Tag Archives: কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে জুতার ভিতরে করে গাঁজা পাচারের সময় আটক ১

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে যুবদলকর্মীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা আসামি ও যুবদলকর্মী শহিদুল্লাহ রাসেল (৪১) মারা গেছেন। বুধবার (১৭ জুন) বিকেলে কারা পুলিশের অধীনে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত শহিদুল্লাহ রাসেল লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি খন্দকার বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি পেরুল উত্তর ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

এর আগে গত ১০ মে বিকেলে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শাসনপাড়া গ্রাম থেকে ১০২ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে লালমাই থানা পুলিশ।

হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, গত ১১ মে বিকেলে আদালতের নির্দেশে শহিদুল্লাহ রাসেলকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এরপর ১৯ মে কারা হাসপাতালের চিকিৎসক আসামির কাশিসহ নিউমোনিয়াজনিত রোগের ওষুধ দেন। কারাগারে চিকিৎসা চলা অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ১৭ জুন সকাল ৯টায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লার সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, মৃত শহিদুল্লাহ রাসেল গত ১১ মে মাদক মামলায় কারাগারে আসেন। কারাগারে আসার আগে থেকেই নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। আগের চিকিৎসাপত্রের আলোকে কারা চিকিৎসকরা তাকে চিকিৎসা দেন এবং ফলোআপে রাখেন।

বুধবার সকাল ৯টায় উন্নত চিকিৎসার জন্য রাসেলকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন বিকেল ৩টায় কার্ডিয়াক শকে মৃত্যুবরণ করেন তিনি। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সূত্র: কালেরকন্ঠ

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নারী দর্শনার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের আরপি চেকপোস্টে দায়িত্ব পালনরত এক মহিলারক্ষীর সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের মাধ্যমে এক নারী দর্শনার্থীর দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্দেহভাজন ওই নারী কারাগারে বন্দির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বলে জানা গেছে।

দেহ তল্লাশির সময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার হওয়ার পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত অভিযুক্ত নারীকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করেন।

কারাগার সূত্র জানায়, কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। একই সঙ্গে অবৈধ দ্রব্য পাচার বা বহনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে কারা কর্তৃপক্ষ।

কারা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শৃঙ্খলা রক্ষা ও আইন প্রয়োগে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

কারা কর্তৃপক্ষ সাধারণ জনগণকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ সমাজ গড়তে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বসেই এইচএসসি পরীক্ষা দিল মামুন

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিয়েছেন আব্দুল্লাহ আল মামুন নামের এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষার প্রথম দিন তিনি কারাগারে থেকেই অংশ নেন। কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন জেলার বরুড়া উপজেলা পোম্বাইশ গ্রামের মিজানুর রহমানের ছেলে।

তিনি বরুড়া উপজেলা আড্ডা কলেজের পরিক্ষার্থী। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের করা একটি মামলায় তিনি কারাভোগ করছেন।

হালিমা খাতুন জানান, গত ১৬ জুন আব্দুল্লাহ আল মামুন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের করা একটি মামলায় কুমিল্লা কারাগারে আসেন। আদালতের নির্দেশে কারাগারেই তার পরীক্ষা নেওয়া হচ্ছে।

এ ছাড়া পরীক্ষার পড়াশোনার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে। তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আজ পরীক্ষায় অংশ নিয়েছেন। নির্ধারিত কেন্দ্র থেকে প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষাকালীন কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একযোগে বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে সারা দেশে শুরু এইচএসসি পরীক্ষা। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর মোট এক লাখ এক হাজার ৭৫০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে জুতার ভিতরে করে গাঁজা পাচারের সময় আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এক দর্শনার্থীর মাধ্যমে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। আজ বিকেলে আটককৃত শান্ত কারাভ্যন্তরে হাজতি বন্দি নং-৪০০১/২৪ মোতালেব হোসেনের জন্য ১ জোড়া চামড়ার জুতা ও কাপড় নিয়ে কারাক্যান্টিনে উপস্থিত হন।

এসময় দায়িত্বরত কারারক্ষী মোঃ মাসুদের সন্দেহ হলে তিনি জুতা জোড়া সহকারী কারারক্ষী মোঃ সাইফুল ইসলাম সানিকে দেখান। পরবর্তীতে জুতা পরীক্ষা করে নিচের অংশ থেকে সাদা পলিথিনে মোড়ানো ০৩ (তিন) প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত শান্ত বাদশা মিয়ার বাজার এলাকার জোলমত মিয়ার ছেলে।

ঘটনায় অভিযুক্ত শান্তকে আটক করে রিজার্ভ গার্ডে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কাজ চলছে বলে কারাগার কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

এই ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে বলে জানানো হয়েছে।