Tag Archives: এ সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানেই তাদের বৈধতা দেওয়া

পরিষ্কার কথা, এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে সারাদেশেই অত্যাচার হচ্ছে, চলছে নৈরাজ্য। আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল। এরা কখনোই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। এরা সবসময় ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় আসতে চায়।’

আজ বিকেলে রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন আলম, যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, বিএনপি প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আজ এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি গোপীবাগ থেকে শুরু হয়ে টিকাটুলি, দয়াগঞ্জ, রায়শাহ বাজার হয়ে নয়াবাজার গিয়ে শেষ হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘গত ১৫ বছরে অনেক অত্যাচার হয়েছে আর নয়, জনগণকে বাসা থেকে বের হতে হবে জেগে উঠতে হবে। এরাই দেশটিকে ফতুর বানিয়ে ফেলেছে। একদিকে দব্য মূল্য বেড়ে চলছে মানুষ গরিব হচ্ছে অন্যদিকে ক্ষমতাসীনরা ফুলে কলাগাছ হচ্ছে। তারা বলে উন্নয়ন উন্নয়ন, এমন উন্নয়ন হয়েছে যে মানুষ আজ বিদ্যুৎ পায় না, পানি পায় না, গ্যাস পায় না।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে ক্ষমতাসীনদের চুরির কারণে ব্যাংক খালি, ডলার নেই। ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না। দেশে আজ গণ লুট চলছে। এরা যখনই ক্ষমতায় আসে তখনই দেশের সম্পদ লুট করে।’

আগে থেকেই জানি কুমিল্লার নির্বাচন কী হবে, এ সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানেই তাদের বৈধতা দেওয়া

 

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা নিজেরাই দেখেছেন কুমিল্লার নির্বাচন কি হয়েছে। আমরা বহু আগে থেকেই জানি কি হবে। এজন্য আমরা কোনো নির্বাচনে যাচ্ছি না। এ সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানেই হচ্ছে তাদের বৈধতা দেওয়া। আমি মনেকরি, আমাদের বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষাব্যবস্থাসহ সবকিছু যদি আমরা রক্ষা করতে চাই তাহলে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা ছাড়া কোনো বিকল্প নেই।

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।

‘সংবাদপত্রের স্বাধীনতা আর রাষ্ট্রের স্বাধীনতা আলাদা করে দেখার সুযোগ নেই’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা বিচ্ছিন্ন ঘটনা নয়। সংবাদপত্রের স্বাধীনতার সঙ্গে যেহেতু গণতন্ত্রের স্বাধীনতা একই জায়গায়, গণতন্ত্রের স্বাধীনতা না পেলে আমরা সংবাদপত্রের স্বাধীনতা কীভাবে পেতে পারি? সেজন্য আমাদের এখন মূললক্ষ্য হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনা।’

‘যারা গণতন্ত্র হরণ করে বাকশাল গঠন করে তাদের কাছ থেকে তো গণতন্ত্র পেতে পারি না। এখন আমাদের রাষ্ট্রের অস্তিত্বের জন্য, জাতির অস্তিত্বের জন্য, সংবাদপত্র, আমাদের বিচার বিভাগ, বিচারব্যবস্থা, আমাদের প্রশাসন, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা ছাড়া কোনো বিকল্প নেই।’

‘আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে, সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করেছে, ব্যক্তি স্বাধীনতা হরণ করেছে। আর বিএনপি সেই গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে, বহুদলীয় গণতন্ত্র দিয়েছে এবং সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে।’

‘আমাদের মূল যে লক্ষ্য, সেই লক্ষ্যটি হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের সব মানুষকে জাগিয়ে তুলতে হবে। সব শ্রেণি-পেশার মানুষকে জাগিয়ে তুলে গণতন্ত্রের যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে হবে।’

‘এতকিছুর পরেও আমরা কিন্তু থেমে নেই। আমরা কাজ করছি এবং চূড়ান্ত আন্দোলনে যাওয়া এবং দেশকে মুক্ত করার ব্যাপারে আমাদের কোনো ঘাটতি নেই। আমরা নিঃসন্দেহে সেই আন্দোলনের মধ্যদিয়ে এ অবস্থার পরিবর্তন ঘটাবো, দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবো, সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে আনবো। এ লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা বিশ্বাস করি সফল হবো।’

বিএফইউজের সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিএফইউজে ও ডিইউজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।