,

চেক জালিয়াতি মামলায় মুরাদনগর উপজেলা ভাইস চেয়ারম্যানের এক বছর কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
September 21, 2017
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার ইউরো টাইলস্ এন্ড স্যানিটারির স্বত্বাধিকারী মো: নজির আহমেদ টাইলস্ সরবরাহের জন্য নগরীর পুলিশ লাইন এলাকার জেরিন এন্টারপ্রাইজের মালিক ও মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকারকে ১৩ লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে টাইলস্ সরবরাহ না করে তিনি টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করা হলে ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর নজির আহমেদকে ১৩ লাখ টাকার একটি চেক প্রদান করেন রফিকুল ইসলাম। ওইদিন টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গেলে হিসাবে টাকা না থাকায় চেকটি ডিজ অনার করা হয়। পরে টাকা ফেরত না পাওয়ায় ওই বছরের ১৮ নভেম্বর নজির আহমেদ বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার কুমিল্লার ২য় আদালতের যুগ্ম দায়রা জজ শায়লা শারমিন এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও চেকে বর্ণিতসহ মোট ১৫ লক্ষ টাকা জরিমানা করেন। একই মামলায় গত বছরের ১৩ জুন কুমিল্লার ১ম আদালতের যুগ্ম দায়রা জজ মোহাম্মদ ফারুক তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ড ও চেক বর্ণিত ১৩ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রধান করেছিলেন।