জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১(দাউদকান্দি – মেঘনা) আসনের প্রার্থী, মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একটি দল ‘৭১-এ স্বাধীনতার চরম বিরোধিতা করেছে। এখন ক্ষমতায় যাবার স্বপ্নে বিভোর। তারা পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে অপব্যাখ্যা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে। তাদেরকে ভোট দিলে শেষ বিচারে পুরস্কার পাওয়া যাবে বলে প্রচারণা চালাচ্ছে। যা আমাদের পবিত্র কুরআন ও সুন্নাহ বিরোধী, ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক।
তিনি আজ রবিবার সন্ধ্যায় দাউদকান্দি পৌর সদরের তুজারভাঙ্গায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এইসব কথা বলেন।
ড.মোশাররফ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিএনপি এবং চেয়ারম্যান তারেক রহমানের কোনো বিকল্প নেই। তাঁর বলিষ্ঠ নেতৃত্বেই দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সবাই মিলে দেশ গড়তে আগামী ১২ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিএনপির বর্ষীয়ান নেতা ড.মোশাররফ বলেন, কৃষক,শ্রমিক,মেহনতী মানুষ ও দরিদ্র পরিবারকে নানামুখী রাষ্টীয় সহায়তা দিতে কৃষি কার্ড,ফ্যামিলি কার্ড প্রদান এবং শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে তারেক রহমান সুদুরপ্রসারি পরিকল্পনা প্রণয়ন করেছেন। ইতোমধ্যে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১দফা সংস্কার প্রস্তাবনা জাতির কাছে তুলে ধরেছেন। বিএনপি ক্ষমতায় গেলে তাঁর গৃহীত এইসব গণমুখি কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
বিএনপির প্রবীণ নেতা ড. খন্দকার মোশাররফ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করবে। বিএনপি জনগণের কাছে একটি পরীক্ষিত দেশপ্রেমিক দল। মানুষ সেই দলের ওপরই ভরসা করে, যারা অতীতে পরীক্ষিত। বিএনপির দেশ পরিচালনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। অতীতে ক্ষমতায় থাকাকালে দেশ ও জনগণের উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। দলটি যখনই ক্ষমতায় ছিলো, মানুষ সুখ-স্বাচ্ছন্দ্যে, নিরাপদে ছিল। তাই ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। আমার দৃঢ় আশাবাদ, আগামী নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপির প্রার্থীদের নির্বাচিত করবে।
গণসংযোগ ও পথসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, বিএনপি সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী ডখন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি পৌরসভা,দাউদকান্দি, তিতাস ও মেঘনা উপজেলায় যুগান্তকারী উন্নয়ন করেছেন। অথচ ১৬ বছরে এইসব এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে ইনশাআল্লাহ ড.মোশাররফ সন্মানিত স্থানে থাকবেন এবং ব্যাপক উন্নয়নের মাধ্যমে এলাকার অসমাপ্ত কাজগুলো তিনি সম্পন্ন করবেন।
দাউদকান্দি পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সভাপতি হাজী মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, পিটার চৌধুরী, কাউছার আলম সরকার, আব্দুস সাত্তার, মামুন হোসেন ভূঁইয়া, ভিপি সাহাবুদ্দিন ভূঁইয়া, শরীফ চৌধুরী, সচিব রোমান খন্দকার, রাসেল মিয়া, মোল্লা সোহেল, মো.পাভেল প্রধান প্রমুখ।
এদিকে প্রচারণার ১১তম দিনে আজ রোববার দাউদকান্দি পৌরসভার
বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বক্তব্য দেন। প্রচারণায় জনতার স্বত:স্ফূর্ত অংশগ্রহণে মুখর ছিলো পুরো এলাকা। এই সময় পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।