Tag Archives: ব্যর্থ হলে

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে অনেক বড় ধরনের বিদ্রোহ হবে: উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে অনেক বড় ধরনের বিদ্রোহ হবে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়, তাহলে দেশে অনেক বড় ধরনের বিদ্রোহ ঘটবে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনের আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

জ্বালানি উপদেষ্টা আরও বলেন, “যদি এবার আমরা ব্যর্থ হই, তবে অনেক বড় বিদ্রোহ হতে পারে। অনেকে মনে করেন এটি একবারের ঘটনা, কিন্তু এটি একেবারেই একবারের ঘটনা নয়। মানুষের মধ্যে এখনও পূর্ণ মাত্রায় ক্ষোভ রয়েছে।”

তিনি জানান, পাবলিক সেক্টরে দুর্নীতি ও অনিয়মের জন্য সাধারণত রাজনীতিবিদদের দোষ দেওয়া হয়, তবে তাদের সহায়তায় কারা কাজ করছে? তিনি বলেন, “ব্যাংকগুলো যেভাবে ফাঁকা করেছে, সেগুলো কি রাজনীতিবিদরা চুরি করে নিয়ে গেছেন? এসব কি তাদের একার কাজ? বিদেশে পাচার করা অর্থের সহযোগী কারা? এটি একটি গভীর সংকট।”

ফাওজুল কবির আরও বলেন, বড় প্রকল্প গ্রহণের আগে সেগুলোর রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত। তিনি উদাহরণ হিসেবে পদ্মা সেতু এবং কর্নফুলি টানেলের কথা উল্লেখ করে বলেন, “এসব প্রকল্পে রাজস্ব আয়ের চেয়ে খরচ বেশি হচ্ছে, যা অপচয়ের মতো।” তিনি বলেন, খুলনার রূপসা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৮ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু সেখানে গ্যাসের কোনো ব্যবস্থা নেই। এছাড়াও পদ্মা রেল ব্রিজের খরচ ৪১ হাজার কোটি টাকা হলেও, শেষ মুহূর্তে কয়েক হাজার কোটি টাকা কমানো হয়েছে, এবং রাজস্ব হিসেবে বছরে ১৪০০ কোটি টাকা দেখানো হলেও, ৬ মাসে মাত্র ৩৭ কোটি টাকা এসেছে। এসব প্রকল্পের সমর্থনে যা দেখানো হয়েছে তা অপচয় ছাড়া কিছু নয়। এসবের দায় শুধু রাজনীতিবিদদের নয়, এখানে সরকারি কর্মকর্তারাও জড়িত।

ফাওজুল কবির বলেন, “বড় প্রকল্প গ্রহণের আগে তার রাজস্ব কতটা আসবে, তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু ও কর্নফুলি টানেলে এটি দেখা হয়নি, এ কারণেই এখান থেকে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে।”

তিনি আরও জানান, সাধারণ চাকরির জন্য বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে না। তবে বিদেশি এবং অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে দেশের বিভিন্ন সেক্টরে মানবসম্পদের অভাব রয়েছে, তাই বিদেশিদের শুধুমাত্র বড় পদের জন্য বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস-উর রহমান, ড্যাফোডিল ফ্যামিলি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) চেয়ারম্যান ড. মো. সবুর খান, সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ-ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম।

হাইকমিশনে নিরাপত্তা দিতে

হাইকমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জাতিসংঘের সহায়তা নিতে পারে: আসিফ

হাইকমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জাতিসংঘের সহায়তা নিতে পারে: আসিফ

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, যদি ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাইতে পারে।

সোমবার (২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা তার পোস্টে আরও লেখেন, সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে সৈন্য সহায়তা বৃদ্ধি করে সহযোগিতা করতে পারে বাংলাদেশ।

এর আগে সোমবার দুপুরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলার ঘটনা ঘটে। বিশ্ব হিন্দু পরিষদসহ ভারতের বিভিন্ন ডানপন্থি সংগঠনের শতাধিক সদস্য এ হামলা চালায়। এই হামলাকে ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি গভীরভাবে দুঃখজনক।

বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনাকে কোনো অবস্থাতেই হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশ ডেপুটি ও সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।