Tag Archives: কুমিল্লা টাওয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ

নগরীর নিউমার্কেটে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী নিহত

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: সোহাগ (৩০) নামের এক প্রিন্টিং ব্যবসায়ী নিহত হয়েছে।

বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে নগরীর নিউমার্কেটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামের গোরফান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০টার দিকে সোহাগ তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করেন। এক পর্যায়ে তিনি ফোনে কথা বলতে বলতে মেশিনের উপর পা রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি।এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

কুমিল্লা টাওয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার টাওয়ার হসপিটালে ভুল চিকিৎসায় আসমা আক্তার (২৩) নামে এক প্রসূতিসহ শিশু সন্তানের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সিজারিয়ান অপারেশন করেন ডাক্তার চন্দনা রানী দেবনাথ।

(৫ আগষ্ট ) বৃহস্পতিবার নিহতের পিতা অটো রিক্সা চালক দয়াল হুমায়ুন অভিযোগ করেন।

নিহত আসমা আক্তার কুমিল্লার সদরের আমড়াতলি ইউনিয়নের কবিরাজ বাজারের জশপুর গ্রামের বসিরের স্ত্রী। নিহতের বাবার বাড়ি বুড়িচং উপজেলার বাকশীমূল পশ্চিমপাড়ায়।

অভিযোগের সূত্রে জানা যায়, গত (৩১ জুলাই )শনিবার কুমিল্লা টাওয়ার হাসপাতালে হুমায়ুন মিয়া তার মেয়ে ৮ মাসের গর্ভবতী আসমা আক্তারকে নিয়ে যান। সেখানে রোগীর অবস্থা ভালো নয় বলে চিকিৎসক জানান। পরে তাকে দ্রুত সিজারিয়ান অপারেশনের কথা বলেন। টাওয়ার হসপিটালে শনিবার সকাল ৮টায় অপারেশন  করেন। সেখানে একটি পুত্র সন্তান জন্ম দেন আসমা আক্তার। অপারেশনের পর সাথে সাথেই রোগীর অবস্থা ভালো নয় বলে ঢাকার ভাল কোন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন কর্তব্যরত ডাক্তার। তাকে ঢাকা গ্রীণরোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে আইসিওতে থাকার পর শনিবার সন্ধ্যায় আসমা আক্তার মারা যায়।এদিকে টাওয়ারে আইসিওতে থাকা অবস্থায় শিশু সন্তানও মারা যায়।  টাওয়ার হাসপাতালকে ৬০ হাজার টাকা বিল দিতে হয়েছে বলে জানা যায়।

নিহতের পিতা হুমায়ুন আরো জানান,কুমিল্লার টাওয়ার হাসপাতালে আমার মেয়েকে ডাক্তারের কাছে দেখানোর জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আমার মেয়ের অবস্থা খুব খারাপ বলে সিজার করতে বলে । তাই আমরা সিজারের জন্য রাজি হয়ে যাই। ডাক্তার আমার মেয়েকে সিজার করিয়ে এসে বলে রোগীকে দ্রুত ঢাকা নিয়ে যান। রোগীর অবস্থা খুব খারাপ। এই কথার শোনার পর আমরা মেয়েকে ঢাকার ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়ার পর ১৪ ব্যাগ রক্ত দিয়েও বাঁচাতে পারিনি। পরে বাড়িতে নিয়ে আসলে মহিলারা গোসল করাতে গিয়ে দেখতে পায় আমার মেয়ের পেটে ২-৩ টা কাটা। এমন সিজার আমরা কোনো দিন দেখি নাই । কোনো মতে সেলাই করে রেখেছে। এই ভুল কাটার কারণে ভুল চিকিৎসায় প্রচন্ড রক্তক্ষরণ হয়ে আসমা আক্তার মারা যায়। নিহতের বাবা হুমায়ুন কুমিল্লা সিভিল সার্জন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তদন্তপূর্বক আমার মেয়ের ভুল চিকিৎসায় মৃত্যুর সঠিক বিচার চাই।তাদেরকে আইনের আওতায় আনার জন্য দাবী জানান।

নিহত আসমা আক্তার কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের সাবেক ছাত্রী ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা টাওয়ার হাসপাতালের ডাক্তার ডাক্তার চন্দনা রানী দেবনাথ মুঠোফোনে  জানান, ‘রোগীর পরিবারের অভিযোগ সঠিক নয়। কোনও ভুল চিকিৎসার প্রশ্নই ওঠে না। রোগীর অনেক সমস্যা ছিল, তাই তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়ার জন্য বলেছি।আমাদের এখানে রোগীকে সম্পূর্ণ সঠিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অভিযোগের কোনও যৌক্তিকতা নেই।