Tag Archives: চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় দুই যুবকের উপর হামলা

চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করায় যুবকের উপর হামলা

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে এলাকাবাসীকে নিয়ে গাঁজাসহ জাফর নামে এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করার ঘটনায় ক্ষীপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা পিটিয়ে গুরুতর আহত করেছে আবদুর রহমান ফয়সাল নামে এক যুবককে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে। এ ঘটনায় দ্বীন মোহাম্মদ বাদি হয়ে মাদক ব্যবসায়ী জাফর ড্রাইভার, আবদুল মমিন ও জিসানের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চিওড়া ইউনিয়নসহ দেশের বিভিন্নস্থানে মাদক সরবরাহ করে আসছিল ডিমাতলী গ্রামের মৃত আবদুল হালিম ভান্ডারীর ছেলে আবদুল মমিন, মৃত আবদুল মজিদের ছেলে জাফর ড্রাইভার ও ঘোষতল গ্রামের রমিজ উদ্দিনের ছেলে জিসান। শুক্রবার রাতে ডিমাতলী মসজিদের সামনে বিপুল পরিমাণ গাঁজাসহ ঘোষতল গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে জাফরকে আটকে পুলিশের নিকট হস্তান্তর করে স্থানীয় তরুণরা। গাঁজাগুলো ছিল মাদক ব্যবসায়ী আবদুল মমিনের। জাফর গাঁজা পাচার শ্রমিক হিসেবে কাজ করছিল। গাঁজাসহ জাফরকে আটক করায় ক্ষীপ্ত হয়ে পরদিন শনিবার সকালে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মাদক ব্যবসায়ী আবদুল মমিন, জাফর ড্রাইভার ও জিসান চিওড়া রাস্তার মাথায় তিশা বাস কাউন্টারে আবদুর রহমান ফয়সালের উপর অতর্কিত হামলা করে।

এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে সমস্ত শরীরের মধ্যে নীলাফুলা কালোদাগযুক্ত ও থেতলানো জখম করে। ওই সময় ফয়সালের শোর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে তাকে রক্ষা করে। উপস্থিত লোকজন গুরুতর আহত ফয়সালকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাক্ষ্য কমপ্লেক্স জরুরী বিভাগে ভর্তি করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদসহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে মাদক ব্যবসায়ীরা হাতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে ফয়সাল ও তাঁর পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাফর ড্রাইভার সম্প্রতি চট্টগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ আটকের পর জামিনে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসা শুরু করে। সে গণঅভ্যুথানের আগে কয়েক বছর পুলিশের ডিউটি গাড়ি চালাতো। অপরদিকে আবদুল মমিন ও জিসান এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে বেশ পরিচিত। রাজনৈতিক ছাত্রছায়ায় তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের কারণে এলাকার স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ যুব সমাজ ধ্বংসের পথে। এছাড়া সীমান্ত এলাকার অনেক যুবক তাদের প্রলোভনে পড়ে মাদকের সাথে জড়িয়ে পড়েছে। ফলে বেড়েছে সামাজিক অবক্ষয়। শিগগিরই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নাম প্রকাশ না করা শর্তে সীমান্তবর্তী এলাকার সচেতন কয়েকজন বলেন, ‘মাদক ব্যবসায়ীদের কারণে রাতে ঠিকমতো রাস্তায় চলাচল করতে ও ঘরে ঘুমাতে পারি না। সীমান্ত এলাকা থেকে মহাসড়ক খুব কাছে হওয়ায় মাদক ব্যবসায়ীরা সুজাতপুর, ডিমাতলী ও কেছকিমুড়া এলাকায় নির্বিঘ্নে মাদক পাচার করে। তাছাড়া প্রশাসনের কতিপয় অসাধু ব্যক্তি অবৈধ এ কাজে সহযোগিতা করছে। রাজনৈতিক দলের নেতারা উৎকোচ নিয়ে শেল্টার দেয়ায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। অপরদিকে মাদক বিরোধী তরুণদের আরও সোচ্চার হওয়ার আহবান সচেতন মানুষের।

হামলার শিকার ফয়সালের পিতা দ্বীন মোহাম্মদ সোমবার বলেন, চিকিৎসা শেষে ফয়সালকে সোমবার সকালে বাড়িতে নিয়ে আনা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি।

সোমবার দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘হামলার শিকার ফয়সালের পিতা দ্বীন মোহাম্মদ লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’।

চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় দুই যুবকের উপর হামলা, মোটরসাইকেল ও মোবাইল লুট!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় কামরুল হাসান ও আবদুল হালিমের উপর হামলার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী সাইদুল আলম ছুট্টুর বিরুদ্ধে। এসময় কামরুল হাসানের জাপানি সুজুকি কোম্পানি কোম্পানির ১৫৫ সিসির মোটরসাইকেল এবং আব্দুল হালিমের ব্যক্তিগত এন্ড্রয়েড মোবাইল নিয়ে গেছে মাদক ব্যবসায়ীরা। গত সোমবার রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কামরুল হাসান। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত সোমবার সন্ধ্যার পর নানকরা রাস্তার মাথায় মাদক ব্যবসায়ী নানকরা গ্রামের আব্দুল লতিফের ছেলে ছ্ট্টু আমজাদের বাজার থেকে ইয়াবার চালান নিয়ে নানকরা রাস্তার মাথায় দোকানে রওনা দেন। ইয়াবার চালান নিয়ে দোকানের দিকে যাচ্ছেন ছ্ট্টু এমন তথ্য জানিয়ে চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পে ফোন করেন কামরুল হাসানসহ স্থানীয় কয়েকজন মাদকবিরোধী যুবক।

এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী ছুট্টু ১৫-২০জন সহযোগীসহ ধারালো দেশীয় বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে স্থানীয় যুবকদের উপর হামলা করে। হামলায় গুরুতর আহত হন ঢাকার ব্যবসায়ী ও পশ্চিম দুর্গাপুর গ্রামের কামরুল হাসান এবং একই গ্রামের আব্দুল হালিম। হামলাকারীরা মাদক ব্যবসায়ীরা কামরুল হাসানের মোটর সাইকেল এবং আব্দুল হালিমের মোবাইলটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আব্দুল হালিমকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান মঙ্গলবার বিকেলে জানান, হামলার ঘটনায় দুই যুবক আহত হয়েছে। এ ঘটনায় ছুট্টু ও মিজান নামে দুইজনকে অভিযুক্ত করে চৌদ্দগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন কামরুল হাসান নামে এক ব্যবসায়ী। তদন্ত স্বাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হবে।