Tag Archives: মিজানুর রহমান আজহারী

৫ বছর পর মাহফিলের মঞ্চে

৫ বছর পর মাহফিলের মঞ্চে মিজানুর রহমান আজহারী

৫ বছর পর মাহফিলের মঞ্চে মিজানুর রহমান আজহারী

ডেস্ক রিপোর্ট:

মাওলানা মিজানুর রহমান আজহারী পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে তিনি আবার দেশের মাহফিলের মঞ্চে উপস্থিত হবেন।

এর আগে ২০২০ সালের শুরুতে মাহফিল থেকে বিরতি নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। ওই বছরের ২৯ জানুয়ারি নিজের ফেসবুক পেজে একটি পোস্টে লেখেন, “পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য” তিনি মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল স্থগিত করেছেন। তিনি আরও উল্লেখ করেন, “এ বছরের তাফসির প্রোগ্রামের এখানেই ইতি টানতে হচ্ছে। মার্চ পর্যন্ত বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবার দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।”

২০২০ সালে দেশ ছাড়ার পর গত চার বছর তিনি দেশে ফেরেননি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২ অক্টোবর দেশে ফিরে এক সপ্তাহ অবস্থান করেন। এরপর আবার মালয়েশিয়া চলে যান। এবার ২৬ ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন মাওলানা আজহারি। দেশের প্রতিটি বিভাগে মাহফিল করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

দেশে ফিরে ফেসবুকে একটি পোস্টে মাওলানা আজহারি লেখেন, “আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবার প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কোরআনের মহতী আয়োজনে অংশ নিচ্ছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারের পেকুয়া তাফসির ময়দানে আলোচনা করবো। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও লেখেন, “প্রতিটি বিভাগে একটি করে প্রোগ্রামে অংশ নেওয়ার ইচ্ছা আছে। রাব্বে কারিম যেন এই দাওয়াতি অভিযাত্রায় আমাকে অবিচল রাখেন। আমাদের প্রচেষ্টায় বারাকাহ দান করুন এবং প্রজন্মের মননশীল ক্ষুধা নিবারণে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তৌফিক দিন।”

২০২০ সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিলে কিছু হিন্দু ইসলাম গ্রহণ করলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে লক্ষ্মীপুরের আরেক মাহফিলে ১২ জন ভারতীয় নাগরিক তার হাতে ইসলাম গ্রহণ করেন। এই ঘটনাও ব্যাপক আলোড়ন তোলে। এরপর তৎকালীন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা আজহারিকে জামাত-সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলেন, যা নিয়ে তখন বেশ বিতর্ক হয়।

দেশে ফিরলেন

দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফেসবুকে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, প্রিয় মাতৃভূমিতে নিরাপদে এসে পৌঁছেছি। আল্লাহ এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর অনুরোধ।”

এর আগে ৬ জুলাই তারিখে একটি ফেসবুক লাইভে আজহারী বলেছিলেন, “অনেকে আমাকে মেসেজ ও ফোন করে জানতে চেয়েছেন, আমি কবে দেশে ফিরবো। আমি তাদের জানাতে চাই, আমি শিগগিরই দেশে ফিরবো এবং আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। আমি আশা করি খুব শিগগিরই একটি মুক্ত, মানবিক, সাম্যের বাংলাদেশে আপনাদের সঙ্গে দেখা হবে।”

তার দীর্ঘ ভিডিও বার্তায় তিনি আরও বলেন, “যারা তাজা রক্তের মাধ্যমে আন্দোলনকে সফল করেছেন, সেই শহীদদের স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া মানুষদের প্রতি আমার শ্রদ্ধা এবং যারা এখনো সংগ্রাম করছেন তাদের জন্য শুভেচ্ছা।”

দেশে চলমান পরিস্থিতি নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দায়িত্বশীল আচরণ করলেই বিজয় সঠিকভাবে উদযাপন করা সম্ভব হবে।”

সংখ্যালঘুদের প্রতি কোনো ধরনের অন্যায় না করার আহ্বান জানিয়ে আজহারী বলেন, “অনেকে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপাসনালয় ও স্থাপনায় হামলা চালাতে পারে এবং তার দায় ইসলামপন্থী ও মাদ্রাসার ছাত্রদের উপর চাপানোর চেষ্টা করবে। তাই সবাইকে এই ধরনের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে।”

বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন, যেন কেউ তাদের ওপর আক্রমণ করতে না পারে। যদি আমরা এখানে ভুল করি, তবে বাংলাদেশে ইসলাম অনেক পিছিয়ে পড়বে।”

