Tag Archives: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ শিক্ষামন্ত্রী

‘স্বাধীনতাবিরোধীদের হাতে ক্ষমতা থাকায় দেশের উন্নয়ন সম্ভব হয়নি’

ডেস্ক রিপোর্টঃ

স্বাধীনতাবিরোধীদের সঙ্গী করে যারা ক্ষমতায় এসেছিল, তারা দেশের উন্নয়নে আন্তরিক ছিল না বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যে দেশের ক্ষমতা, স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী আর খুনিদের হাতে থাকে, সে দেশের উন্নতি কখনও সম্ভব না। বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতাবিরোধী চক্র ও জাতির পিতার খুনিরা দেশের ক্ষমতায় আরোহণ করে। এই শক্তি দেশের স্বাধীনতা চায়নি, এরা দেশের উন্নয়নে আন্তরিক ছিল না। তাই উন্নয়ন করতে পারেনি।’

সোমবার (১৫ মার্চ) বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বিআইডিএফ’-এর উদ্বোধন করেন। অন্যদিকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মূলত স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হয়। যে চেতনা, চিন্তা ও আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেখান থেকে বাংলাদেশে দূরে সরে যায়। মূলত স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জাতির পিতার খুনিরাই রাষ্ট্র ক্ষমতায় ছিল। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি তারা এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন বা উন্নয়নের কাজ করবে কেন? তারা তা পারেনি। এ দেশে ধারাবাহিক গণতন্ত্র চলেনি। মিলিটারি ডিক্টেটররা সময় সময় কখনও অভার্টলি কখনও কভার্টলি অর্থাৎ কখনও দৃশ্যমান হয়ে কখনও অদৃশ্যভাবে রাষ্ট্র পরিচালনা করেছে বলে উল্লেখ করেন তিনি।

সরকার প্রধান বলেন, বর্তমান সরকারের উন্নয়ন চিন্তা, আন্তরিকতা এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন আমরা নিজস্ব বৈদেশিক মুদ্রা তহবিল করে আমাদের উন্নয়নের ক্ষেত্রে নিজস্ব অর্থায়নে সুযোগ সৃষ্টি করতে পারবো। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ জাতির পিতা গড়ে তুলেছিলেন এবং অর্থনৈতিক যাত্রা শুরু করেছিলেন। অর্থনৈতিক উন্নয়নের যে যাত্রা শুরু করেন, দুর্ভাগ্য যে সেটা তিনি শেষ করে যেতে পারেননি।

তিনি আরও বলেন, ২১ বছর পর যখন আওয়ামী লীগ সরকার আসে, তখন থেকে আমাদের প্রচেষ্টা এ দেশটাকে এগিয়ে নেওয়ার। প্রথম পাঁচ বছর চেষ্টা করেছিলাম, অনেক দূর এগিয়েছে। তারপর আট বছর ক্ষমতায় থাকতে পারিনি। দ্বিতীয়বার যখন ক্ষমতায় এলাম তারপর থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে সরকারে আছি বলেই আজকে দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা ভোট দিয়ে আমাদের তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আসলে উন্নয়নটা তখনই হবে দেশটাকে যদি কেউ চিনতে পারে, জানতে পারে, দেশের মানুষকে ভালোবাসতে পারে এবং উন্নতি যে অপরিহার্য, সেটা যদি কারও চিন্তা-চেতনায় থাকে তখনই সে দেশে উন্নতি সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সীমিত সম্পদ কিন্তু ভৌগোলিক সীমারেখার তুলনায় জনসংখ্যা অনেক বেশি। এদেশে ধারাবাহিক গণতন্ত্র চলেনি। মিলিটারি ডিক্টেটররা সময় সময় কখনও অভার্টলি কখনও কভার্টলি অর্থাৎ কখনও দৃশ্যমান হয়ে কখনও অদৃশ্যভাবেই রাষ্ট্র পরিচালনা করেছে। যে দেশের ক্ষমতা যুদ্ধাপরাধী আর খুনিদের হাতে থাকে সে দেশে উন্নতি হওয়া কখনও সম্ভব না।

সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করতে চেয়েছিলেন। আমাদের আশু করণীয় মধ্যমেয়াদি পরিকল্পনা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সুদূরপ্রসারী পরিকল্পনা। এভাবে যথাসাধ্য পরিকল্পনা নিয়ে পদক্ষেপ নিয়েছি বলেই আজকের বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আওয়ামী লীগ ছাড়া অতীতে যারা ক্ষমতায় এসেছিল, পঁচাত্তরের পর তাদের একটা প্রবণতা ছিল বিদেশিদের কাছে হাত পেতে চলা, ভিক্ষা চাওয়া। ঠিক নিজের মর্যাদা নিয়ে চলতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে, এই চিন্তাটাই তাদের ছিল না। এটা হলো বাস্তবতা।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখন আসছে, আমাদের চিন্তা হলো আত্মমর্যাদা নিয়ে চলতে হবে, দেশকে উন্নত করতে হবে। আমাদের উন্নয়নের মূল পরিকল্পনা হচ্ছে তৃণমূল পর্যায় পর্যন্ত পর্যাপ্ত অর্থ সরবরাহ করে একেবারে গ্রামের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।

আজকের বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে তিনি আরও বলেন, অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন ম্যাজিকটা কি? আমি বলি ম্যাজিক কিছুই না, ম্যাজিকটা হচ্ছে দেশপ্রেম। দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ এবং মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধই উন্নয়নের পেছনে চালিকাশক্তি হয়। যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে সুসংহত করা আর স্বাধীনতার সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষ প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে পৌঁছায়, সেজন্যই আমাদের শত চেষ্টা।

বঙ্গবন্ধু কন্যা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সব হারিয়েও দেশে আসতে পারিনি। ছয় বছর ধরে আসতে দেওয়া হয়নি। যখন আমাকে আওয়ামী লীগ সভানেত্রী করলো, তখন একরকম জোর করে দেশে ফিরলাম। এমন জায়গায় ফিরেছিলাম, খুনিরা যারা আমার বাবা-মা-ভাইদের হত্যা করেছে তারা রাষ্ট্রক্ষমতায়। তারা বিদেশি দূতাবাসের কূটনীতিক হিসেবে কাজ করছে। দেশের ভেতরে কেউ প্রেসিডেনসিয়াল ক্যান্ডিডেট হয়, কেউ আবার কাউকে ভোট চুরি করে পার্লামেন্টে বসায়। যুদ্ধাপরাধী যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন তারাও বিচরণ করছে। সেই পরিবেশে দেশে ফিরেছিলাম। একটা চিন্তা মাথায় নিয়ে, যে স্বপ্ন নিয়ে বাবা দেশ স্বাধীন করেছিলেন, সেটা পূরণ করতেই হবে।

দেশের মানুষের মুখে খাবার তুলে দেওয়া, উন্নত বাসস্থান, উন্নত চিকিৎসা নিশ্চিত, আধুনিক শিক্ষায় শিক্ষিত করা, সার্বিকভাবে এ দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করে তোলাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর উন্নয়ন ও ধারাবাহিকতায় দেশের প্রতিটি জনপদ আজ আলোয় ঝলমল করছে

 

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির চলমান ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটি জনপদ আজ আলোয় ঝলমল করছে বলে জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (০৯ জানুয়ারি) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ‘কর্মজীবনের কর্মশালা- তরুণদের কর্শদক্ষতা ও কর্ম-পরিকল্পনা উন্নয়ন বিষয়ক কর্মসূচি’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটি এই কর্মশালার আয়োজন করে। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদ দেশের উন্নয়ন এবং ইমেজকে চ্যালেঞ্জ করেছিল। কিন্তু মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসে সে বিষদাঁত ভেঙে দেয়া হয়েছে। সে কারণেই শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির চলমান ধারায় দেশের প্রতিটি জনপদ আজ আলোয় ঝলমল করছে।’

