Tag Archives: পুলিশ কনস্টেবলের

দেবিদ্বারে চোর ধরতে গিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

দেবিদ্বারে চোর ধরতে গিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

দেবিদ্বারে চোর ধরতে গিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চোর ধরতে গিয়ে পুলিশ কনস্টেবল মো. মহিউদ্দিন ভূঁইয়া মারা গেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন দেবিদ্বার থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি মুরাদনগর উপজেলার গাইডুলি গ্রামের সাঈদুর রহমানের ছেলে।

দেবিদ্বার থানার ওসি শামস উদ্দিন মো. ইলিয়াস ঘটনাটি নিশ্চিত করে জানান, দেবিদ্বার উপজেলার বারুর এলাকায় রুবেল মিয়া নামের এক চোরকে স্থানীয় লোকজন আটক করে মারধর করে। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। চোরের অসুস্থতা বিবেচনায় তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ওসি আরও বলেন, হাসপাতালের গেটে একটি অটোরিকশা থেকে চোরকে নামানোর সময় সে দৌড়ে পালিয়ে যায়। তাকে আটক করতে গিয়ে পুলিশ কনস্টেবল মহিউদ্দিনসহ অন্যরা পিছু ধাওয়া করে। এক পর্যায়ে মহিউদ্দিন রাস্তায় পড়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (২৯ জানুয়ারি) তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইব্রাহিম বলেন, পুলিশ সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ থানায় নিয়ে গেছে।