Tag Archives: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দিলেন সৌদি আরব

 

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্গানাইজেশন অব ইসলামিক কো-
অপারেশনের (ওআইসি) ১৪তম সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে সৌদি আরবে পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৫১২) স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫টা ২৫ মিনিটে বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি গোলাম মসিহ এবং জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী বিমান বন্দরে পৌঁছালে সৌদি সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সেখান থেকে প্রধানমন্ত্রী ওআইসি সম্মেলনে যোগ দিতে মক্কা যাবেন।

এর আগে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-১৫১২) টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাবা ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী জাপান অবস্থানকালে দুই দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের একটি সহযোগিতা চুক্তি সই হয়। তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেন।

চুক্তি স্বাক্ষর শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী টোকিওতে ২৫তম নিক্কেই আন্তর্জাতিক সম্মেলনে অন্যতম প্রধান বক্তার বক্তৃতা করেন। এ ছাড়া তিনি প্রবাসী বাংলাদেশিদের একটি সংবর্ধনা অনুষ্ঠানসহ বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী ত্রিদেশীয় সফরের উদ্দেশে ২৮ মে ঢাকা ত্যাগ করেন। সৌদি থেকে তিনি ফিনল্যান্ড যাবেন। ৮ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ – শিক্ষামন্ত্রী

মাসুদ হোসেন, চাঁদপুর

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা বিশ্বব্যাপী ‘মুজিব বর্ষ’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যে ব্যাপক আয়োজনে দিবসটি পালনের লক্ষ্যে বেশ কয়েকটি কমিটি গঠনের কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের শিখরে এগিয়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ।

রবিবার (১৭ মার্চ) সকালে চাঁদপুর শহরের অঙ্গীকারের পাদদেশে জাতির জনকের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে শোভাযাত্রাপূর্বক এক সমাবেশে ডা. দীপু মনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে, জাতীয় শিশু দিবস এবং জাতির জনকের ৯৯তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের হাসান আলী স্কুল মাঠ থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনাসভায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেল আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।