তিনি বলেন, জাতি আজ লোডশেডিংয়ের অভিশাপ থেকে মুক্ত হয়েছে। ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে সেবা খাত। বাংলাদেশে প্রযুক্তির ব্যবহার ও সুযোগ সুবিধা এখন বিশ্বমানের।

ছাত্র রাজনীতিকে সুনাম ও ঐতিহ্যের ধারায় ফিরিয়ে আসার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যারা এখনো তরুণদের পেট্রোল বোমা, আগুন সন্ত্রাস ও উগ্র সাম্প্রদায়িকতার পথে ঠেলে দিচ্ছে, তাদেরকে এসব নেতিবাচকতা থেকে বেরিয়ে আসাতে হবে।

তারুণ্যের শক্তিকে রাষ্ট্র নির্মাণে কাজে লাগাতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষা সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার ও ক্রীড়া চর্চার মাধ্যমে সামাজিক মূল্যবোধের কাজ করছে।

মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। তারা রাজনীতিতে না এলে রাজনীতি মেধাশূণ্য হয়ে পড়বে। চরিত্রবানরা রাজনীতিতে না এলে রাজনীতি চরিত্রহীনদের হাত চলে যাবে।

শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল খালেকের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সামছুন্নাহার চাঁপা ও আওয়ামী লীগের গবেষণা সংস্থা ‘সিআরআই’ এর সদস্যরা।

আমরা যারা রাজনীতি করি, আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে

ডেস্ক রিপোর্ট:
ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন বিমান ‘ধ্রুবতারা’সহ বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আয়োজিতে উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মাহাবুব আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গণভবনপ্রান্তে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমদ কায়কাউস।

শুরুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সদ্য যুক্ত হওয়া নতুন ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’র নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়াও কেরানীগঞ্জে মহিলা কেন্দ্রীয় কারাগার, দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ২০টি ফায়ার স্টেশন, জেলা সদরে নবনির্মিত ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং একটি এলপিজি স্টেশন উদ্বোধন করেছেন তিনি।

ধ্রুবতারা: কানাডার প্রখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। এ উড়োজাহাজের এইইপিএ (হাই-ইফিশিয়েন্সি পার্টিকুলেট এয়ার) ফিল্টার প্রযুক্তি মাত্র ৪ মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে করে সম্পূর্ণ বিশুদ্ধ, যা যাত্রীদের করবে অধিকতর সতেজ ও নিরাপদ। এছাড়াও এ উড়োজাহাজে রয়েছে পর্যাপ্ত লেগস্পেস, এলইডি লাইটিং ও প্রশস্ত জানালা, যে কারণে ভ্রমণ হয়ে উঠবে অধিক আরামদায়ক।

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা ৩টি উড়োজাহাজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ দুটি যথাক্রমে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বিমান বহরে যুক্ত হবে। নতুন উড়োজাহাজ বহরে সংযোজনের মাধ্যমে অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আঞ্চলিক ও আন্তর্জাতিক গন্তব্যসমূহে বিমানের সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করা হবে।

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আমরা যারা রাজনীতি করি, আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে। তবে ২০০৭ সালে যেটা হয়েছে, ক্ষমতা ছাড়াও সবার আগে কিন্তু আমাকেই গ্রেপ্তার করা হয়েছিল। কাজেই সেটা আমরা জানি, রাজনীতি করতে গেলে এটা করতেই হবে। সেজন্য আমরা কারাগারগুলো উন্নত করে যাচ্ছি। নতুন কারাগার নির্মাণ করা হয়েছে কেরানীগঞ্জে। সেটা আমরা উদ্বোধন করেছি।

খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ

 

ডেস্ক রিপোর্টঃ

খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন।

খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এই ধরায় আগমন ঘটে।

অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে দিনটি উদযাপন করবেন।

আজ সরকারি ছুটির দিন। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।

বড়দিন উপলক্ষে গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। দিনটি উপলক্ষে অনেক খ্রিস্টান পরিবারে কেক তৈরি হবে, থাকবে বিশেষ খাবারের আয়োজন। দেশের অনেক অঞ্চলে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আসরও বসবে।

বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ দেখে বিশ্ববাসী অবাক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

 

ডেস্ক রিপোর্টঃ

পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে কম মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনায় বিশ্ব যেখানে প্রায় অচল সেখানে দেশের অর্থনীতি সচল রয়েছে। দেশের মানুষ কাজ করতে পারছেন। বাংলাদেশের করেনা নিয়ন্ত্রণ দেখে বিশ্ববাসীও অবাক হয়েছে। বিশ্বের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছেন। প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবও।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। ফলে দেশে করোনা এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তবে শীত আসায় করোনা আক্রান্তের সংখ্যা আবারো বাড়ছে। তাই করোনা থেকে বাঁচতে সবাইকে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, দড়গ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন বক্তব্য রাখেন।

বদল হয় না শেখ হাসিনার ভালবাসার রং

 

ডেস্ক রিপোর্টঃ

কখনো বদলায় না মাটি ও মানুষের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি একই রকম থাকেন। এই দুটি ছবি পাশাপাশি দেখলে বোঝা যায় শেখ হাসিনার মাটি ও মানুষের প্রতি ভালোবাসা। আর ভালোবাসার সেই রং কখনও বদল হয় না। যেখানে যে অবস্থায় থাকেন একই রকম ভালোবাসা এবং আবেগ দিয়ে কাজ করেন তিনি। মাটি ও মানুষকে তিনি ভালোবাসেন।

প্রথম ছবিটি টুঙ্গিপাড়ায় তখন তিনি বিরোধী দলের নেত্রী। ছবিটিতে দেখা যাচ্ছে টুঙ্গিপাড়ায় গাছ লাগাচ্ছেন তিনি। তখন তিনি ক্ষমতায় নেই।

দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, শেখ হাসিনা গণভবনে বৃক্ষরোপন করছেন। দুটি ছবির কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু সময় এবং অবস্থানের। একটিতে তিনি বিরোধীদলীয় নেত্রী, অন্যটিতে তিনি দেশের প্রধানমন্ত্রী। কিন্তু দুটি ছবি একটি কথাই বলে। মাটি ও মানুষের কাছাকাছি থাকতে তিনি পছন্দ করেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন কুমিল্লা বরুড়ার রাকিব উদ্দিন

 

এমডি.আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী শশইয়া গ্রামের সন্তান রাকিব উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রী লাভ করেন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্ট্রাল “ল” কলেজ থেকে এলএলবি ডিগ্রি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল(বিইউপি) থেকে এলএলএম ডিগ্রী লাভ করেন। তিনি সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে জাতীয় সংসদ নির্বাচনসহ আওয়ামী লীগের ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ঢাকা আলিয়া মাদ্রাসা পড়ার সময় ঢাকা আলিয়াকে শিবির মুক্ত ক্যাম্পাস করতে জীবনের ঝুঁকি নিয়ে পরিপূর্ণ শিবির এবং ছাত্রদল মুক্ত ক্যাম্পাস করতে গিয়ে কয়েকবার আহত হন।

রাকিব উদ্দিনের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার। বরুড়ার ঝলম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক থেকে ঢাকা মহানগর দক্ষিণেরসহ সম্পাদক, সহ-সভাপতি,আওয়ামী আইন ছাত্র পরিষদ,কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, উপ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এবং সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।সারা বাংলাদেশের পরিচিত একজন ছাত্রনেতা হিসেবে পরিচিত রাকিব উদ্দিন।

