল লটারির মাধ্যমে সরকারি স্কুলে ভর্তি

ডেস্ক রিপোর্ট:

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার প্রকাশিত এ নীতিমালায় বলা হয়েছে- এ বছরও আগের মতোই ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এন্ট্রি বা প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত যে কোনো শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না।

কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারি অনুষ্ঠানের তারিখ ও সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নির্ধারণ করবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবে।

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, প্রথম শ্রেণির শিক্ষার্থীর বয়স ৬ বছরের বেশি ধরে শ্রেণি অনুযায়ী ধারাবাহিকভাবে বয়স নির্ধারণ করতে হবে।

একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। একই বিদ্যালয়ের দুটি শিফট পছন্দক্রমে রাখলে সেটি দুটি পছন্দক্রম হিসেবে বিবেচিত হবে।

প্রতি শ্রেণি শাখায় ৫৫ জন শিক্ষার্থী ভর্তি হবে। আসন শূন্য থাকলে পরবর্তী অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করতে বলা হয়েছে নীতিমালায়।

প্রতি শ্রেণিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর ভাই-বোনের জন্য ৫ শতাংশ, বিদ্যালয়সংলগ্ন এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও এর অধীন দপ্তর বা সংস্থায় কর্মরতদের সন্তানদের জন্য মহানগর, বিভাগীয় ও জেলা সদরের বিদ্যালয়ে ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

এছাড়া ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

নীতিমালা অনুযায়ী, সংরক্ষিত আসনে আবেদনকারী বেশি হলে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে হবে।

ডিজিটাল লটারি অনুষ্ঠানের আগে নির্বাচিত কারিগরি প্রতিষ্ঠানের প্রস্তুত করা সফটওয়্যারের যথার্থতা সরকার স্বীকৃত অন্য একটি কারিগরি প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করতে হবে এবং এ সংক্রান্ত প্রত্যয়নপত্র সংরক্ষণ করতে হবে।

লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা তৈরির পাশাপাশি শূন্য আসনের সমান সংখ্যক অপেক্ষমাণ শিক্ষার্থীর তালিকা তৈরি করতে হবে। ভর্তি কমিটির নির্ধারিত তারিখে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে ভর্তির ব্যবস্থা করতে হবে।

প্রকাশিত অপেক্ষমাণ তালিকার ক্রমের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। শিক্ষাবর্ষের কোনো সময়ে আসন শূন্য হলে প্রকাশিত অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে ভর্তি করে আসন পূরণ করতে হবে।

যৌক্তিক কোনো কারণে সরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীয় অনলাইন ভর্তি কার্যক্রমের সঙ্গে সংযুক্ত হতে না পারলে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ডিজিটাল লটারি প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম সম্পাদন করতে হবে। তবে সেক্ষেত্রে ডিজিটাল লটারির দিন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে।

বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন ওবায়দুল কাদের

বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। দেশের সাংবিধানিক বিধান অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি।

তিনি বলেন, অথচ বিএনপি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। উসকানি দিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতা দখলের জন্য অপতৎপরতা চালাচ্ছে। বিএনপির এ অপতৎপরতার কারণে যদি গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হয় তার দায়ভার বিএনপিকেই নিতে হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতারা বক্তব্য ও বিবৃতিতে বারবার উগ্র আস্ফালন দেখিয়ে যাচ্ছে; যা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই তারা দেশ ও জনগণ নিয়ে যে কোনো ছেলেখেলা খেলতে পারে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা দখলের জন্য নির্লজ্জের মতো কাউকে ‘ভগবান’ মেনে তারা আজ বিদেশি প্রভুদের করুণা ভিক্ষা করছে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে সাংবিধানিক শাসনব্যবস্থা ব্যাহত এবং অনির্বাচিতদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পথ সৃষ্টি করছে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সংবিধান ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে বদ্ধপরিকর।

তিনি বলেন, বিএনপি ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর তথাকথিত সমাবেশের নামে জনমনে ভীতি সঞ্চার করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে তাদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সতর্ক অবস্থান নেবে। আওয়ামী লীগের নেতাকার্মীরা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীল পরিবেশ কোনোভাবে ব্যাহত হতে দেবে না।

ওবায়দুল কাদের বলেন, জনগণের স্বাধীনতা, মুক্তি এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আওয়ামী লীগের অজস্র নেতাকর্মী আত্মত্যাগ করেছে। এবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রা সমুন্নত রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কোনো আত্মত্যাগের জন্য প্রস্তুত রয়েছে।

নোয়াখালীতে অটোরিকশার চাপায় চা দোকানির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় এক চা দোকানির মৃত্যু হয়েছে।

নিহত দীন মোহাম্মদ ওরফে দীনু মিয়া (৬৫)। তার বাড়ি চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর এলাকায়। সে চৌমুহনী বাজারের পোস্ট অফিস রোড এলাকায় চা দোকান করত।

রোববার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজারের সুগন্ধা স্ট্যান্ডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ মনু জানায়, দুপুর ১২টার দিকে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা দীনু মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি পাশে থাকা রোড ডিভাইডারে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা শহর মাইজদীর প্রাহিম হসপিটালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনার বিষয়ে শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

দক্ষিণ আফ্রিকায় চাঁদার দাবিতে নোয়াখালীর যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি:

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অস্ত্রধারী সন্ত্রাসীরা নোয়াখালীর সদর উপজেলার প্রবাসী এক যুবককে পিটিয়ে হত্যা করেছে।

নিহত মো.লিটন (৪৫) উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর শরীফপুর গ্রামের আনন্দিগো বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে। সে তিন কন্যা সন্তানের জনক ছিল।

সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিনোদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আবদুল হালিম শাকিল। তিনি বলেন, রোববার দিবাগত রাত বাংলাদেশ সময় দেড়টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত বৃহস্পতিবার ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের তার নিজ কনফেকশনারি দোকানে এ হামলার ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নিহতের ছোট ভাই মো.সোহেল জানায়, ৫ বছর আগে জীবিকার সন্ধ্যানে আফ্রিকায় পাড়ি জমায় তার বড় ভাই লিটন। গত বৃহস্পতিবার অস্ত্রধারী কৃঞ্চাঙ্গ সন্ত্রাসীরা জোহানেসবার্গের তার কনফেকশনারি দোকানে এসে চাঁদা দাবি করে। এ নিয়ে সন্ত্রাসীদের সাথে তার বাকবিতন্ডা হয়। পরবর্তীতে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরবর্তীতে সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

লিটনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লিটনের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।