কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হওয়ায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, যুক্তরাজ্য (ইউকে)। চিকিৎসা সহায়তা হিসেবে মোট ৬০ হাজার টাকা প্রদান করা হয়।
রবিবার (৮ ফেব্রুয়ারী) কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. সোহরাব উদ্দিনের মাধ্যমে উক্ত অর্থ নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন (ইউকে) এর মুখপাত্র আবুল কালাম বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের পরিচয়। আমাদের শিকড় এবং আমাদের মূল্যবোধের উৎস। আজ আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও আমাদের হৃদয় ও দায়িত্ববোধ সবসময়ই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত।”
তিনি আরও বলেন, “এই মানবিক দায়িত্ববোধ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, যুক্তরাজ্য অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসার জন্য একটি আর্থিক অনুদান প্রদান করেছে। এই অনুদান কোনো দয়া বা আনুকূল্য নয়; এটি একজন শিক্ষার্থীর জীবনের প্রতি আমাদের ভালোবাসা, সহানুভূতি এবং সহপাঠিত্বের বন্ধনের প্রতিফলন। আজকের এই অনুদান যেন আক্রান্তদের চিকিৎসা প্রক্রিয়ায় কিছুটা হলেও সহায়ক হয় এবং তাদের সুস্থ জীবনে ফিরে আসতে সাহায্য করে এটাই এলামনাই এসোসিয়েশনের প্রত্যাশা।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি মাহবুব ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাকিলা আক্তার মেরি এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।