Tag Archives: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ বিএনপির মেরুদণ্ডহীন রাজনীতির বহিঃপ্রকাশ: ওবায়দুল কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

বিদেশিদের কাছে নালিশ আর প্রকাশ্যে বিভিন্ন দূতাবাসে সাহায্য চাওয়াই বিএনপির মেরুদণ্ডহীন রাজনীতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই। এমন নজির রয়েছে বিএনপির। তারা কথায় কথায় দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে, আর দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের অনুরোধ করে।

‘বিএনপি দেশকে পরনির্ভরশীল ও নতজানু হিসেবে দেখতে চায়, তাঁবেদার হয়ে থাকতে চায়। অন্যদিকে আওয়ামী লীগ চায় দেশকে মর্যাদাশীল, সমৃদ্ধ অবস্থানে উন্নীত করতে।’

বাংলাদেশের সীমানায় মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনার শুরুতেই বাংলাদেশ মিয়ানমারের কাছে জবাব চেয়েছিল ও প্রতিবাদ জানিয়েছিল। সে দেশের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।

‘তখন মিয়ানমার জানিয়েছিল, মর্টার শেলটি ভুলক্রমে বাংলাদেশের সীমানায় গিয়ে পড়ে। ভবিষ্যতে তারা সতর্ক থাকবেন বলে বাংলাদেশকে জানিয়েছিলেন। আবারও একই ঘটনা ঘটায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি আন্তর্জাতিক আইন ও প্রটোকলের আলোকে খতিয়ে দেখছে।‘

এ ঘটনা মিয়ানমারের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে তাদের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ফলে ভুলক্রমে ঘটেছে, নাকি উস্কানিমূলক তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। এদেশের প্রতি ইঞ্চি মাটি শেখ হাসিনার সরকারের কাছে নিজের অস্তিত্বের মতো। বাংলাদেশ চায় যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান। প্রধানমন্ত্রী গতকালও লন্ডনে এ বিষয়ে কথা বলেছেন।

ওবায়দুল কাদেরের মতে, নানান অপকর্মের জন্য দেশের মানুষ এখনো বিএনপির ওপর ক্ষুব্ধ। দলটি আবারও সন্ত্রাসের পথে হাঁটছে, উস্কানি দিচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশকে।

তিনি বলেন, বিএনপি নেতারা একদিকে বলছেন, তাদের সুযোগ দেওয়া হচ্ছে না। আবার যখন সুযোগ পান, তখন তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন না করে সন্ত্রাসের পথ বেছে নিচ্ছেন।

‘তারা পুলিশকে আক্রমণের টার্গেট করে নিয়েছে। বিএনপিকে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।’

এর আগে ওবায়দুল কাদেরের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিস্কি।

এসময় মিয়ানমারে বাংলাদেশে সড়ক উন্নয়নে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি তারা বৈশ্বিক পরিস্থিতি ও দুই দেশের মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

ফেসবুক লাইভে এসে ওবায়দুল কাদেরের স্ত্রীর বিরুদ্ধে হত্যা-ষড়যন্ত্রের অভিযোগ কাদের মির্জার

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রীর ছোট ভাই আবদুল কাদের মির্জা। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে ফেসবুক লাইভে এসে ভাবির বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি।

লাইভে তিনি অভিযোগ করেন, ‘আমার বিরুদ্ধে আজ যে চক্রান্ত-ষড়যন্ত্র চলছে, আমার নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে তাণ্ডব চলছে, আমাকে গুলি করে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছে এ প্রেক্ষাপটে আমি আপনাদের সঙ্গে কিছু খোলামেলা কথা বলে যেতে চাই। এ সুযোগ হয়তো আমার আর থাকবে না। আমার জীবন অবসান ঘটবে, আমাকে হয়তো কারাগারে নিক্ষেপ করবে। কিন্তু আমার সাথে ইনশাআল্লাহ, আল্লাহ আছে। বাংলাদেশের ৯০ ভাগ মানুষ আমার পক্ষে আছে। ইনশাআল্লাহ, আমি কোনো কিছুকে ভয় করি না। দুঃখজনক হলেও সত্য, আজকে যে তাণ্ডব আমার ওপর চলছে, আমার কর্মীদের ওপর চলছে, আজকে যে অস্ত্রবাজি আমার ওপর হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সহধর্মিনী ইসরাতুন্নেসা কাদের সমস্ত ঘটনা আজকে পরিচালনা করছে। তার নেতৃত্বে সবকিছু হচ্ছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ করে আমার বিরুদ্ধে এবং আমার কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে এবং আমাকে হত্যার পরিকল্পনা করেছে। তার অংশ হিসেবে দীর্ঘদিন পর্যন্ত এখানে আমার ওপর অত্যাচার চলছে, নির্যাতন চলছে, আমার কর্মীদের নির্যাতন চলছে।’