সদ্য পতন হওয়া স্বৈরাচারী সরকারের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “ক্ষমতার অহংকারে আমরা নিজের অবস্থান ভুলে যাই এবং মানুষের সাথে অন্যায় আচরণ করি। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে, কোনো অত্যাচারই দীর্ঘস্থায়ী নয়। তাই আমাদের উচিত এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া। যারা নতুন সরকার ব্যবস্থায় আসবে, তাদেরও এই শিক্ষা গ্রহণ করতে হবে এবং অত্যাচার এড়িয়ে চলতে হবে।”

মিজানুর রহমান আজহারীর ফেসবুক স্ট্যাটাস মুছে দিল ফেসবুক

 

ডেস্ক রিপোর্টঃ

সম্প্রতি ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীর একটি ফেসবুক স্ট্যাটাস মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। কমিউনিটি স্ট্যান্ডার্ডের ব্যত্যয় ঘটায় ফেসবুক এমনটা করেছে বলে আরেকটি স্ট্যাটাসে আজহারী নিজেই জানিয়েছেন। ২৫ নভেম্বরের ওই স্ট্যাটাসে আজহারী দাবি করেছেন কোনো ধর্মের বা ব্যক্তির নাম উল্লেখ করেননি তিনি।

এর আগে আজহারী গত ১৫ নভেম্বর ‘ধর্মীয় স্বতন্ত্রতা, স্বকীয়তা ও পরিমিতিবোধ’ শীর্ষক একটি স্ট্যাটাস শেয়ার করেন। সেখানে তিনি অন্য ধর্মের কার্যকলাপে মুসলিমদের অংশগ্রহণ ধর্মীয় সম্প্রীতি নয় এমন বক্তব্য দেন। সেই পোস্টটিই মুছে দেয় ফেসবুক। পরবর্তীতে (২৫ নভেম্বর) পোস্ট রিমুভ করার জন্য নতুন আরেকটি স্ট্যাটাস দেন আজহারী।

সেখানে তিনি বলেন, ‘স্ট্যাটাসটিতে কারো নাম উল্লেখ করা হয়নি এবং কোনো ব্যক্তি কিংবা ধর্মকেও এখানে হেয় করা হয়নি।’

মিজানুর রহমান আজহারী স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

কয়েকদিন আগে আমার লেখা ‘‘ধর্মীয় স্বতন্ত্রতা, স্বকীয়তা ও পরিমিতিবোধ” শিরোনামের স্ট্যাটাসটি, ফেইসবুক অথোরিটি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের ব্যত্যয় দেখিয়ে, আমার পেইজ থেকে রিমোভ করে দিয়েছে।

স্ট্যাটাসটিতে কারো নাম উল্লেখ করা হয়নি এবং কোনো ব্যক্তি কিংবা ধর্মকেও এখানে হেয় করা হয়নি। পোস্টটিতে কেবল ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান বলতে কি বুঝায়, ধর্মীয় সম্প্রীতির সীমারেখা এবং মুসলিম হিসেবে আমাদের করণীয় সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছিল। কিন্তু এটাকেও ফেইসবুক অথোরিটি “হেইট স্পীচ এন্ড ইনসাল্ট” হিসেবে ট্রিট করেছে।

এভাবে চলতে থাকলে তো স্বাধীনভাবে মতামত প্রকাশ, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো পরিস্থিতিকে বিশ্লেষণ কিংবা আমাদের করণীয় বর্জনীয় এর ব্যাপারে ভবিষ্যতে ফেইসবুকে কিছু লেখাও কঠিন হয়ে যাবে।

নাস্তিকদের পরিচালিত বিভিন্ন ফেইসবুক আইডি ও পেইজে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসলাম ও রাসুলুল্লাহ (ﷺ‬) কে নিয়ে ইচ্ছামত হেইটস্পীচ, কুরুচিপূর্ণ মন্তব্য এবং নানা ধরনের কার্টুন শেয়ার দেয়া হয়। আফসোস! সেগুলো ফেইসবুক অথোরিটির চোখে পড়ে কিনা জানিনা। ফেইসবুকের উচিত তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডটিকে প্রোপার জাস্টিফিকেশন এন্ড ইকুয়াল ট্রিটমেন্টের আলোকে পূনর্বিন্যাস করা।

যাইহোক, ফেইসবুক অথোরিটি আমার বক্তব্যকে মিস আন্ড্যারস্টোড করেছে জানিয়ে, আমি রিভিউর জন্য এ্যাপিল করেছি। দেখা যাক, ওয়াট দেই রিসপন্ড।