Tag Archives: কাতালান

এল-ক্লাসিকোর পর কাতালান

এল-ক্লাসিকোর পর কাতালান ডার্বিতেও বার্সার জয়যাত্রা

এল-ক্লাসিকোর পর কাতালান ডার্বিতেও বার্সার জয়যাত্রা

ডেস্ক রিপোর্ট:

এক ম্যাচ আগে এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করা বার্সেলোনা এবার কাতালান ডার্বিতে এস্পানিওলকে উড়িয়ে দিয়েছে। লা লিগায় হ্যান্সি ফ্লিকের দল জয় পেয়েছে ৩-১ গোলে। এর ফলে টেবিলের দুই নম্বরে থাকা রিয়ালের সঙ্গে বার্সার ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৭ পয়েন্ট।

হ্যান্সি ফ্লিকের অধীনে বদলে যাওয়া বার্সেলোনা যে কতটা শক্তিশালী, তা বোঝা যায় তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে। সবশেষ ৬ ম্যাচে সব প্রতিযোগিতায়ই জয় পেয়েছে বার্সা, এবং প্রতিটি ম্যাচেই কমপক্ষে ৩টি গোল করেছে তারা। তবে এস্পানিওলের দুর্ভাগ্য যে দুবার বল জালে জড়ালেও ভিএআরের সিদ্ধান্তে সেই গোলগুলো বাতিল হয়েছে। এই ভিএআর সিদ্ধান্তগুলো না হলে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।

ম্যাচের শুরু থেকেই এস্পানিওলের ওপর চাপ সৃষ্টি করে বার্সেলোনা। একের পর এক আক্রমণে এস্পানিওল রক্ষণের পরীক্ষা নিতে থাকে বার্সার খেলোয়াড়রা। শুরুর ১০ মিনিট ভালোই সামলাচ্ছিল এস্পানিওল, তবে ১২ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে যায় বার্সা। এরপর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।

এই গোলের পর ম্যাচে ফেরার সুযোগ পায় এস্পানিওল, এবং ২৭ মিনিটে তারা একটি গোল শোধও দেয়। তবে ভিএআরের কারণে সেই গোল বাতিল হয়, কারণ গোলের আগেই অফসাইড হয়ে গিয়েছিল এস্পানিওল। কিছুক্ষণ পর ৩১ মিনিটে ওলমো তার দ্বিতীয় গোল করে বার্সার পক্ষে ব্যবধান ৩-০ করে দেন। প্রথমার্ধ শেষ হয় এই ৩-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে এসে ৫৮ মিনিটে ফের ভিএআরে এস্পানিওলের একটি গোল বাতিল হয়। দুইবার গোল বাতিল হওয়ার পর ৬৩ মিনিটে পুজাভি পুয়াদো গোল করে এস্পানিওলের পক্ষে ব্যবধান কমান। তবে এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচ শেষ হয় ৩-১ গোলে, এবং এই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

মেসির তিন শর্ত পূরণ হলেই বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করা হবে

স্পোর্টস ডেস্কঃ

গত মৌসুমে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। তবে আগামী জুলাইয়ে কাতালানদের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় স্পেন ত্যাগে আর্জেন্টাইন তারকার সামনে কোনো বাধা নেই।

তবে বার্সার নতুন সভাপতি হুয়ান লাপোর্তা মেসির সঙ্গে চুক্তি নবায়ন করার আগ্রহ প্রকাশ করেন। তবে চুক্তি বৃদ্ধির আগে তিনটি শর্ত জুড়ে দিয়েছেন বার্সা অধিনায়ক। শর্ত পূরণ হলেই ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তির কথা ভাববেন মেসি।

আগামী ১লা জুলাই থেকে ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছেন মেসি। এখন থেকেই তার সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে বড় বড় ক্লাব। বার্সা অবশ্য মেসিকে আটকে রাখতে মরিয়া। মেসিও তাই তাদের সামনে শর্ত রেখেছেন। তবে এই তিনটি শর্তই নিজের জন্য নয়; বরং ক্লাবের স্বার্থেই রেখেছেন।

প্রথমত, শক্তিশালী দল গড়ার পাশাপাশি ট্রান্সফার প্ল্যানও যেন সংবেদনশীল করা হয়। এখন আর্থিক সমস্যায় জর্জরিত বার্সেলোনা। ফুটবলার নেয়ার ক্ষেত্রে প্রচুর টাকা খরচ করার জায়গায় নেই তারা। তবে মেসি চাইছেন কিছু ভাল ফুটবলার যেন বার্সা সই করায়।

দ্বিতীয়ত, এই মুহূর্তে বার্সেলোনায় যে প্রতিভাবান তরুণ ফুটবলাররা রয়েছেন, তাদের নিয়েই দল সুসংগঠনের দাবি জানিয়েছেন মেসি। তরুণ এবং অভিজ্ঞদের মেলবন্ধন চাইছেন মেসি।

তৃতীয়ত, বার্সার উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে যেন তার এবং কোচ রোনাল্ড ক্যোমানের সরাসরি পৌঁছানোর রাস্তা খোলা থাকে। গত বছর মেসির সঙ্গে বার্সা বোর্ডের যোগাযোগ একেবারেই ছিল না। এই কারণে তিনি মারাত্মক বিরক্তও হয়েছিলেন। কোনও সমস্যা হলেও বার্সার বোর্ডের কাছে তিনি পৌঁছতে পারেননি বলে। এই যোগাযোগের মাধ্যমটা যেন কোনও ভাবেই বন্ধ না হয়, সেই বিষয়ে নিশ্চয়তা চেয়েছেন মেসি।