রাকিব উদ্দিন বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যুবলীগের একজন কর্মী হিসেবে আমি সবসময় দলের জন্য কাজ করে যেতে চাই। সবাই দোয়া করবেন আমার জন্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। সেখানকার নিভৃত পল্লীতেই শৈশব কৈশোর কেটেছে ক্রমে রাষ্ট্রনায়ক হয়ে ওঠা শেখ হাসিনার। গ্রামের সহজ জীবন ও নির্মল প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠা শেখ হাসিনা এখন প্রভাবশালী বিশ্বনেতাদের একজন। পিতার স্বপ্নের স্বাধীন দেশ গড়ার দায়িত্ব নিয়ে এগিয়ে চলছেন তিনি। একই সঙ্গে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেন রেকর্ড সময় ধরে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। তবে করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট পরিস্থিতির কারণে নিজের জন্মদিনের কোনো আনুষ্ঠানিকতায় সায় দেননি প্রধানমন্ত্রী।

এজন্য দলীয়ভাবে মিলাদ মাহফিল ছাড়া বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। একইভাবে সারা দেশেও একই ধরনের কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হয়েছে।

আজ বিকাল সাড়ে ৩টায় আওয়ামী লীগের উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সীমিত সংখ্যক নেতৃবৃন্দের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়াও কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর এবং দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হবে। সকাল ৯টায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার (মেরুল বাড্ডা), সকাল ১০টায় খ্রিস্টান এসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস চার্চ (২৯ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০), সকাল ৬টায় তেজগাঁও জকমালা রাণীর গীর্জা এবং সকাল ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। একইদিনে ঢাকাসহ সারা দেশে সকল সহযোগী সংগঠন আলোচনা সভা, দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা ও আলোকচিত্র প্রদর্শনীসহ সকল কর্মসূচি যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে পালন করবে।

শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয় টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) নির্বাচিত হওয়ার পর তিনি তার পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। পুরনো ঢাকার মোগলটুলির রজনী বোস লেনে বসবাস শুরু করেন। পরে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হলে আবাস স্থানান্তরিত হয় ৩ নম্বর মিন্টো রোডের সরকারি বাসভবনে। ১৯৫৬ সালে শেখ হাসিনা ভর্তি হন টিকাটুলির নারীশিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে। ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বর রোডের বাড়িতে বসবাস শুরু করেন ১৯৬১ সালের ১লা অক্টোবর। এ সময় শেখ হাসিনা ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬৭ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন ঢাকার বকশী বাজারের পূর্বতন ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে। কলেজে অধ্যয়নকালে তিনি কলেজ ছাত্র সংসদের সহ-সভানেত্রী (ভিপি) পদে নির্বাচিত হন। একই বছর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করায় কিশোর বয়স থেকেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার রাজনীতিতে পদচারণা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনে তৎকালীন পূর্ব পাকিস্তানে সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেত্রী হিসাবে তিনি আইয়ুববিরোধী আন্দোলন এবং ৬ দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু উত্থাপিত ৬ দফা দাবিতে তদানীন্তন পূর্ব পাকিস্তানে এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়। শাসকগোষ্ঠী ভীত-সন্ত্রস্ত হয়ে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। শুরু হয় প্রচণ্ড দমন-নির্যাতন-নিপীড়ন। আটক থাকা অবস্থাতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানি শাসকগোষ্ঠী দায়ের করে আগরতলা ষড়যন্ত্র মামলা। তার জীবন ও পরিবারের ওপর নেমে আসে গভীর শঙ্কা, অনিশ্চয়তা ও অসহনীয় দুঃখ-কষ্ট। এই ঝড়ো দিনগুলোতেই, কারাবন্দি পিতার আগ্রহে ১৯৬৭ সালের ১৭ই নভেম্বর পরমাণু বিজ্ঞানী ড. এম. এ ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিন পর শুরু হয় বাঙালি জাতির ১১ দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান। শেখ হাসিনা ছাত্রলীগ নেত্রী হিসেবে তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

