Tag Archives: কুমিল্লার লাকসামে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

কুমিল্লার লাকসামে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ, ভাঙচুর-লুটপাটেরও দাবি

ইমতিয়াজ আহমেদ জিতু:

কুমিল্লার লাকসাম উপজেলায় দুবাই প্রবাসীর বাড়ি থেকে ফিল্মি কায়দায় এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ি থেকে প্রায় ১৮ লক্ষ টাকা ও ৩৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় অপহরণকারীরা এবং ওই বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা কুসুম বেগম লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার দিবাগত রাত ১২ টায় লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের হালা খোলা গ্রামে এই অপহরণের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফেনীর ফুলগাজী উপজেলার বাসিন্দা মাসুদ (৩২) দীর্ঘদিন ধরে তাহমিনা আক্তার স্মৃতি (১৬) নামের ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিলেন। এ বিষয়ে এর আগেও একটি অপহরণ মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে দাবি পরিবারের।

স্মৃতির পিতা দুবাই প্রবাসী আলম মিয়া জানান, বিগত পাঁচ মাস আগে মাসুদ সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে আমি আইনের শরণাপন্ন হলে পুলিশ ১৫ দিন পর আমার মেয়েকে উদ্ধার করে আদালতে হাজির করে। আদালত আমার মেয়েকে আমার কাছে হস্তান্তর করে, আর অপহরণকারী মাসুদকে জেলে পাঠান। গত দশদিন আগে মাসুদ জেল থেকে বের হয়ে লাকসামে এসে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে গতকাল আমার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আমার ঘরের দরজার লক ভেঙ্গে প্রায় ১৮ লক্ষ টাকা ও ৩৫ ভরি স্বর্ণ লুট করে এবং আমার মেয়েকে জোর করে নিয়ে যায়। আমি ৯৯৯ তে কল দিলে পুলিশ আসে। তারা পুলিশের সামনে আমার বাড়িঘর লুট করে ও আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। প্রভাবশালী মহলের সহযোগিতায় আমার পরিবারের সাথে এমন ঘটনা ঘটলো। আমি এর বিচার চাই। আশা করি প্রশাসন আমার মেয়েকে দ্রুত উদ্ধার করে দিবে।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন নাহার লাইলী জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই তারা মেয়েকে নিয়ে গেছে। আমাদের সামনে কিছু ঘটেনি। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছি। পুলিশ এর আগে ওই মেয়েকে একবার উদ্ধার করে দিয়েছে। শুনেছি ওই ছেলে ও মেয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক । মেয়েটির উদ্ধারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

কুমিল্লার লাকসামে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

 

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসামে এসএসসি পরীক্ষার্থী নুসরাত আক্তার (১৭) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সিংজোড় বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যা করে এই ছাত্রী।

নুসরাত পৌর শহরের প্রবাসী আহছান শরিফ বাবুর বড় মেয়ে এবং আল আমিন ইন্সটিটিউট এর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক ও ছাত্রীর বাবা-মায়ের বাধার কারণে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে বলে ধারনা করা হচ্ছে।এসএসসি পরীক্ষার্থী নুসরাতের মৃত্যু খবর শুনে সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা ওই বাড়িতে এসে ভিড় জমান। হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে রাত ১০ টায় লাকসাম থানার পুলিশ সিংজোড় বেড়িবাঁধ এলাকা থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লাকসাম উপজেলার কান্দিরপাড়া ইউনিয়ন সিংজোড় বেড়িবাঁধ এলাকার বাসিন্দা প্রবাসী ব্যবসায়ী বাবু মিয়ার বড় মেয়ে নুসরাত আক্তারের সঙ্গে পাশের বাড়ির এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। নুসরাতের বাবা-মা তাদের প্রেমের সম্পর্ক মানতে রাজি হননি।

পিতামাতার অবাধ্য হয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে প্রায়ই লাকসাম বাজারে আসা-যাওয়া করত নুসরাত। এমনকি তাদের দেখা ও কথা না হলে মাঝেমধ্যে আত্মহত্যার চেষ্টাও করত নুসরাত।

এ নিয়ে বৃহস্পতিবার সকালে বাবা-মা’র সঙ্গে নুসরাতের কথা-কাটাকাটি হয়। পরে সে এসএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে টাকা নিয়ে স্কুলে যায়। বিকালে বাড়িতে এসে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙ্গে ওড়নায় পেঁচানো ঝুলন্ত দেখতে পায় স্বজনরা। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইয়া বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমকে বলেন, স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।