Tag Archives: আচরণবিধি

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে মমতাজ বেগমকে শোকজ

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংগীতশিল্পী মমতাজ বেগমকে শোকজ করা হয়েছে।

শনিবার মানিকগঞ্জ-২ নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ রেমিন সুলতানার সই করা এ সংক্রান্ত একটি চিঠি মমতাজকে পাঠানো হয়েছে।

চিঠিতে আগামী সোমবার দুপুর ১২টায় নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে।

২০১৪ সাল থেকে নিয়ে তৃতীয় বারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করছেন মমতাজ বেগম।

উল্লেখ্য, সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন ১টি পৌরসভা, হরিরামপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও মানিকগঞ্জ সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত।

ঘোষিত তফশিল অনুসারে ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়ন বাছাই করা হয়, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।

এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য (এমপি) ইউসুফ আব্দুল্লাহ হারুনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। কুমিল্লা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ কানিজ তানিয়া রুপা এ নোটিশ দেন।

নোটিশে আগামী শনিবার (১৬ ডিসেম্বর) যুগ্ম জেলা ও দায়রা জজের কার্যালয়ে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনকে সশরীরে হাজির হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।

নোটিশ সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের মহব্বত আলীর ছেলে বসির আহাম্মদ নামে এক ব্যক্তি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে বসির আহাম্মদ উল্লেখ করেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নিজ উদ্যোগে ও অর্থায়নে উপজেলাব্যাপী ছবি ও প্রতীক সম্বলিত সাদা-কালো, রঙিন ব্যানার স্থাপন করেছেন। এছাড়াও গত ৩০ নভেম্বর পুরো উপজেলাব্যাপী হ্যান্ডমাইক নিয়ে পথসভা করেন। যার একটি ভিডিও ফুটেজ রফিকুল ইসলাম নামে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের এক সমর্থক তার ফেসবুকে আপলোড করেন। যার স্ক্রিনশটসহ যাবতীয় প্রমাণাদি অভিযোগকারীর কাছে রয়েছে।

এ অভিযোগ আমলে নিয়ে বসির আহাম্মদের অভিযোগের জবারের স্বপক্ষে স্বাক্ষ্য-প্রমাণসহ আগামী শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় কুমিল্লা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হওয়ার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১৯-এ (৫)(এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে কারণ দর্শানোর দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, নির্বাচনে প্রতিপক্ষ অভিযোগ করতেই পারে। আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি।

আচরণবিধি মেনে নিজ নির্বাচনী এলাকায় গেলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই নিজ নির্বাচনী এলাকায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি প্রোটোকল না‌ নিয়ে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া গেছেন তিনি।

গোপালগঞ্জে দুইদিনের সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া যান প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌ আজ সকালে সরকারি প্রোটোকল না‌ নিয়ে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া যান।

জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা থেকে সড়কপথে গোপালগঞ্জ যান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ১০টার কিছু আগে সীমিত গাড়িবহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় পৌঁছান। স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে আজ বিকেলেই সড়কপথে তার ঢাকা ফেরার কথা রয়েছে।