Tag Archives: মরক্কো

গ্রামের সবাইকে বাঁচিয়ে দিলো একটি বিয়ে

গ্রামের সবাইকে বাঁচিয়ে দিলো একটি বিয়ে

ডেস্ক রিপোর্ট:

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে গত শুক্রবার আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছেন। যারা মারা গেছেন তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে ধসে পড়া বাড়ি-ঘরের নিচে চাপা পড়ে।

তবে ভূমিকম্পের উৎপত্তিস্থলের খুব কাছে থাকা আদাসিল অঞ্চলের ইগহিল এনটাগোমোত গ্রামে— ভূমিকম্পে কোনো মানুষের মৃত্যু হয়নি। যদিও ওই গ্রামের প্রায় সব বাড়ি-ঘর ভূমিকম্পে পুরো ধসে পড়েছে।

ভূমিকম্পের সময় ওই গ্রামবাসীরা একটি বিয়ে পূর্ববর্তী অনুষ্ঠানে কনে বাড়িতে গিয়েছিলেন। সেখানে উন্মুক্তস্থানে স্থানীয় সংগীত ও অন্যান্য আয়োজন উপভোগ করছিলেন তারা। আর তখনই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে পুরো গ্রাম।

বিয়ে বাড়িতে সে সময় অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। সেসব মোবাইল ফোনে ভূমিকম্পের বিষয়টি ওঠে আসে। ওই সময় সেখানকার আমন্ত্রিত অতিথিদের ভয়ে-আতঙ্কে চিৎকার ও চেঁচামেচি করতে শোনা যায়।

অনুষ্ঠানে আগত এক অতিথি ভূমিকম্প আঘাত হানার আগ থেকেই ভিডিও করছিলেন। সেই ভিডিওতে দেখা যায় সংগীত শিল্পীরা দেশটির ঐতিহ্যবাহী পোশাক পরে বাঁশি ও ছাগলের চামড়ার তৈরি ড্রাম বাজাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই সেখানে হৈ-হুল্লোড় ও মানুষের আর্তনাদ শুরু হয়।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্প আঘাত হানার পরের দিন অর্থাৎ শনিবার ৩০ বছর বয়সী মোহাম্মদ বাওদাদের সঙ্গে ২২ বছর বয়সী হাবীবা আজদিরের বিয়ের দিন ধার্য্য করা হয়েছিল। আর সেখানকার রীতি অনুযায়ী, বিয়ের আগের দিন কনের বাড়িতে বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই বিয়ের আয়োজনই সৌভাগ্যক্রমে তাদের ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছে।

সূত্র: রয়টার্স

মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প, ২৯৬ জন নিহত

মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প, ২৯৬ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পে দেশটিতে ২৯৬ জন নিহত হয়েছেন।

এতে ১৫৩ জনের বেশি আহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস জানান, মারাকাশ শহরের ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর গভীরতা ছিল ১৮ দশমিক পাঁচ কিলোমিটার। ভূমিকম্পটি ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল। ৫০০ বছরের মধ্যে ওই এলাকায় এত বড় ভূমিকম্প হয়নি।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পে আল-হাউজ, মারাকেশ, ওয়ারজাজেট, আজিলাল, চিচাউয়া এবং তারউদান্ত প্রদেশ এবং পৌরসভাগুলিতে হতাহতের সংখ্যা বেশি।

ভূমিকম্পে ধসে গেছে রাবাত ও মারাকাশের বহু বাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে ধসে যাওয়া বাড়ি, রাস্তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, ভূমিকম্পের ফলে অনেক ভবনের দেয়াল ফেটে গেছে। আতঙ্কে মানুষ সারারাত রাস্তায় রাত কাটাচ্ছেন।

মারাকাশের বাসিন্দা আব্দেলহক এল আমরানি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, আমি ভবন নড়তে দেখছিলাম। তখন আমি বাইরে বের হয়ে দেখি রাস্তায় অসংখ্য মানুষ। মানুষ আতঙ্কিত ও হতবিহ্বল হয়ে পড়েছিল। শিশুরা কান্নাকাটি করছিল। ভূমিকম্পের পর ১০ মিনিটের জন্য বিদ্যুৎসহ মোবাইল নেটওয়ার্ক চলে গিয়েছিল। বিদ্যুৎ এলেও কেউ আর নিজ ঘরে ফেরেননি।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, এ ভূমিকম্পে বেশিরভাগ প্রাণহানি পাহাড়ি এলাকায় হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

অ্যাটলাস পর্বতমালায় ‘তির্যক-বিপরীত ফল্টিং’ এ ভূমিকম্পের কারণ বলে ব্যাখ্যা করেছে ইউএসজিএস। স্পেন ও পর্তুগালেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

 

খবর বিবিসির