তিনি বলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সাহেব ভালো মানুষ। আমি উনাকে জানিয়েছি এখানে থানার ওসি ও তদন্ত অফিসারের নেতৃত্বে ও এসপির নির্দেশে ওই সন্ত্রাসীদের একটা চক্রকে নিয়ে আমার কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করছে ডিবি পুলিশ। অথচ আমার মামলাগুলোয় এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করা হয়নি। কিন্তু, আমার ২০ জন নেতা-কর্মীকে এরইমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরও দাবি করেন, তাদের লোকজন এখানে ঘোরাফেরা করছে। একরাম চৌধুরীর বউ এবং তার ছেলে শাবাব, তারপর সম্রাট একটা ছেলে আছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে গুলি করে হত্যা করবে। একটা লাশ ফেলার আগেও সিদ্ধান্ত নিয়েছিল। আবারও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা এখনও করে যাচ্ছে।

কাদের মির্জা লাইভে দাবি করেন, ‘আমি আজকে বলবো এসব ঘটনার সঙ্গে জড়িত প্রশাসনে যারা আছে নোয়াখালীর এসপি, ডিবির ওসি, কোম্পানীগঞ্জ থানার ওসি এবং তদন্ত কর্মকর্তা এ চারজনকে প্রত্যাহার করে নিতে হবে। তাদেরকে যদি প্রত্যাহার করে না নেওয়া হয়, উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব নিতে হবে।’

মির্জা কাদের আরও বলেন, আমি গত তিনমাস ধরে বলে যাচ্ছি, ওবায়দুল কাদের সাহেবের স্ত্রী নিজাম হাজারী, একরাম চৌধুরীর সন্ত্রাসীদের দিয়ে, আমাকে হত্যা করার জন্য অথবা আমার কর্মীদের হত্যা করার জন্য, না হয় তাদের একজন কর্মীকে হত্যা করে আমার কর্মীদের ফাঁসানোর জন্য আমাদের বিরুদ্ধে মামলা দেবে। আমার অপরাধ আমি নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে বলেছি, টেন্ডারবাজির বিরুদ্ধে বলেছি, আমি চাকরি বাণিজ্যের বিরুদ্ধে বলেছি। এ কারণে মন্ত্রীর স্ত্রী ইসরাতুন্নেসা কাদের এর নেতৃত্বে তারা আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ঢা কা থেকে প্রশাসন নিয়ন্ত্রণ করছে জাহাঙ্গীর নামে একটা ছেলে। সে লুটপাট করে খাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আজকে জাহাঙ্গীর এবং জুয়েল মন্ত্রীর স্ত্রীর নির্দেশে সব করছে। তার প্রশ্ন, আজকে কোম্পানীগঞ্জে কী চলছে, কারা আওয়ামী লীগের পরিচয় দিচ্ছে?

প্রধানমন্ত্রীর উন্নয়ন ও ধারাবাহিকতায় দেশের প্রতিটি জনপদ আজ আলোয় ঝলমল করছে

 

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির চলমান ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটি জনপদ আজ আলোয় ঝলমল করছে বলে জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (০৯ জানুয়ারি) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ‘কর্মজীবনের কর্মশালা- তরুণদের কর্শদক্ষতা ও কর্ম-পরিকল্পনা উন্নয়ন বিষয়ক কর্মসূচি’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটি এই কর্মশালার আয়োজন করে। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদ দেশের উন্নয়ন এবং ইমেজকে চ্যালেঞ্জ করেছিল। কিন্তু মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসে সে বিষদাঁত ভেঙে দেয়া হয়েছে। সে কারণেই শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির চলমান ধারায় দেশের প্রতিটি জনপদ আজ আলোয় ঝলমল করছে।’

তিনি বলেন, জাতি আজ লোডশেডিংয়ের অভিশাপ থেকে মুক্ত হয়েছে। ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে সেবা খাত। বাংলাদেশে প্রযুক্তির ব্যবহার ও সুযোগ সুবিধা এখন বিশ্বমানের।

ছাত্র রাজনীতিকে সুনাম ও ঐতিহ্যের ধারায় ফিরিয়ে আসার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যারা এখনো তরুণদের পেট্রোল বোমা, আগুন সন্ত্রাস ও উগ্র সাম্প্রদায়িকতার পথে ঠেলে দিচ্ছে, তাদেরকে এসব নেতিবাচকতা থেকে বেরিয়ে আসাতে হবে।

তারুণ্যের শক্তিকে রাষ্ট্র নির্মাণে কাজে লাগাতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষা সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার ও ক্রীড়া চর্চার মাধ্যমে সামাজিক মূল্যবোধের কাজ করছে।

মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। তারা রাজনীতিতে না এলে রাজনীতি মেধাশূণ্য হয়ে পড়বে। চরিত্রবানরা রাজনীতিতে না এলে রাজনীতি চরিত্রহীনদের হাত চলে যাবে।

শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল খালেকের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সামছুন্নাহার চাঁপা ও আওয়ামী লীগের গবেষণা সংস্থা ‘সিআরআই’ এর সদস্যরা।