Tag Archives: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মীরা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে

পাঁচ শর্তে উপমহাদেশীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার

 

ডেস্ক রিপোর্টঃ

শর্তসাপেক্ষে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে মঙ্গলবার চলচ্চিত্র শাখার উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি সংক্রান্ত সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়।সেখান থেকে ইতিবাচক মতামত পাওয়ার পর আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর ২৫ (৩৬) (গ) উপ-অনুচ্ছেদের শর্ত প্রতিপালনপূর্বক বাংলাদেশি চলচ্চিত্র রপ্তানির বিপরীতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) দেশগুলো থেকে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

তবে আমদানির ক্ষেত্রে পাঁচটি শর্তারোপ করা হয়েছে। শর্তগুলো হলো-

১. শুধু বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক, পরিবেশকরা উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করার সুযোগ পাবেন।

২. উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র সাব-টাইটেলসহ পরীক্ষামূলক শুধু দুই বছরের জন্য রপ্তানির বিপরীতে আমদানি করার সুযোগ থাকবে।

৩. প্রথম বছর ১০টি চলচ্চিত্র রপ্তানির বিপরীতে আমদানি করতে পারবে।

৪. আমদানিকারকরা উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শনের আগে অবশ্যই বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সনদ গ্রহণ করতে হবে।

৫. বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা, দুর্গাপূজার সপ্তাহে উপমহাদেশীয় ভাষার কোনো চলচ্চিত্র প্রদর্শন করা যাবে না।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কিছু শর্ত জুড়ে দিয়ে দেশে ভারতীয় ছবি আমদানিতে সম্মত হয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মীরা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে

 

স্টাফ রিপোর্টারঃ

সরকারের নীতি, কৌশল এবং উন্নয়নমূলক কার্যক্রমের ব্যাপক প্রচার ও এতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ম্যান্ডেট প্রাপ্ত জানিয়ে তথ্য ও সম্প্রচার সচিব খাজা মিয়া বলেছেন, এই মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কমচারীরা রাষ্ট্র-সরকার ও জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধ হিসেবে কাজ করছে।

বৃহস্পতিবার ‘‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘জেলা তথ্য কর্মকর্তাদের ভার্চুয়াল কর্মশালা’র শুভ উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তৃতায় সচিব খাজা মিয়া এসব কথা বলেন।

গণযোগাযোগ অধিদপ্তরের কাজকে আরো বিস্তৃত ও জোরালো করতে সারাদেশে ২৬টি জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে জানিয়ে খাজা মিয়া বলেন, এই প্রকল্পের নির্মাণ কাজ আসছে ২০২১-২২ অর্থবছরে শুরু করা সম্ভব হবে। তিনি এই প্রকল্প অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।

এই ভার্চুয়াল কর্মশালায় দেশের ৬৪টি জেলা এবং ০৪টি পার্বত্য (কাপ্তাই, লামা, রামগড়, পটিয়া) উপজেলা তথ্য অফিসের বিভিন্ন পর্যায়ের ৬৮ জন কর্মকর্তা এবং সদর দপ্তরের কর্মকর্তাগণ যুক্ত হন। যারা প্রধানত সরকারের নীতি, কৌশল, প্রেক্ষিত পরিকল্পনাসহ বিভিন্ন পরিকল্পনা এবং উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে আন্ত:ব্যক্তিক মাধ্যমে প্রয়োজনীয় বার্তা দিয়ে থাকেন।

কর্মশালার সভাপতি গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার জানান, বৃটিশ ভারতে ১৯২৪ সালে প্রতিষ্ঠার পর থেকে নানা আবর্তনের মধ্য দিয়ে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় সরকারের এই সংস্থাটি আজকের পর্যায়ে এসে পৌঁছেছে। তিনি এও বলেন, সরকারের উন্নয়ন কাজের তথ্যাদি প্রচারের পাশাপাশি বিভিন্ন দূর্যোগের সময় বিশেষ করে করোনা মহামারি পরিস্থিতিতে তথ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীরা অবিরাম কাজ করে যাচ্ছে।

এছাড়া কর্মশালায় যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তিৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) এবং এই প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. আনছার আলী প্রকল্পটির নানা দিক তুলে ধরে এর বাস্তবায়নে মূল্যবান মতামত ও পরামর্শ দেন।

পরিশেষে, প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ ভার্চুয়ালি যুক্ত হওয়া সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি টানেন কর্মশালার সঞ্চালক গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মো: মনিরুজ্জামান।