১৯৭১ সালের ২৫শে মার্চের কাল রাতে বঙ্গবন্ধুকে যখন পাকহানাদার বাহিনী গ্রেপ্তার করে পাকিস্তানের করাচিতে নিয়ে যায় তখন বঙ্গবন্ধুর গোটা পরিবারকে ঢাকায় ভিন্ন একটি বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭শে জুলাই গৃহবন্দি থাকাবস্থায় শেখ হাসিনার প্রথম সন্তান সজীব ওয়াজেদ জয় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ১৭ই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনি মুক্ত হন। ১৯৭২ সালের ৯ই ডিসেম্বর তার কন্যা সন্তান সায়মা ওয়াজেদ পুতুল জন্ম লাভ করেন। ১৯৭৩ সালে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫-এর ১৫ই আগস্ট কালরাতে ঘাতকের নির্মম বুলেটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এ সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ই ফেব্রুয়ারি ঢাকার ইডেন হোটেলে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে জাতির এক ক্রান্তিলগ্নে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। ডাক আসে দেশ-মাতৃকার হাল ধরার। সামরিক শাসকদের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ই মে দেশে ফিরে আসেন তিনি। এরপর দীর্ঘ ২১ বছর ধরে সামরিক জান্তা, স্বৈরশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে চলে একটানা অকুতোভয় সংগ্রাম। জেল-জুলুম, অত্যাচার কোনো কিছুই তাকে টলাতে পারেনি এক বিন্দু। ১৯৯৬ সালের ১২ই জুনের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকন্যা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনের পর বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করেন তিনি। ২০০৪ সালের একুশে আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে চালানো হয় নারকীয় গ্রেনেড হামলা। এ হামলায় গুরুতরভাবে আহত হলেও প্রাণে বেঁচে যান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ১৬ই জুলাই নিজ বাসভবন সুধাসদন থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। জাতীয় সংসদ এলাকায় একটি অস্থায়ী কারাগারে তাকে বন্দি করে রাখা হয়। তার বিরুদ্ধে দায়ের করা হয় একের পর এক ষড়ন্ত্রমূলক মিথ্যা মামলা।

২০০৮ সালের ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। অর্জিত হয় ঐতিহাসিক বিজয়। এককভাবে আওয়ামী লীগই লাভ করে তিন চতুর্থাংশের বেশি আসন। ২০১৪ সালের ৬ই জানুয়ারি দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন শেখ হাসিনা। ২০১৮ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। টানা তৃতীয় মেয়াদে চতুর্থবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব নেন শেখ হাসিনা।

শিল্প সংস্কৃতি ও সাহিত্য অন্তঃপ্রাণ শেখ হাসিনা লেখালেখিও করেন। তার লেখা এবং সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৩০টিরও বেশি। প্রকাশিত অন্যতম বইগুলো হচ্ছে- শেখ মুজিব আমার পিতা, সাদা কালো, ওরা টোকাই কেন, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, দারিদ্র্য দূরীকরণ, আমাদের ছোট রাসেল সোনা, আমার স্বপ্ন আমার সংগ্রাম, সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, বিপন্ন গণতন্ত্র, সহেনা মানবতার অবমাননা, আমরা জনগণের কথা বলতে এসেছি, সবুজ মাঠ পেরিয়ে ইত্যাদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হর্ষবর্ধন শ্রিংলার

 

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার বিকেলে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং উপ-আঞ্চলিক সংযোগ (কানেকটিভিটি) সম্পর্কিত বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সম্পর্কে এ সময় আলোকপাত করেন। করোনাভাইরাস প্রতিরোধের সতর্কতা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতিমধ্যেই করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য একটি হাসপাতালের ব্যবস্থা রেখেছে। তিনি বলেন, ‘যদি কেউ করোনাভাইরাস আক্রান্ত হয় তখন তাকে চিকিৎসার জন্য ওই হাসপাতালে স্থানান্তর করা হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর শুভেচ্ছা পৌঁছে দিতে বলেন।

ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশের আর্থ সামাজিক সূচকগুলোর উন্নয়ন; বিশেষ করে শিশু মৃত্যুর হার হ্রাস থেকে নারী শিক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সাক্ষরতায় চমকপ্রদ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নেরও প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করলেন পাকিস্তানের ইমরান খান

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তার চোখের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ বুধবার টেলিফোন করেন ইমরান খান। এসময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে কুশল বিনিময় হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন।

শেখ হাসিনা চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।